All posts by jitu

চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ট্রাভেলস ব্যাগে পাওয়া গেল ২০ কেজি গাঁজা

 

নাসরিন আক্তার হীরা:

যাত্রীবাহী বাসে ট্রাভেল ব্যাগে করে মাদক পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ বাসের সুপারভাইজারকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

আটক হওয়া বাসের সুপারভাইজার মো: আল আমিন ওরফে লিটন (৪৩) খুলনা জেলার তেরখাদা উপজেলার আজুগড়া এলাকার মোঃ বায়েজিদ আহম্মেদের ছেলে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় চৌদ্দগ্রাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ ছপুয়া এলাকার চট্টগ্রাম- ঢাকাগামী মহাসড়কের ইসলামীয়া হোটেলের সামনে একটি জিএস ট্রাভেলস যাত্রীবাহী বাসের (রেজিঃ নং-যশোর-ব-১১-০২২১) সুপার ভাইজার বাসের দরজা সংলগ্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজার জন্য অপেক্ষা করতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জাহিদ হোসেন রায়হান সঙ্গীয় ফোর্সসহ বাসটির সামনে পৌঁছা মাত্র একজন অজ্ঞাতনামা ব্যক্তির হাতে থাকা ২টি ট্রাভেল ব্যাগ দাড়িয়ে থাকা বাসের সুপার ভাইজারের পায়ের কাছে রেখে দ্রুত পালিয়ে যায়। এরপর বাসের সুপারভাইজার মোঃ আল আমিন প্রকাশ লিটনকে ২০ কেজি গাজাসহ আটক করে।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

কাতারে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার উদ্যোগে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপন করা হয়েছে স্থানীয় সালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্ট হল রুমে।

রেজোয়ান বিশ্বাস নিলয়, মিরাজ রহমান ও আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুল রব তালুকদার।

প্রধান অতিথি হিসেবে আসন অলংকিত করেন মোঃ শহিদুল হক, প্রধান বক্তা ছিলেন দীলিপ কুমার ছোটন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক এস,এম মনছুর উল্লাহ রাশেদ।

বক্তব্য রাখেন মীর জামিল, নুরুজ্জামান, আবু তাহের মিয়াজি, মোকাররম আলী চৌধুরী শাহাদ, জশিম উদ্দিন লস্কর, দিদারুল আলম আরজু, মেসবাহ উদ্দিন রনি, আব্দুল হালিম, নিজাম উদ্দিন, এখলাছুর রহমান, আবু রাহের গাজী, জশিম উদ্দিন, কামাল হোসেন প্রমুখ।

বক্তারা বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ দাবী করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন দাবী করেন।

১২:০১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপন করা হয়, পরিশেষে নৈশভোজের মাধ্যমে অউষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দুধ দিয়ে গোসল করে আ.লীগ কর্মী যোগ দিলেন বিএনপিতে

দুধ দিয়ে গোসল করে আ.লীগ কর্মী যোগ দিলেন বিএনপিতে

ডেস্ক রিপোর্ট:

শরীয়তপুরে এক মণ দুধ দিয়ে গোসল করে হাসেম সরদার (৬০) নামে এক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) শহরের ধানুকা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালুর বাসভবনের সামনে তিনি দুধ দিয়ে গোসল করেন।

হাসেম সরদারের দাবি- সর্বশেষ তিনি শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের-সহ সভাপতি ছিলেন।

তবে ওই কমিটিতে তার নাম দেখা যায়নি। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।

এদিকে হাসেম সরদারের দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসেম সরদার নিজেই মাথায় দুধ ঢেলে গোসল করছেন। কেউ কেউ আবার তার মাথায় দুধ ঢেলে দিচ্ছেন। দুধ দিয়ে গোসল করার সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে হাসেম সরদার বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

হাসেম সরদার জানায়, প্রথমে ১০ কেজি দুধ এনে গোসল শুরু করলে আমার শুভাকাঙ্ক্ষীরা আরও ৩০ কেজি দুধ এনে দিলে সেই দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন।

হাসেম সরদার জানান, আমার বাবা সাধনা ঔষধালয়ে চাকরি করতেন। তখন ১৯৭১ সাল, আমার বয়স তখন ৬-৭ বছর। ছোট্ট বয়সে বাবার কাছে বায়না ধরেছিলাম ৭ মার্চের ভাষণ শুনতে যাব। বাবা বলেছিল, মিছিলে যে মানুষ হয়, তাতে পিষ্ট হয়ে অনেকে মারা যায়। তোমাকে আমি রাখব কোথায়! তখন বাবাকে বলেছিলাম আমি ট্রাক থেকে নামব না। তখন থেকে আমি আওয়ামী লীগের প্রোগ্রামে যাই। দীর্ঘদিন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ ও ঢাকার সূত্রাপুরের নেতা নাছির ভাইয়ের সাথে রাজনীতি করেছি। সূত্রাপুর থানার ৮৩ নং ওয়ার্ড যুবলীগের নেতা ছিলাম। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের সাথে মিছিলে আমিও ছিলাম। তারপর গ্রামে আসার পর শরীয়তপুরের বর্তমান এমপি ইকবাল হোসেন অপুর সমর্থক হয়ে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করেছি।

অপু সাহেব এমপি হওয়ার আগে বলেছিলেন, দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করবেন। কিন্তু তিনি তা করেননি। জীবনে ২১ বার জেল খেটেছি, ছয়টি বছর জেলে বন্দি ছিলাম আওয়ামী লীগ করার কারণে। আমাকে মূল্যায়ন করা হয়নি, পদ-পদবি দেওয়া হয়নি। মাটি কেটে খাই আমি। যে আওয়ামী লীগের জন্য এত কিছু করলাম সেই আওয়ামী লীগ আমাকে কিছুই দিলো না। রাগে, দুঃখে, ক্ষোভে আমি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছি।

তিনি জানায়, সর্বশেষ আমাকে ধানুকার একটি ক্লাবে নিয়ে শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ঘোষণা করা হয়েছে মৌখিকভাবে। লিখিত কোনো অনুমোদন নেই ওই কমিটির। ওই কমিটির সভাপতি প্রার্থী ছিলাম আমি। ওই কমিটির সভাপতি এখন আবদুল আজিজ বেপারী। যে দল ১৪ বছর ক্ষমতায় থাকার পরও তৃণমূলকে মূল্যায়ন করতে জানে না, সেই দলকে প্রত্যাখ্যান করে দুধ দিয়ে ধুয়ে মুছে আমি বিএনপিতে যোগদান করেছি৷ জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন ও সাধারণ সম্পাদক সরদার নাছির উদ্দীন কালু ধানের শীষ হাতে দিয়ে আমাকে বরণ করে নিয়ে যে সম্মান দেখিয়েছেন তা আমি আওয়ামী লীগে কোনো দিন পাইনি।

শরীয়তপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ বেপারী জানায়, হাসেম সরদার আওয়ামী লীগের কর্মী। তিনি দলের পদধারী কোনো নেতা নন। তিনি যে দাবি করেছেন ৭ নং ওয়ার্ডের সহ-সভাপতি তা মিথ্যা। আওয়ামী লীগের কর্মসূচি থাকলে এলাকার লোক হিসেবে তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে যেতাম আমি। উনি দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন এটা সম্পূর্ণ উনার ব্যক্তিগত বিষয়। দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

হাসেম সরদারের বিএনপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন জানায়, আওয়ামী লীগের এক নেতা দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মাইকে ঘোষণা দিয়ে গতকাল তাকে আমরা বরণ করে নিয়েছি।

সূত্র: ঢাকা পোষ্ট

বরুড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বরুড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে মাহিন(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে এ ঘটনা ঘটে।

মাহিন বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের কেমতলী(নালার পাড়) গ্রামের আবু হানিফের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, শনিবার সকাল থেকে পারিবারিক কাজে ব্যস্ত ছিল মাহিনের মা। মাহিনের কথা একেবারে খেয়াল ছিল না তার মায়ের। এ দিকে মাহিন বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলতে গিয়ে হটাৎ পুকুরের পানিতে পড়ে যায়। মাহিনের মায়ের হটাৎ খেয়াল হয় ছেলে কোথায়।অনেক খোঁজাখুজির পর পুকুরের পানিতে পায় মাহিনকে। প্রতিবেশীদের সহযোগীতায় তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম মিয়াজী বিষয়টি নিশ্চিত করেছেন।

গাঁজা-দেশীয় অস্ত্র নিয়ে কারাগারে প্রবেশ করছিল সিটি কর্পোরেশনের ট্রাক

ডেস্ক রিপোর্ট:

গাঁজা ও দেশীয় অস্ত্র নিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ট্রাকসহ ট্রাকচালক ও চালকের সহকারী গ্রেফতার হয়েছেন। শনিবার আটক ব্যক্তিদের ৫ দিন রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলো— গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার বাসিন্দা ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)।

পুলিশ ও কারাগার সূত্র জানান, শুক্রবার সকালে ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের ড্রাম ট্রাক। কারাগারের গেটের সামনে কারারক্ষীরা ট্রাকটি তল্লাশি করে। এ সময় ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে পেঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, ২টি দা, ১টি চাকু এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।

পরে কোনাবাড়ী থানা পুলিশের কাছে ওইসব অবৈধ মালসহ দুজনকে সোপর্দ করা হয়েছে। তবে কারাগারের মূল ফটক থেকে গাড়িটি তল্লাশি করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি কেএম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজা ও দেশীয় অস্ত্র নিয়ে কারাগারে প্রবেশ করছিল ময়লা নেওয়ার ড্রাম ট্রাক। এ সময় কারারক্ষীরা দুজনকে আটক করে থানায় খবর দেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়।

কোমর ব্যথায় যেসব খাবার উপকারী

কোমর ব্যথায় যেসব খাবার উপকারী

ডেস্ক রিপোর্ট:

কোমর কিংবা পিঠে ব্যথা এখন অনেক বেশি পরিচিত। কারণ বেশিরভাগ মানুষ একটানা বসে কাজ করার কারণে এই সমস্যা বেড়ে চলেছে। কাজের মাঝে মাঝে উঠে হাঁটাহাঁটি করার কথা যতই বলা হোক, কাজ ছেড়ে উঠতে পারেন কম মানুষই। যে কারণে ব্যথার সমস্যা আরও বাড়ে। এর সঙ্গে অস্বাস্থ্যকর খাবার খাওয়া, প্রয়োজনীয় পুষ্টির অভাব তো রয়েছেই। কোমর ব্যথা থেকে বাঁচতে নিয়মিত শরীরচর্চা ছাড়াও খেয়াল রাখতে হবে খাবারের দিকে। চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো খাবেন-

প্রোটিনযুক্ত খাবার খান

প্রোটিনযুক্ত খাবারের প্রয়োজনীয়তা রয়েছে শরীরে। এই উপাদানের অভাবে অনেক সময় শরীরে সমস্যা দেখা দেয়। হতে পারে কোমরে ব্যথা। তাই নিয়মিত খাবারের তালিকায় প্রোটিন যোগ করুন। ডিম, দুধ, মুরগির মাংস, ডাল ও বিভিন্ন ধরনের মাছ খান। এতে উপকার পাবেন।

তাজা ফল খান

প্রতিদিন তাজা ফলমূল খেতে হবে। কারণ এসব ফল আপনার ব্যথা দূর করার পাশাপাশি সুস্থ রাখতেও কাজ করবে। প্রতিদিনের খাবারে তালিকায় তাই আনারস, আপেল, চেরি, বেরি ও লেবু জাতীয় ফল, আঙুর ইত্যাদি রাখুন। এতে উপকার পাবেন দ্রুত।

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান

আপনি যদি মাঝেমাঝেই কোমর ব্যথায় ভুগে থাকেন তাহলে নিয়মিত ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে। এই তালিকায় রাখতে পারেন বিভিন্ন ধরনের বাদাম, তৈলাক্ত ও সামুদ্রিক মাছ, চিয়া সীড ইত্যাদি। এসব খাবারে ভালো পরিমাণ ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। রান্নার কাজে ব্যবহার করুন অলিভ অয়েল ও সরিষার তেল।

সবুজ শাক-সবজি খান

সবুজ শাক-সবজির অনেক উপকারিতা রয়েছে। নিয়মিত খাবারের তালিকায় রাখুন পালংশাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলির মতো সবজি। এগুলোতে থাকে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে। সেইসঙ্গে আরও থাকে সালফোরাফেন নামক একটি যৌগ, যা ব্যথা দূর করতে কাজ করে।

মূল জাতীয় শাক-সবজি

মাটির নিচে হয় এমন শাক-সবজি খেতে পারেন। মূল জাতীয় এসব শাক-সবজি আপনাকে ব্যথা থেকে মুক্তি দিতে কাজ করবে। এসবের মধ্যে রয়েছে মূলা, বীট, গাজর, শালগম ইত্যাদি। এসব সবজিতে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট, যা ব্যথা দূর করতে দারুণ কার্যকরী।

অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত খাবার খান

আপনার বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে কাজ করবে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত খাবার। আমাদের রান্নাঘরেই এমন অনেক মসলা থাকে, যেগুলোতে রয়েছে এই ধরনের বৈশিষ্ট্য। সেসব মসলার মধ্যে রয়েছে গোল মরিচ, দারুচিনি ইত্যাদি। এর পাশাপাশি হলুদও খেতে পারেন নিয়মিত। কারণ হলুদ খেলে তা জয়েন্টের ব্যথা কমাতে কাজ করে।

ইসলাম ধর্ম মানসিক শান্তি দেয়: এ আর রহমান

ইসলাম ধর্ম মানসিক শান্তি দেয়: এ আর রহমান

ডেস্ক রিপোর্ট:

ক্যারিয়ারের শুরুতে যার নাম ছিল দিলীপ কুমার। বর্তমানে ভারতের সংগীত অঙ্গনের কিংবদন্তী তারকা এ আর রহমান। নব্বইয়ের দশকের শুরুতে এই তারকা ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম বদলে রাখেন আল্লারাখা রহমান।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সংগীত শিল্পী জানায়, ইসলাম ধর্ম গ্রহণ তাকে মানসিক শান্তি দিয়েছিল।

এ আর রহমান বলেন, ‘কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল, সব যেন ঠিক চলছে। মনের ভিতরে কিছু বিশেষ অনুভূতি কাজ করত। যা কিছু প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলোই কবুল হয়ে যেতে থাকল।’

নিজে ইসলাম গ্রহণ করলেও, পরিবারের কারও উপর তা জোর করে চাপিয়ে দেননি তিনি। অস্কারজয়ী সুরকারের কথায়, ‘কারও ওপর কিছু জোর করে চাপিয়ে দেয়া যায় না। আপনি কি সন্তানকে বলতে পারবেন, ইতিহাস পড়ো না, সেটা বোরিং। অর্থনীতি বা বিজ্ঞান নিয়েই পড়তে হবে। এটা যেমন তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ধর্মও ঠিক তাই।’

তিনি আরও জানান, ‘আমার যেমন মনে হয় আমি নামাজ আদায় করি তাই আমার সঙ্গে খারাপ কিছু হতে পারে না। অন্য ধর্মের লোকেদেরও সেরকমই কিছু বিশ্বাস আছে। এটাই মানসিক শান্তি দেয়। আমার মনে হয় মানসিক শান্তিটা থাকাই সবচেয়ে বেশি দরকার।’

ইসলাম ধর্ম গ্রহণের পরই কি জীবনে সফলতা এসেছে, এমন প্রশ্ন অনেকেই করেন এ আর রহমানকে। এই সংগীতজ্ঞ জানান, ‘এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়। এটি আসলে সেই কেন্দ্রটি খুঁজে পাওয়া এবং নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করা। এ ক্ষেত্রে আধ্যাত্মিক ও সুফি গুরুদের শিক্ষা এবং আমার মায়ের ভাবনাচিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে। প্রত্যেক বিশ্বাসেই বিশেষ কিছু রয়েছে এবং আমরা একটি বিশ্বাস বেছে নিয়েছি মাত্র। এবং আমরা এর পক্ষে।’

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি আনিছুর

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

‘২০২৪ সালের গোড়ার দিকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারিখ ঠিক করিনি।’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

শনিবার (০২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান জানান, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হয়ে গেল।’

আনিছুর রহমান, ‘ব্যালটে ভোট হবে। কাজেই চ্যালেঞ্জটা বেশিই থাকবে। নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, আইনে প্রিসাইডিং অফিসারের ভোট বন্ধ করার ক্ষমতা দেওয়া আছে। এগুলো জানতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, ‘প্রিসাইডিং কর্মকর্তার কেন্দ্রের দায়িত্ব উপলব্ধি করতে হবে। সম্প্রতি আইন করে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বর্ধিত করা হয়েছে। একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করাটাই সার্থকতা হবে ইসির। আমরা চাইব নির্বাচন শুধু অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নয়, বিশ্বাসযোগ্য হতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো সেই উচ্চতায় গিয়ে পৌঁছায়নি।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানায়, ‘মাস্টার ট্রেইনার হিসেবে আপনাদের সব জানতে হবে। নয়তো মাঠে গিয়ে প্রশিক্ষণ দিলে ভুল হবে।’

আরেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানান, ‘নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পেশাদারির সঙ্গে, সাহসের সঙ্গে ভোটের মাঠে দায়িত্ব পালন করতে হবে।’

প্রশিক্ষকদের উদ্দেশে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান জানায়, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করি।’

‘প্রিয়তমা’ দেখার পরে শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

‘প্রিয়তমা’ দেখার পরে শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট:

প্রেক্ষাগৃহে হাজির হয়ে গেল ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা উপভোগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার রাত ৮টায় রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির সহধর্মিণী, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ, সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ, অভিনেত্রী তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমা সংশ্লিষ্ট আরও অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার রাতে একটি ভিডিও প্রকাশ করেছেন শাকিব খান। যেখানে প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমা দেখার পরে অভিনেতাকে জড়িয়ে ধরতে দেখা দেখা যায় রাষ্ট্রপতিকে। এসময় স্টার সিনেপ্লেক্সে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা হিমেল আশরাফ রাষ্ট্রপতি ও তার স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পরিবার নিয়ে সিনেমা হলে উপভোগ করলেন ‘প্রিয়তমা’।

এক জীবনে আমার আর কি চাওয়ার থাকতে পারে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার পরিবার নিয়ে বঙ্গভবন থেকে সিনেমা হলে এসে আমার সিনেমা উপভোগ করছেন, তার পাশে বসে আমি আমার সিনেমা দেখছি, বড় পর্দায় এত গণ্যমান্য মানুষের সাথে আমার নাম দেখছি, এক জীবনে পরিচালক হিসেবে আর কি চাইতে পারি!

ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া, ধন্যবাদ শাকিব খান ভাইয়া, ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ ‘প্রিয়তমা’ টিম। বিশেষ করে ধন্যবাদ সাধারণ দর্শক। অনেকেই বলবেন রাষ্ট্রপ্রতির ছেলের সিনেমা তাই তিনি দেখেছেন। কথাটা কিছুটা সত্য হলেও আসল কারন সাধারন দর্শক। দেশে এবং বিদেশে বাংলাদেশি সাধারন মানুষের প্রচণ্ড ভালোবাসাই আসলে তাদের উদ্বুদ্ধ করেছে সিনেমাটি উপভোগ করতে।

সাধারণ দর্শক, যারা প্রিয়তমা দেখেছেন, ভালোবেসেছেন আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। বিশ্বাস করেন, শুধুমাত্র আপনারাই আমার খুব সাধারণ জীবনটা অসাধারণ করে দিয়েছেন।

প্রসঙ্গত, নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।