,

বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ল বসতঘর

আজকের কুমিল্লা ডট কম :
October 3, 2026
news-image

মুহাম্মদ রকিবুল হাসান রনি:

কুমিল্লার বুড়িচংয়ে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনে ঘরের ভেতরের সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

শুক্রবার রাত আনুমানিক ৩টায় উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড আরাগ আনন্দপুর মধ্যপাড়া এলাকার জামাল মেম্বারের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরটি ওই এলাকার বাসিন্দা এরশাদের।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘুমন্ত মানুষ কিছু বুঝে ওঠার আগেই আগুনের শিখা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে চারপাশের এলাকাবাসী দ্রুত এগিয়ে আসেন এবং আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। পরবর্তীতে প্রতিবেশীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বসতঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি, আগুন পুরোপুরি নেভানোর পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছান।

কষ্টের উপার্জনে গড়া সম্পদ এক মুহূর্তেই হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত এরশাদ। আকস্মিক এই দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে তিনি জানান, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আমার সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি একবারে নিঃস্ব হয়ে পড়েছি।

ঘটনার পর স্থানীয় প্রতিনিধিরা দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। সরেজমিনে পরিদর্শন শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী বলেন, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এরশাদের ঘরে গতকাল রাতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন লাগে এবং বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা যদি খবর পাওয়ার পর সঠিক সময়ে ঘটনাস্থলে এসে পৌঁছাতে পারতেন, তবে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হতো।