রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এক মন গাঁজাসহ চৌদ্দগ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৪, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

এক মণ গাঁজাসহ জাফর আহমেদ নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র‌্যাব। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

রোববার (১৩ জুলাই) চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা ও নগদ অর্থসহ তাকে আটক করা হয়েছে। এ সময় তার আরো তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের সাগর সর্দার, রুবেল সর্দার ও শাহাদাত হোসেন রিপন। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

র‍্যাব-৭, সিপিসি-১-এর স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান- স্বেচ্ছাসেবক দলের নেতা জাফর ও তার সহযোগীরা চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবার চালিয়ে আসছিল। এ তথ্য পেয়ে অভিযানে নামে র‌্যাব। এক পর্যায়ে র‍্যাব-৭-এর হাটহাজারী, ফেনী ও চান্দগাঁও ক্যাম্পের যৌথ অভিযানে ধরা পড়ে অপরাধীরা।

মাদক কারবার করার দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা জাফরকে বহিষ্কার করেছে তার সংগঠন। গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গাঁজাসহ গ্রেপ্তার হওয়া জাফরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।