শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিবারের স্বপ্ন পূরণের আগেই নিভে গেল কুমিল্লার জিহাদের প্রাণ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১১, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

জীবিকার তাগিদে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যুবক জিহাদ মজুমদার (২৫)। কিন্তু পরিবারের স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার প্রাণ।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে সৌদি আরবের জেদ্দা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ খবর দেশে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত জিহাদ মজুমদার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসহাক মজুমদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান জিহাদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় শুক্রবার জেদ্দা শহরের একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে আসছিলেন জিহাদ। তার উপার্জনের ওপরই অনেকটা নির্ভরশীল ছিল পরিবার। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এলাকায়ও নেমে এসেছে গভীর শোক।