চাঁদপুরে মসজিদ কমিটির সভাপতিকে মাদক মামলার আসামির হুমকি: থানায় জিডি
চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের মঠখোলা এলাকার বাসিন্দা একাধিক মাদক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মাসুদুর রহমান (৪০) আবারও আলোচনায়।
এলাকাবাসীর অভিযোগ, মাসুদুর রহমানের মাদক ব্যবসার কারণে তারা দীর্ঘদিন ধরে রয়েছেন আতঙ্কে।
সম্প্রতি মাদক কারবারি মাসুদুর রহমানকে মাদক ব্যবসা বন্ধ করতে জানান একই এলাকার বাসিন্দা ও মঠখোলা শাহী জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ ফজলুল হক। পরে মাসুদুর রহমান দেশীয় অস্ত্রের মুখে সরাসরি প্রাণনাশের হুমকি দেন ফজলুল হককে। এমনকি মুঠোফোনে এবং মুখোমুখি হলে আক্রমণাত্মক আচরণ করেন ও প্রাণনাশের হুমকি দেন বলেও কল রেকর্ড রয়েছে।
এলাকাবাসীর দাবি, মাসুদুর রহমানের নামে বাংলাদেশের বিভিন্ন জেলায় আট-দশটি মাদকের মামলা রয়েছে। বছরে অন্তত ছয় মাস জেলেই কাটাতে হয় তাঁকে। গত দুই মাস আগেও চাঁদপুরের শাহরাস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক পরিবহনের সময় ধরা পড়লে পালিয়ে যায় সে। তার বিরুদ্ধে দেশের একাধিক থানায় মামলা রয়েছে, এর মধ্যে কুমিল্লা, ঢাকা ওয়ারি থানায় এবং চাঁদপুরের শাহরাস্তি মডেল থানাও মামলা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, মাসুদুর রহমান গভীর রাত পর্যন্ত মাদক কেনাবেচা চালিয়ে যান। এছাড়া, জবরদখল করে অন্যের জমিতে ঘর তুলে বসবাস করছেন। এমনকি যে জমির উপর তিনি বর্তমানে চলাফেরা করছেন সেটিও ফজলুল হক এর বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানালে তারা ফজলুল হক’কে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
নিজের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফজলুল হক বাধ্য হয়ে চলতি বছরের গত ২১ জুলাই চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-১৪২০। এলাকাবাসী আরো জানান, মাসুদুর রহমানের মাদক ব্যবসা ও তৎপরতার কারণে পুরো মঠখোলা এলাকা অস্থির হয়ে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন। এবং মাসুদুর রহমানের সাথে যারাই জড়িত রয়েছে এবং তাকে মাদক ব্যবসায়িক কাজে যারা সহযোগিতা করেন তাঁদেরকেও আইনের আওতায় আনা হোক বলে দাবি করেন এলাকাবাসী।
তবে এবিষয়ে মাদক ব্যবসায়ী মাসুদুর রহমান আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া এবিষয়ে বলেন, উল্লেখিত বিবাদীর বিরুদ্ধে আনীত অভিযোগের জিডি তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে রিপোর্ট দাখিল করা হইবে।