Tag Archives: পুলিশ

কুমিল্লার চান্দিনায় বন্ধ ঘরের তালা ভেঙ্গে ডাকাতি, গ্রেফতার ২

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় বন্ধ ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মালামাল লুটে নেওয়ার ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

ডাকাতির ঘটনায় মঙ্গলবার (৬ জুলাই) রাতে চান্দিনা থানায় মামলা দায়ের করেছেন গৃহকর্তা অরুন চন্দ্র সরকার।

এর আগে সোমবার (৫ জুলাই) দিনগত রাত ৩টায় চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের থানাগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই আবুল হাসেমকে (৩০) আটকের পর তার দেওয়া তথ্যমতে বুধবার (৭ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে রুহুল আমিন (৪০) নামে অপর এক ডাকাতকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযানে লুন্ঠিত ৩৮ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, ১টি ট্যাব ও ১টি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

আটক ডাকাত আবুল হাসেম চান্দিনার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা গ্রামের আতিকুর রহমানের ছেলে এবং অপর ডাকাত রুহুল আমিন একই উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের জব্বার আলীর ছেলে।

গৃহকর্তা অরুন চন্দ্র সরকার জানান- প্রতিদিনের ন্যায় সোমবার রাত খাবার শেষে পরিবারের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ৩টার দিকে ডাকাতদল বারান্দার তালা ভেঙ্গে এবং ভিতরের দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে আমাদেরকে বেঁধে ফেলে। আমার ঘরে থাকা সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার, দেড় লক্ষ টাকা, ৩টি মোবাইল ফোন, একটি ট্যাব ও ১টি ডিজিটাল ক্যামেরা নিয়ে যায় ডাকাতদল। তারা পালিয়ে যাওয়ার সময় আমরা ডাক-চিৎকার দিলে আশ-পাশের লোকজন এবং গ্রাম পাহারায় থাকা লোকজন ছুটে এসে এক ডাকাতকে আটক করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- ৪ জন দস্যু ঘরে ঢুকে দস্যুতা করে মালামাল লুট করে। পরে গ্রাম পাহারায় থাকা লোকজন একজন আটক করার পর তার দেওয়া তথ্যমতে আরও এক দস্যুকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকলকেই আটক করা সম্ভব হবে।

কুমিল্লা সদরের পূর্বাঞ্চল মাদক ব্যবসার বড় হাট, বেপরোয়া কিশোর গ্রুপ

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লা জেলা এখন মাদকের স্রোতে ভাসছে। বলা যায় এ জেলা এখন উর্বর ভূমি। কিশোর-যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষই মাদকাসক্ত হয়ে পড়ছে। বিশেষ করে কুমিল্লার পূর্বাঞ্চল এলাকাগুলো মাদকের করাল গ্রাসে আক্রান্ত। সম্প্রতি যোগদান করা পুলিশ সুপার ফারুক আহমেদ জেলায় মাদক বিস্তার রোধে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন। গত ২০ বছর ধরে মাদক এ জেলার রন্ধে রন্ধে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। ফলে হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। মাদক নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্বে থাকছে “সদরের পূর্বাঞ্চল পরিস্থিতি”।

পূর্বাঞ্চল এলাকাগুলোর মাদকের স্পটগুলো হলো -কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাশারীপট্টি, কাশারীপট্টি চৌমুহনী, চকবাজার, বাসস্ট্যান্ড, পুরাতন মৌলভীপাড়া, কাটাবিলের গদার মার কলোনী, হযরতপাড়া মাঠ, বেবি স্ট্যান্ড, পৌর মার্কেট, বজ্রপুর, ৬ নং ওয়ার্ডের গর্জনখোলা, ধোয়াপট্টি, ১৮ নং ওয়ার্ডের নুরপুর, তেলিকোনা, ১৭ নং ওয়ার্ডের সুজানগর, টিক্কাচর, পাথুড়িয়াপাড়া, জগন্নাথ মন্দির, গোবিন্দপুকুরপাড়, ১৬ নং ওয়ার্ডের সংরাইশ, নবগ্রাম, মুক্তার বাড়ির গলি, চক্ষু হসপিটালের সামনে, কলের পুকুর পাড়, ১২ নং ওয়ার্ডের নানুয়াদিঘীর দক্ষিণ ও পূর্ব পাড়। এছাড়া গোমতী ব্রিজ, পাচঁথুবি ইউনিয়ন, জগন্নাথপুর ইউনিয়ন মাদকের উর্বর ভূমি। এ সব এলাকায় মাদকের সাথে জড়িত রয়েছে কমপক্ষে ২ শতাধিক কিশোর-যুবক ও মহিলা।

এসব এলাকায় দিনে দুপুরে মাদক বিক্রি হচ্ছে অবাধে। ফেনসিডিল, বিশেষ করে হেরোইন, গাজা ও ইয়াবা বিক্রির অন্যতম হাট এসব এলাকার স্পটগুলো। এসব এলাকায় মাদক সহজলভ্য হয়ে যাওয়ায় যুব সমাজ সহজে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাছাড়া তারা চুরি-ছিনতাই ইত্যাদির সাথেও জড়িত হয়ে পড়ছে। কাশারীপট্টি, পুরাতন মৌলভীপাড়া, কাটাবিল, বজ্রপুর, গদার মার কলোনী,তেলিকোনা, সংরাইশ, সুজানগর এলাকাগুলোতে প্রায় মাদক নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। মাদক নিয়ে প্রায় ৪টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাগুলোতে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবনকারি হোন্ডা চালক-আরোহীদের আসা-যাওয়া।

স্থানীয় বিভিন্ন সূত্রে এক পরিসংখ্যানে জানা যায়, কাশারীপট্টি, চকবাজার, কাটাবিল, গর্জনখোলা, মুরাদপুর এলাকায় গত ৫ বছরে মাদকাসক্ত হয়ে মারা গেছেন অন্তত ৫৬ জন। সেই সাথে এসব পরিবারের ভবিষ্যতও অন্ধকারে নিমজ্জিত হয়েছে। মাদকাসক্ত হয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে ২টি।
মাদকের প্রসার নিয়ে শংকিত স্থানীয় লোকজন। তারা জানান,মাদক ব্যবসায় তরুণ, যুবকরা জড়িয়ে পড়েছে। সন্ধার পর থেকে বহিরাগত ছেলেদের আনাগোনা বেড়ে যায়। প্রায় সময় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। আমরা বেশ আতংকে থাকি সব সময়।

মাদক রোধে কাজ করছেন জেলা পুলিশ। গত ১/২ মাসে বেশ সফল অভিযান পরিচালনা করেছে পুলিশ।

মাদক বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা মাদকের নেটওয়ার্ক ভেঙ্গে দেয়ার জন্য কাজ করছি। আমরা সম্প্রতি এ জেলায় ২ টন গাজাঁ ও হাজার হাজার ইয়াবা উদ্ধার করেছি। কুমিল্লা কোতয়ালী এলাকায় বেশি মাদকের অভিযান পরিচালনা করেছি। গত মে মাসে ৭১টি মাদকের মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ ৪৭ জন মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে। মাদকের গডফাদাররা এলাকা ছেড়ে পালিয়েছে। মাদক পরিবহনের স্পটগুলোতে আমরা চেকপোষ্ট বসিয়ে মাদক প্রসার রোধে কাজ করছি।

 

ঘুষ নিয়ে আসামির সঙ্গে দরদামে ব্যস্ত পুলিশের এসআই

ডেস্ক  রিপোর্ট:

পুলিশ কর্মকর্তা হয়ে ব্যবহার করেন চোরাই প্রাইভেটকার। সর্বক্ষণ চলেন মাদক ব্যবসায়ীদের নিয়ে। বড় বড় মাদক ব্যবসায়ী দিয়ে ব্যবসা করান। তাদের ব্যবহার করে খুচরা ব্যবসায়ীদের ধরে এনে টাকা আদায় করেন। ঠিক যেন বড় মাছ দিয়ে ছোট মাছ ধরা।

এসবই এতদিন ছিল আরএমপির তালাইমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ রানার রোজনামচা। এসআই মাসুদ রানার বিরুদ্ধে অপরাধের পাহাড় জমলেও এতদিন অধরাই থেকেছেন। গত মঙ্গলবার বিকালে পুলিশ কমিশনার অভিযোগ পেয়ে আকস্মিকভাবে নিজেই হাজির হন ফাঁড়িতে।

ঠিক ওই সময় এসআই মাসুদ রানা এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার জন্য দরদামে ব্যস্ত ছিলেন। হাতেনাতে ধরে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তাৎক্ষণিকভাবে এসআই মাসুদ রানাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। মাসুদ রানা ফাঁড়ির চার্জ হারিয়ে এখন পুলিশ লাইনে।

আরএমপির তালাইমারী পুলিশ ফাঁড়িটি নগরীর অভিজাত এলাকা পদ্মা আবাসিকে অবস্থিত। গত দু’বছর ধরে ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন মাসুদ রানা। এতদিন ফাঁড়িটি ছিল মাদক ব্যবসায়ীদের মহব্বতখানা।

বড় বড় মাদক ব্যবসায়ী নিয়েই কাটত মাসুদ রানার দিনরাত। অভিজাত এলাকা হওয়ায় পদ্মা আবাসিক মাদক কারবারের বড় মোকাম। এলাকায় মাদক বিক্রি ওপেন সিক্রেট। এসআই মাসুদ রানার নিয়োজিত মাদক সম্রাটরাই নিয়ন্ত্রণ করেন কারবার। দিনশেষে নোটের বান্ডিল এসে ঢুকত মাসুদ রানার পকেটে।

অভিযোগে আরও জানা গেছে, মঙ্গলবার সোহেল নামের একজন বড় মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ জামালপুর এলাকা থেকে আটক করে ফাঁড়িতে নেন মাসুদ রানা। তবে তার বিরুদ্ধে মামলা না দিয়ে ফাঁড়িতে রেখে ছেড়ে দেওয়ার জন্য দর কষাকষি করছিলেন।

আটক হেরোইন আরেক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির দরদামও করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে আরএমপি কমিশনার নিজেই হাজির হন ফাঁড়িতে। এ সময় তিনি দেখতে পান- আটক মাদক ব্যবসায়ী সোহেল ও তার পরিবারের লোকদের নিয়ে বসে দরদামে ব্যস্ত মাসুদ।

কমিশনার পুরো ঘটনা অবগত হয়ে এসআই মাসুদ রানাকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেন। পরে মাদক ব্যবসায়ী সোহেলকে ২৫ গ্রাম হেরোইনসহ মামলা দায়ের করা হয়।

কমিশনারের ফাঁড়ি অভিযানে সঙ্গে থাকা চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনীর বলেন, এসআই মাসুদ রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগেরও তদন্ত হচ্ছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগে জানা গেছে, এসআই মাসুদ রানা পদ্মা আবাসিক ও আশপাশের এলাকাকে অপরাধের অভয়ারণ্য করে তোলেন। মাসুদ মাসোহারা আদায়ের সুবিধার্থে মাদক ব্যবসায়ীদের নাম-ঠিকানা ফোন নম্বর দিয়ে একটি রেজিস্টার সংরক্ষণ করতেন। এতে মাসোহারার পরিমাণ ও পরিশোধের তারিখও লিখে রাখতেন।

শতাধিক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসে ১০ লাখ টাকা মাসোহারা পেতেন তিনি। কেউ তাকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করলে, খবর পেয়ে ধরে আনতেন ফাঁড়িতে। একবারে বকেয়াসহ পুরো মাসোহারা আদায় করে ছাড়তেন।

গত ৪ এপ্রিল সন্ধ্যার পর ভদ্রা মোড়ে চালভর্তি একটি মিনিট্রাক তল্লাশি করে ৫ প্যাকেট হেরোইন উদ্ধার করেন এসআই মাসুদ। ট্রাকটি গোদাগাড়ীর বিদিরপুর বাজারের মোহা. টেবলুর মিল থেকে চাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। চালের বস্তার ভেতরে বিপুল পরিমাণ হেরোইনও নিয়ে যাচ্ছিল।

এসআই শাহীন ৫ প্যাকেট হেরোইন, ট্রাকসহ চালক, হেলপার ও একজন মাদক ব্যবসায়ীকে আটক করে চন্দ্রিমা থানায় দেন। এদিকে ওই রাতেই এসআই শাহীন মাদকের মূল মালিক হিসেবে বিদিরপুর থেকে মো. টেবলু ও শরিফ নামের দুজনকে আটক করে চন্দ্রিমা থানায় আনেন।

তবে দিনশেষে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে টেবলু ও শরিফকে ছেড়ে দেওয়া হয় থানা থেকে। বাকিদের মাদকের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। অভিযোগ রয়েছে এ ঘটনার পরই এসআই শাহীন একটি চোরাই প্রাইভেটকার কেনেন। বরখাস্ত হওয়ার আগপর্যন্ত মাসুদ তার প্রাইভেটকারে পুলিশ লেখা স্টিকার লাগিয়ে শহরে ঘুরতেন।

স্থানীয়দের অভিযোগে আরও জানা গেছে, এসআই মাসুদ রানা ও তার অনুগত কনস্টেবল জামিল প্রতিদিন ধরা-ছাড়ার বাণিজ্য করতেন। কনস্টেবল জামিলের কাছেও রয়েছে একাধিক চোরাই মোটরসাইকেল। মাদক ব্যবসায়ী কাম-সোর্সরা এসব মোটরসাইকেলে দাপিয়ে বেড়ায়।

বড় বড় এসব মাদক ব্যবসায়ী দিয়ে মাসুদ ও জামিল খুচরা কারবারিদের ধরে এনে টাকা আদায় করতেন। মাদক ব্যবসায়ীদের নিয়ে ফাঁড়িতে মাসিক আদায় পরিস্থিতি নিয়েও সভা করতেন মাসুদ ও জামিল। এসআই মাসুদ ও কনস্টেবল জামিল তাদের বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে এসআই মাসুদকে বরখাস্ত করা হলেও তার মূল হাতিয়ার কনস্টেবল জামিল থেকে গেছেন ফাঁড়িতে। তবে মাসুদ ও জামিলের চোরাই প্রাইভেটকার ও চোরাই মোটরসাইকেল হেফাজতে রেখে ব্যবহার করাসহ মাদক সম্পৃক্ততার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার (এসি) সোনিয়া পারভীন পুরো বিষয় তদন্ত করছেন। এসি সোনিয়া জানান, তিনি তদন্তের নির্দেশ পেয়েছেন। তদন্ত শেষে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।

-যুগান্তর ।

পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট মেয়েকে স্যালুট দিয়ে ভাইরাল ইন্সপেক্টর বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের অন্ধ্রপ্রদেশে বাবা হলেন পুলিশের ইন্সপেক্টর আর মেয়ে পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি)। পদমর্যাদায় মেয়ের অবস্থান বাবার উপরে। কর্মরত অবস্থায় বাবা-মেয়ের দেখা। সঙ্গে সঙ্গে মেয়েকে স্যালুট দিয়ে বসলেন বাবা। আর সেই ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা গেছে, সেখানকার সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন শ্যাম সুন্দর। অনেক বছর ধরেই পুলিশে কর্মরত আছেন তিনি। এর মধ্যে মেয়ে জেসি প্রশান্তিও যোগ দিয়েছেন পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি) হিসেবে। কর্মস্থলে মেয়ের সঙ্গে দেখা হতেই তাকে স্যালুট করলেন বাবা শ্যাম সুন্দর। দুইজনই পরে ছিলেন পুলিশের ইউনিফর্ম, মুখে ছিল হাসি।

ব্যক্তিগত সম্পর্ক ভুলে দায়িত্বে পালনে আন্তরিক বাবা-মেয়ের এমন অসাধারণ সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেন অন্য কর্মকর্তারা।

রোববার (৩ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশ পুলিশের অফিশিয়াল টুইটার পেজ থেকে এ ছবি পোস্ট করা হয়।

প্রতিক্রিয়ায় শ্যাম সুন্দর সাংবাদিকদের বলেন, প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মেয়ের মুখোমুখি হলাম। একসঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। মেয়ে আমার থেকে সিনিয়র, তাই স্যালুট করেছি।

দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে পুলিশের উপড় হামলা,যুবলীগ নেতাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে মাদক কারবারীর হামলায় পুলিশের একজন এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) উপজেলার গৌরীপুর বাজারে শীর্ষ মাদক ব্যবসায়ী দ্বীন ইসলামকে আটক করার সময় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী যুবলীগ নেতা শাহ আলমসহ দুইজনকে আটক করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরীপুর বাজার ও জিংলাতুলি ইউনিয়নের শীর্ষ মাদক কারবারী দ্বীন ইসলাম ও শুক্কুর আলীকে গ্রেফতারের জন্য পুলিশ বাজারের লক্ষিপুর রোডে অবস্থান নেয়। পুলিশ সদস্যরা কৌশলে দ্বীন ইসলামসহ তারেক নামে দুইজনকে মাদকসহ আটক করে। আটকের পর শাহ আলমসহ অন্যান্য মাদক কারবারী ও তাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে আটককৃতদের ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়। এতে আটককৃত দ্বীন ইসলাম পালিয়ে যায়।

হামলায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজিব কুমার সাহা, নায়েক সোহেল ও কনস্টেবল রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ সাইফুল ইসলাম জানান, পুলিশের উপড় হামলাকারী জিংলাতুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ওই ইউনিয়নের গোপচর গ্রামের বজলু মিয়ার ছেলে। তার নামে তিতাস ও দাউদকান্দি থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সাথে পাওয়া ইয়াবার গণনা এবং তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।