চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আঘাতে মারা যাওয়া অটোচালকের পরিচয় মিলেছে
কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যাওয়া অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। নিহত অটোরিকশা চালকের নাম তাফরুল ইসলাম সৈকত (১৯)। সে উপজেলার পৌরসদরের ৪নং ওয়ার্ডের পূর্ব চান্দিশকরা গ্রামের খাইরুল ইসলাম ও সখিনা বেগম দম্পতির ছেলে।
শুক্রবার দুপুরে নিহতের পরিচয় নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন। এ ঘটনায় নিহতের এক সহযোগীকে জিজ্ঞাসাবাদ চলছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নাঙ্গলিয়া খালের বাহেরগড়া ব্রীজ সংলগ্ন অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এসময় লাশটির বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায়। তিনি আরও জানান, নিহতের পরিবার জানায়, গত বুধবার সকাল দশটায় সৈকত বাড়ি থেকে বের হয়। এরপর আর পরিবারের সাথে যোগাযোগ হয়নি।