,

কুমিল্লায় আউশের ধানের মাঠে খুশির ঝিলিক

আজকের কুমিল্লা ডট কম :
August 16, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠতে শুরু করেছে কুমিল্লার কৃষি জমি। নাক উচিয়ে প্রাণ ফিরে পেয়েছে আউশ মৌসুমের ধান। সারা দেশের মতো কুমিল্লায়ও বন্যায় ডুবে গিয়েছিল আউশ মৌসুমের কৃষকের ঘাম ঝরানো ফসল। করোনা পরবর্তী সংকট থেকে রক্ষা পেতে অন্যান্য বছরের তুলনায় এ বছর কুমিল্লায় বেশি জমিতে ধান রোপণ করা হয়েছিল। তবে পানি কমলেও ধান নিয়ে এখনো শঙ্কা কাটেনি কৃষকের। ধান গাছ পচে যাওয়া, পোকার আক্রমণ ও জলাবদ্ধ জমি থেকে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন এ অঞ্চলের কৃষকরা।

কুমিল্লায় আউশ মৌসুমে ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। বন্যার পানিতে কিছু কৃষি জমি নষ্ট হলেও, তা লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হয়ে হবে না বলে ধারণা করছে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদফতর। ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকাড়া গ্রামের কৃষক বিলাল হোসেন জানান, ভেবেছিলাম বন্যায় ধান পচে যাবে। কিন্তু দ্রুত পানি কমে যাওয়ায় এখন দেখছি ধান ভালোই আছে, বাকিটা আল্লাহর হাতে।

দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজ জানান, দেবিদ্বার উপজেলায় এ বছর ১২ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। প্রথম দিকে ভাইরাসের আক্রমণে কিছু জমি আক্রান্ত হয়েছে। পরবর্তীতে জোয়ারের পানিতে ইউছুফপুর, সুবিল ও রসুলপুর ইউনিয়নে কিছু ধানি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন সার্বিক অবস্থা উন্নতির দিকে।

সূত্র: বা.প্র।