হোমনায় ৬ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু: জড়িতদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন
রাসেল আহমেদ, হোমনা:
কুমিল্লার হোমনায় ৬ বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের চুনারচর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শিশু আয়েশা আক্তারের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু আয়েশা আক্তারের মৃত্যুর প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করতে হবে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন রহস্যজনক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পর থেকে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।
মানববন্ধনে নিহত শিশু আয়েশা আক্তারের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে তাদের সন্তানের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও ন্যায়বিচারের দাবি জানান। তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।