,

প্রতি কেজি ১২শ টাকাদরে ভারতে গেল ৬১ টন ইলিশ

আজকের কুমিল্লা ডট কম :
September 27, 2024
news-image

প্রতি কেজি ১২শ টাকাদরে ভারতে গেল ৬১ টন ইলিশ

ডেস্ক রিপোর্ট:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৩টি ট্রাকে ৬১ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটিই ভারতে ইলিশের প্রথম চালান।

বৃহস্পতিবার বেনাপোল (যশোর) স্থলবন্দর দিয়ে ২০টি ট্রাকে ৫৪ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়। বাংলাদেশের ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই ইলিশ রপ্তানি করে। সব আনুষ্ঠানিকতা শেষে এদিন দুপুরে রপ্তানি করা মাছের চালান ভারতে প্রবেশ করে।

এছাড়া সন্ধ্যা ৬টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩টি ট্রাকে করে ৭ টন বা ৭ হাজার ৩০০ কেজি ইলিশ ত্রিপুরার আগরতলায় পাঠানো হয়েছে।

প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে ১০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২০০ টাকা। ভারতে রপ্তানি করা এই চালানের অধিকাংশ ইলিশের ওজন এক কেজি বা তার বেশি। খুচরা পর্যায়ে এগুলোর দাম হতে পারে দুই হাজার রুপি।

বেনাপোল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ সরকার ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে এই মাছ রপ্তানি করতে হবে।

উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি বন্ধ ঘোষণা করে। তবে গত পাঁচ বছর ধরে দুর্গাপূজার সময় বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। যদিও গত বছর ৩ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি থাকলেও, রপ্তানি হয় মাত্র ৬৬৩ টন।