All posts by jitu

চাঁদপুরবাসীকে শান্ত থাকার আহ্বান সাবেক এমপি রাশেদা বেগম হীরার

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সহিংসতা, লুটপাট বা ধ্বংসযজ্ঞ না করা, নিজের হাতে আইন তুলে না নেয়া এবং ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়সহ দুর্বৃত্তদের দ্বারা আক্রান্তদের রক্ষা করা ও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক দুইবারের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা। এক বার্তায় তিনি চাঁদপুরবাসীকে এ আহ্বায়ন জানান।

চাঁদপুরের সাবেক মহিলা এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন। নিজের হাতে আইন তুলে না নেয়া এবং ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়সহ দুর্বৃত্তদের দ্বারা আক্রান্তদের রক্ষা করা ও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, দেশের মানুষ সকলে আমাদের আপনজন। প্রতিশোধের বশবর্তী কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। সংখ্যালঘু ভাই বোনদের উপর ও তাদের পরিবারের উপর যেন কোনো আক্রমণ না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। কেউ যেন প্রতিহিংসার পথে পা না বাড়ায়। সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। সবাই যেন শান্তিশৃঙ্খলা বজায় রাখেন।

কোনো দুষ্কৃতিকারী যেন মানুষের জান-মাল এবং রাষ্ট্রীয় সম্পদহানী করতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। সম্ভব হলে রাত জেগে পাহারা দিবেন। কারণ, এমন সময়ে দুষ্কৃতিকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে। সকলে নিজ নিজ স্থান থেকে জনগণের সম্পদ ও দেশের সম্পদ রক্ষা করবেন।

ছাত্র আন্দোলনে বাধা দেয়া চাঁবিপ্রবির ভিসির পদত্যাগ চান শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. নাসিম আখতারের পদত্যাগের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) উপাচার্যের পদত্যাগ দাবি করে তারা একটি বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাসিম আখতার শিক্ষার্থীদের নূন্যতম সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন হওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগ চাই।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নতি তিনি করেননি। বরং শিক্ষার্থীদের বারবার মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক উন্নয়ন কার্যক্রম পিছিয়ে দিয়েছেন। তাই আমরা সকল চাঁবিপ্রবির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এই ব্যার্থ ভিসিকে আর দায়িত্বে দেখতে চাই না। অনতিবিলম্বে আমরা তার পদত্যাগ চাই।

এছাড়া চাঁদপুরে শিক্ষার্থীদের আন্দোলনে বাঁধা দেয়ারও অভিযোগ উঠেছে। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শান্তি সমাবেশের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে চলাকালীন ভিসি নাসিম আখতার বলপ্রয়োগের মাধ্যমে ছাত্রদেরকে সমাবেশ থেকে হটিয়ে দেয়ার চেষ্টা করেন। তিনি শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এখানে কোনো আন্দোলন চলবে না। আন্দোলন করতে চাইলে ঢাকায় যাও।’

এরপর থেকে শিক্ষার্থীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবাদ জানাতে থাকেন। ইতিমধ্যে শিক্ষার্থীরা ফেসবুকে #stepdownnasimakhter হ্যাশট্যাগ ব্যবহার করে ভিসির পদত্যাগ দাবি করে ফেসবুকে পোস্ট করছেন।

এ বিষয়ে জানতে তাকে ফোন দিলে তিনি কথা বলতে রাজি হননি এবং সংযোগ কেটে দেন।

শিক্ষাপ্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে: রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্ট:

যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘এখনো রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি না যে কালই (শিক্ষাপ্রতিষ্ঠান) খুলে দেবো। ‌ শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করা হবে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে।’

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সরকারের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যারা দায়িত্ব নিয়েছি আমাদের সব মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কীভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এটার কাঠামো কী হবে, এটা আমরা পরবর্তীতে চিন্তা করবো।’

তিনি বলেন, ‘বৈঠকে অর্থের বিষয়ে কথা হয়েছে। আর্থিক খাতগুলো শুধু চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে। সেখানে নেতৃত্বের স্থানে পরিবর্তন আনার প্রয়োজন যেগুলোতে আছে, অনতিবিলম্বে সেসব পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।’

সরকারের মেয়াদের বিষয়ে এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আমরা সবাই যাতে দেশে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তী সরকার। সে প্রস্তুতি নেওয়ার জন্য যেটুকু সময় দরকার শুধু সেটুকু সময়ই আমরা নেবো।’

দাউদকান্দি থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন আনসার ভিডিপির সদস্যরা। দাউদকান্দি এলাকা থেকে বৃহস্পতিবার এসব উদ্ধার করা হয়।

জব্দ হওয়া অস্ত্রগুলো হলো– দাউদকান্দি থানা থেকে লুট হওয়া ৩টি রাইফেল (১টি রাইফেলের বাট নেই), ২ টি শটগান ও একটি হ্যান্ড কাফ।

বিষয়টি নিশ্চিত করে আনসার ভিডিপি কুমিল্লার উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানা এলাকায় আনসার ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের সহায়তায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হচ্ছে । যা পরবর্তীতে পুলিশ লাইন কুমিল্লায় জমা করা হবে।

তিনি বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র সবাইকে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।আমাদের লোকজন দিয়ে মাইকিং করিয়েছি। কারো কাছে অস্ত্র থাকলে তিনি স্বেচ্ছায় জমা দিয়ে যেতে পারেন, কিংবা কারো কাছে কোনো তথ্য থাকলে সে বিষয়ে আমাদেরকে জানাতে পারেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করার পর দাউদকান্দি থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।

চট্টগ্রাম কারাগারে বিদ্রোহ ও ব্যাপক গোলাগুলি

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন।

শুক্রবার দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কারাগারের প্রধান ফটক বাইরে থেকে একটি পক্ষ ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে।

বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ঘটনাস্থলের দিকে যাচ্ছে সেনাবাহিনী।

বাজার মনিটরিংয়ে কুমিল্লার শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট:

শেখ হাসিনার দেশত্যাগের পর সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিংয়ের কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সারাদেশের মতো কুমিল্লায়ও এ কার্যক্রম অব্যাহত রেখেছেন কুমিল্লার শিক্ষার্থীরা।

বিগত দিনের মতো শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে কুমিল্লা নগরীর সবগুলো গুরুত্বপূর্ণ বাজারে মনিটরিংয়ের কাজ করতে দেখে গেছে শিক্ষার্থীদের। নগরীর রাজাগঞ্জ বাজার, টমছমব্রিজ বাজার, নিউমার্কেট ও শাসনগাছা এলাকায় বিভিন্ন দলে ভাগ হয়ে তাদের বাজার মনিটরিং করতে দেখা গেছে।

এ সময় পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করতে দেখা গেছে তাদের। এ ছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো ত্রুটি দেখা যাচ্ছে সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।

শিক্ষার্থীরা জানান, আমরা ভোক্তাদের কথা শুনছি। তারা (ভোক্তারা) জানিয়েছেন, আগের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সিন্ডিকেট এবং চাঁদার সংস্কৃতি না থাকায় কম দামে পণ্য বিক্রি করতে পারছেন বিক্রেতারা।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। আমরা এই রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাব। বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেব।

শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

বাজারে আসা বেশ কয়েকজন ক্রেতা জানায়, শিক্ষার্থীদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে। প্রশাসনের নিস্ক্রিয়তার সুযোগে ব্যবসায়ীরা অসদুপায় অবলম্বন করতে চাইত, কিন্তু শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে চাইলেও তারা সেটা করতে পারছেন না। শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ।

দুই সমন্বয়ক যে ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

ডেস্ক রিপোর্ট:

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।

শুক্রবার দুপুর ১টায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।

মো. নাহিদ ইসলাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তার বাবার নাম বদরুল ইসলাম জামির। নাহিদ ইসলামের স্থায়ী ঠিকানা ঢাকার বাড্ডা এলাকার বেরাইদ ইউনিয়নে। বর্তমানে পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব।

আসিফ মাহমুদ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (আসিফ মাহমুদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নাখালপাড়া হোসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাবার নাম মো. বিল্লাল হোসেন। আসিফ মাহমুদের স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।

“ক্লিন সিটি কুমিল্লা” নামক কর্মসূচি পরিচালনা করছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লার স্বেচ্ছাসেবীরা

আবরার আল দাইয়ান:

ছাত্র সমাজের বিজয়, অদম্য শক্তির দ্যোতক, জ্ঞান-গরিমায় উদ্ভাসিত, নতুন দিনের সূর্যোদয়। আমরা দেশকে নতুন করে পেয়েছি।বিজয়ের রঙে রাঙা, আমরা গর্বিত জাতি, স্বাধীনতার মন্ত্রে বাঁধা, বীর বাঙালির খাঁটি।

দেশকে নতুন করে পূর্ণ গঠনের লক্ষ্যে ছাত্র সমাজের উদ্যোগে, ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলার স্বেচ্ছাসেবীরা, নিজ শহর থেকে কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে উল্লাসিত করার জন্য।

সেই লক্ষ্যেই তারা “ক্লিন সিটি কুমিল্লা” নামক কর্মসূচির মাধ্যমে আন্দোলনের ক্ষয়ক্ষতি ও ধ্বংসাবশেষ সরিয়ে একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর গঠনের উদ্যোগ নিয়েছে। এবং শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছে। এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের উদ্যোগে কুমিল্লার পূবালী চত্বর ও টমছম ব্রিজের ট্রাফিক শৃংখলা কার্যক্রমে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইনচার্জ এর দায়িত্বরত ছিল কুমিল্লা জেলার ভলেন্টিয়ার ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা।

এছাড়াও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং , পরিপরিষ্কার-পরিচ্ছনতা কার্যক্রম ,চাঁদাবাজি, ও মানুষের অধিকার রক্ষায় সচেতনতা মূলক মাইকিং কার্যক্রম পালন করে। একটি বলতে হয় যে সাধারণ মানুষও যেভাবে পেরেছেন এগিয়ে এসেছে সকল স্বেচ্ছাসেবীদের সাহায্য করেছে । সাধারণ জনগণ বলতে চাচ্ছে এমন স্বাধীন দেশ এ তো আমরা চেয়েছিলাম।

কেন্দ্রীয় শহীদ মিনারে ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটের দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আরও ১৩ উপদেষ্টা ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ সদস্য শপথ নেন। দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন ড. ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার পর দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দেশে ফিরে তিনি বলেন, আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন বিজয় দিবস সৃষ্টি করলো সেটিকে সামনে রেখে এবং আরও মজবুত করে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা এটি সম্ভব করেছে, যে তরুণ সমাজ; তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আজ আমার পাশে আছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, তারা এ দেশকে রক্ষা করেছে, এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে, সেটিই আমাদের শপথ। সেই শপথ আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই।

সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশত্যাগ করেন। এর পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়। মঙ্গলবার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, মুরাদনগরে উৎসবের আমেজ

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর বৃহস্পতিবার (০৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৬ জন উপদেষ্টা নিয়ে নতুন সরকার গঠন করা হয়।

এই সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নিয়েছেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর গ্রামের সন্তান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া। এ খবরে মুরাদনগরের গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা। চলছে মিষ্টি বিতরণ।

প্রতিবেশীরা আতশবাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করছেন। এ ছাড়াও আসিফ মাহমুদ ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হচ্ছে বিভিন্ন পোস্ট।

ইউপি সদস্য সালাউদ্দিন খাঁন বলেন, আমাদের গ্রামের আসিফ আন্দোলনে সফল হয়েছে এবং এখন নতুন সরকারের উপদেষ্টা হয়েছেন। আমিসহ এলাকাবাসী সবাই খুশি। আমরা শুক্রবার নামাজের পর দোয়া ও মিলাদের আয়োজন করব। বিকেলে সবাই মিলে আনন্দ মিছিল করব।

আকুবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল বলেন, আমার ইউনিয়নের ছেলে আসিফ মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়েছে, আমার ইউনিয়নবাসী তথা মুরাদনগর উপজেলাবাসী সকলেই আনন্দিত। আমাদের মাঝে বয়ে যাচ্ছে উৎসবের আমেজ। সফল আন্দোলনের পর উপদেষ্টা নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। মুরাদনগরের ইতিহাসে এ প্রথমবারের মতো কোনো উপদেষ্টা মনোনীত হয়েছে। দেশ-বিদেশে আমাদের মুরাদনগরের মুখ উজ্জ্বল করেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি।