,

কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় যুবক খুন, আটক ৩

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার :
কুমিল্লায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় শরীফুল ইসলাম জনি (২৪) নামে এক যুবককে উপযুপরী ছুরিকাঘাতে খুন করে। রোববার (২৩ ফেব্রুয়ারী) ভোর ৫টার দিকে ভারতীয় সীমান্ত এলাকার কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি ওই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইয়াসিন, রাজীব ও হাসান মিয়া নামে তিনজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে জনিকে ঘর থেকে ধরে নিয়ে যায় একই এলাকার ১০-১২ জনের সংঘবদ্ধ একটি গ্রুপ। পরে বাড়ির পাশেই বনফুল গলির মাথায় তার বুকে ছুরিকাঘাত করে।

এ সময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তার বুকে বিদ্ধ ছুরিটি বের করতে না পেরে চিকিৎসকরা ঢাকায় স্থানান্তর করেন। পরে ঢাকায় নেয়ার পথে জনি মারা যান।

নিহত জনির মা বানা আক্তার জানান, মাদক সেবন ও মাদক বিক্রিতে বাধা প্রদান নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার হৃদয় হোসেন, সাগর মিয়া, মো. রফিক, সোহেল মিয়া, রাজীব ও সাগরসহ মাদক সিন্ডিকেটের সদস্যরা মিলে জনিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল হক বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন এবং জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।