,

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পূর্বেই গাড়ির চাপাঁয় প্রাণ গেল স্কুল ছাত্রীর

আজকের কুমিল্লা ডট কম :
December 13, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় লং ভেহিকেলের চাপাঁয় আফরিন জুই (১০) নামের এক চতুর্থ শ্রেণির ছাত্রী  নিহত হয়েছেন। এ সময় এক শিক্ষার্থী ও এক মাইক্রোচালকও আহত হয়।

বুধবার (১৩ ডিসেম্বর ) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর বাসষ্ট্যান্ডের সামনের ফুটপাথে এ দুঘর্টনা ঘটে।

নিহত আফরিন জুই উপজেলার বাহাদুরখোলা গ্রামের হুসেন মিয়ার মেয়ে । নিহত আফরিন জুই  রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ।

আহত মোঃ সাব্বির (৮) একই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র  ও উপজেলার রায়পুর গ্রামের রুহুল আমিনের ছেলে। অপর আহত হলেন মাইক্রোচালক মোঃ হোসেন (২৫) । আহত দুজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়,  রায়পুর বাসষ্ট্যান্ডের সামনের ফুটপাথ দিয়ে হেটে আফরিন জুই ও মোঃ সাব্বির  রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে ফুটপাথে এসে তাদের চাপা দেয় এবং রাস্তার পাশে দাড়িয়ে থাকা এক মাইক্রোবাসকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে নিহত শিক্ষার্থীর পরিবারকে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম ২০ হাজার টাকা এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক ।

ই-মেইলে ছবি আছে ।