Tag Archives: হামলা

বিএনপির আন্দোলন বাস্তবে না হলেও মুখে আছে: কাদের

ডেস্ক রিপোর্ট:

গত বছরের ২৮ অক্টোবর বিএনপি সাংবাদিকসহ বিভিন্ন মহলে হামলা করে পালিয়েছে। এসব অভিযোগে তাদের আটক করা হয়েছে। অপরাধ করেছে বলেই তারা তখন পালিয়েছে। বিএনপির আন্দোলন বাস্তবে না হলেও মুখে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে বিরোধী দলের রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে সব দোষ সরকারের ওপর দেওয়া। আর যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে মানবাধিকার আর গণতন্ত্র নিয়ে নালিশ করা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ৫৪ দলীয় ঐক্যজোটের হদিস নেই। পাগলের প্রলাপ বকে বিএনপি। অংশগ্রহণ না করেও নির্বাচনে জয় পায় তারা।

বর্তমান সংসদে বিরোধী দলের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সংখ্যার দিক দিয়ে সংসদে বিরোধী দল দুর্বল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের লাগাম কবে টানা হবে–এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় দলের বিভিন্ন স্তরের সম্মেলন সফল করতে খুব শিগগিরই প্রক্রিয়া শুরু হবে বলে জানান ওবায়দুল কাদের।

সন্ত্রাস, জালিয়াতি, অপপ্রচার বিএনপির রাজনীতির ৩ প্রধান উপাদান: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির রাজনীতির তিনটি প্রধান উপাদান হচ্ছে সন্ত্রাস-খুন, জালিয়াতি আর দেশবিরোধী অপপ্রচার।’

বুধবার দুপুরে ‘১৯৯৪ সালে লালবাগ ৭ হত্যাকাণ্ড’ স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা, মিলাদ ও শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আসলে বিএনপি-জামায়াত খুনি চক্র। তারা হত্যার রাজনীতিটাই করে। আজ যারা বিএনপির বড় বড় নেতা মির্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব সবাই বিএনপি ক্ষমতার উচ্ছিষ্ট বিলানোর আগে অন্য দল করতো। জিয়াউর রহমান মানুষের লাশের ওপর দাঁড়িয়েই বিএনপি প্রতিষ্ঠা করেছিল। সুতরাং সেই হত্যা-খুন সন্ত্রাসের রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। ২০১৩, ১৪, ১৫’ সালে বিএনপি যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে, ২৮ অক্টোবর সমাবেশের নামে একজন পুলিশ সদস্যকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ইসরায়েলি বাহিনীর অনূকরণে তারা পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে আইসিইউ এম্বুলেন্সসহ হাসপাতালের ১৯টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে যা দেশের ইতিহাসে ঘটেনি।’

জালিয়াতি করতে গিয়ে বিএনপি মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টাও বানিয়েছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমে দেখা গেল সে ইংরেজি ছাড়া কিছুই বলতে পারে না, পরে দেখা গেল যে ‘গড়গড়িয়ে বাংলা কয়’। আপনাদের মনে আছে যে, কংগ্রেসম্যানদের সই জাল করেছিল বিএনপি এবং ভারতের মন্ত্রী অমিত শাহ’র সাথে কথা হয়েছে বলে একটা ভুয়া অডিও ছেড়েছিল তারা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপি ভরাডুবি নিশ্চিত বুঝেই অংশ নেয়নি এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই। এই নির্বাচনকে বৈধতা না দেওয়ার জন্য, সরকারকে বৈধতা না দেওয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লিখেছে। কিন্তু পৃথিবীর সমস্ত রাষ্ট্র নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। বহু রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে আর দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তৃতা শুনতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, ফ্রান্স, জার্মানি, চীন, ভারত, রাশিয়ার রাষ্ট্রদূতসহ ৮০ জন ডিপ্লোম্যাট উপস্থিত ছিল।

এদিন বক্তব্যের শুরুতে মন্ত্রী ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি শহীদ শাহ আলম, হাফিজ উদ্দীন, দেলওয়ার হোসেন, আনসারউল্লা গাজী, আনোয়ার হোসেন আনু, নজরুল ইসলাম ও মোহাম্মদ ইউনুসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, ১৯৯৪ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা এবং চট্টগ্রামে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। এটি তারা মেনে নিতে পারে নাই। নির্বাচনের পরের দিন এই হতাযজ্ঞ চালানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এরপরেও অবদমিত হয়নি বরং এই খুনি চক্রকে রুখে দাঁড়িয়েছিল। সেই বিজয়ের যাত্রাপথ বেয়ে ১৯৯৬ সালে ২১ বছর পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালের ২৩ জুন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ।

দুর্নীতি সূচকে দেশের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে একটি ভালো নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকারকে পুরো পৃথিবী অভিনন্দন জানিয়েছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র নতুন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। এটাকে খাটো করার জন্য কিছু একটা বলতে হবে সে জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে না কি দুই ধাপ নেমে গেছে বাংলাদেশ। এখন টিআইবির অভ্যন্তরে কোনো দুর্নীতি আছে কি না সেটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এভাবে একপেশে রিপোর্ট দিয়ে সরকারকে খাটো করা যাবে না।’

বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে তারা অন্যদের ক্রীড়ানক হিসেবে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যেখান থেকে ফান্ড পায়, যেভাবে প্রেসক্রিপশন দেয় সেভাবেই কাজ করে। তবে এ ধরনের সংগঠন থাকুক আমরা চাই। আমরা মনে করি সিভিল সোস্যাইটি সংস্থাগুলো সরকারের ভুলত্রুটি তুলে ধরতে পারে, সে জন্য এ ধরনের প্রতিষ্ঠান থাকা ভালো। কিন্তু সেই প্রতিষ্ঠান যখন এক চোখা হয়ে যায়, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির রাজনৈতিক নেতাদের মতো কথা বলে, রিজভী আহমেদের কথা আর টিআইবির বক্তব্য যখন মিলে যায় তখন বোঝা যায়, ‘ডাল মে কুচ কালা হায়’।’

চৌদ্দগ্রামে সৎ মা কর্তৃক প্রতিবন্ধী মেয়েকে নির্যাতনের অভিযোগ

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সালমা বেগম নামে এক সৎ মা কর্তৃক প্রতিবন্ধী মেয়েকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় প্রতিবন্ধী ওই মেয়ের গলায় ওড়না পেঁছিয়ে তাকে হত্যা চেষ্টা করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগি ওই মেয়ের নাম মোসা: রাত্রি আক্তার। তার বয়স আনুমানিক ২০ বছর। সে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মো: নাছির উদ্দিনের তৃতীয় মেয়ে।

জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের গান্দাছি পূর্বপাড়ার মো: নাছির উদ্দিন ৩০ বছর পূর্বে একই এলাকার বিলকিস আক্তার নামে এক নারীকে শরীয়াহ মোতাবেক সামাজিকভাবে বিবাহ করেন। দীর্ঘ সংসার জীবনে তাদের চার কন্যা ও এক পুত্র সন্তান হয়। সন্তানদের মধ্যে রাত্রি আক্তার নামে নাছিরের এক মেয়ে জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিলো। তারপরও ভালোভাবেই চলছিলো নাছির-বিলকিসের সংসার জীবন। একপর্যায়ে পারিবারিক কলহ সৃষ্টি হলে তাদের সংসারটি ভেঙ্গে যায় এবং নাছির উদ্দিন তার স্ত্রী বিলকিসকে তালাক দেন।

পরবর্তীতে নাছির উদ্দিন কালিকাপুর ইউনিয়নের জামপুড়া গ্রামের সালমা আক্তার নামে আরেক নারীর সাথে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সংসার জীবন শুরু করেন। সালমা আক্তার নাছিরের সংসারে আসার পর থেকেই প্রতিবন্ধী রাত্রির উপর নেমে আসে নানা রকম নির্যাতন। এ বিষয়ে সালমাকে প্রতিবেশীরা বিভিন্ন সময় সতর্ক করে এবং নাছিরকেও বিষয়টি অবহিত করে। কিন্তু নাছির বিষয়টি আমলে নেয়নি কখনো।

এমনকি এ ব্যাপারে কোনো পদক্ষেপও নেয়নি বলে জানিয়েছে স্থানীয়রা। গত সপ্তাহে নাছিরের দ্বিতীয় স্ত্রী সালমা তার স্বামীর আগের সংসারের প্রতিবন্ধী মেয়ে রাত্রিকে ঘরে একা পেয়ে গলায় ওড়না পেঁছিয়ে প্রাণনাশের চেষ্টা করে। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রাত্রিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবন্ধী মেয়েকে নির্যাতন ও হত্যাচেষ্টাকারী সালমা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সতেচন এলাকাবাসী।

রাত্রির মামা মো: হানিফ জানান, ‘আমার এ প্রতিবন্ধী ভাগনিকে বিভিন্ন সময় তার সৎ মা সালমা মারধর করে। ঘটনার দিন তাকে প্রচুর মারধর করে। একপর্যায়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে টেনে-হিচড়ে প্রাণনাশের চেষ্টা করে। প্রতিবাদ করায় নাছির ও সালমা সংঘবদ্ধ হয়ে আমার উপরও হামলা করে।’

এ বিষয়ে নির্যাতনের শিকার প্রতিবন্ধী রাত্রি আক্তারের বাবা নাছির উদ্দিন ও তার সৎ মা সালমা আক্তারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তারা রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শ্রীপুর ইউপি সদস্য মোহাম্মদ নয়ন জানান, ‘পত্রিকায় দেখে ব্যাপারটি জেনেছি। তবে, কেউ আমাকে এ বিষয়ে কিছুই জানায়নি। পরে শুনেছি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমি এই মুহুর্তে পারিবারিক কাজে ঢাকায় আছি। এলাকায় গিয়ে খোঁজখবর নিব।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম খাঁন বলেন, ‘প্রতিবন্ধী নির্যাতনের সংবাদ পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছি। যতটুকু জেনেছি, মেয়েটির সৎ মা তাকে ঠান্ডা ভাত খেতে দিলে সে খাবেনা বলে অভিমান করে। পরে তার বাবা-মা তাকে ঘরে নিতে চায়। এ সময় টানাহেচড়ায় মেয়েটি নিজের পরিহিত ওড়নার দ্বারা গলায় আঘাত পায়। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীতে প্রতিবাদ সভায় হামলা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী কবিরহাটে একটি প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪জন আহত হয়।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে নবগ্রাম চিরিঙ্গা বাজারে আনসার বিডিপির অফিসের একটি ভিটি নিয়ে বিরোধের জের ধরে দখলদাররা এ হামলা চালায়।

আহতরা হলেন, ধানসিঁড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড নবগ্রামের বেলায়তে হোসেনের ছেলে মামুন (৩৫), বদিউজ্জামানের ছেলে। সাইফুল ইসলাম (৩৫), সফিউল্যার ছেলে মমিনউল্যা (৩২) ও মো.আলমের ছেলে শাহিন (২৩)

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নবগ্রাম চিরিঙ্গা বাজারে একটি ভিটি ভুয়া দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেন আনসার বিডিপি সদস্যরা ও এলাকাবাসী। একপর্যায়ে ভিটির দাবি নিয়ে ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন নবগ্রাম চিরিঙ্গা বাজারের ব্যবসায়ী সাহাব উদ্দিন গং এবং একই গ্রামের আব্দুল হক সওদাগরের ছেলে। ওই সময় তাদের হামলায় প্রতিপক্ষের ৪জন আহত হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, আনসার বিডিপির অফিসের একটি ভিটি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। আনসার বিডিপির অফিসের সদস্যরা ও এলাকাবাসির একটি প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দু’পক্ষই হটাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ এখনো কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ীর কেয়ারটেকার নিজাম উদ্দিন গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু বাহিনীর প্রধান নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর আগামসি লেন বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম।

গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন(৫৩) উপজেলার ভাগলপুর গ্রামের মৃত রওশন আলী ওরফ আব্দুস সোবহান এর ছেলে এবং বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ীর কেয়ারটেকার।

স্থানীয় সূত্রে জানা যায়, খন্দকার মোশতাকপুত্র

ইশতিয়াক আহমদ বাবুর আমমোক্তারনামাবলে নিয়োজিত কেয়ারটেকার নিজাম উদ্দিনের নেতৃত্বে ও বাবুর অর্থবিত্তে লালিত বাহিনীর অত্যাচার-নিপীড়নে এলাকার সাধারণ মানুষ জিম্মি ছিল বলে সুন্দলপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দশপাড়া গ্রামের মাহবুবুর রহমান বাবুল মেম্বার মাহফুজুর রহমানসহ স্থানীয়রা জানান। তারা বলেন, নিজাম গ্রেপ্তার হওয়ায় আমরা এবং এলাকার সাধারণ মানুষ খুশি। তবে নিজাম উদ্দিনের সেল্টারদাতা মোশতাকপুত্র বাবুকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তারা।

নিজাম উদ্দিনের গ্রেপ্তারের খবরে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভুক্তভোগী একটি মামলার বাদি কাজী রেহা কবির বলেন, আমার পরিবার একের পর এক হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছি।

মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ দেশের ক্ষমতায় থাকা সত্ত্বেও খুনি মোশতাকপুত্র পলাতক ইশতিয়াক আহমদ বাবু ও তার প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেমে নেই। অর্থবিত্তে বলীয়ান বাবুর অর্থের বিনিময়ে স্থানীয় কিছু প্রভাবশালী ও গুটিকয়েক অসৎ ব্যক্তিকে টাকার বিনিময়ে ম্যানেজ করে এলাকায় তার বাহিনীর মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তিনি আরো জানান, মোশতাকপুত্র খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু তাদের পূর্বপুরুষের সম্পত্তি দখলে রাখতে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেন। এরই মধ্যে মোশতাকপুত্র বেশ কিছু সম্পত্তি জাল দলিল ও ভুয়া স্বাক্ষরে বিক্রয় করে দেন। এনিয়ে আদালতে প্রতারনা মামলায় ইশতিয়াক আহমেদ বাবু, তার ছেলে ইফতেখার আহমেদ শাদ ও কেয়ারটেকার নিজামুদ্দিনকে আসামি করা হয়। বর্তমানে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও খন্দকার ইফতেখার আহমেদ শাদ কানাডায় পলাতক রয়েছেন।

কাজী রেহা কবির বলেন, আমার চাচা মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক কাজী আব্দুল বারি বঙ্গবন্ধু হত্যার পর প্রতিবাদকারীদের একজন। খন্দকার মোশতাক আমার নানার পরিবারের সদস্য হলেও আদর্শগত কারণে তাদের সঙ্গে আমাদের কোন পারিবারিক সম্পর্ক ছিলনা । আমার মামা নাসিরুল কবিরের করা মামলায় নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, প্রতারণাসহ একাধিক মামলার আসামি নিজাম উদ্দিনকে মঙ্গলবার রাতে আমাদের একটি টিম রাজধানী আগামসি লেনের খন্দকার মোশতাকের বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হামলা-মারধরে জর্জরিত নৌকার সমর্থক ও নেতাকর্মীদের দেখতে গেলেন রাজী ফখরুল

স্টাফ রিপোর্টার :

নির্বাচনী পরবর্তী সময়ে কুমিল্লা -৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে নৌকায় ভোট দেওয়ার ফলে হামলা ও মারধরের শিকার নৌকার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

বৃহস্পতিবার তিনি উপজেলা জুড়ে ঘুরে নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশা ব্যক্ত করেন। এ সময় জেলা উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশান আলী মাষ্টারসহ কুমিল্লা উত্তরজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক লিটন সরকার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় নির্বাচন পরবর্তীতে দেবীদ্বার উপজেলাজুড়ে হামলা ও মারধরের শিকার হন নৌকা সমর্থক ও নেতাকর্মীরা।

চান্দিনায় নৌকার সমর্থকদের হামলায় ৩ সাংবাদিকসহ ১৭ জন আহত 

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় নৌকা সমর্থকদের পৃথক হামলায় ৩ জন সাংবাদিকসহ ১৭জন আহত হয়েছেন। এসময় একজন সাংবাদিকের একটি মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেয় নৌকার সমর্থকরা। গল্লাই ইউনিয়নের হোসেনপুর ও কালিয়ারচরে এসব সংঘর্ষ হয়। আহত সাংবাদিকরা হলেন দৈনিক মুক্ত খবরের চান্দিনা প্রতিনিধি মো. সোহেল রানা, দৈনিক যুগান্তরের মো. আব্দুল বাতেন ও নয়াদিগন্তের মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ও বিকেলে এসব ঘটনা ঘটে।

এর আগে সকালে চান্দিনা উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর ঘুরে মাধাইয়াসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গল্লাই ইউনিয়নের হোসেনপুরে আসলে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর গণসংযোগের মুখোমুখি হয়। এসময় প্রাণ গোপালের মিছিল থেকে টিটুর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় নেতৃত্ব দেন উপজেলার কেরণখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সরকার।

যুগান্তরের চান্দিনা প্রতিনিধি আবদুল বাতেন জানান, আমরা নিউজ কাভার করার জন্য নৌকার প্রার্থী প্রাণ গোপালের গাড়িবহরের পাশে থাকি। হোসেনপুর বাজারে নৌকার মিছিল চলাকালে ঈগল সমর্থকদের গণসংযোগ করতে দেখা যায়। এ সময় ঈগল সমর্থকদের ওপর হামলার পর সংঘর্ষ বাধে। আমরা সে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন সরকারের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। বেদম মারধরের শিকার হন মুক্তখবরের সোহেল রানা।
এদিকে দুপুর আড়াইটার দিকে উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর এলাকায় ঈগল প্রতীকের প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর সমর্থকদের ওপর হামলা চালিয়ে ১৪ কর্মীকে আহত করেন নৌকার সমর্থকরা। উভয় হামলার ঘটনায় নৌকার প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত উপস্থিত ছিলেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, আমরা কোনো সংঘর্ষের খবর পাইনি। দুই প্রার্থীর সমর্থক ও সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝির খবর জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, ৩টি গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর গাড়ি বহরে হামলা চালিয়ে ৩টি গাড়ি ভাঙচুর করে নৌকা সমর্থকরা।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টায় চান্দিনা পৌরসভার ছায়কোট মৃধা বাড়ির সামনের সড়কে ওই হামলার ঘটনা ঘটে।

তবে মুনতাকিম আশরাফ টিটুর গাড়িটি অক্ষতা রয়েছে।

পৌরসভার ৭ নং ওয়ার্ডে ছায়কোট গ্রামে প্রচারণা শেষে চান্দিনা উপজেলা সদরের ফেরার পথে নৌকার স্লোগান দিয়ে নৌকার সমর্থকরা ওই ভাঙচুর চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থক আহত হয়।

এ বিষয়ে জানতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোরশেদের মুঠ ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

এবার ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা

ডেস্ক রিপোর্ট:

এবার ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। ফিলিস্তিন ইসরায়েলে যুদ্ধ শুরুর পর লোহিত সাগরে জাহাজ হামলার পর এবার ভারত মহাসাগরেও হামলা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এ হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের মাধ্যমে ভারত মহাসাগরের অংশ আরব সাগরে এ হামলা হয়েছে। এ সময় ভারতীয়সহ ২০ ক্রুকে উদ্ধার করা হয়েছে। এমভি চেম প্লুটো নামের জাহাজটি পোরবন্দর উপকূল থেকে ২১৭ নটিক্যাল মাইল গভীরে ছিল। ভারতীয় কোস্টগার্ডের একটি জাহাজ এ সময় সেটিকে অতিক্রম করছিল।

হামলার শিকার জাহাজটি ক্রুড অয়েল ব্যবহার করে আসছিল। এটি সৌদি আরব থেকে ভারতের কর্নাটক রাজ্যের শহর ম্যানগালুরুর দিকে যাচ্ছিল।

প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, কোস্টগার্ডের জাহাজ আইসিজিএস বিক্রম ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পেট্রোল চালাচ্ছিল। এ সময় জাহাজটি হামলার কবলে পড়ার সিগন্যাল পায় তারা। এরপর কোস্টগার্ড সকল জাহাজকে সতর্কবার্তা দিয়ে তাদের সহযোগিতার অনুরোধ জানায়।

এএনআই জানিয়েছে, জাহাজের আগুন নেভানো হয়েছে। তবে এর কারণে এটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার শিকার জাহাজটির সকলে নিরাপদ রয়েছেন।

এর আগে গত সোমবার ভারতের নৌবাহিনী ছিনতাইয়ের শিকার মাল্টার পতাকাবাহী একটি জাহাজের আহত নাবিকদের উদ্ধার করে।

এরও আগে গত মাস থেকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা করে হুতিরা। দলটি জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা এ হামলা চালিয়ে আসছে। হুতিদের এমন হামলার কারণে বিভিন্ন জাহাজ কোম্পানি এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। অন্যদিকে জাহাজ চলাচল সচল রাখতে এ পথে অ্যালায়েন্স গঠন করছে যুক্তরাষ্ট্র।

মুরাদনগরে কুপিয়ে আহতের ২০দিন পর প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে বাসায় ডুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে
আহত করার ২০দিন পর দুবাই প্রবাসীর স্ত্রী সুমি বেগম মারা গেছে। মঙ্গলবার
ভোরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি
মৃত্যুবরন করেন। নিহত সুমি বেগম(৪১) দুবাই প্রবাসী ইউনুছ মিয়ার স্ত্রী।

একাধিক সুত্রে অর্থের বিনিময়ে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটেছে
বলে নিশ্চিত করলেও হামলার তিন সপ্তাহে পেছনের মূলহোতা এবং এরসাথে জড়িত
আর কাউকে গ্রেফতার বা হামলার রহস্য উদঘাটন করেত পারেনি পুলিশ। এই নিয়ে
জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা যায়, গত (০৮ই নভেম্বর) বুধবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের
রহিমপুর গ্রামের জিয়ার বাঁধ এলাকায় সুমি বেগম নামের এক দুবাই প্রবাসীর
স্ত্রীকে বাসায় ডুকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে
সন্ত্রাসীরা।

এসময় তার শোর-চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে শরীরের
বিভিন্নস্থানে কোপানো ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে
প্রেরণ করেন। সুমি বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
ছিলেন। এঘটনায় হামলাকারীদের একজন রহিমপুর গ্রামের মৃত আলী আজগর
ভান্ডারীর ছেলে জাবেদ (৩১)কে আটক ও হামলায় ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধারসহ
তাকে কারাগারে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ। ভিকটিম সুমি বেগম বাদী
হয়ে থানায় মামলা দায়ের করে ছিলেন।

এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সুমি
বেগমের মৃত্যুর খবর পেয়ে সুরতহাল করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এখন এটি হত্যা মামলা হবে। দ্রুত
রহস্য উদঘাটন করা হবে এবং ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাষ বলেন, টাকার বিনিময়ে
হামলার ঘটনা ঘটে থাকলে তদন্তের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় আনা
হবে। কাউকে ছাড় দেয়া হবে না।