কুমিল্লায় ২৩ ভবনে অনিয়ম, নোটিশের পরও নির্দেশনা না মানলে অপসারণ
স্টাফ রিপোর্টার:
অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা না রাখাসহ নানা অনিয়ম ধরা পড়েছে কুমিল্লার ২৩টি নির্মাণাধীন ভবনে। চলতি মাসে এসব ভবন পরিদর্শন করে অনিয়ম শনাক্ত করেছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)। নোটিশ দেওয়ার পরও নির্দেশনা না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভবন অপসারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনে অভিযান চালায় কুউক। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
অভিযান শেষে উদবাতুল বারী আবু জানান, চলতি মাসে ২৩টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়েছে। এসব ভবনে অনুমোদিত নকশা না থাকা, সড়ক দখল করে নির্মাণ এবং ভবন নির্মাণের ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা না রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।
অনিয়ম পাওয়া ভবনগুলোর মালিক ও সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তিনবার নোটিশ দেওয়ার পরও নির্দেশনা না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভবন অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে কুউকের ভবন পরিদর্শক মো. রিফাত ও অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।