,

চাঁদপুরে টাকার বিনিময়ে বাড়ি গিয়ে টিকা প্রয়োগের অভিযোগে স্বাস্থ্যকর্মী বরখাস্ত

আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় টাকার বিনিময়ে বাড়ি গিয়ে করোনার টিকা প্রয়োগের অভিযোগে ইপিআই পোর্টারম্যান (টিকা বাহক) জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত জাকির মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পোর্টারম্যান।

এর আগে গত ১৯ আগস্ট উপজেলার মরাদন গ্রামে ও ২২ আগস্ট ঠাকুরচর গ্রামে টাকার বিনিময়ে বাড়ি গিয়ে টিকা দিয়ে আসেন জাকির।

বিষয়টি জানতে পেরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহর নির্দেশে ২২ আগস্ট তিন সদস্যর একটি তদন্ত কমিটি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন। এতে আহ্বায়ক করা হয় আরএমও ডা. মাইনুল ইসলাম মোনাসকে।

কমিটির অন্য সদস্যরা হলেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জাবেদ ইকবাল ও পরিদর্শক খলিলুর রহমান।

এ কমিটি প্রাথমিকভাবে জাকিরের বিরুদ্ধে উঠা অভিযোগের প্রমাণ পায়। এরপর তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

তদন্ত কমিটির আহ্বায়ক ডা. নাইমুল ইসলাম মোনাস বলেন, প্রাথমিকভাবে জাকিরের বিষয়ে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, পোর্টারম্যান জাকিরের অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার চিঠি সিভিল সার্জন কার্যালয় ও ডিজি বরাবর পাঠিয়েছি। তদন্ত শেষে যদি জাকিরের সঙ্গে সম্পৃক্ত আরও কারো প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহ বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আমার কাছে জমা দেবে। প্রতিবেদন আসলে পুরো বিষয়টি পরিষ্কার হবে।
সূত্র-জা:নি