Tag Archives: নিহত

সদর দক্ষিণে পিক আপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পিক আপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১০-১২ জন।

রবিবার (১১ জুন) বিকাল ৪টায় উপজেলার ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়নের ইউটার্ন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ গ্রামের মোহন মিয়ার ছেলে সৈকত (১৬) ও অপরজন একই গ্রামের আলী আহমেদের ছেলে মোর্শেদ (২৪)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্ট খেলতে উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ ও জগপুর গ্রাম থেকে পিক আপযোগে ক্ষুদে খেলোয়াড় ও সমর্থকরা যাচ্ছিল। পিক-আপটি উল্টো পথে লালবাগ রাস্তার মাথা থেকে কিছুটা দুরে গেলে ঢাকা থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্তার পাশে থাকা জমিতে পড়ে যায় পিক-আপ। এতে ঘটনাস্থলে একজন মারা যায়।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, পিক-আপের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষের খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থল থেকে আহত ১০-১২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং উদ্বার কাজ এখনো চলমান রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ সূত্র জানায়, এ ঘটনায় আমাদের কাছে ১১ জনের হতাহতের খবর এসেছে। একজন ঘটনাস্থলে মারা গেছে এবং আরেকজন আসার পথে মারা গেছে। ৩ জনের অবস্থা গুরুতর দেখে আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেছি। আর বাকি ৬ জনের চিকিৎসা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চলমান রয়েছে।

চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাস হেলপার নিহত

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় লড়ির ধাক্কায় মো. মকুল (৩০) নামে এক বাস হেলপার নিহত হয়েছে।

রবিবার (৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মুকুল রাজশাহীর জঙ্গলিয়া এলাকার বাসিন্দা। তিনি ভাই-ভাই পরিবহনের বাস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় যানযট দেখতে পেয়ে এগিয়ে আসি। এসে দেখি একজনের লোক মারা গেছে। পরে আমি পুলিশে খবর দিয়েছি। জানতে পারি ঢাকাগামী যাত্রীবাহী বাস পালকি সিনেমা হলের সামনে যাত্রী নামানোর সময় পিছন থেকে একটি লং ভ্যাহিকল (লড়ি) বাসের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারি নিহত হয়। ওই ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করেছি। লড়িটি আটক করা হলেও চালক পলাতক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

 

 

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে মাদারীপুরের রাজৈর উপজেলার জামাল শেখ (৪০) নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে দক্ষিণ আফ্রিকা থেকে রাজৈরের গ্রামের বাড়িতে এ খবর আসার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

তিনি রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মৃত রত্তন শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের জামাল শেখ প্রায় ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেঁপ প্রভিনসের আমটাটার চলো পুলিশ স্টেশনের এমজি এলাকার দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১০ দিন আগে দক্ষিণ আফ্রিকার স্থানীয় দুর্বৃত্তরা জামালের দোকানে এসে কোল্ড ড্রিংকস ও চাঁদা দাবি করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার দোকানে এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই জামাল শেখ মারা যান।

নিহত প্রবাসীর ছেলে সিয়াম শেখ (১৬) বললো, শুক্রবার সন্ধ্যায় পাঁচ সন্ত্রাসী আমার বাবার দোকানে এসে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওই দেশের সরকারের কাছে বিচার দাবি করছি। তাছাড়া সরকারের কাছে দাবি, আমার বাবার মরদেহ যেন বাংলাদেশে আনার ব্যবস্থা করে দেয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ মর্মান্তিক ঘটনার খবর শুনেছি। খুবই দুঃখজনক। নিহতের পরিবারের দাবি অনুযায়ী মরদেহ দেশে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

সৌদিতে ওমরাহ শেষে ফেরার পথে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

ওমরাহ পালন শেষে কর্মস্থল ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবাসী মো. লিটন মিয়া (৩০)।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর নিহত লিটন মিয়ার বাড়িতে বইছে শোকের মাতম।

নিহত মো. লিটন মিয়া উপজেলার গজরা ইউনিয়নের রাজুরকান্দি গ্রামের চাঁন মিয়া সরকারের একমাত্র পুত্র। জীবিকার সন্ধানে ৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান লিটন মিয়া। লিটন মিয়া সৌদি আরবে দাম্মাম আল যুবায়েল শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন।

নিহত লিটন মিয়ার বাবা চাঁন মিয়া সরকার জানান, জায়গা জমি বিক্রি করে ৬ বছর আগে সৌদি আরবে পাঠাই আমার সন্তানকে। এ বছর ঈদের পর বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনা নিহত হয়। গত শনিবার তার এক বন্ধু ফোন করে এ খবর জানিয়েছেন। এ শোক আমি সইবো কিভাবে। আমার পরিবারের একমাত্র উপার্জনকারী লিটন।

নিহত লিটন মিয়ার মা নিলুফা বেগম কান্নাজড়িত কন্ঠে জানান, গত শনিবার ইফতারের আগমুহূর্তে লিটনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তবে সে কথা আমার বিশ্বাস হয়নি। কিছুদিন আগেও ভিডিও কলে সে বলেছিল ঈদে সবার জন্য কেনাকাটা করতে টাকা পাঠাবে। কিন্তু তার আগেই আল্লাহ তাকে না ফেরার দেশে নিয়ে গেল। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

লিটন মিয়ার ছোট ভগিনীপতি আল-আমীন জানান, নিহত লিটন মিয়ার মরদেহ একটি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে।

বেপরোয়া গতির ট্রাক্টর খালে পড়ে যুবকের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ আহত হয়েছেন আরও এক যুবক।

রোববার (২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাতাইশডোন এলাকার আজিমুর রহমানের ছেলে মো. রুবেল মিয়া (১৯)।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, রোববার বেলা ১১টায় বেপরোয়া গতির ট্রাক্টরটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চাপায় রুবেল নামে এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সদর দক্ষিণে মদিনা বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, গুরুতর আহত ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের চৌয়ারা-সুয়াগাজী সড়কের ফুলতলি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী আমানুল্লাহ মজুমদার (৬০) ও টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৩০)।

আহতরা হলেন- নিহত ফাতেমা আক্তারের ছেলে মো. জুনাইদ (৯), মাটিয়ারা এলাকার শাহেদ (১৫), শিফাত (২৭) ও অটোরিকশাচালক মো. আশিক (২৫)।

সদর দক্ষিণ মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, চৌয়ারা-সুয়াগাজী সড়কে মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাতে থাকা ২ জন যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৪ জন। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরের বাবার মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে বরের বাবা নিহত হয়েছেন। শুক্রবার রাতে নীলফামারীর জলঢাকা পৌরসভার আমরুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ (৫০) রংপুর সদরের হাজীরহাট উত্তম বাওয়াইপাড়ার বাসিন্দা। এ ঘটনায় কনের বাবা আনারুল ইসলাম ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে নুর মোহাম্মদের ছেলে জোনাব আলীর বিয়ে হয়। এরপর কনে নিয়ে চলে যান বর জোনাব আলী। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ থেকে আড়াই শর বেশি অতিথি আসে। তবে আসার কথা ছিল ১০০ জন অতিথি। এতে খাবারে কিছুটা টান পড়ে।

হাসান বিন হাসিব নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘বিয়ের পর কনে নিয়ে আগেই চলে যান বর জোনাব আলী। তাঁর বাবা পরের গাড়িতে যাওয়ার সময় কনের বাবাকে মাংস কম দেওয়া হয়েছে ও আপ্যায়ন কম হয়েছে বলেন। এ নিয়ে কনের পক্ষের সঙ্গে বরপক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বরের বাবাকে মারধর করে কনেপক্ষের লোকেরা। পরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।’

এ নিয়ে জানতে চাইলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, ‘কনের বাবাসহ দুজনকে আটক করা হয়েছে। বরের বাবার মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে বরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বুশরা আক্তার (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুশরা নাগদা এলাকার শাহজাহান ঢালীর মেয়ে। সে স্থানীয় নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মতলব-পেন্নাই সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন থেকে বুশরাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা মোটরসাইকেল চালককে পিটিয়ে আহত করেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। পরে নিহত শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনা: বাবা-ছেলেসহ ৫ বাংলাদেশির মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে লরিচাপায় একই পরিবারের বাবা-ছেলেসহ পাঁচ বাংলাদেশি নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত পাঁচ প্রবাসীরই বাড়ি ফেনী বলে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্যাহর ছেলে ইসমাইল হোসেন (৩৫), দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মিলনের নতুন বাড়ির আবদুল মান্নান মিলনের ছেলে দীন মোহাম্মদ রাজু (৩৩), একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর তমিজ উদ্দিন ভূঞা বাড়ির মৃত সিরাজ উল্যার ছেলে মোস্তফা কামাল পোপেল (৩৫) এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের বাসিন্দা আবুল হোসেন (৪৫) ও নাজিম হোসেন (১০)। এদের মাঝে আবুল হোসেন ও নাজিম সম্পর্কে বাবা-ছেলে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ‘এরা সবাই ভিসা-সংক্রান্ত প্রয়োজনে কেপটাউন যাচ্ছিলেন। পথে মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেটকারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।’

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন বলেন, ‘খবর শুনে আমরা বিরলীতে ইসমাইলের বাড়িতে ছুটে যাই এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। ওই বাড়িতে শোকের মাতম চলছে।’

মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলেও জানান তিনি।

নিহত ইসমাইল হোসেনের ভাই মিজানুর রহমান বলেন, ‘দক্ষিণ আফ্রিকার আবদিন থেকে কেপটাউনের ফ্রান্স অ্যাম্বাসির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসমাইলসহ সাত প্রবাসী। পথে একটি লরিচাপায় ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।’

ইসমাইল হোসেনের বাবা শরিয়ত উল্লাহ বলেন, ‘আমার ইসমাইল অবিবাহিত। দুইমাস পর তার দেশে আসার কথা ছিল। বিয়ের প্রস্তুতি চলছে। ১১ বছর ধরে সে সাউথ আফ্রিকায় থাকে। আমি ছেলেকে হারিয়েছি তবে লাশটি দ্রুত ফেরত চাই।’

নিহত মোস্তফা কামাল পোপেলের ভাই আইনজীবী মোস্তফা জামাল নওফেল বলেন, ২০১০ সালে জীবিকার তাগিদে আফ্রিকা পাড়ি দেন মোস্তফ। তার দুই বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। কেপটাউন শহর থেকে এয়ারপোর্টে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় ২টার দিকে তিনি খবর পান।

নিহত ও আহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের তথ্যমতে, প্রবাসী আনিসুল হক মিলনের দেশে ফেরত আসার কথা ছিল। তাকে কেপটাউন এয়ারপোর্টে বিদায় জানাতে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মিলনও আহত হন।

দক্ষিন আফ্রিকার প্রবাসীরা বলছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে এরআগে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এত সংখ্যক বাংলাদেশির মৃত্যু হয়নি। এ ঘটনায় দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানান, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় তার উপজেলার দুই প্রবাসী নিহত ও একজন আহত হয়েছেন।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন তার উপজেলায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেক আরোহী।

উপজেলার বালুয়াকান্দিতে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত সেনা সদস্য মেহেদী হাসান তুষার (২৫) কুমিল্লা ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন।

আহত মোসলে উদ্দিন (৩৫) একটি ওষুধ কোম্পানিতে কর্মরত রয়েছেন। তিনি নিহত তুষারের ভগ্নিপতি। তাকে গজারিয়ার ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাশেদুল ইসলাম জানান, তুষার গাজীপুর থেকে ভগ্নিপতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে বালুয়াকান্দি এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

তুষার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কলাকান্দার নিলেরচর গ্রামের ছামসুল হকের ছেলে। ছয় মাস আগে বিয়ে করেছেন তিনি। তুষারের বাবাও সেনাসদস্য।