হোমনায় মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতার হামলা
কুমিল্লার হোমনা উপজেলায় মাদকবিরোধী সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ তপন মিয়া সরকারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাথালিয়াকান্দি গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত দোলনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। দোলন ওই গ্রামের খোকন মিয়ার ছেলে বলে জানা গেছে।
শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পাথালিয়াকান্দি গ্রামের মো. হাফেজ মিয়ার বাড়ির ঘাটলার কাছে সাংবাদিক তপন সরকার কে দোলনের নেতৃত্বে ৪ থেকে ৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় আহত তপন সরকারকে স্থানীয়রা উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদকবিরোধী বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাংবাদিক তপন সরকারকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল, সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত দোলনের বিরুদ্ধে পূর্ব থেকেই মাদকসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, আমরা সাংবাদিকের লিখিত অভিযোগ পেয়েছি এবং আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি।