Tag Archives: কুমিল্লা

মুরাদনগরে ১০ বছর ধরে সেতু আছে সংযোগ নেই, ভোগান্তিতে দুই গ্রামের মানুষ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে প্রায় ১০ বছর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসির ক্ষুদ্রসেচ উন্নয়ন কর্মসূচীর আওতায় একটি কেটেল ক্রসিং (সেতু) নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত সেতুতে সুফল পাচ্ছেন না শুশুন্ডা ও নয়াকান্দি গ্রামের মানুষ।

জানা যায়, উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের সঙ্গে শুশুন্ডা নয়াকান্দি গ্রামের সংযোগ করতে দুই গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালের উপরে সেতুটি নির্মাণ করে বিএডিসি কর্তৃপক্ষ। সেতুর দুই পাশে রয়েছে প্রচুর ফসলি জমি। ব্যক্তিগত স্বার্থে ও ক্ষমতার অপব্যবহার করে নির্মাণের পর থেকে সেতুর দুই পাশের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে বলে অভিযোগ উঠেছে নয়াকান্দি গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে।

শুশুন্ডা নয়াকান্দি গ্রামের কবির হাজী বলেন, দুই গ্রামের মানুষের চলাচল, জমি থেকে ফসল ও কৃষি যন্ত্রপাতি আনা নেয়ার জন্যই এই সেতুটি নির্মাণ করে দিয়েছিলো বিএডিসি। সেই সময় আমাদের গ্রামের কামাল সাবেক ইউপি চেয়ারম্যানের খুব কাছের লোক হওয়ায় সে তার জমির মাঝামাঝি সেতুটি নির্মাণ করান। তখন আমি সহ গ্রামের সবাই বাধা দিলেও কোন কাজ হয়নি। নির্মাণের পর থেকে এখন পর্যন্ত আমরা নানা উপায়ে সেতুর দুই পাশে মাটি ফেলার চেষ্টা করেছি। কিন্তু কামাল তা হতে দিচ্ছে না, তার দাবি সেতুটি নাকি সরকার একক ভাবে তাকে ব্যবহার করতে দিয়েছে। ১০ বছর আগে সেতু পেয়েও আমাদের দুই গ্রামের মানুষের সেই সাঁকোতেই ভরসা করতে হচ্ছে। এ বিষয়ে বহুবার মেম্বার চেয়ারম্যানদের কাছে গেলেও কোন সমাধান পাইনি এখনো।

অভিযুক্ত কামাল উদ্দিন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সেতুটি নির্মাণ করার সময় বাজেট সংকট ছিলো। তাই ঠিকাদার দুই পাশের মাটি দেননি। আর কেউ যদি মাটি ফেলে এটার উপর দিয়ে চলাচল করেন, তাতে আমার কোন বাধা নেই।

এ বিষয়ে ঠিকাদার আলীর সাথে মুঠোফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মুরাদনগর উপজেলা বিএডিসি কর্মকর্তা মোঃ কাউছার আল মামুন বলেন, কেউ যদি নিজস্ব স্বার্থে সেতু ব্যবহার করতে না দেয় তাহলে অবশ্যই সেটি অপরাধ। সেতু জনসাধারণের সুবিধার জন্য নির্মাণ করা হয়। বিষয়টি আমার পুরোপুরি জানা নেই, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী বলেন, বিষয়টি আমার জানা নেই, ভুক্তভোগি কেউ একজন লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে দোকানঘর নির্মাণের অভিযোগ

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে নালিশি ভূমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ রাসেল বেপারী গং নামে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি মুক্তিযোদ্ধা বাজারে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এএসআই আজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে রাসেল গংদেরকে দোকানঘর নির্মাণ করতে নিষেধ করাসহ আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন।

জানা গেছে, উপজেলার কনকপৈত ইউনিয়নের করপাটি গ্রামের রাসেল বেপারী গং ও কাজী ইউনুস গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিবাদমান জায়গা নিয়ে উভয়পক্ষ আদালতে একাধিক মামলাও করেন। গত ২৬ ফেব্রুয়ারি ও ৯ মে আদালত রাসেলদের দায়েরকৃত ১৪৫ ধারা ও ১০৭ ধারার দু’টি পৃথক মামলা (মামলা নং ১২৯২/২২ইং ও ৪০২/২২ইং) খারিজ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২ জুন রাসেল গং বহিরাগত কতিপয় সন্ত্রাসী এনে বিবাদমান জায়গায় দোকানঘর নির্মাণ করার চেষ্টা করে। এতে বাধা প্রদান করলে রাসেল গং প্রতিপক্ষের উপর হামলা চালায়। হামলায় কাজী ইউনুসের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ইউনুসকে পরিবারের লোকজন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়। ঐ ঘটনায় মৃত একরামুল হক গেদুর ছেলে মো: রাসেল ও মৃত আনু মিয়ার ছেলে আহসান হাবীবসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের নামে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি ব্যবসায়ী কাজী ইউনুস। পরে পুলিশ ঘটনাস্থলের পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত উভয়পক্ষকে স্থিতিশীলতা বজায় রাখার আহবান জানান। কিন্তু বৃহস্পতিবার (১৫ জুন) ভোর রাতে একই কায়দায় আবারো রাসেল গং দোকানঘর নির্মাণের কাজ শুরু করতে যায়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগি ইউনুস জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আগের অভিযোগের তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এএসআই আজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগি ইউনুস ও তার পরিবার। তিনি থানা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছেন।

ইউনুসের বড় ভাই আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা ছোটবেলায় এতিম হয়ে গেলে আমার দাদা আজমত আলী এ জমিটি আমাদেরকে কবলা দিয়ে যান। গত কিছুদিন পূর্বে রাসেল গং আমাদের বিরুদ্বে চাঁদাবাজির মিথ্যা মামলা দেয়। এ মামলার খবর শুনে আমি স্ট্রোক করে বর্তমানে প্যারালাইসড হয়ে মানবেতর জীবনযাপন করছি।’

স্থানীয় প্রবীণ ব্যক্তি আবুল হাশেম ডিলার, শামসুল হক ও হারুনুর রশিদসহ অনেকেই বলেন, ‘ইউনুস এর বাবার মৃত্যুর পর তার দাদা জীবিত থাকাবস্থায় তাদেরকে এ জায়গাটি দানপত্র কবলা দিয়ে যান। এ জায়গাটি নিয়ে ইউনুস ও রাসেলদের মধ্যে আদালতে মামলা চলমান। মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই উক্ত জায়গায় রাসেল গং ঘর নির্মাণ করছে। যা আদালত উপেক্ষারই শামীল।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এএসআই আজিম উদ্দিন বলেন, ‘থানায় পূর্বের অভিযোগ ও ৯৯৯ এ কল পেয়ে বৃহস্পতিবার আবারো ঘটনাস্থল পরিদর্শন করি। আদালতে মামলা চলমান থাকায় চূড়ান্ত রায় না আসা পর্যন্ত উভয়পক্ষকে স্থাপনা নির্মাণ না করতে এবং শান্ত থাকার জন্য বলা হয়েছে। কিন্তু রাসেল গং তা মানছেনা।’

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা: ১৩ বছর পর ২ জনের মৃত্যুদণ্ডাদেশ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবদুল করিম (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যার ১৩ বছর পর ২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জুন) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এসময় আদালত দুই আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডেরও আদেশ দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা গ্রামে মো. মজনু মিয়া ও কবির মিয়া।

মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি সেলিম মিয়া জানান, ২০১০ সালের ২৮ জুলাই বিকেলে হোমনার বাগমারা গ্রামের আবদুল করিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। চারদিন পর ২ আগস্ট দুপুরে হোমনার বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রাষ্ট্রপক্ষ ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে হত্যার ঘটনা প্রমাণিত হয়। দুই আসামি ১৬৪ ধারায় টাকার লেনদেনের দ্বন্দ্বে হত্যা করেছে বলে স্বীকার করে। এ ঘটনায় আদালত তাদের ফাঁসির আদেশ দেয়।

কুমিল্লার বরুড়ায় ৩০টি গাঁজার গাছসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলা থেকে ৩০টি গাঁজার গাছসহ পেয়ারা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাত সারে ৩টায় পেয়ারা বেগমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া নারী উপজেলার গালিমপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মীর রেজাউল ইসলামের সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ) আলী মর্তুজা, এ এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গালিমপুর গ্রামের সবুজের বসত ঘর সংলগ্ন পশ্চিম পাশে অভিযান চালিয়ে পেয়ারা বেগমকে আটক করেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সবুজ নামের আরো একজন আসামি পলাতক রয়েছে।

এ বিষয়ে এসআই মোঃ আলী মর্তুজা জানান, পলাতক আসামী সবুজ (২৫) দীর্ঘদিন যাবৎ পেয়ারা বেগমের কাছ থেকে গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ) ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। বর্তমানে সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

দেবিদ্বার পৌরসভায় মেয়র পদে লড়তে ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় তথ্যমতে, আবুল কাশেম দেবিদ্বার পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তিনি ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচন ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন।

এ বিষয়ে আবুল কাশেম ওমানী বলেন, পৌরবাসী আমাকে পছন্দ করেন। তাদের চাপে আমি মেয়র প্রার্থী হয়েছি। এর আগে জনগণ আমাকে ভোট দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। কিন্তু ভাইস চেয়ারম্যান হওয়ার পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। আশা করছি এবার নির্বাচিত হয়ে প্রত্যাশাগুলো পূরণ করতে পারবো। বিশেষ করে ভাইস চেয়ারম্যান পদে থেকে তৃণমূলের মানুষের জন্য তেমন কাজ করা সম্ভব হয় না এবং করার সুযোগও খুব কম।

ইউএনও নিগার সুলতানা বলেন, ভাইস চেয়ারম্যান পদ থেকে আবুল কাশেম পদত্যাগ করেছেন। জেলা প্রশাসকের পরামর্শে পদত্যাগপত্রটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে পদক্ষেপ নিবে।

উল্লেখ্য, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলার সদর ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ ও সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর ২১ বছর পর গত ৩১ মে দেবিদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ আগামী ১৭ জুলাই। এ পৌরসভায় ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ জন এবং নারী ভোটার ২২ হাজার ৮৯ জন।

নগরীর নিউমার্কেটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: সোহাগ (৩০) নামের এক প্রিন্টিং ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে নগরীর নিউমার্কেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের গোরফান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে সোহাগ তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি ফোনে কথা বলতে বলতে মেশিনের উপর পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি।এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

কুমিল্লা সদরে ২৪ বোতল বিদেশী মদসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে ২৪ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জুন) সকালে সদরের অরন্যপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, কুমিল্লা সদরের অরন্যপুর এলাকার মৃত. রওশনের ছেলে মোঃ সোহেল (৩০) এবং গাজীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৭)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যাক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জুন) সকাল সাতটায় মিয়াবাজার হাইওয়ে থানার এসআই টিপু রায় এর নেতৃত্বে এএসআই গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩টি ট্রাভেল ব্যাগে সংরক্ষিত মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে পরিত্যাক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজাগুলো মহাসড়কের পাশের ঝোপে রেখে পালিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ কাউছার জানান, উপজেলার বাবুচি এলাকায় হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়কের পাশের ঝোপ থেকে ৩টি ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গাঁজাগুলো আদালতে প্রেরণ করা হয়েছে।’

চান্দিনায় বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে চান্দিনা উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলায় পৌর একাদশ ১-০ গোলে কেরণখাল একাদশকে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. শওকত হোসেন ভ‚ইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভ‚ইয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক গৌতম কুমার দেব।

প্রসঙ্গত, টুর্ণামেন্টে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৪টি দল অংশ নেয়।

মুরাদনগরে ৫ কোটি টাকা মূল্যের ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে মুরাদনগর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারে পান্তি-পাহাড়পুর সড়কের পাশে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমুল হুদার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সারা দেশের সরকারী খাস জমি উদ্ধারের অংশ হিসাবে কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার পান্তি বাজারে পান্তি মৌজায় ২৮ শতক সরকারী জমির উপর অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমুল হুদা বলেন, সারা দেশের ন্যায় সরকারের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধারের অংশ হিসাবে জেলা প্রশাসনের নির্দেশনায় মুরাদনগর উপজেলার পান্তি বাজারে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমি উদ্ধার করা হয়। সরকারী খাস জমি উদ্ধারে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।