সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার এভাবে পালিয়ে যাওয়া দেশের জন্য লজ্জাজনক: ইসলামি সমাজ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০২৪
news-image

 

দাউদকান্দি প্রতিনিধি:

ভাংচুর,অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে দাউদকান্দিতে মিছিল ও কর্মীসমাবেশ করেছে ইসলামী সমাজ । বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে সংগঠনটির প্রধান কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি কুশিয়ারা থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ড হয়ে স্কুল মাঠে গিয়ে শেষ হয়। মিছিল থেকে “এই মুহুর্তে দরকার, ইসলামী সরকার” ” মানুষের কল্যানে দরকার, ইসলামি সরকার” ” গণতন্ত্র খতম করো, রাব্বুন আল্লাহ ঘোষণা করো” স্লোগান দিতে দেখা গেছে। পরে রায়পুর বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখেন সংগঠনটির আমীর সৈয়দ হুমায়ুন কবির।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী গণতন্ত্রের নামে স্বৈরতান্ত্রিক জুলুমবাজ হাসিনা সরকারের পতনের মাধ্যমে জাতীয় জীবনে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে। বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের পথ পরিষ্কার হয়েছে।

স্বৈরতান্ত্রিক জুলুমবাজ হাসিনা মনে করেছিলেন তাকে আর কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলন করেও সরাতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক ছাত্রনেতার নেতৃত্বে তীব্র আন্দোলন ঘটিয়েছেন। যদি আল্লাহর ইচ্ছা না থাকত তাহলে ছাত্ররা বুক পেতে দিতনা। এদেরকে(ছাত্রদের) মাঠে কে নামিয়েছিল, কেন নামিয়েছিলেন? হাসিনার পতন ঘটানোর জন্য আল্লাহ তাদের(ছাত্রদের) নামিয়েছিলেন। এর মাধ্যমে দেশের মানুষকে এবং বিশ্বের মানুষকে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন। যে যত ক্ষমতাই দেখাওনা কেনো, আল্লাহর ইচ্ছা হলে সব ক্ষমতাই মুহুর্তেই ধুলিঃস্বাৎ হয়ে যাবে।

আর হাসিনা তার দলের লোকদের কোন দিকনির্দেশনা না দিয়ে, বিপদের মধ্যে ফেলে দেশ ছেড়ে উড়ে পালিয়ে গেলেন । তাঁর এভাবে চলে যাওয়া বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক বিষয়।

তিনি আরও বলেন, বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে সৃষ্টিকর্তা আল্লাহর আইন-বিধানের ভিত্তিতে সংবিধান রচনা করলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন হলে সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারবে।