Tag Archives: আজকের কুমিল্লার খবর

তিতাসে ত্রাণের প্রলোভন

তিতাসে ত্রাণের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৬ জন আটক

তিতাসে ত্রাণের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৬ জন আটক

স্টাফ রিপোর্টার:

তিতাসে ত্রাণ সহায়তার প্রলোভন দেখিয়ে ৩৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করা হয়েছে। পরে স্থানীয়রা ধর্ষণে অংশগ্রহণকারী ৬ জন বখাটেকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন: ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলীনুর (৪৫), চকের বাড়ির সিএনজি চালক বাবু (৪০), হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের আরিফ (৩০), দাসকান্দি চকের বাড়ির নুর মোহাম্মদ (২৫), এবং বিদ্যুত মজুমদার (৩৫)।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী নারী ত্রাণ পাওয়ার আশায় দাসকান্দি বাজারে আসেন। সিএনজি চালক বাবু তাকে ত্রাণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দাসকান্দি বাজারের আলীনুর আলীর দোকানে বসিয়ে রাখে। সন্ধ্যা হলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ধর্ষণ করে।

বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এক ছাত্র আন্দোলনের সমন্বয়কের কাছে তথ্য পৌঁছে। শুক্রবার সকালে অভিযুক্ত ৬ জনকে দাসকান্দি বাজারে ডাকা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে স্থানীয়রা তাদের বাজারে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিমকে মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপির নামে চাঁদাবাজি

বিএনপির নামে চাঁদাবাজি করলে তাকে ধরে পুলিশে দিন: কুমিল্লায় মির্জা ফখরুল

বিএনপির নামে চাঁদাবাজি করলে তাকে ধরে পুলিশে দিন: কুমিল্লায় মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। যদি কোনো ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করার চেষ্টা করে, তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। বিভিন্ন পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তাকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। বিভেদ সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন সরকার মাত্র ২০-২২ দিন হলো দায়িত্ব নিয়েছে। আমরা তাদের সময় দিতে চাই, যাতে তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে। আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি এবং আশা করি তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ আরও অনেক নেতা-কর্মী।

ফ্রি চিকিৎসা সেবা

চৌদ্দগ্রামে ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

চৌদ্দগ্রামে ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার:

মুহসীনুল উম্মাহ ফাউন্ডেশন, কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্র্যাস্ট এর যৌথ উদ্যোগে দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে ।

শনিবার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকুট উচ্চ বিদ্যালয় মাঠে এক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মহসীনুল উম্মাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মুফতি খোরশেদ আলম।

 

ফ্রি চিকিৎসা সেবা

এসময় উপস্থিত ছিলেন, মারকাজুল মুসলীমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খান, পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাওলানা যোবায়ের, মাওলানা ইউনুছ আহমেদ, মহসিনুল উম্মাহ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক আরিফ হোসেন বাপ্পি, সাইদুর রহমান রিপন, সাদ্দাম হোসেন, রাসেল মজুমদার, রবিউল হাসান, মোঃ সোহাগ, রায়হান উদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ।

ক্যাম্পে দশটি মেডিকেল বুথের মাধ্যমে অন্তত ২৫০০ বন্যার্ত মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়।

সদর দক্ষিণে বন্যার পানি

সদর দক্ষিণে বন্যার পানি সরে যাওয়ায় ধীরগতি, প্রতিবন্ধকতায় অতিরিক্ত কচুরিপানা ও ভেসাল জাল

সদর দক্ষিণে বন্যার পানি সরে যাওয়ায় ধীরগতি, প্রতিবন্ধকতায় অতিরিক্ত কচুরিপানা ও ভেসাল জাল

সালাউদ্দিন সোহেল :

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে দেশের বিভিন্ন অঞ্চেলের বন্যা পরিস্থিতির অবনতির সাথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নেও দেখা দিয়েছে বন্যা।

উপজেলার বারপাড়া ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন ও পূর্বজোড় কানন ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম তলিয়ে গেছে পানির নিচে।

উপজেলার প্রায় ১৫ হাজার মানুষ এখনো পানিবন্দি ।গ্রাম গুলোর অনেকেই রয়েছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে।

সারাদেশে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও সদর দক্ষিণে বন্যার পানি র পরিস্থিতির উন্নতিতে কিছুটা ধীরগতি।

সদর দক্ষিণ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গুইংগাজুড়ি খাল ও ডাকাতিয়া নদীতে জমে থাকা কচুরিপানা ও ভেসাল জালের কারণে পানি প্রবাহ ধীরগতি যার ফলে কুমিল্লার অন্যান্য উপজেলায় বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হলেও সদর দক্ষিণে বন্যার পানি র পরিস্থিতি উন্নতিতে ধীরগতি।

উপজেলা বিভিন্ন জায়গায় সরে জমিনে দেখা যায় এখনো খাল বিলের বিভিন্ন জায়গায় জমাট বেঁধে রয়েছে অতিরিক্ত কচুরিপানা। তাছাড়া অতি উৎসাহী মৎস্য প্রেমীরা তাদের ভেসাল জাল দিয়ে মৎস্য শিকারের মধ্য দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন পানি প্রবাহের।

যার ফলে উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ১৫ হাজার মানুষ এখনো পানিবন্দি। সাধারন মানুষ মনে করেন উপজেলা প্রশাসন এ সমস্ত প্রতিবন্ধীকতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিলে আগামী এক সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হবে।

ফেনীর বন্যায়

ফেনীর বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭

ফেনীর বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭

ডেস্ক রিপোর্ট:

ফেনীর বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী এবং ৩টি শিশু রয়েছে।

নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করার চেষ্টা চলছে।

ফেনী জেলা প্রশাসন বুধবার (২৮ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ফেনীর বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। পানি কমতে শুরু করায় বিভিন্ন জায়গা থেকে গলিত মরদেহ উদ্ধার হচ্ছে।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা এলাকার সাহাব উদ্দিন (৭২), মধুগ্রামের দেলোয়ার হোসেন (৪২), ফুলগাজী উপজেলার শাকিলা আক্তার (২২), কিরণ (২০), রাজু (২০), কিসমত বাসুড়ার আবুল খায়ের (৫০), লক্ষ্মীপুর গ্রামের সৈয়দ তারেক (৩২), রজবের নেচা (২৫), সোনাগাজী উপজেলার নাঈম উদ্দিন (২৮), আবির (৩), নুর মোহাম্মদ মিরাজ (৮ মাস) এবং জাফর ইসলাম (৭)।

ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে জেলার ৬টি উপজেলা প্লাবিত হয়ে প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেক মানুষ পানির স্রোতে ভেসে গেছেন।

বসুন্ধরা ফুডের

বসুন্ধরা ফুডের পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার:

বসুন্ধরা ফুডের পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গম এবং প্রতন্ত অঞ্চলে সুষ্ঠ ভাবে ত্রাণ সরবরাহের লক্ষ্যে সেনাবাহিনী ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র, লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাসে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ এর পক্ষ থেকে ১০ হাজার উপহার প্যাকেট পৌঁছে দেয়া হয়।

বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিঃ এর ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ, মরিচ গুঁড়া মশলা, হলুদ গুঁড়া মশলা, খাবার পানি, দেয়াশলাই, ওর স্যালাইন এবং প্রয়োজনীয় ঔষুধ।

ত্রাণ সামগ্রী সমূহ বন্যা দুর্গত কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট (মৌলভীবাজার) এলাকায় সরবরাহ করা হবে যা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে।

বন্যার্তদের সেবায়

চৌদ্দগ্রামে বন্যার্তদের সেবায় দিনরাত একাকার জামায়াত কর্মীদের

চৌদ্দগ্রামে বন্যার্তদের সেবায় দিনরাত একাকার জামায়াত কর্মীদের

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী ঐতিহ্যবাহী একটি উপজেলা ‘চৌদ্দগ্রাম’। শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনে পুরো পৃথিবীজুড়ে এ উপজেলা বেশ পরিস্থিত। গত সপ্তাহে ভারি বৃষ্টি ও ভারতীয় উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

তাৎক্ষণিক সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের পরামর্শক্রমে গ্রামভিত্তিক জামায়াত নেতাকর্মীরা পানিবন্দি মানুষদের উদ্ধার করে সরকারি ও বেসরকারি আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। এরপর পুরো উপজেলাজুড়ে পানিবন্দিদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত কয়েকদিন ধরে নেতাকর্মীরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে।

উপজেলা জামায়াত সূত্রে জানা গেছে, স্বাধীন বাংলাদেশে অতীতে কখনো এরকম বন্যা পরিস্থিতি দেখেনি চৌদ্দগ্রামবাসী। গত ২২ আগস্ট থেকে জামায়াত নেতাকর্মীরা সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ ও বিভিন্ন বিল্ডিং বাড়ির ১০৬ আশ্রয় কেন্দ্রে ২০ হাজার মানুষকে উদ্ধার করে আনা হয়েছে। প্রথম ৪ দিন প্রত্যেক আশ্রয় কেন্দ্রের টিমের মাধ্যমে আশ্রয়কেন্দ্র ও পাশ্ববর্তী গ্রামগুলোর পানিবন্দি মানুষের মাঝে ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

এরপর থেকে প্রতিদিন ২-৩ বেলা রান্না করা খাবার দেয়া হচ্ছে। গত দুইদিন বন্যার পানি কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। এবার দ্বিতীয় ধাপে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবনসহ ১০ হাজার ফুড প্যাক বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তালিকা করা হচ্ছে। সাধ্য অনুযায়ী জামায়াত ক্ষতিগ্রস্তদের পূণর্বাসন করবে। এসব কাজ করতে গিয়ে জামায়াত নেতাকর্মীদের দিনরাত একাকার হয়ে গেছে।

বানভাসিদের সেবায় নির্ঘুম রাত কাটছে গ্রাম থেকে শুরু করে উপজেলার নেতাকর্মীদের। বানভাসিদের সেবা কার্যক্রম তদারকি করছেন উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী কাজী মোঃ ইয়াছিনসহ সংশ্লিষ্ট পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার উপজেলা জামায়াত আমীর মু. মাহফুজুর রহমান ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন বলেন, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। বানভাসিদের কথা বিবেচনা করে ২৪ আগস্ট তিনি গণসংবর্ধনা অনুষ্ঠান বাতিল করে ২৩-২৫ আগস্ট পুরো উপজেলা পরিদর্শন করে বানভাসিদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। উপজেলাজুড়ে তিন ধাপে জামায়াত কাজ করছে।

এরমধ্যে; প্রথমত-বানভাসিদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া ও শুকনো খাবার বিতরণ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে ভারি খাবার বিতরণ চলছে। তৃতীয়ধাপে ক্ষতিগ্রস্ত বানভাসিদের পূণর্বাসনের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। জেলার মৎস্যখাতে ও মারাত্মক ক্ষতির ঘটনা ঘটেছে। মাছ উৎপাদনে অতীতে বেশ কয়েকবার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী এই জেলায়, বর্তমান বন্যার কারণে মৎস্যখাতে মোট ৪০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এটি  অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

বুধবার (২৮ আগস্ট) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলমান বন্যায় জেলার ২৩ হাজার ৪২টি খামার বা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ৫ হাজার ৮৩৫ দশমিক ৬১ হেক্টর আয়তনের।

ক্ষতিগ্রস্ত খামারগুলো থেকে ২৫ হাজার ৫৩৮ দশমিক ৫০ টন ফিন ফিশ, ১০ দশমিক ২৮ টন চিংড়ি এবং ১০ কোটি ১৭ লাখ সংখ্যক পোনা মাছের ক্ষতি হয়েছে। বাজার মূল্যে, মাছে ৩৫৮ কোটি ১২ লাখ টাকা, চিংড়িতে ৫ কোটি টাকা এবং পোনামাছের ক্ষতি ১৭ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকা হয়েছে।

এছাড়া, ২২ কোটি ৯৫ লাখ টাকার পুকুর, খামার বা স্লুইস গেটের অবকাঠামোর ক্ষতি এবং ৮০ লাখ টাকার জাল বিনষ্ট হয়েছে।

বরুড়া উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এখানে ৩ হাজার ৭৪৯টি মাছের খামার বা পুকুর বিনষ্ট হয়েছে, যা ৯০৩ হেক্টর আয়তনের।

এছাড়া, ব্রাহ্মণপাড়া ১ হাজার ১০টি, বুড়িচং ১ হাজার ৮০০টি, নাঙ্গলকোট ৩ হাজার ১৬২টি, লালমাই ২ হাজার ৭টি, মনোহরগঞ্জ ২ হাজার ৩৫০টি, আদর্শ সদর ২ হাজার ৪৫২টি, মুরাদনগর ৮০০টি, চান্দিনা ২০০টি, লাকসাম ২ হাজার ৫০০টি, তিতাস ২২টি, দেবীদ্বার ৪০০টি, চৌদ্দগ্রাম ১ হাজার ৮৪০টি এবং সদর দক্ষিণে ৬৬০টি মাছের খামার বা পুকুর তলিয়েছে।

এছাড়া, জেলায় ১৫টি মৎস্যবীজ খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আয়তন ২ দশমিক ৬৯ হেক্টর। এসব খামারে ৬২ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন জানিয়েছেন, বন্যায় মৎস্যখাতে ক্ষতির একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বানের পানি নেমে গেলে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।

ওয়ান-ইলেভেনের কথা

ওয়ান-ইলেভেনের কথা তো আমরা ভুলতে পারি না: মির্জা ফখরুল

ওয়ান-ইলেভেনের কথা তো আমরা ভুলতে পারি না: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:

ওয়ান-ইলেভেনের মতো বিএনপিকে লক্ষ্য করে দেশকে বিরাজনৈতিকীকরণের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, তাঁরা এখনো ওয়ান-ইলেভেনের কথা ভুলে যাননি। তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে, তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, প্রশ্ন এসে যায়। একই সঙ্গে নির্বাচন প্রশ্নে অতিদ্রুত সংলাপের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতের সাম্প্রতিক একটি বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ও দখল নিয়ে বিএনপিকে লক্ষ্যবস্তু করে প্রচারণা চালানো হচ্ছে। আবারও এক-এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করে বিরাজনৈতিকীকরণের চেষ্টা থেকে এ কাজগুলো করা হচ্ছে।

২০০৭ সালের সেনা সমর্থিত এক-এগারো সরকারের প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা তো ভুলে যাইনি এক-এগারোর সময় কারা চেষ্টা করেছিল বিরাজনৈতিকীকরণের। এমনকি ওই সময় আমাদের দলকে পর্যন্ত পুরোপুরি বাতিল, নিশ্চিহ্ন করার চেষ্টাও হয়েছিল। এ কথাগুলো তো আমরা ভুলতে পারি না। আমার গণতন্ত্রের জন্য, আমার রাজনীতির জন্য, আমার দেশের কল্যাণের জন্য এ কথাগুলো আমার মনে রাখতে হবে।’

বর্তমান সরকারের মধ্যে বিরাজনৈতিকীকরণের কোনো লক্ষণ দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এমন লক্ষণ দেখছি না। আমি সতর্ক করছি। কিছু চেহারা আছে তো? এ চেহারাগুলো দেখলে আমরা ভয় পাই।’

তিনি বলেন, ‘যাঁদের কোনো দিন দেখা যায়নি, তাঁরা সামনে চলে আসছেন।’ বিএনপি মহাসচিব বলেন, ‘হঠাৎ করে ওই ব্যক্তিগুলো মিডিয়ায় সামনের পেজে চলে আসছেন।

তাঁদের বক্তব্য, থিওরি প্রচার করছেন। আমি কারো নাম বলতে চাই না। আমার মনে হয়, এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভালো বিষয় নয়।’

দুই দিন আগে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলীয় এক কর্মসূচিতে বর্তমান বন্যা পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি এবং দখলদারির বিষয়ে কথা বলেন। ওই বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আগেই বলেছি, এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত। কারণ আমরা তো এক-এগারোর কথা ভুলে যাইনি।

যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে; তারা এ ধরনের বিভিন্ন চিন্তা-ভাবনা করে, আমি কোনো দলের নাম বলছি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমাদের লড়াইটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। সেটার জন্যই তো নির্বাচন। এটা তো আমাদের অধিকার। আমরা তো নির্বাচনের জন্যই এত দিন লড়াই করেছি, সংগ্রাম করেছি।’

জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি হয়, এমন বক্তব্য না দিতে সবার প্রতি অনুরোধ জানান বিএনপির মহাসচিব।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হলো, তার জন্য ওই দলগুলো মিলেই তো আমরা আন্দোলন করেছি। ওই দলগুলোর অনেককে আন্দোলনে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। এমনকি তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ওই আন্দোলনকে, ওই বিষয়কে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করব না।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার এসেছে একটি আন্দোলন-বিপ্লবের মধ্য দিয়ে। অবশ্যই এই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। তার জন্য সব ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি, করব, যত দিন সরকার সঠিক পথে থাকবে।’

কারো নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, ‘আমি যদি মনে করি, একজন ব্যক্তি একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবে; আমার ওই চিন্তা সঠিক হবে না। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। সংস্কারের দাবি তো আমরাই তুলেছি। আমরা ৩১ দফা দিয়েছি। ৩১ দফা থেকে কমিয়ে ১০ দফা হয়েছে, ১০ দফা থেকে এক দফা হয়েছে। এটা নিয়ে আমরা আন্দোলন করেছি, সারা বাংলাদেশ চষে বেড়িয়েছি। আমরা তো সংস্কার চাই। তবে সেই সংস্কারটা অবশ্যই হতে হবে জনগণের সমর্থন নিয়ে।’

অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র মেরামতের জন্য ‘যৌক্তিক’ সময় দেওয়ার কথা বলেছে বিএনপি। সেই যৌক্তিক সময় কতটা, জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এ জন্যই আলোচনা দরকার। যৌক্তিক সময়ের ধারণা নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কী চাই, উনারা কী চান, জনগণ কী চায়, একটা আলাপ-আলোচনা তো হতে হবে। সে জন্য বলেছি, বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অতিদ্রুত আলোচনা হওয়া দরকার। খুব জোর দিয়ে বলেছি, আজকেও বলছি। নইলে ভুল-বোঝাবুঝি তৈরি হয়।’

সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আদেশ প্রত্যাহার করে নিচ্ছে, এ নিয়ে একজন সাংবাদিক প্রতিক্রিয়া জানতে চান। জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, সে যে দলই হোক। আমাদের সংবিধানে যেকোনো ব্যক্তির অধিকার রয়েছে সংগঠন করার। কিন্তু স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। আমার বাংলাদেশের স্বাধীনতাই বিশ্বাস করে না, সে ধরনের দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি, মানুষের অধিকার আছে একটা সংগঠন তৈরি করার, রাজনীতি করার।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব নস্যাৎ করার জন্য এবং বিএনপির অবদান খাটো করতে পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে। এই বিপ্লব ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্র আছে। আপনারা দেখবেন, বিদেশ থেকে, বিশেষ করে ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশে যে বিপ্লব সংঘটিত হয়েছে সেটা তারা নস্যাৎ করতে চায়। কতগুলো রাজনৈতিক ইস্যুকে তারা সাম্প্রদায়িক ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘প্রথম দিকে তারা যে সংখ্যালঘু নির্যাতনে প্রচার চালিয়েছিল, এর বোধ হয় ১-২ পারসেন্টও সঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে, দখলদারি। এগুলো কিন্তু অপপ্রচার। আমি বলতে বাধ্য হচ্ছি, আবার আগের মতো এক-এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করে এই কাজগুলো করা হচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। আমরা ১৫ বছর ধরে সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। মনে রাখতে হবে, গণতন্ত্রে নির্বাচিত সংসদ ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

ওয়ান-ইলেভেনের কথা তো আমরা ভুলতে পারি না: মির্জা ফখরুল