,

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি চালক সুমন গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
October 9, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী (১৫) নিহতের ঘটনায় সুমন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার সুমন স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক।

এসপি আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার করে। তাকে নিয়ে পুলিশ কুমিল্লায় রওয়ানা দিয়েছে। কুমিল্লায় পৌঁছলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার একটি ধানক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সূত্র জানায়, নিহত কিশোরী যশোর সদর উপজেলার আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা রিজিয়নে চাকরি করেন। তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

এ ঘটনার পর নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।