Tag Archives: কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে পুলিশের অভিযানে তিনটি ড্রেজার মেশিন জব্দ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় তিনটি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলখাল পশ্চিম বিল থেকে দুটি ও পূর্বধইর থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিনের মালিকদের না পাওয়ায় অজ্ঞাতনামায় বাঙ্গরা বাজার থানায় জিডি করা হয়েছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এইসব ড্রেজারের জন্য জমিতে আগের মতো এখন আর ধান চাষ করা যায় না, আস্তে আস্তে সব ফসলি জমি নষ্ট করে ফেলছে এইসব ভুমিদস্যুরা। এরা প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে সেখানে ড্রেজার বসায়। পরে আশ-পাশের জমি গুলো ভেঙ্গে পরলে নাম মাত্র টাকা দিয়ে কিনে নেয়। বেশি কিছু বললে নানানভাবে ভয়ভিতি দেখায়।

অভিযান পরিচালনা করাকালিন সময় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যন্ত ক্ষতিকর, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানায় আজ দ্বিতীয় বারের মতো অভিযান পরিচালনা করেছি। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএমবার স্যারের নির্দেশনায় আমরা এই ড্রেজার বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ,তিনি নিজেও ড্রেজারের বিরুদ্ধে অনেক সোচ্চার, তিনি আমাদের ড্রেজারের বিরুদ্ধে শক্তভাবে পদক্ষেপ নিতে উৎসাহিত করছেন।

এ সময় বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদারসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

চান্দিনায় অভিনব কায়দায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে আটক ২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় অভিনব কায়দায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছেন র‌্যাব-১১, সিপিসি-২।

বুধবার (৭ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাচারকারিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম (২৪) ও কুমিল্লা নগরীর শুভপুর গ্রামের মোঃ আবুল বাসারের ছেলে মোঃ শরিফুল (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

চান্দিনায় এক সপ্তাহে ১৪৪ মামলা, প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায়

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণার পর মঙ্গলবার আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়।

এমন পরিস্থিতিতেও কুমিল্লার চান্দিনায় কিন্ডারগার্ডেন, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে চান্দিনা উপজেলা প্রশাসন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলাজুড়ে অভিযান চালিয়ে যাচ্ছেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানমের নেতৃত্বাধীন দুটি পৃথক টিম।

গত ১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত চান্দিনার ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১শত ৪৪ টি মামলা করেন। ওই মামলা ২ লক্ষ ৭২ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেন।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আশরাফুন নাহার জানান, কিছু সংখ্যক মানুষের মধ্যে এখনো সচেতনতা সৃষ্টি হয়নি। আবার কিছু মানুষ ব্যাক্তি স্বার্থে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। শতভাগ কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

তিতাসে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই সাপ্তাহিক হাটে মানুষের ভিড়

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাসে কঠোর লকডাউনের মধ্যেও সাপ্তাহিক হাটে মানুষের ভিড় দেখা গেছে। তবে স্বাস্থ্যবিধি বা দূরত্ব মেনে ক্রেতাদের চলাচল ও কেনাকাটা করতে দেখা যায়নি।

বুধবার (৭ জুলাই) দুপুরে লকডাউন ও প্রশাসনকে উপেক্ষা করে উপজেলার বাতাকান্দি বাজারে সাপ্তাহিক হাট বসে। এতে মানুষের ব্যাপক উপস্থিতিতে ভণ্ডুল হয়ে গেছে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি। মনে হয়েছে স্বাভাবিক সময়ের মতোই বাজারের বেঁচাকেনা করছে। এছাড়াও রাস্তাগুলোতে আগের চেয়ে বেড়েছে সিএনজি ও অটোরিকশার সংখ্যা। রাস্তাঘাটে মানুষের পদচারণা ছিল চোখে পড়ার মত।

সরেজমিন বাতাকান্দি বাজারে দেখা গেছে, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। নেই সামাজিক দূরত্ব।ব্যবসায়ীদেরকেও স্বাস্থ্য সুরক্ষায় নেই কোনো স্বাস্থ্য উপকরণ। যে যার মতো করে দ্রুত বাজার করার চেষ্টা করছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা কোনো নির্দেশনা মানছে না। প্রশাসনের উপস্থিতি কম থাকার কারণে ব্যবসায়ীরা লকডাউনকে উপেক্ষা করছে।

তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার বলেন, প্রশাসনের পক্ষ থেকে গতকাল মাইকিং করা হয়েছে আজ যেনো সাপ্তাহিক বাজার না বসে এবং সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদের নেতৃত্বে একটি পুলিশের টিম টহলে ছিলো। এখন আবার অভিযানে যাচ্ছি।

কুমিল্লার চান্দিনায় বন্ধ ঘরের তালা ভেঙ্গে ডাকাতি, গ্রেফতার ২

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় বন্ধ ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মালামাল লুটে নেওয়ার ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

ডাকাতির ঘটনায় মঙ্গলবার (৬ জুলাই) রাতে চান্দিনা থানায় মামলা দায়ের করেছেন গৃহকর্তা অরুন চন্দ্র সরকার।

এর আগে সোমবার (৫ জুলাই) দিনগত রাত ৩টায় চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের থানাগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই আবুল হাসেমকে (৩০) আটকের পর তার দেওয়া তথ্যমতে বুধবার (৭ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে রুহুল আমিন (৪০) নামে অপর এক ডাকাতকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযানে লুন্ঠিত ৩৮ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, ১টি ট্যাব ও ১টি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

আটক ডাকাত আবুল হাসেম চান্দিনার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা গ্রামের আতিকুর রহমানের ছেলে এবং অপর ডাকাত রুহুল আমিন একই উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের জব্বার আলীর ছেলে।

গৃহকর্তা অরুন চন্দ্র সরকার জানান- প্রতিদিনের ন্যায় সোমবার রাত খাবার শেষে পরিবারের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ৩টার দিকে ডাকাতদল বারান্দার তালা ভেঙ্গে এবং ভিতরের দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে আমাদেরকে বেঁধে ফেলে। আমার ঘরে থাকা সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার, দেড় লক্ষ টাকা, ৩টি মোবাইল ফোন, একটি ট্যাব ও ১টি ডিজিটাল ক্যামেরা নিয়ে যায় ডাকাতদল। তারা পালিয়ে যাওয়ার সময় আমরা ডাক-চিৎকার দিলে আশ-পাশের লোকজন এবং গ্রাম পাহারায় থাকা লোকজন ছুটে এসে এক ডাকাতকে আটক করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- ৪ জন দস্যু ঘরে ঢুকে দস্যুতা করে মালামাল লুট করে। পরে গ্রাম পাহারায় থাকা লোকজন একজন আটক করার পর তার দেওয়া তথ্যমতে আরও এক দস্যুকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকলকেই আটক করা সম্ভব হবে।

অনলাইন ভ্যাট রিটার্ণ দাখিলে কুমিল্লা টানা দশম বারের মত চ্যাম্পিয়ন

 

নিজস্ব প্রতিবেদক:
অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে সারাদেশে ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে টানা ১০ম বারের মত শীর্ষস্থান ধরে রেখেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা।

জানা যায়, মে মাসে ৮৮.৫৬% রিটার্ন অনলাইনে জমা করেছে কুমিল্লার ভ্যাটদাতাগণ। কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা নিয়ে গঠিত।

গত মাসে নানান প্রতিকূলতা থাকা স্বত্বেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। অনেক কর্মকর্তা স্বেচ্ছায় শুক্রবার ও শনিবারের সাপ্তহিক ছুটি বাতিল করে অনলাইন রিটার্ন দাখিলের কাজ অগ্রাধিকার দেন। যাতে কুমিল্লা ভ্যাট টিম দশমবারের মত চ্যাম্পিয়ন হতে পারে। অবশেষে ১৬ জুন বুধবার ভ্যাট প্রকল্পের মেইল থেকে জানা যায়, কাঙ্খিত সেই দেশ সেরা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। টানা দশবার দেশসেরার কৃতিত্ব ধরে রাখার আনন্দে সবাই আনন্দিত।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, গত বছরের জুলাইয়ে কুমিল্লা কমিশনারেটে রিটার্ন জমার হার ছিল মাত্র ৫১ শতাংশ। বর্তমান কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর কিছু অনন্য উদ্যোগ ও দক্ষ নেতৃত্বগুণে কুমিল্লা ভ্যাটকে সফলতার চূড়ায় নিয়ে যান।

টানা ১০ বার প্রথম হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সহকারী কমিশনার (সদর দপ্তর, কুমিল্লা) মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বলেন, মহামারী আছে, থাকছে। দেশের অর্থনীতির ভীতও দূর্বল হতে দেয়া যাবে না। টানা লকডাউনেও ধারাবাহিকতা ধরে রেখেছে। দলবদ্ধ প্রচেষ্টা ও প্রতিযোগিতা এ অভূতপূর্ব সাফল্যের মূল নিয়ামক। কুমিল্লা কমিশনারেটের নেয়া ব্যতিক্রমী উদ্যোগ কুমিল্লাকে সেরার আসন ধরে রাখতে উদ্বুদ্ধ করেছে। কুমিল্লার এই স্পন্দন অন্যান্য কমিশনারেটগুলোর মধ্যে তৈরি করেছে নতুন উদ্দীপনা। ফলে জাতীয় রাজস্ব বোর্ডের সামগ্রিক রিটার্ন পেশের হার বাড়ছে।

পর্যালোচনায় দেখা যায় যে, জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই ২০২০ মাসের অনলাইন রিটার্ন দাখিল হার ছিল ২৫.১৮%, যা বর্তমানে এপ্রিল ২০২১ মাসে দাঁড়ায় ৪২.৪৮%। অন্যান্য কমিশনারেটগুলোর মধ্যেও চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, ঢাকা (উত্তর), ঢাকা (দক্ষিণ), ঢাকা (পূর্ব) ও ঢাকা (পশ্চিম) এর রিটার্ন দাখিলের হার ক্রমান্বয়ে প্রায় দ্বিগুন হয়েছে। কুমিল্লা কমিশনারেটের আগস্ট মাসের রিটার্ন দাখিলের হার ৯১.১৮%, সেপ্টেম্বর মাসে ৯৩.৮৭%, অক্টোবর মাসে ৯৪.১৬%, নভেম্বর মাসে ৯৩.৮০%, ডিসেম্বর মাসে ৯৪.৯৯%, জানুয়ারি মাসে ৯৭.০৯%, ফেব্রুয়ারি মাসে ৯৭.২৮%, মার্চ মাসে ৯৫.৪৭% , এপ্রিল মাসে ৯৬.০৮% ও মে মাসে ৮৮.৫৬।

তিনি আরো বলেন, ‘আলোকিত কাস্টমস, আলোকিত দেশ’ ও ‘অতিক্রম নয় ব্যতিক্রম’ শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে অর্থবছরের প্রথম থেকে কাজ করছে কুমিল্লা টিম। আলোকিত কাস্টমসের মাধ্যমে গড়ে উঠবে আলোকিত বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে দুর্বার গতিতে। সুখী-সমৃদ্ধ স্বপ্নের উন্নত বাংলাদেশ গঠনে অহর্নিশ কাজ করছে বাংলাদেশ কাস্টমস। আর সে স্বপ্ন পূরণের পথে অগ্রণী ভূমিকা পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা এনবিআরের প্রত্যক্ষ নির্দেশনায় কাজ করে যাচ্ছে। সাফল্য সংক্রামক হোক। জাতি হিসেবে আমার বিশ্বের রোল মডেল থাকবো।

বরুড়ার ঝলম বাজারে ভয়াবহ অগ্নিকান্ড: ১৪টি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ সময় ১৪ টি দোকান পুড়ে ছাই  হয়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন স্থানীয় ব্যবসায়িরা।

নগরীর বিসিকের ঔষুধ কারখানায় বিস্ফোরণে আহত ৬

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরীর রাণীরবাজার এলাকায় বিসিক শিল্প নগরীর বেঙ্গল ফার্মাসিউটিক্যালস নামের একটি ঔষুধ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের দেয়াল ও গ্লাস ভেঙে অন্তত ৬ শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (০৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন।

আহত শ্রমিকরা জানান, হঠাৎ ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণে ভবন কেপে উঠে। ভেঙে পড়ে ভবনের দেয়ালসহ বিভন্ন অংশ।

এদিকে আহতদের মধ্যে শারমিন (১৬), জুলেখা বেগম (৩৮), শামীমা (৪০), আল আমিন (২৫), ফাহমিদা (২০) ও ফাতেমাকে (৩৫) উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে গুরুতর আহত জুলেখা, শামীমা ও আল আমিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়া হয়।

কুমেকের বার্ন ইউনিটের প্রধান ডা. মীর্জা তাইয়েবুল ইসলাম জানান, বিস্ফোরণ হলেও কারও শরীর পুড়ে যায়নি, ফ্র্যাকচার হয়েছে। সবাই আশঙ্কামুক্ত।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বিস্ফোরণটি বড় ধরনের ছিল। সেখানে আগুন ধরে গেলে অনেক হতাহত হত।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দেবিদ্বার উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধুর ম্যুর‌ালে মোমবাতি জ্বালিয়ে গণহত্যা দিবস পালন

 

মোঃ জামাল উদিন দুলাল:

একাত্তরের ২৫ মার্চ ভয়াল কালো রাত্রিতে বাংলাদেশের জনসাধারণের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে ও শহীদদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে দেবিদ্বার উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলা বঙ্গবন্ধু ম্যুরালে ৫ শতাধিক মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতা স্মরণ করেন উপজেলা প্রশাসন। পরে তারা মোমবাতি হাতে সদরের নিউমাকের্ট মুক্তিযোদ্ধা চত্বর ও পোস্ট অফিস সংলগ্ন গণ কবরেও মোমবাতি প্রজ্জ্বলন করে অবস্থান নেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইউএনও রাকিব হাসান, উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ মো. আবদুল আউয়াল, পৌর আওয়ামীলীগের সভাপতি মো.আবুল কাশেম চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

ইউএনও রাকিব হাসান বলেন, ১৯৭১ সালের এই রাতে নিরীহ বাঙালির ওপর হায়েনার মতো হামলে পড়েছিল পাকহানাদার বাহিনী। ঢাকার রাস্তা আর অলি-গলিতে বাঙালির রক্তের হলি খেলায় মেতে ওঠে তারা। দেশের অন্যান্য স্থানেও হত্যা করা হয় হাজার হাজার নিরীহ বাঙালীকে।

প্রতি বছরের মতো এবারও দেবিদ্বার উপজেলা প্রশাসন জাতির জনক বঙ্গবন্ধু ম্যুর‌লে মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতাকে স্মরণ করেছে।

অন্তঃসত্ত্বা গৃহবধূকে সিএনজি চালকের সহযোগিতায় ধর্ষণ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযুক্ত খন্দকার ফারুক এবং সোহাগ নামের দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারীর বাবা।

বুধবার (২৪ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা হয়েছে এবং তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েক মাস ধরে সাইচাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে খন্দকার ফারুক মোবাইল ফোনে ওই গৃহবধূর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। গত ২১ মার্চ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে সিএনজি অটোরিকশা চালক মো. সোহাগের সহযোগিতায় জেলার ব্রাহ্মণপাড়ায় খন্দকার ফারুকের ভাড়া বাসায় নিয়ে যান। ওই বাসায় খন্দকার ফারুক তাকে ধর্ষণ করে পালিয়ে যান। পরদিন সিএনজি অটোরিকশা চালক সোহাগ ওই গৃহবধূকে তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেন।

পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। এ ঘটনায় মঙ্গলবার (২৩ মার্চ) রাতে গৃহবধূর বাবা বাদী হয়ে খন্দকার ফারুক ও সিএনজি চালক সোহাগকে অভিযুক্ত করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন।

বুধবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়ান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে কুমিল্লার আদালতে ঘটনার বিষয়ে তিনি জবানবন্দি দিয়েছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’