শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজ হাতে পবিত্র কোরআন লিখে নজির গড়লেন কুমিল্লার সুরাইয়া

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকে দীর্ঘ আট মাসের নিরলস প্রচেষ্টায় সম্পূর্ণ পবিত্র কোরআনুল কারিম হাতে লিখে অনন্য নজির স্থাপন করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার সুরাইয়া জান্নাত। তার এই ব্যতিক্রমী অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে সুরাইয়া জান্নাতের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সুরাইয়া জান্নাত উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মুদাফরগঞ্জ এ.ইউ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, মহান আল্লাহর বাণী নিজের হাতের লেখায় সংরক্ষণ করার প্রবল আগ্রহ থেকেই তিনি এই উদ্যোগ নেন। এরপর টানা আট মাস প্রতিদিন ধৈর্য, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পবিত্র কোরআনের প্রতিটি সূরা ও আয়াত সুন্দর হস্তাক্ষরে লিপিবদ্ধ করেন। তার এই অসাধারণ প্রচেষ্টা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা। তিনি সুরাইয়া জান্নাতের এই সৃজনশীল ও ধর্মীয় উদ্যোগের প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক এবং সহপাঠীরা।

নিজের অনুভূতি প্রকাশ করে সুরাইয়া জান্নাত বলেন, পবিত্র কোরআন হাতে লিখে শেষ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এ কাজে পরিবারের সদস্য ও শিক্ষকদের সার্বক্ষণিক উৎসাহ তাকে অনুপ্রাণিত করেছে।’

ভবিষ্যতেও ধর্মীয় ও সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।