All posts by jitu

ক্ষমতাসীন আ.লীগ সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয় : বকুল

অনলাইনডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে দেশ ও জনগণ কোনোটাই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এরা আবার ক্ষমতায় আসলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে বকুল এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।

রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখা হয়েছে। আর যে মানুষটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ১৮ কোটি মানুষকে একত্রিত করেছেন সেই তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আজ নির্বাসিত রাখা হয়েছে। আজকে দেশবাসী শপথ নিয়েছে- যতদিন না দেশে গণতন্ত্র ফিরে আসবে, খালেদা জিয়া মুক্ত হবেন এবং তারেক রহমান বীরের বেশে এদেশে ফিরে আসবেন, ততদিন কেউ রাজপথ ছাড়বে না। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, রিয়াদ ইকবাল, রোকনুজ্জামান রোকন, নিজাম উদ্দিন রিপন, আকতারুজ্জামান আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, জহিরুল ইসলাম, রিয়াদ উর রহমান, হাসান আল আরিফসহ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী।

পরে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমএম মুসা।

খালেদা জিয়ার খাবারে কিছু মিশিয়েছে কি না সন্দেহ: রিজভী

অনলাইন ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থায় উদ্বেগ জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে মহিলা স্বাভাবিকভাবে জেলখানায় গেলেন। তিনি আজ গুরুতর অসুস্থ কেনো? জেলখানায় তার খাবারের মধ্যে সরকার কোনো কিছু মিশিয়েছে কি না এটা নিয়ে জনগণ আজকে সন্দেহ প্রকাশ করছে।

ঠিক যেমন বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়েও কিন্তু রহস্য দেখা দিয়েছে। কেনো ১৫ আগস্টের প্রাক্কালে তিনি মারা গেলেন হার্ট এটাকে? যেই ডাক্তাররা তার ফাঁসির জন্য স্লোগান দিয়েছিল সেই ডাক্তারদেরকেই সাঈদীর চিকিৎসায় রাখা হয়েছিল। তাহলে এটা কি শঙ্কার উদ্রেক করবে না? রহস্যের উদ্রেক করবে না? সুতরাং আমরা আজ শঙ্কিত। যিনি গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক তাকে তো সহ্য করবে না।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিনজিরা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একদিকে পুলিশ আরেকদিকে আওয়ামী লীগ। এরমধ্যেও আমাদের সংগ্রাম অব্যাহত আছে। আজকে দেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য স্বৈরাচারের গুলিতেও পিছু হটে না। খালেদা জিয়া ৯ বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে নিরলস নেতৃত্ব দিয়েছেন, সংগ্রাম করেছেন। তার এই ভুমিকা গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগত্যা সম্পন্ন। যে নেতা জনগণের কাছে ওয়াদা পূরণ করে তাকে জনগণ কখনো ভুলে না। এটার দৃষ্টান্ত বেগম জিয়া।

রিজভী আরও বলেন, আপনারা মনে করে দেখুন সেই এরশাদের সময় শেখ হাসিনা বলেছিলেন যে, যারা এরশাদের সঙ্গে নির্বাচনে অংশ নিবে তারা হবে জাতীয় বেঈমান। কিন্তু তার ৪৮ ঘন্টা না যেতেই উনি সিদ্ধান্ত নিলেন যে নির্বাচনে যাবেন। কিন্তু বেগম জিয়া করেননি। এগুলো তো জনগণ যাচাই করেন। সুতরাং বিচারপতি সাহাবুদ্দিন এর নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বেগম জিয়া জিতেছেন। শেখ হাসিনা কিন্তু জিততে পারেনি।

এটাই বেগম খালেদা জিয়ার কৃতিত্ব। তিনি আজও স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য লড়াই করছেন। তিনি গণতন্ত্রের জন্য মানুষের জন্য লড়ছেন। এ কারণেই তিনি শেখ হাসিনার টার্গেটে পরিণত হয়েছেন। তাকে সহ্য করছে না সরকার। আদালতকে ব্যবহারের মাধ্যমে মিথ্যা মামলায় রায় দিয়ে সাজা দেওয়া হয়েছে। তিনি এখন জীবন যন্ত্রণায় ভুগছেন। তার জন্য আমরা কিছুই করতে পারিনি। আমাদের অনেকেরই সন্দেহ হয়, শেখ হাসিনার মতো এমন নিষ্ঠুর শাসক ক্ষমতায় থাকলে আরও ষড়যন্ত্র হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বুধবার বলেছেন, তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আপনাকে ক্ষমতা থেকে সরানোর দায়িত্ব কার? আপনি ক্ষমতা থেকে সরলেন না কেনো? ক্ষমতায় রাখা এবং ক্ষমতা থেকে সরানোর দায়িত্ব জনগণের। আপনিই তো জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জনগণ যাতে সুষ্ঠু ভোটে অংশগ্রহণ করতে না পারে। এ কারণেই নিশিরাতের ভোট করছেন, একতরফা নির্বাচন করছেন। আমাদেরকে তো আদালতের বারান্দায় ঘুরতে হয় সকাল থেকে বিকেল পর্যন্ত। বিচারকদের দিয়ে জুলুমের পরিকাঠামো নির্মাণ করেছেন শেখ হাসিনা।

আজকে আদালতকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস চালানো হচ্ছে। কারণ তিনি সুষ্ঠু ভোট চাননা। তিনি গণতন্ত্রের কথা বলে মূলত গণতন্ত্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন। আপনার কাছে গণতন্ত্রে সংজ্ঞা যে কি সেটা মানুষ জানে। কিন্তু তারা এটাও বুঝে যে গণতন্ত্র মানে জনগণের ক্ষমতা। প্রয়োজনে ভোট দিয়ে ক্ষমতায় রাখবে প্রয়োজন হলে ভোট না দিয়ে সরিয়ে দিবে।

সুতরাং আপনিই তো জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আপনাকে সরানোর ষড়যন্ত্র কে করবে? আপনাকে সরানোর বৈধ এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হলো জনগণের। আপনি সেই জনগণকে বন্দী করে রেখেছেন। আর আপনাকে সরনোর ষড়যন্ত্রের কথা বললে জনগণের হাসি দেওয়া ছাড়া কিছুই নেই। আপনি তো সুষ্ঠু ভোটকে কবরে নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, আল্লাহ আপনি বেগম খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করুন। তাকে সুস্থ রাখুন। আপনি তাকে মুক্তির ব্যবস্থা করে দিন। আসুন একট চূড়ান্ত ফয়সালার জন্য আল্লাহর কাছে দোয়া করি।

পরে তিনি ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেরাণীগঞ্জ এলাকায় লিফলেট বিতরণ করেন। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর পরিচালনায় এসময় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিনুল ইসলাম, নাজিম উদ্দিন মাস্টার, মাহমুদুর রহমান সুমন, যুবদলের কেন্দ্রীয় নেতা মেহবুব মাসুম শান্ত প্রমুখ

সব বিবাদ ভুলে এক হয়ে ছেলের জন্মদিন পালন করলেন রাজ-পরীমনি

 

বিনোদন ডেস্কঃ

গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে একমাত্র ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’র জন্মদিন পালন করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তবে জন্মদিনের উৎসবে ছিলেন না রাজ্যর বাবা শরীফুল রাজ। এবার রাজ্যের কথা ভেবে, বিবাদ ভুলে এক হলেন অভিনয় শিল্পী পরীমনি ও শরীফুল রাজ। রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা গেল রাজ-পরীকে।

খুব একটা ভালো সময় যাচ্ছে না রাজ-পরীর দাম্পত্য জীবনে। সম্পর্কের টানাপোড়েন যেন পিছুই ছাড়ছে না এই জুটির। অনেকেই ধারণা করছিলেন, হয়তো রাজ-পরীকে হয়তো আর একসঙ্গে দেখা যাবে না। তবে নেটিজেনদের সেই ধারণাকে পাল্টে দিয়ে ফের একসঙ্গে দেখা গেল রাজ-পরীকে। গানবাংলার স্টুডিওতে তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা গেল তাদের।

বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে তাপসের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএম-এর পক্ষ থেকে।’

টিএম ফিল্মস ইতিমধ্যে দুটি সিনেমার ঘোষণা দিয়েছে। যার একটি রায়হান রাফি এবং আরেকটি তানিম রহমান অংশু বানাবেন। এসব ছবির কোনোটিতে কি রাজ-পরী থাকতে পারেন? এমন ইঙ্গিতই কি দিলেন তাপস?

২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুল রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন এই জুটি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

চলতি বছরের শুরু থেকেই এই জুটির দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমের শিরোনাম হন আলোচিত দম্পতি। এরপর দু’জনেই জানান একসঙ্গে আর সংসারের পথে হাঁটছেন না তারা।

সম্পত্তির ভাগ বাটোয়ারার জেরে সন্তানদের বাধায় মায়ের লাশ ১৬ ঘন্টা পর দাফন

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে সম্পত্তির ভাগ বাটোয়ারার জের ধরে দুই ছেলের বিরুদ্ধে মায়ের মরদেহ দাফন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও গণমাধ্যম কর্মীদের হস্তক্ষেপে মৃত্যুর ১৬ ঘণ্টা পর লাশ রাতে দাফন করা হয়।

সোমবার চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ের ভাটেরগাঁও মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সেনা কর্মকর্তা মৃত আলহাজ্ব নুরুল ইসলাম মজুমদারের স্ত্রী আমেনা খাতুন (৮৫) বার্ধক্যজনিত কারণে সোমবার দুপুর ১টায় ঢাকার উত্তরায় এক ছেলের বাসায় মারা যান। মায়ের মৃত্যুর পর লাশ গ্রামের বাড়িতে এনে অন্য ভাইদের জানানো হলে তারা এসে মরদেহ রেখেই সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে সন্তানরা দ্বন্দ্বে লিপ্ত হন। সম্পত্তির সুরাহা না হওয়া পর্যন্ত মরদেহ দাফনেও বাধা দেন নাকিবুল ইসলাম ও সৌদি প্রবাসী নজরুল ইসলাম দুই ভাই।
এ ঘটনায় অভিযুক্ত এক ছেলে নাকিবুল ইসলাম জানান, আমাদের উত্তরার রাজউকের ৩নং সেক্টরে ৫ কাটা সম্পত্তি আমরা ৫ ভাই ও ১ বোনের মধ্যে লিখে দেওয়ার কথা থাকলেও আমরা ছোট দুই ভাই তাদের নামে বাবার কাছ থেকে জোড় করে লিখে নিয়ে যান।

এদিকে তার অন্য এক ভাই বলেন, আমার মা গত ১০ দিন যাবত উত্তরার ৭নং সেক্টরের হাই কেয়ার হাসপিটালের আইসিওতে চিকিৎসাধীন ছিলেন। তাদের সাথে আমাদের কোন যোগাযোগও ছিল না। আমার বড় ভাই নজরুল ইসলাম দীর্ঘ ৩৮ বছর সৌদি আরব ও নোকিবুল ইসলামও দীর্ঘ ২৫-৩০ বছর যাবত দুবাই ছিলেন। আমার বাবা সেনাবাহিনীতে থাকাকালীনও আমার মা দীর্ঘ ৩০ বছর আমার কাছেই ছিলেন। জীবদ্দশায় তারা দুই ভাই মায়ের কোন খোঁজ খবর রাখেন না। আজ আসছে সম্পত্তির ভাগাভাগি করতে।

শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহাগ পাটওয়ারী বলেন, এ ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে যাই। তাদের জমি-জমার বিষয়টির সমাধান করে দেবো বলে আশ্বস্ত করি। তারপরও তারা লাশ দাফন করতে রাজি হয়না। ততক্ষণে মরদেহ দাফন করতে আসা আত্মীয় স্বজন ফিরে যান। রাত ৯টায় জানাজা হলেও সন্তানদের বাধায় মায়ের লাশ দাফন করা হয়নি দীর্ঘ ১৬ ঘন্টায়ও। মরদেহ থেকে গন্ধ বের হয়ে গেছে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

চাঁদপুর সদর মডেল থানার এস আই লোকমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে দেখি এই অবস্থা। সন্তানরা তাদের মায়ের লাশ কোন ভাবেই দাফন করতে দাবেন না। পরে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে রাত ২ টায় তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

কুবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ৩০ আগস্ট

 

চাঁদনী আক্তার, কুবিঃ

গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ৩০ আগস্ট। তবে ১০৩০টি আসনের মধ্যে ১০২১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। যা মোট আসনের প্রায় ৯৯ শতাংশ। এদিকে কোটার ৯১টি আসনের বিপরীতে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান।

তিনি বলেন ‘নতুন শিক্ষাবর্ষে গুচ্ছের তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। যেখানে ১০২১ জন শিক্ষার্থী তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আগামী ২০ আগস্ট চতুর্থ মেধাতালিকার ফলাফল প্রকাশিত হবে। পরর্বতীতে ২১ ও ২২ তারিখ প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের এসে জমা দিতে হবে এবং ২৭ ও ২৮ আগস্ট চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এরপর ৩০ আগস্ট (বুধবার) থেকে নতুন বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৭৫তম অ্যাকাডেমিক কাউন্সিলে প্রত্নতত্ত্ব বিভাগের ১০টি আসন কমিয়ে মোট ১০৩০টি আসন, এবং পোষ্য কোটা ৩২টি বাড়িয়ে মোট ৯১টি কোটার আসন করা হয়।

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার

 

ডেস্ক রিপোর্টঃ

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।

বুধবার (১৬ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান খাদেম, কসবার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান মাইনুর।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়েছেন, যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের স্থায়ীভাবে বহিষ্কার করতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো চায় বাংলাদেশ যেন রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়: পররাষ্ট্রমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারকে চাপ দেওয়ার পরিবর্তে বাংলাদেশের ওপর দায় চাপাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমন তথ্য দিয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো চায় বাংলাদেশ যেন রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়। তাদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে বলছে তারা।’

ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ নিয়ে তিনি বলেন, ‘ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২১ আগস্ট ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।’

এর আগে, রোববার (১৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাককর্মিকও এমন বার্তা দেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা এমন পরামর্শ দেন যখন বিশ্বের শক্তিশালী দেশগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখতে বারবার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও বিষয়টি নিয়ে বাংলাদেশ সরব ভূমিকা রাখছে।

এ অবস্থায় রোহিঙ্গাদের কাজকর্ম দিয়ে তাদের নিজেদের মতো করে নেxয়ার (অ্যাবজর্ব) পরামর্শ দেন মার্কিন দুই কংগ্রেসম্যান।

কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‌‘বৈঠকে রোহিঙ্গা নিয়ে কথা হয়েছে। তারা (কংগ্রেসম্যান) বলেছে, এই জনগোষ্ঠীর কাজকর্মতো কিছুই নেই। আপনারা তাদের কাজকর্ম দেন, তাদের অ্যাবজর্ব করে নেন।’

ওই সময় মার্কিন কংগ্রেসম্যানদের রোহিঙ্গা ইস্যুতে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি কংগ্রেসম্যানদের বলেন, ‘দুনিয়াতে আমরা সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের এখানে প্রতিবছর গড়ে ২০ লাখ ছেলে-মেয়ে মার্কেটে আসছে। তাদের সবাইকে আমরা চাকরি দিতে পারি না। তারা বিদেশে গিয়ে কর্মী ভিসায় কাজ করেন। রোহিঙ্গাদের কীভাবে কাজ দেবো? তারা নিজ দেশে ফেরত যেতে চায়। আমরাও চাই, তারা ফেরত যাক। আপনারাও কিছু নিয়ে যান। আপনারা বলেছিলেন, কিছু নেবেন। একটাও নেননি।’

মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের বাংলাদেশে শরণার্থী হয়ে আসার ইতিহাস দীর্ঘদিনের। ২০১৭ সাল নাগাদ এই সংখ্যা ৪ লাখ ছাড়ায়। ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে। কয়েক মাসেই এই সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে যায়। ওই সময় ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে উদ্বাস্তু হয়ে অবস্থান নেয়। তাদের ফেরত নিতে মিয়ানমার সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও পাঁচ বছরেও প্রত্যাবাসন শুরু হয়নি।

কুমিল্লার সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ ৪ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট রাতে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার পাঁঠাকাটা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ ইকরামুল হোসেন পলাশ (২৪), একই গ্রামের মৃত. আফাজ মোল্লার ছেলে মোঃ নুরুজ্জামান মোল্লা (২৮), একই জেলার মান্দা উপজেলার নবগ্রাম গ্রামের ইমাদ উদ্দিন পরামানিকের ছেলে মোঃ আশিক হোসেন (২১) এবং একই গ্রামের মৃত. আশকান সর্দারের ছেলে মোঃ বেলাল হোসেন (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কার্গো ট্রাক ব্যবহার নওগাঁ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই, পুলিশসহ আহত ৪

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। হামলায় ৩ পুলিশসহ ৪ জন আহত হয়েছে।

আহতরা হলেন, কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: আজিম উদ্দিন, মো: জাকির হোসেন, কনস্টেবল আবু সিদ্দিক ও গাড়ী চালক সাইফুল ইসলাম। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন ও জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের হাজী আবুল হাশেম ডিলার এর ছেলে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী কাজী এমদাদকে আটক করে। এ সময় আসামীর বড় ভাই কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে আসামীকে ছিনতাই করে নিয়ে যায়। হামলায় ৩ পুলিশ সহ চারজন আহত হয়েছে। পরে পুলিশের অপর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন। ছিনতাইকৃত আসামী সহ হামলার ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।