Tag Archives: কুমিল্লা জেলা

কুমিল্লার দাউদকান্দিতে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য পারভেজ হোসেন ফারুককে (৩১) ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে দাউদকান্দি উপজেলার মোটেল রোডের চেয়ারম্যান সুপার মার্কেটের অফিস ক থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, তিন ক্যান বিদেশি বিয়ার ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ইউপি সদস্য পারভেজ হোসেন ফারুকে ষড়যন্ত্রমূলকভাবে ফাসানো হয়েছে বলে তার বড় ভাই দাউদকান্দি উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ ও দাউদকান্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন দাবী করেন।

ইউপি সদস্য পারভেজ হোসেন ফারুক চরচারুয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে এবং তার সহযোগী শামীম সরকার উত্তর সেন্দি গ্রামের আব্দুল হক সরকারের ছেলে ।

দাউদকান্দি মডেল থানার ডিউটি অফিসার এএসআই তানজিনা আক্তার জানান,৩০০ পিছ ইয়াবা ও ৩টি বিয়ারের ক্যানসহ র‌্যাব দুইজনকে মাদক মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে।

কুমিল্লার চান্দিনায় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী বোনের সন্ধান চেয়েছেন ভাই

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় রেহানা আক্তার (৩৮) নামের এক মানসিক প্রতিবন্ধী বোনের সন্ধান চান তার ভাই মো. গোলাম ফারুক ভূইয়া।

মঙ্গলবার সন্ধ্যা ৫টার পর উপজেলার মোকামবাড়ির নিজ বাসা থেকে নিখোঁজ হন মানসিক প্রতিবন্ধী রেহানা।

তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা অনুমান ৫ফুট, স্বাস্থ্য ভাল। তার পড়নে ছিল খয়েরী কামিজ, কালো সেলোয়ার ও প্রিন্টের ওড়না।

হৃদয়বান ব্যক্তিগণ সন্ধান পেলে যোগাযোগ করুন ০১৮৫০৮২৪৮৫৫, ০১৮৬৮১৪৭৫১৫ এই নাম্বারে।

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর পূর্ব পাড়ার একটি পুকুর থেকে অজ্ঞাত এ মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো: নাছের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

কুমিল্লার চান্দিনায় গাঁজাসহ ২ নারী মাদক ব্যাবসায়ী আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ২ কেজি গাঁজাসহ জাহানারা (৪০) এবং আলেয়া বেগম (৩২) নামে ২ নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের দক্ষিণ পাশে চান্দিনা উপজেলা রাস্তার মাথা সংলগ্ন এলাকা হতে চান্দিনা থানার এস.আই মো. রাকিব হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত জাহানারা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাশিমপুর গ্রামের আকরামের স্ত্রী। তার পিতার নাম সোয়াব মিয়া ও মাতা- মৃত জাহারা বেগম। আটক আলেয়া বেগম কুমিল্লা জেলার কোতয়ালী থানার দক্ষিণ চর্থা গ্রামের মাহে আলমের স্ত্রী। তার পিতার নাম ছাদেকুল আলম চৌধুরী ও মাতা- মৃত আনোয়ারা বেগম।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, জাহানারা ও আলেয়া বেগমকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

কুমিল্লার দেবিদ্বারে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ধানক্ষেত থেকে মোঃ হাসান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের ধানক্ষেতে স্থানীয়রা যুবকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত হাসান দেবিদ্বার উপজেলার ধামতী পূর্বপাড়া এলাকার ওসমান মিয়ার বাড়ির মো. সেলিম মিয়ার ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

কুমিল্লার চান্দিনায় ডাকাত রিয়াজ গ্রেফতার

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ডাকাত রিয়াজকে (৩০) গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

রবিবার রাত আড়াইটায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ডাকাত রিয়াজ ওই গ্রামের রমিজ মিয়ার ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ডাকাত রিয়াজ বরুড়া থানার ডাকাতি মামলার আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। ডাকাত রিয়াজকে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

নবীন প্রবীণের সমন্বয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রায় ১ বছর পর কমিটি ঘোষণা করা হয়েছে। নবীন-প্রবীণের সমন্বয়ে মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদনকৃত এই কমিটিতে ৭৫ জনের নাম ও পদবি উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের ৯ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ম.রুহুল আমিনকে সভাপতি এবং রোশন আলী মাষ্টারকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।

এই সম্মেলনের প্রায় ১ বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকা তরুণ কিছু নেতা-কর্মী স্থান পেয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন এবিএম গোলাম মোস্তফা, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, এ্যাডঃ নিজামুল হক, সাংবাদিক শাহজাহান, অধ্যাপক ডা. আব্দুল মান্নান জয়, আলহাজ্ব আব্দুল মতিন মুন্সি, মুক্তিযোদ্ধা হানিফ সরকার, শেখ আব্দুল আওয়াল, বশিরুল আলম মিয়াজী, মুক্তিযোদ্ধ মাঈনুল হোসেন ও আবু নাসের।

যুগ্ন-সাধারণ সম্পাদক হয়েছেন বাসুদেব ঘোষ, মোঃ শহিদুল্লাহ ও গোলাম ফারুক রানা। কমিটিতে হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ ও নাছির উদ্দিন শিশিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া আইনবিষয়ক সম্পাদক এ্যাডঃ আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কামাল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ হোসেন সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাইম হাসান, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার কোষাধ্যক্ষ নাইম ইউসুফ সেইনকে করা হয়েছে।

কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও দাপ্তরিক সম্পাদকসহ ৩৯ জন, সদস্য ৩৩ জন এবং ২১ জনকে উপদেষ্টা করা হয়েছে।

কুমিল্লার লাকসামে হাতিরঝিলের আদলে নির্মিত হচ্ছে ৩টি নান্দনিক ব্রিজ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে ডাকাতিয়া নদীর ওপর ঢাকার হাতিরঝিলের আদলে তিনটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। নান্দনিক সৌন্দর্যের ব্রিজগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হলে বিনোদনে নতুন মাত্রা যুক্ত হবে।

জানা যায়, লাকসাম শহরে যোগাযোগ ব্যবস্থা সহজ ও আধুনিকায়নের পাশাপাশি নৈসর্গিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ডাকাতিয়া নদীর ওপর হাতিরঝিলের আদলে নান্দনিক সৌন্দর্যের তিনটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন।

পৌর শহরের পশ্চিমগাঁও সামনিরপুল, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ সংলগ্ন ও উত্তর লাকসামে (পেয়ারাপুর জেলেপাড়া) এ ব্রিজগুলো নির্মাণের উদ্যোগ নেন। তিনটি ব্রিজ নির্মাণে ১৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। নির্মিতব্য প্রতিটি ব্রিজের দৈর্ঘ্য ১৩২ ফুট ও প্রস্থে ৩৬ ফুট। ভ্রমণ পিপাসুদের কথা বিবেচনায় রেখে প্রতিটি ব্রিজের দুই পাশে ওয়াকওয়ে রাখা হচ্ছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের পর ব্রিজগুলোর নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

সূত্র: বাসস।

শীতের শুরুতে কুমিল্লা দক্ষিণাঞ্চলে ফুটপাতে বসেছে পিঠা বিক্রেতারা

 

সেলিম চৌধুরী হীরাঃ

শীতের শুরুতে ফুটপাতে চলছে পিঠা বিক্রি। বাংলার চিরায়ত লোকজ খাদ্য সংস্কৃতিতে পিঠা-পায়েস একটি বিশেষ স্থান দখল করে আছে। প্রতিবছরই শীতকালে দেশজুড়ে পিঠা তৈরির ব্যস্ততা চোখে পড়ে। বিশেষ করে গ্রামাঞ্চলের বাড়িতে বাড়িতে ধুম পড়ে যায় নানা রকমের পিঠা বানানোর। কুয়াশাচ্ছন্ন ভোর বা সন্ধ্যায় গাঁয়ের বধূরা চুলোর পাশে বসে পিঠা তৈরিতে কাটান ব্যস্ত সময়।

অপরদিকে, গ্রামের পাশাপাশি শহরেও পাওয়া যায় শীতের পিঠার সু-বাতাস। শীতে বিভিন্ন বাজারে ও রাস্তায় রাস্তায় পিঠা বানিয়ে বিক্রি করে সংসার চালায় অনেকেই।

এই শীতেও একই দৃশ্য চোখে পড়ে কুমিল্লা দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলাতে। লাকসাম রেল গেট, বাইপাস মোড়, রাজঘাট, সামনের পুল, কলেজারোড, জংশন, বিজরা বাজার, মুদাফর গজ্ঞ বাজার, চিতোষী বাজার এলাকাসহ বেশ কিছু জায়গায় মৌসুমী পিঠা ব্যবসায়ীরা বসেছে পিঠা বিক্রিতে৷

মনোহরগঞ্জের খিলা, নাথের পেটুয়া, লক্ষণপুর, হাসনা বাদ, হাটির পাড়সহ অনেক জায়গায় ও অন্যান্য উপজেলায় চোখে পড়ে এসব মৌসুমী শীতের পিঠা বিক্রেতাদের৷ পুরো শীত জুড়ে চলে তাদের এই পিঠার ব্যবসা।

অনেক ধরনের পিঠার প্রচলন রয়েছে বাংলাদেশে। কালের গভীরে কিছু হারিয়ে গেলেও রাস্তার পাশের পিঠার এই দোকান গুলোতে কয়েক ধরনের পিঠা পাওয়া যায়। ভাপা পিঠা, চিতই পিঠা, ডিম চিতই পিঠা, পাটিসাপটা পিঠা তৈরি করতে দেখা যায়। একেক ধরনের পিঠার দাম একেক রকম।

তবে চিতই পিঠা বিক্রি হয় হরেক রকমের ভর্তা দিয়ে। শুটকি, মরিচের, ধনে পাতার,সরিষার ভর্তা দিয়ে বিক্রি হচ্ছে এই পিঠা।

গ্রামাঞ্চলে শীতের পিঠা তৈরিকে যেমন উত্‍সব হিসেবে গণ্য করা হয় সে তুলনায় শহরে খুব কমই চোখে পড়ে পিঠা-পুলির বাহার। তবে ইদানীং বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত শীতের পিঠা উত্‍সব সাড়া ফেলে দেয় শহুরে জীবন। এছাড়া শহরের পথে-ঘাটে বা ফুটপাতে পিঠা কেনাবেচা হয় পুরো শীতকাল জুড়েই।

প্রায় প্রতিটি রাস্তার পাশেই চোখে পড়ে অস্থায়ী পিঠার দোকান। বেশির ভাগ শীতকালেই এ সব দোকান বসে থাকে।আর্থিক অসচ্ছলতার কারণে শীত মৌসুমে এই সব দোকান বসে।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মুন্না আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে মোছা আহম্মেদ উরফে মুন্না (২৯) নামের একজন কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

সোমবার গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আগ্নেয়াস্ত্র ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আটককৃত আসামী কুমিল্লার কোতয়ালি থানধীন ভূবনগড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুন্না (২৯)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী প্রাইভেটকার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ বিষয়ে তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।