Tag Archives: ভারত

প্রবল পানির চাপে খোলা হলো তিস্তা ব্যারাজের ৪৪ গেট

ডেস্ক রিপোর্ট:

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। প্রবল পানির চাপে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলার তিস্তা চরাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ শুরু করেছে। চরের রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বন্যার আশঙ্কায় অনেকে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

জানা গেছে, জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। নিম্নাঞ্চলে এরইমধ্যে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলেও পানিতে ডুবেছে বাড়িঘর ও রাস্তা ঘাট।

তিস্তা নদীর পানি বৃদ্ধিতে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিঙ্গীমারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, কালমাটি, পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, বড়বাড়ি, রাজপুর ও গোকুণ্ডা এলাকার মানুষজন আতঙ্কে রয়েছেন।

হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, তিস্তা পাড়ে রেড এলার্ট শুনে তিস্তা চরের মানুষদের সরে যেতে বলা হয়েছে। অনেকে বিভিন্ন স্কুল ও উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, আমরা নদী এলাকার জনপ্রতিনিধিদের মাইকিং করে মানুষকে সচেতন করতে বলেছি। সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের লোকজনদের প্রস্তুতি নিয়ে বন্যা আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ভারী ঢলে তিস্তায় আবারও বন্যা দেখা দিতে পারে। আমরা সার্বিক খোঁজখবর রাখছি।

ভারত কখনও বাংলাদেশকে বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করে না: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

ভারত কখনও বাংলাদেশকে বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করে না: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

স্টাফ রিপোর্টার:

‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক। আমরা যেমন ভৌগোলিক, তেমন ভাষার আবার সংস্কৃতিরও। ভারত কখনও বাংলাদেশকে বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করে না। এটি আমাদের বিশেষ সম্পর্ক।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে কাশিনগর ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার বিকালে ভারত সরকারের অর্থায়নে ডিগ্রি কলেজের নির্মিত স্নাতক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন ও অন্যান্য আয়োজকরা।

এসময় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে ভারত স্বাধীনতার পর থেকে সহযোগিতা করে আসছে। কুমিল্লার চৌদ্দগ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধু দেশের প্রতি ভারতের উপহার।

২০২০ সালে করোনা সংকটের মাঝেই এই ভবনের কাজ শুরু হয়েছে। গত বছরেও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকে জিপিএ-৫ পেয়েছে। বাংলাদেশে অনেক প্রজেক্ট ভারতের অর্থায়নে হচ্ছে। এই কাজটি সবচেয়ে ভালো ও সমৃদ্ধ।

আমি বিশ্বাস করি এই অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষার মানে এগিয়ে যাবে। এ অঞ্চলের শিক্ষার্থীদের আর বাইরে যেতে হবে না। সামাজিক ও আর্থিক উন্নতি হবে।

এসময় তিনি ১৯৭১ সালে যুদ্ধের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ভারত বহু আগ থেকেই বাংলাদেশের মিত্র। দুদেশ এক সাথেই সমৃদ্ধ হচ্ছে।

যুদ্ধের সময় বাংলাদেশকে ভারত যে সহযোগিতা করেছে তা বাংলাদেশের প্রতি ভালোবাসা। এতেই বুঝা যায় বাংলাদেশকে ভারত প্রথম প্রায়োরিটি দেয়। বাংলাদেশের রেলপথ, সড়ক পথসহ সকল ক্ষেত্রেই ভারতের অবদান রয়েছে। এই উন্নয়ন সহায়তা সবসময় অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শুরুতে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি ভারতীয় হাই কমিশনার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মজিবুল হক মুজিব এমপি, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সাত বছর পর পাকিস্তানি ক্রিকেটাররা ভারতে

সাত বছর পর পাকিস্তানি ক্রিকেটাররা ভারতে

ডেস্ক রিপোর্ট:

সাত বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলো বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের ক্রিকেট দল।

শুক্রবার তারা নিউজিল্যান্ডের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলবেন। ৩ অক্টোবর অস্ট্রেলিার সঙ্গে আরেকটি প্র্যাকটিস ম্যাচ আছে। অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে তিনটি ম্যাচের সিরিজ খেলে নিয়েছে। পরপর দুইটি ম্যাচ হারার পর বুধবার তারা শেষ ম্যাচে জিতেছে।

বাবর আজমরা লাহোর থেকে সকালের ফ্লাইট ধরেছিলেন। কিন্তু দুবাইতে তাদের নয় ঘণ্টা স্টপ ওভার ছিল। রাতে তারা হায়দ্রাবাদ এসে পৌঁছান।

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম খেলা ৬ অক্টোবর, সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। হায়দ্রাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচ খেলবে তারা।

৪৮ ঘণ্টা আগে ভিসা
পাকিস্তানের প্লেয়াররা ভারতে আসার জন্য ভিসা পান ৪৮ ঘণ্টা আগে। তার আগে তাদের এ ভিসা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছিল।

তবে পাকিস্তান ছাড়ার আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমি আমেদাবাদে খেলার জন্য মুখিয়ে আছি। সেখানে স্টেডিয়াম-ভর্তি দর্শক থাকবেন। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি একটা জিনিসই নিশ্চিত করতে চাই, আমি যাই করি না কেন, তা যেন টিমের কাজে লাগে।

আমেদাবাদে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের টিকিটের চাহিদা বিপুল। বিক্রি শুরু হওয়ার সামান্য সময়ের মধ্যে তা শেষ হয়ে গেছে। সেই ম্যাচের কথাই বলেছেন বাবর।

নিরাপত্তা নিয়ে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজিং কমিটির সদস্য জাকা আশরাফ বলেন, বিসিসিআই ইতোমধ্যে আইসিসি-কে আশ্বস্ত করে জানিয়েছে, প্রতিটি দলকে সেরা নিরাপত্তা দেওয়া হবে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তা দেখা হবে। আমাদের টিমের প্রতি অন্য ধরনের ব্যবহার করা হবে বলে আমি মনে করি না। বিশ্বকাপে আমাদের টিমের ভারতে কোনো অসুবিধা হবে বলেও আমি মনে করি না।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলি আঘা, মোহাম্মদ নওয়াজ, উসামা মির, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।

৩ বছর পর কসবা সীমান্তহাট চালুর উদ্যোগ, পর্যবেক্ষণে দুই দেশের প্রকৌশলী দল

 

ডেস্ক রিপোর্টঃ

৩ বছরের বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সংস্কার কাজের জন্য ভারত-বাংলাদেশের যৌথ প্রকৌশলী দল হাটটি পরিদর্শন করেছে।

এসময় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্বে ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আমিনুল এহসান খান। আর ভারতীয় তিন সদস্যের ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্ব দেন অনুরাগ সেন।

এর আগে ২০২০ সালের মার্চ থেকে করোনা মহামারির কারণে অনির্দিষ্টকালের জন্য কসবা সীমান্ত হাটের কার্যক্রম বন্ধ করে দেয় দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটি। সম্প্রতি হাটটি খোলার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় হাটের ভেতরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কারের জন্য প্রাক্কলন করতে দুদেশের ইঞ্জিনিয়ারিং টিম হাট পরিদর্শন করে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান জানান, সপ্তাহের মধ্যে হাটের ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে প্রাক্কলন করা হবে। এরপর সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে হাটটি উন্মুক্ত করে দেওয়া হবে ক্রেতা-বিক্রেতাদের জন্য।

মোবাইল ব্যবহারের সময় মুখের সামনে বিস্ফোরণে প্রাণ গেল শিশুর

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের কেরালায় ৮ বছর বয়সী এক কন্যা শিশুর মুখের সামনে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, ওই সময় মোবাইল ব্যবহার করছিলেন কেরালার তিরুভিলভামালার বাসিন্দা আদিত্যশ্রী।

পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আদিত্যশ্রী তখন মোবাইল ব্যবহার করছিল।

আদিত্যশ্রী স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে, ১২ জনের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মুম্বাই-পুনে হাইওয়ের পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে, এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন অন্তত ২৮ জন।

ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ জানিয়েছে, আজ শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০মিনিটে মহারাষ্ট্রের রায়গড় জেলার পুরানো মুম্বাই-পুনে হাইওয়ে থেকে পড়ে খোপোলি থানার সীমানায় স্থানীয় শিংরোবা মন্দিরের কাছে এই বাস দুর্ঘটনা ঘটেছে। এটি প্রাইভেট বাস ছিল এবং একটি সঙ্গীত দলের সদস্যদের বহন করে পুনে থেকে মুম্বাই যাচ্ছিল।

বাসটি মুম্বাইয়ের গোরেগাঁও থেকে ‘বাজি প্রভু বাদক গ্রুপ’ নামের একটি সঙ্গীত গ্রুপ এর সদস্যদের নিয়ে যাচ্ছিল। তারা পুনে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গোরেগাঁও ফিরছিল। আজ শনিবার রাত ১টার দিকে বাসটি অনুষ্ঠানস্থল ছাড়ে। দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।

মৃত ও আহত ব্যাক্তিরা বেশিরভাগই মুম্বাইয়ের সাইন, গোরেগাঁও এবং পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা। আহতদের স্থানীয় খোপোলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত ও আহতদের সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। স্থানীয় পুলিশের একটি দল এবং একটি ট্র্যাকার গ্রুপ এখনও উদ্ধার অভিযানে নিয়োজিত আছে। খোপোলি শহরটি মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

ভারতে পাচারকালে কুমিল্লার সীমান্ত থেকে ৯টি গুইসাপ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত থেকে ৯টি গুইসাপ উদ্ধার করেছে ১০ বিজিবি।

শুক্রবার বিকাল পৌনে পাঁচটায় উপজেলার ধনমুড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গুইসাপগুলো উদ্ধার করা হয়।

শনিবার (০১ এপ্রিল) ১০ বিজিবি এর সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ধনমুড়ি সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালীন সময়ে দেখা যায় দুই জন ব্যক্তি ২টি প্লাস্টিকের বস্তায় করে কিছু মালামাল নিয়ে ভারতের দিকে যাচ্ছে। বিষয়টি সন্দেহ হলে টহলদল উক্ত ব্যক্তিদের দিকে এগুলে তারা বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অতঃপর বস্তাগুলো উদ্ধার করে তার মধ্যে লেজ এবং মুখ বাঁধা অবস্থায় ০৯টি গুইসাপ পাওয়া যায়।

উদ্ধারকৃত গুইসাপগুলো শনিবার (০১ এপ্রিল) চৌদ্দগ্রাম উপজেলার বন কর্মকর্তা মোঃ শহিদ মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের- শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্ট:

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশ সবসময় স্মরণ করে। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গেলে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের। বিশেষত আমরা সব সময় আমাদের মুক্তিযুদ্ধকালে ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা পরস্পরকে সহযোগিতা করছি।

এই সফরে আলোচনা ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি আশা করি, একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে। আমাদের মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে বিকাশ। আমাদের জনগণের মৌলিক চাহিদা পূরণ করা, যা আমরা করতে সক্ষম হব। বন্ধুত্বের মাধ্যমে আপনি যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। সুতরাং, আমরা সর্বদা তা করি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে স্বাগত জানান মোদি। সেখানে তারা হ্যান্ডশেক করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতার পর শেখ হাসিনা রাজঘাট গান্ধী সমাধিস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীদের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে হায়দরাবাদ হাউসে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ভারতের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড় এবং পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা প্রায় ৩৯ লাখ, আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ছুই ছুই

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ১৭ কোটি ৯৯ লাখ ১২ হাজার ৯১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৯৭ হাজার ৩৯১ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৩০৩ জন।

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ হাজার ২২৪ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ২৫৪ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ১৩ হাজার ২০৩ জন।

বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখনো সবার ওপরে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৪৪ লাখ ৩৪ হাজার ৮০৩ জনের। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৭ হাজার ৮৭৫ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ১৭ হাজার ১৩৪ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ২৭ হাজার ৮৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন তিন লাখ ৯০ হাজার ৬৯১ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ৩১১ জন।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত এক কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ লাখ চার হাজার ৮৯৭ জনের। আর এক কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৮৪৭ জন সুস্থ হয়েছেন।

এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাপ্পি লাহিড়ী

 

বিনোদন ডেস্কঃ

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। বর্তমানে তাকে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বাপ্পি লাহিড়ীর মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ তথ্য জানিয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম হলেও বাপ্পি লাহিড়ী এখন বলিউডের ‘ডিস্কো কিং’। বিগত কয়েক বছর ধরে মুম্বাইতে পরিবারের সঙ্গেই থাকেন তিনি।

বাপ্পির মুখপাত্র জানিয়েছে, করোনা-সংক্রান্ত সব সতর্কতা নিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। কিন্তু তারপরও করোনার কবল থেকে বাঁচতে পারেননি। বয়সের কথা মাথায় রেখেই ৬৮ বছর বয়সী এই শিল্পীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা জানিয়েছে, তার শরীরে করোনার উপসর্গ দেখামাত্রই হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েক দিনে বাপ্পি লাহিড়ী এবং তার পরিবারের সংস্পর্শে যারা এসেছেন, তাদের প্রত্যেককে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন রেমা। পাশাপাশি বাপ্পি লাহিড়ীর আরোগ্য কামনার জন্য দেশ ও বিদেশের অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন শিল্পীর কন্যা।