শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দি মাছের প্রজেক্টের কার্যালয়ে ডাকাতি, গুলিবিদ্ধ ১

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৪, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে মৎস্য প্রকল্পের কার্যালয়ে ডাকাতি এবং গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় আমির হোসেন (৪৮) নামে এক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের আমিরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরীপুর মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আমির হোসেনকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ আমির হোসেন গৌরীপুর ইউনিয়নের মাইথারকান্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

গৌরীপুর মৎস্য প্রকল্পের ইজারাদার মোঃ নুরু মিয়া জানান, প্রতিদিনের মতো আমাদের মাছ ধরা চলছে। আমিরাবাদে প্রকল্পের ঘর থেকে পাইকারদের নিকট মাছ বিক্রি এবং গাড়ী দিয়ে বিভিন্ন বাজারে পাঠাই। সোমবার রাত আনুমানিক তিনটার দিকে ৮-৯জন মুখোশ পড়া ডাকাত দল অস্ত্রসহ আমাদের উপর হামলা করে নগদ টাকা নিয়ে গেছে। বাধা দিতে গিয় আমীর হোসেন নামে আমাদের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ আমির হোসেনের ভাই বাদশা মিয়া জানান, আজ ভোরের দিকে গৌরীপুর মৎস্য প্রকল্পে ডাকাত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র ও শর্টগান দিয়ে গুলি ছোড়ে। আমার ভাই আমির হোসেনের বাম পায়ের উরুতে গুলি লাগে। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, ডাকাতি ও গুলিবিদ্ধের ঘটনার রহস্য উদঘাটন এবং ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।