All posts by jitu

রাফির নেতৃত্বে জেলা দক্ষিণ ছাত্রলীগ কৃষকের ধান কেটে সহযোগিতা করলেন

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

শুক্রবার (২৮ এপ্রিল) বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন কুমিল্লার দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাদুল হাসান রাফির নেতৃত্বে জেলা ছাত্রলীগের জাহিদুল হাসান জাহিদ, মোঃ ইসমাইল, মাহমুদুল হাসান ভূইয়া মাহমুদ, জান্নাতুল রিয়াদ জাফর কাউসার, এমদাদুল হক মিলনসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মীবৃন্দ।

দুর্নীতিবাজ ৭ জনের হাত থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগকে বাচাঁন !

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় চলছে। ত্যাগি ও সক্রিয় অনেক নেতাই যোগ্যতা অনুসারে পদ পায় নি এমনকি অনেককে রাখা হয়নি বলে নানা অভিযোগ রয়েছে।

তেমনি একজন লুৎফর রহমান। প্রায় ৪৩ বছর ধরে আ’লীগের রাজনীতিতে জড়িত থাকা লুৎফর  রহমান বর্তমান কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। তিনি বেশ কয়েক দিন ধরে  ফেসবুকে তাঁর ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। তা পাঠকদের জন্য তুলে ধরা হল।

৩ দিন পূর্বে  তিনি তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন:

“ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি – সাধারণ সম্পাদক মহোদয় আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলিগের সদস্যপদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য আবারো অনুরোধ জানাচ্ছি। কমিটি প্রশ্নবিদ্ধ । ’’

একই দিন তিনি আরো লিখেছেন:

“ আগের দিনের মুরব্বিদের কথা মানতে হয় এখন বুঝি। কুমিল্লাবাসির প্রিয় নেতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার আমার এলাকায় ওনার বাসা, প্রতিদিনই ওনার বাসায় আমি আমার ভাই জাহিদের আসা যাওয়া ছিল। একদিন উনার বাসায় আফজাল খান সাহেবকে পেয়ে গেলাম । একটা কথা ওঠার পর,,, কালাম ভাই বলেছিলেন রাজনীতিটা হচ্ছে জুয়া খেলা, যে জিতবে সে জিতে গেলো,,,আর যে হারবে সে হেরে গেলো,, তার নামই হচ্ছে রাজনীতি।  পাশে বসা আফজাল খান সাহেব বলেছেন- টাকা থাকলে, অস্ত্র থাকলে, লাঠির জোর থাকলেও নেতা হওয়া যায় না। আমাদের সদরের এম পি মহোদয় হাজী আ ক ম বাহার উদ্দীন বাহার সাহেবর সাথে ২৬ জুন ২০১৬ সালে কুমিল্লা কান্দিরপাড় সুফিয়া মেনসনের জুতার দোকানে মুখোমুখি হয়ে যাই, ওনি আমাকে দেখা মাত্রই বলেছিলেন -সংগঠনের দূরদিনে অনেক অবদান রেখেছো । আজ পার্টি ক্ষমতায়, সুদিন । যার পিছনে রাজনীতি করো, কি দিয়েছে? কি পেয়েছো? আমি সবার খবর জানি, আগামী দিনও যার পিছনে রাজনীতি করো, সামনের দিকেও মুলাটা ঝুলাইয়া দিবে। আজ উনার কথাই সত্যি হলো। ধন্যবাদ মাননীয় এম পি মহোদয়।  আজ সবার কথাই সত্যি হলো। ১৯৮০ সাল থেকে এখন ২০২৩ সাল কুমিল্লা আওয়ামীগের রাজনীতিকে যা দিয়েছি যা হারিয়েছি তা সারাদিন বলেও শেষ করতে পারবো না। যারা আমার উপর অবিচার করেছে, আল্লাহ তায়ালা তার বিচার করবে, সময় আর বেশি দিন নাই, তাদের পতন ঘটবে অনিবার্য। ‘’

আজ  (২৮ এপ্রিল) পুনরায় ফেসবুকে রীতিমত বিস্ফোরক তথ্য দিয়েছেন:

“ প্রশাসন ও দলীয় সিনিয়র নেতাদের কাছে অনুরোধ রইলো অতি জরুরি দলীয় অফিসে দোতালায় ও নিচতলায় সিসি ক্যামেরা লাগানো হোক। ওরা ৭ জনের অপকর্ম ধরা পড়বে শীঘ্রই!
বঙ্গবন্ধুর সংগঠন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগকে বাচান,  বিতর্কিত কমিটির ও হাইব্রিড পদ বানিজ্য, চাঁদাবাজ ও নারি কেলেঙ্কারিদের মেইন হুতা, ওরা ৭ জনের হাত থেকে সংগঠনকে বাচান। প্লিজ প্লিজ প্লিজ।
দল বাচলে শেখ হাসিনা বাচবে। ওরা ৭ জন সিল মারা,, যারা রক্ত, ঘাম,পরিশ্রম ও যুদ্ধ করে কুমিল্লার আওয়ামীলিগকে টিকিয়ে রেখেছেন তারা আজ গৃহ বন্দি। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে নামার এখনই সুযোগ। আপনাদের পাশে আছি এবং থাকবো। ইনশাআল্লাহ।’’

সব মিলিয়ে নেতাকর্মীদের ক্ষোভে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের পূর্নাঙ্গ কমিটি।

অভিধানের পাতায় ‘পেলে’র নাম

 

‘পেলে’ শব্দের অর্থ এখন সেরা। এটি একটি বিশেষণ। ব্রাজিলে পর্তুগিজ ভাষায় প্রকাশিত একটি অভিধানে ফুটবলের রাজা প্রয়াত পেলের নামটিকে এই মর্যাদা দেওয়া হয়েছে। ওই অভিধানে শব্দ রয়েছে এক লাখ ৬৭ হাজারেরও বেশি। বিশ্বে পর্তুগিজ ভাষাভাষি মানুষের সংখ্যা ২৬৫ মিলিয়ন। ‘পেলে’ শব্দের অর্থ এখন থেকে তাদের কাছে ‘অসাধারণ’ বলে গণ্য হবে।

অভিধানে নতুন সংযোজিত ‘পেলে’ শব্দের অর্থ আরও আছে। যেমন- ‘ব্যতিক্রমী, অতুলনীয় ও অনন্য।’ মাইকেলিস নামে ওই পর্তুগিজ অভিধানের অনলাইন সংস্করণে বলা হয়েছে, ‘উদাহরণ হিসাবে পেলে নামের মাহাত্ম্য বোঝাতে এমন বাক্য লেখা যায়-‘তিনি বাস্কেটবলের পেলে’ কিংবা ‘এই অভিনেত্রী ব্রাজিলীয় নাটকের পেলে।’

গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনবার বিশ্বকাপজয়ী ‘দ্য কিং অব ফুটবল’ পেলে। দুই দশকেরও বেশি সময় ধরে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ১,২৮১ গোল করেছিলেন পেলে, যা একটি বিশ্বরেকর্ড।

চান্দিনায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এর নেতৃত্বে  ছাত্রলীগের নেতাকর্মীরা চান্দিনা উপজেলার মাধাইয়া গ্রামের প্রতিবন্ধি কৃষক নজরুল ইসলাম ও শাহজাহানের ৩০ শতক জমির ধান কেটে দেন।

শুক্রবার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কলাগাও গ্রামে এই ধান কাটা কার্যক্রমে তারা অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশব্যাপি এই কার্যক্রম চলছে।

কুমিল্লায় গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর থেকে ১০ কেজি গাঁজাসহ মোঃ জসিম (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৭ এপ্রিল বিকালে সদরের রাজমঙ্গলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

শুক্রবার (২৮ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মাদক কারবারি কুমিল্লার গাজীপুর গ্রামের আছু মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

৬ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ চাচার বিরুদ্ধে

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছয় বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দূর সম্পর্কের চাচার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের মা।

অভিযুক্ত যুবকের নাম নাম শাহাদাত হোসেন (২৬)। সে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়ির মৃত সোলেমান হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিম বাড়ির শিশুদের সাথে পাটি পাতার বাগানে খেলাধুলা করছিল। তখন প্রতিবেশী দূর সম্পর্কের চাচা শাহাদাত হোসেন ভিকটিমকে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে শাহাদাত তাকে একটি কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। ভয়ে ভুক্তভোগী শিশুর চিৎকার করলে শাহাদাত পালিয়ে যায়। পরে বিষয়টি ঘরোয়া সালিশে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু সমাধান না হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কুমিল্লার চাঁনপুর ব্রিজে মাইক্রোবাস তল্লাশি করে ৭৪ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের  চাঁনপুর  ব্রিজ  এলাকায় চেকপোষ্ট স্থাপন করে একটি নোহা  মাইক্রোবাস গাড়ি  তল্লাশি করে ৭৪ কেজি গাঁজাসহ  মোঃ এমদাদুল হক এম্ভু (৩৬) নামের এক মাদক কারবারিকে  আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

২৭ এপ্রিল  রাত সাড়ে ৭ টায়  জেলা গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া  মোঃ এমদাদুল হক এম্ভু  কুমিল্লা সদরের আমড়াতলী গ্রামের সর্দার বাড়ির আমির হোসেনের ছেলে। পালিয়ে মো: শাহীন (৩৫) কুমিল্লা সদরের বড়জ্বালা গ্রামের ছিদ্দিক মিয়ার স্ত্রী।

ডিবি পুলিশ জানায়,  চাঁনপুর ব্রীজ এলাকায়  চেকপোষ্ট পরিচালনাকালে ঢাকা মেট্রো-চ-৫১-১৯১৫ রেজিঃ নাম্বারের একটি সাদা রংয়ের নোহা গাড়ীর চলাচল সন্দেহ হলে  থামানোর জন্য সংকেত দেন। গাড়ীটিকে সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীর চালকসহ তার সহযোগী গাড়ীটি থামিয়ে গাড়ী হতে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে, ডিবি পুলিশের চেকপোষ্ট পরিচালনাকারী অফিসার ও ফোর্সগণ উক্ত গাড়ীটিসহ একজনকে আটক করে।

উপস্থিত লোকজনের সামনে উক্ত আটককৃত নোহা গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর হতে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করে।

পলাতক আসামীর বিরুদ্ধে ১৫/১৬ টি মাদক মামলাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে ।

এই  ঘটনায়  কোতয়ালী মডেল থানায়  মামলা দায়ের  করা হয়েছে।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

 

নোয়াখালীর প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তল ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের জয়বাংলা বাজারস্থ ইসমাইলের মুদি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব হাজীপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত হারুন মোল্লার ছেলে মো. ফজলু (২৫), গোপালপুর গ্রামের রফিক হুজুরের বাড়ির মৃত মৌলভী রফিক মিয়ার ছেলে মো.সাইফুল ইসলাম সোহেল (২৮) একই বাড়ির শাহাবুদ্দিন আবসানের ছেলে জুবায়ের হোসেন ফয়সাল (২৯)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে।

চান্দিনায় কৃষকের ধান কেটে দিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নির্দেশনা অনুযায়ী কৃষকের ধান কেটে দিলেন কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার ও সাধারণ সম্পাদক মো.লিটন সরকার এর নেতৃত্বে চান্দিনা পৌরসভার মহারং ফসলি মাঠে কৃষক মো. আলী আকবর ও মো.ইব্রাহিম খলিল এর ধান কাটার মধ্যে দিয়ে চলতি মৌসুমের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ধান কাটা কার্যক্রমটি কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সকল ইউনিয়নে মৌসুমের শেষ পর্যন্ত ধারাবাহিক থাকবে বলে জানিয়েছেন নেতারা।

ধান কাটায় অংশগ্রহণ করেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ফখরুল আলম সরকার, মনিরুল্লাহ শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক যাদব রায়, সাংগঠনিক সম্পাদক রায়হান মো.অনিক, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক দারুস সালাম শুভ, উপ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক শাহিন আলম, গন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রোবেল সরকার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো.আবদুল আলিম, সদস্য মোস্তফা কামাল মামুন, রেজাউল করিম,আবুল বাসার সবুজ, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, যুগ্ম-আহবায়ক আমির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুসা জনি, সহ সভাপতি আবুল বাসার প্রমুখ।

 

 

কুমিল্লার সদরে ইয়াবাসহ আটক সাকিব

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদরে ১ হাজার ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাকিব হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল রাতে সদরের শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃত যুবক কুমিল্লার উত্তর বাগবেড় গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।