Tag Archives: রাজধানী

অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের : মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত- এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছে। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের।

তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগাচ্ছে, উল্টো বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সারের দাম নিয়ে মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সারের দাম বাড়ানোর মধ্যে দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে আইএমএফ এর শর্ত পূরণে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের দাম বৃদ্ধি।’

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন – সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় সরকার: মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার দখলদারিত্বের সরকার। তারা নির্বাচিত নয়। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় তারা।’ মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার রাষ্ট্রের যে আত্মা সেই আত্মার মূল চরিত্রকে ধ্বংস করে ফেলেছে। গণতান্ত্রিক আত্মাকে তারা নষ্ট করে ফেলেছে। তারা তাদের কথা বলবে না। নিজেদের অভিযোগগুলো বলবে না, লিখবে না। সাংবাদিকরা যেন না লিখে সেজন্য এই ডিজিটিাল নিরাপত্তা আইনের মতো আইন করা হচ্ছে। ঠিক একইভাবে অন্যান্য আইন দিয়ে প্রতিপক্ষকে দূরে রেখে নির্বাচনে পার হয়ে যেতে চায়।’

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে নাগরিকদের প্রতিহত করা হচ্ছে। যেন কেউই রুখে দাঁড়াতে না পারে, তাদের অন্যায়ের প্রতিবাদ করতে না পারে। তারা তাদের মতো করে এখনো রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এ থেকে পরিত্রাণের একমাত্র পথ এদেরকে সরাতে হবে। এর কোনো বিকল্প নেই। এটা দেশের দাবি, জনগণের দাবি।’

ডয়েচে ভেলের প্রতিবেদন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘র‌্যাবের ঘটনা নিয়ে একটা ভিডিও গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে নাফিজ নামে একজন সাক্ষ্য দিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একটাই লক্ষ্য নাগরিকদের কথা বলতে দেওয়া হবে না, নাগরিকদের অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে না।’

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, আলোকচিত্রী শফিকুল ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুতফর রহমানসহ আরও অনেকে।

কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ইফতার ও দোয়া

 

স্টাফ রিপোর্টারঃ

“ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার” এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে ঘটিত “সিপিআই এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর ব্যানারে এক ইফতার ও দুআ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে শনিবার বিকেল ৫টায় এই অনুষ্ঠান শুরু হয়।এতে ঢাকা ও এর আশে পাশে থাকা কুমিল্লা পলিটেকনিক থেকে পাশকৃত প্রায় কয়েকশত ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।

১৯৮০ সাল থেকে ২০২২পর্যন্ত পাশকৃত ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার, পাওয়ার ও মেকানিকাল ডিপার্টমেন্টের অধিকাংশ ছাত্রদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ হয়ে উঠে।যারা দেশ বিদেশে কারিগরি বিভাগে সরকারি ও প্রাইভেট সেক্টরে বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বেশ কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে ইঞ্জিনিয়ারদের বিকল্প নেই।একটা দেশের কারিগরি সেক্টর যত বেশি উন্নত,সেই দেশ তত বেশি উন্নত।এই উন্নয়ন অব্যাহত রাখার জন্য সকল ইঞ্জিনিয়ারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আজকের অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ও গ্রুপ প্রতিষ্ঠাতা কাশেম গাজী বলেন, এই সংঘটনের মূল উদ্দেশ্য হল কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর সকলকে এই প্লাটফর্মে অন্তর্ভুক্ত করা।সকলের যেকোনো কাজে সহযোগিতা করা,চাকরি পাওয়া থেকে শুরু করে, উচ্চতর শিক্ষা ব্যাবস্থায় সহযোগিতা করা, অসহায় ছাত্রদের পাশে থাকা ও যেকোনো বিপদে একে অপরের পাশে থাকা।এছাড়া আরো বক্তব্য রাখেন DPDC এর XEN স্বপণ কুমার ভৌমিক, রিহ্যাব এর পরিচালক ইঞ্জি:আল আমিন, মহিউদ্দিন শিকদার, নিজাম উদ্দিনসহ আরো অনেকে।

পরিশেষে আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আগামী রমজানে কোনোভাবেই বাড়বে না মাছ-মাংসের দাম: প্রাণিসম্পদ মন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

আগামী রমজানে কোনোভাবেই মাছ-মাংসের দাম বাড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র স্থাপন করব। সে ক্ষেত্রে বেসরকারি খামারিদের আমরা সহায়তা নেব। আশা করি রমজানে মাছ, মাংস, দুধ, ডিমের দাম কোনোভাবেই বাড়বে না।’

আজ শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১ মার্চ পর্যন্ত।

মাছ-মাংসের দাম বাড়ার বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞায় সবকিছুর দাম বেড়েছে। পোলট্রি ফিডের উপকরণ বিদেশ থেকে আনতে অনেক প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। এসবের কারণে খাবারের দাম অনেক বেড়েছে।’

রমজানে মাছ-মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হবে জানিয়ে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘মাছ-মাংসের দাম যেভাবে সহনশীলতার মধ্যে রাখা যায়, সেই প্রক্রিয়ায় আমরা রয়েছি। রমজানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের পাশাপাশি দাম নির্ধারণ করে দেব। বাজারব্যবস্থাকে আরও সংহত পর্যবেক্ষণ করা হলে দাম অনেকটা কমে আসবে।’

রেজাউল করিম আরও বলেন, ‘মানুষের খাবারের অন্যতম উপাদান মাছ, মাংস, দুধ, ডিম। এগুলোর উৎপাদন বাড়াতে যতটা সহযোগিতা করা দরকার, পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন, তা আমরা করছি। ফলে উৎপাদন অনেক বেড়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার প্রমুখ।

দেশের আট বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল শুরু করেছে গ্রামীণফোন

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের আট বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল শুরু করেছে গ্রামীণফোন। এ উপলক্ষে রাজধানীর জিপি হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে আমন্ত্রিত অতিথি ও মিডিয়া স্টেক হোল্ডাররা গ্রামীণফোনের ইনোভেশন ল্যাবে ফাইভজি সেবা ব্যবহারের অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ইই্যান্ডও বিভাগের কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, স্পেক্ট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জুয়েল, পিএসসি, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, চীফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিবসহ অন্যরা।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় ফাইভজি কানেক্টিভিটির অভিজ্ঞতা গ্রহণের সুযোগ তৈরি করবে গ্রামীণফোন। এর আগে, গত ২৬ জুলাই গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে ইউজ কেসসহ ফাইভজি ট্রায়াল পরিচালনা করে।

মান-অভিমান ভুলে আবারও এক হলেন আসিফ-ন্যান্‌সি

 

বিনোদন ডেস্কঃ

সংগীতশিল্পী আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্‌সির দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হলো। সব মান-অভিমান ভুলে আবারও এক হলেন তাঁরা। বসলেন পাশাপাশি। রাজধানীর একটি রেস্তোরাঁয় দেখা হলো। একসঙ্গে ছবিও তুললেন তারা। ন্যান্‌সির উদ্যোগেই তাদের দ্বন্দ্বের ইতি ঘটল।

আসিফ বলেন, ‘একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া, আমি ন্যান্‌সি বলছি—খুব ভালো লাগল ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সব অভিযোগ-অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভালো লাগছিল। ন্যান্‌সি তো আমার ছোট, আমি তো বড়; তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।’

অনেক দিন পর দুজনের দেখা হওয়ার অনুভূতি জানিয়ে আসিফ বলেন, ‘ন্যান্‌সি আমাকে বলল, “ভাইয়া, আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন।” সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম। অনেক দিন পর স্নেহের ন্যান্‌সির সঙ্গে গল্প-গানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি। তার জন্য আমার অনেক শুভকামনা। তাকে বলেছি, গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালো লাগা। আমিও সেই দলের বাইরে নই।’

আসিফ-ন্যান্‌সির দ্বন্দ্ব শুরু হয় কয়েক বছর আগে। ফেসবুক লাইভে এসে ন্যান্‌সিকে নিয়ে আসিফের আপত্তিকর কথা বলা, সংগীতশিল্পী শফিক তুহিনের মামলায় তাঁর কারাগারে যাওয়াসহ নানা কারণে আসিফ-ন্যান্‌সির মধ্যে দূরত্ব বাড়তে থাকে। দ্বন্দ্বের মূলে ছিল আসিফ-ন্যান্‌সির গানের রয়্যালটি। ২০১৮ সালের মাঝামাঝির কথা। সে সময় তাঁদের এই ঘটনায় উত্তাল ছিল পুরো সংগীতাঙ্গন। ন্যান্‌সি দাবি করেছিলেন, ২০১৩ সালে আসিফের সঙ্গে করা “ঝগড়ার গান” অ্যালবামের প্রাপ্য সম্মানী তিনি পাননি। এ অ্যালবামে তিনি ১২টি গান গেয়েছেন। কিন্তু সম্মানী হিসাবে ২ লাখ টাকা আগাম রয়্যালটি ছাড়া আর কিছু পাননি।

ন্যান্‌সি উল্লেখ করেন, অ্যালবামের সম্মানী পাওয়ার বিষয়টি আসিফ আকবরের দায়িত্বে ছিল। এর এক বছর পর আসিফ আকবর তাঁকে আরেকটি অ্যালবাম করার প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দেন। এরপর ২০১৮ সালে আসিফ আকবর এক সাক্ষাৎকারে বলেন, ‘ন্যান্‌সি ভালো গায়। কিন্তু মানুষ খারাপ, অকৃতজ্ঞ। ছয় মাস মাথা খারাপ থাকে।’ আসিফের এ মন্তব্যের পর ন্যান্‌সি আসিফ আকবরের বিরুদ্ধে মামলাও করেন। তবে সেসব আজ অতীত। প্রায় চার বছর পর তাঁদের অভিমানের বরফ গলল।

চান্দিনা পৌর নির্বাচন: মেয়র পদে আ’লীগের মনোনয়ন ক্রয় করলেন ৩ প্রার্থী

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার নির্বাচন সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ক্রয় করেন মেয়র পদে সম্ভাব্য ৩ জন প্রার্থী।

তারা হলেন, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. শওকত হোসেন ভূইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডীস্থ আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে ওই মনোনয়ন সংগ্রহ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ.বি সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, উপ-দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন সরকার লিটন, পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগ নেতা মো. আবদুল বাতেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি সাকিব মাহমুদ ভূইয়া তানিন প্রমুখ।

তিন মামলায় গোল্ডেন মনির ১৮ দিনের রিমান্ডে

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বাড্ডা থানায় করা পৃথক তিন মামলায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ রবিবার (২২ নভেম্বর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক তিন মামলায় তাকে সাতদিন করে ২১ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক অস্ত্র মামলায় ৭ ও বিশেষ ক্ষমতা আইনে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে বিচারক বলেন দুই মামলার রিমান্ড একসঙ্গে কার্যকর হবে। অন্যদিকে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান মাদক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সরকারি কর্মকর্তাদের যোগসাজসে কাপড়ের দোকানের বিক্রয়কর্মী থেকে তিনি আজ গোল্ডেন মনির

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব।

এ সময় তার বাসা থেকে ৬শ’ ভরি (আট কেজি)স্বর্ণ, ১০টি দেশের মুদ্রা, এক কোটি নয় লাখ টাকা, বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার বাসা থেকে তিনটি বিলাশবহুল গাড়িও জব্দ করা হয়েছে।

এছাড়াও স্থানে বাড়ি-জমিসহ গোল্ডেন মনিরের দেড় হাজার কোটি টাকার সম্পদ বলে জানা গেছে।

অভিযান শেষে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

র‌্যাব ওই কর্মকর্তা বলেন, কাপড়ের দোকানের বিক্রয়কর্মী থেকে স্বর্ণ চোরাচালানকারী হয়ে ওঠেন গোল্ডেন মনির। তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজস করে অঢেল অর্থবিত্তের মালিক হন।

উল্লেখ্য, শুক্রবার রাত ১০টার পর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুরু হয় অভিযান। মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়।

এছাড়াও গোল্ডেন মনিরের মেরুল বাড্ডার ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।