Tag Archives: যুবলীগ

চান্দিনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে উপজেলা যুবলীগ।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ আঞ্চলিক কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক মো. বাহাউদ্দিন বাহার, যুগ্ম-আহবায়ক মো. সারোয়ার হোসেন বাবু, চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, যুগ্ম-আহবায়ক মো. গিয়াস উদ্দিন, চান্দিনা পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর মো. আবদুস সালাম, মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু মুসা জনি, যুবলীগ নেতা খোরশেদ আলম জুয়েল মুন্সী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাউছার আলম আপন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিদ্রোহী প্রার্থীকেই এবার দলীয় মনোনয়ন দিলেন আ.লীগ

 

ডেস্ক রিপোর্টঃ

বিদ্রোহী প্রার্থীদের এবার দলীয় মনোনয়ন না দেয়ার সিদ্ধান্ত থাকলেও ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি খাজা মঈনুদ্দিন।

২০১৫ সালের নির্বাচনে খাজা মঈনুদ্দিন নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি ‘মোবাইল মার্কা’ নিয়ে ২৯৯ ভোট পান। ফলে স্বতন্ত্র প্রার্থী মুরতুজা সরকার মানিক ৬ হাজার ৪৩৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। একই নির্বাচনে সেবার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শাহজাহান সরকার।

খাজা মঈনুদ্দিন স্থানীয় সংসদ সদস্য, সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই। মোস্তাফিজুর রহমান ফিজার বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় অনেকেই বলছেন, গোপনে একক প্রার্থী হিসেবে মঈনুদ্দিনের নাম কেন্দ্রে প্রস্তাব করায় তাকেই দলীয় মনোনয়ন দিয়েছেন সভানেত্রী শেখ হাসিনা।

এরই মধ্যে ফুলবাড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে খাজা মঈনুদ্দিনের বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে এবার চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের পক্ষ থেকে খাজা মঈনুদ্দিন, বিএনপির পক্ষ থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন শাহাজুল, বর্তমান পৌর বিএনপির সভাপতি সাবেক ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতির ছোট ভাই সাবেক ছাত্র নেতা মাহামুদ আলম লিটন এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুর্তুজা সরকার মানিক।

জানা যায়, এবার নির্বাচনে কাউন্সিলর পদে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী মনোনয়ন দাখিল করেছেন।

অভিযোগকারী ফুলবাড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, এখানে কয়েকবার মিটিং করে একবার প্যানেল মেয়র মামুনুর রশিদের নাম প্রস্তাব করা হয়েছিল এবং তিনি রাজিও ছিলেন। পরে কোনো অদৃশ্য কারণে তিনি আর দাঁড়ালেন না। আবার নব্য আওয়ামী লীগ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল কবিরকে দাঁড়াতে বললেও তিনিও প্রার্থী হননি।

তিনি বলেন, আমাদের এমপি মহোদয় থানা ওয়ার্কিং মিটিংয়ে নাম প্রস্তাব করার কোনো সুযোগ দেননি। দলীয় সিদ্ধান্ত না নিয়েই গোপনে খাজা মঈনুদ্দিনের নাম পাঠিয়ে দেন তিনি। এটি জানতে পেরে এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এবং ওয়েবসাইটেও ই-মেইলের মাধ্যমে অভিযোগ করেছি।

এ ব্যাপারে প্রার্থী খাজা মঈনুদ্দিন বলেন, আমি ভোটে দাঁড়িয়েছিলাম কিন্তু পরে আমাকে দল থেকে বলার পর আমি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলাম।

অপরদিকে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় খাজা মঈনুদ্দিনকে সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়ার পর পুনরায় তাকে আর বহাল করা হয়নি বলে জানান দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ।
সূত্র-জা:নি

কুমিল্লার চান্দিনায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদানকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চান্দিনা থানা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার হারং গ্রামের হাসেম সরকারের ছেলে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন (৪০), যুবলীগ নেতা শাহিন (৩৫), হারং গ্রামের মোসলেম মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা রাসেল (২২) ও মনিরুজ্জামানের ছেলে ৩নং ওয়ার্ড ছাত্রলীগ ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম নাঈম (১৮)। অপর ২ জনের নাম জানা যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার সকালে চান্দিনা মহিলা কলেজ মিলতনায়তনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার আহবান করা হয়। ওই সভায় যোগদিতে পৌর নির্বাচনের মেয়র পদ প্রার্থীর সমর্থিত নেতা-কর্মীরা ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী মিছিল নিয়ে আসেন। সকাল সাড়ে ১১টায় থানায় সংলগ্ন এলাকায় পৌর মেয়র মফিজুল ইসলাম সমর্থিত ও উপজেলা যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি জানান, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা চান্দিনা থানা সংলগ্ন মহিলা কলেজ রোডে প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র পক্ষে মিছিল দিচ্ছিল। এসময় পৌর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. মফিজুল ইসলাম এর সমর্থিত নেতা-কর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে আসার পর আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে আমার ৪ নেতা-কর্মী আহত হয়।

চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম জানান, বর্ধিত সভায় যোগ দিতে আমার নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে সভাস্থলে আসছিল। তারা থানা সংলগ্ন এলাকায় পৌঁছলে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা পিছন দিকে থেকে অতর্কিত হামলা চালায়। এতে আমার ২ কর্মী আহত হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, দুই পক্ষের সংঘর্ষ শুরু হওয়ার সাথে সাথেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

কুমিল্লায় যুবলীগকর্মী জিল্লুর রহমানের হত্যা মামলা এবার পিবিআইতে

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌয়ারায় প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে নিহত জিল্লুর রহমান চৌধুরী জিলানী হত্যা মামলার তদন্তকারী সংস্থা পরিবর্তন করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের তদন্তের প্রায় ৩ সপ্তাহ পর মঙ্গলবার (১ ডিসেম্বর) পিবিআই কুমিল্লাকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।

তদন্তভার বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নতুন তদন্ত কর্মকর্তা পিবিআই, কুমিল্লার পরিদর্শক বিপুল চন্দ্র। তিনি বলেন, ‘মঙ্গলবার মাত্র মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছি। আশা করি, ভালোকিছু ফল দিতে পারবো।’

মামলার বাদী জানান, সাংবাদিকদের মাধ্যমে মামলা পিবিআইতে যাওয়ার খবর জেনেছি। পুলিশ তো ২০ দিনেও মামলার মূল আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আশা করি, পিবিআই আসামিদের গ্রেফতারে সফল হবে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিনের বেলায় জিল্লুর রহমান জিলানীকে তার স্ত্রীর সামনে তিনটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা ধারালো চাপাতি, ছোরা, ডেগার, ছেনি দিয়ে কুপিয়ে আহত করে। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু। এরপর নিহত জিল্লুর ভাই ইমরান হোসেন সিটি করপোরেশনের সরকারদলীয় দুই বর্তমান কাউন্সিলর ও স্থানীয় সাবেক কাউন্সিলরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন। জিল্লুর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের প্রয়াত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে।

বরুড়া পৌরসভার মেয়র জসীম উদ্দিন পাটোয়ারির মায়ের ইন্তেকাল

 

এমডি.আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার মেয়র ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীর মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্ষ্যজনিত রোগে ভোগছিলেন।মৃত্যুকালে সন্তানাদিসহ অনেক গুনাগ্রহী রেখে যান। মরহুমের জানাজা মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে।

যুবলীগ, ছাত্রলীগগের মহড়ায় চান্দিনায় কার্যালয়ে যেতে পারেনা ইউপি চেয়ারম্যান

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন পরিষদ বিভাজনকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষের ঘটনার পর থেকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অফিস করতে পারছেন না ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান। ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের মহড়ার কারণেই ওই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি ইউনিয়নবাসীর।

জন্ম-নিবন্ধন, নাগরিক ও জাতীয়তা সনদ, ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রের জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়নবাসী। ভোগান্তি লাঘবে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

সরেজমিনে সোমবার (২৬ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে দেখাযায় চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর থেকে দীর্ঘ প্রায় এক মাস ধরেই চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলছে। ইউপি সচিব অফিস করলেও সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র ও সনদ পায় না ইউনিয়নবাসী। এছাড়া বিদেশগামীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।

কালেমশার গ্রামের মো. কামাল হোসেনের স্ত্রী শিরিনা আক্তার বলেন, ’আমি দুই দিন যাবত আমার মেয়ের জন্মনিবন্ধন করতে এসে ইউনিয়ন পরিষদ বন্ধ পাচ্ছি। অনেক বড় ইউনিয়ন দূর থেকে এসেছি কিন্তু কাজটি শেষ করতে পারিনি।’

ওই ইউনিয়নের মেহার গ্রামের মো. মজিবুর রহমান প্রধান জানান, ’ইউনিয়ন বিভাজনের সভায় তিনি উপস্থিত ছিলেন। প্রতিপক্ষের লোকজন চেয়ারম্যানকে হত্যা করার চেষ্টা করে।’ তিনি আরও বলেন- আমরা চাই চেয়ারম্যান অফিস করুক। অনেক বিদেশগামীরাই কাগজপত্রের জন্য ইউনিয়ন পরিষদে এসে ফিরে যায়। তারাও বিপদে আছে।

বদরপুর গ্রামের মো. হোসেন, মো. মহিউদ্দিন মহিন, মেহার গ্রামের মো. ইউনুস প্রধান বলেন, আমরা চেয়ারম্যানের সমর্থক হওয়ার কারণে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় আমাদেরকে মোবাইলে হুমকি-ধমকি দেয়। আমরা সব সময় আতঙ্কের মধ্যে রয়েছি। এই ইউনিয়নে যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বহিরাগত সন্ত্রাসী দিয়ে হত্যার পরিকল্পনাও করছে। মিমাংশার জন্য কেউ এগিয়ে আসে না বলে দাবি করেন তারা।

ওই ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মনোয়ারা বেগম বলেন-’২৯ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের বিভাজন নিয়ে একটি সভা ইউনিয়ন কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়। এসময় চেয়ারম্যানের বক্তব্য চলাকালে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজ খান সেন্টু নামের একজন ভেটু দেন। এতে চেয়ারম্যান পক্ষের সাথে সেন্টুর লোকজনের সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা চেয়ারম্যানের উপর হামলার চেষ্টা করে। এসময় দফাদার ও গ্রাম পুলিশ সহ আমরা চেয়ারম্যানকে ইউনিয়ন কমপ্লেক্সের একটি কক্ষে রেখে দরজা বন্ধ করে দেই। তারা দরজা ভাঙ্গার চেষ্টা করে। দফাদার সহ ৪-৫ জনকে মেরে রক্তাক্ত করে।’

তিনি আরও জানান, চেয়ারম্যানের গাড়িও ভাঙচুর করে চেয়ারম্যানের প্রতিপক্ষের লোকজন। এরপর থেকে চেয়ারম্যান আর ইউনিয়ন পরিষদে আসতে পারছেন না।’

১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রৌশন আলী বলেন- সংঘর্ষের ঘটনার পর থেকে প্রায়ই বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্র-শস্ত্র নিয়ে ইউনিয়ন কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। আমরা এই এলাকায় শান্তি চাই। স্থানীয় সংসদ সদস্য চাইলেই বিষয়টি সমাধান করতে পারেন বলে দাবি করেন তিনি।

ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বাবুল বলেন, ’ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা বদরপুর বাজারে সশস্ত্র মহড়া দেয়। আমার উপরও তারা হামলার পরিকল্পনা করেছিল। বাজারের ব্যবসায়ীরাও আতঙ্কে রয়েছে।’ তিনি আরও বলেন- চেয়ারম্যান না থাকায় সাধারণ মানুষ হয়রানি হচ্ছে।
এব্যাপারে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মাহফুজ খান সেন্টু বলেন- ’চেয়ারম্যান সাহেব বক্তৃতায় আওয়ামীলীগকে নিয়ে কটূক্তি করেন। আমি বাঁধা দিলে উনার লোকজন আমার উপর হামলা চালায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে। তিনি জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছেন। ইউনিয়ন পরিষদে অফিস করবেন এটাই স্বাভাবিক। আমি আমার উপর হামলার বিচার চাই।’

এব্যাপারে মাইজখার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান জয় বলেন- ’আমি ছাত্রলীগ করি। আমরা ইউনিয়ন কমপ্লেক্সে সন্ত্রাসী নিয়ে মহড়া দেই বলে যে অভিযোগ তারা তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সাবেক চেয়ারম্যান বাবুল সাহেবকে আমি শ্রদ্ধা করি। উনার উপর হামলার পরিকল্পনার কথাটিও বানোয়াট।’

মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান বলেন- ’২৯ সেপ্টেম্বরের আমার উপর হামলা হয়। আমার ৬ জন সমর্থকদের মারধর করে। অফিস, চেয়ার টেবিল ভাঙচুর করে। আমার ব্যক্তিগত গাড়ি অন্য স্থানে গিয়ে ভাঙচুর করে। সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ইউনিয়ন কমপ্লেক্সে মহড়া দেয়। আমি জীবন ঝুঁকিতে রয়েছি। এজন্য ইউনিয়ন পরিষদে অফিস করতে পারছি না।’ এসময় তিনি সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে
প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ বলেন- সংঘর্ষের ঘটনা আমি জানি। অফিসে যায় না এ বিষয়টি এইমাত্র শুনলাম। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেয়া হবে।