,

কুমিল্লায় মাদক ও স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড

আজকের কুমিল্লা ডট কম :
August 13, 2026
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতামূলক মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিন নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম মজুমদার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ইয়াছিন, শামীম, সিহাব, আরাফাত, তুহিন, সিয়াম, অন্তু, ইফতি, মেহেদী, সোহান, আশিক, সাইফুল, ফখরুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি কাজী নাজমুল হক বলেন, “মাদক ও কিশোর অপরাধ আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে। আর স্মার্টফোনের অপব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা ও মনোযোগ নষ্ট করে। তাই মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারকে লাল কার্ড দেখিয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তাই এখন থেকেই সচেতন হও, ভালো মানুষ হও এবং দেশকে ভালোবাসো।”

পরে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

উল্লেখ্য, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।