All posts by jitu

ভোটে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সংবিধানে এমন কিছু বলা নেই: ফারুক খান

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেছেন, ভোটে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটা সংবিধানেও লেখা নাই, পৃথিবীর কোনো আইনেও লেখা নাই। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে না।

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। একজন প্রতিনিধি নিয়ে আওয়ামী লীগের পক্ষে সংলাপে অংশ নেন সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

সংলাপ শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন যে বক্তব্যগুলো দিয়েছে, যে ব্যবস্থাগুলো নিয়েছে, আমাদের সরকার সহায়তা করেছে, তার বাস্তব প্রতিফলন আমরা দেখছি। ১৯৭২ সালে নিয়ম ছিল যে ব্যালট পেপারের পেছনে সিল ও অফিসারের স্বাক্ষর থাকবে। তবে আটাত্তরের পর শুধু সিল রাখার ব্যবস্থা করা হয়। এবার আবার প্রতিটি ব্যালট পেপারের পেছনে সিল ও স্বাক্ষরের ব্যবস্থা রাখা হয়েছে। এতে নির্বাচন আরও সুষ্ঠু হবে।

এছাড়া আমাদের যে ব্রিফ দেওয়া হয়েছে, তাতে মনে করি সংবিধান সম্মতভাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ কখনো অরাজকতার নির্বাচন করেনি। আমাদের ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। এখানে যেসব রাজনৈতিক দল নাম সর্বস্ব, যাদের ভোটার নাই, তারাই এরকম অভিযোগ করতে পারে বলে আমি মনে করি। সুতরাং যেসব রাজনৈতিক দলের সক্ষমতা নেই, জনসমর্থন নাই, জনগণের যাদের উপর আস্থা নেই, তারা-তো নির্বাচনে আসবেই না।

বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সহিংসতাপূর্ণ। এটি একটি দলের রাজনৈতিক কর্মসূচি বলা যেতে পারে না। তারা টেরোরিস্ট অ্যাকশন করছে।

বিএনপিকে ইসির সংলাপে আমন্ত্রণে চিঠি দেওয়া গেল না, এটি কি স্বাভাবিক ঘটনা, এমন প্রশ্ন করলে ফারুক খান বলেন, আমি মনে করি এটা বিএনপির জন্য লজ্জার। তারা অফিসে থাকবে না কেন?

বিএনপির বর্তমান কর্মসূচির বিষয়ে কোনো শঙ্কা ইসির কাছে আপনারা জানিয়েছেন কি না, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ইসি সেটা নিজেই জানিয়েছে কী ধরনের ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনের পরিবেশ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ আছে। ভবিষ্যতে আরও ভালো হবে।

ইলেকশন কমিশন জানিয়েছে নির্বাচনে ভোটারদের উৎসাহিত করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে। আমি মনে করি জনগণ তখন আরও বেশি উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনের জন্য আসবে বলে মন্তব্য করেন ফারুক খান।

মেট্রোরেলে চড়ে ২৫ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছালেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

মেট্রোরেলে চড়ে রাজধানীর আগারগাঁও থেকে মাত্র ২৫ মিনিটে মতিঝিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্রমণকালে তিনি গণমাধ্যমকর্মী ও সফরসঙ্গীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪১ মিনিটের দিকে বিদ্যুৎচালিত দ্রুতগতির এ যানে আগারগাঁও থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর ৩টা ৬ মিনিটে রেলের মতিঝিল প্রান্তে পৌঁছান।

এর আগে তিনি আগারগাঁও স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট মেশিন থেকে মেট্রোরেলের টিকিট কাটেন।

এদিকে, দুপুর আড়াইটার দিকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জানা যায়, রোববার (৫ নভেম্বর) থেকে পুরো মেট্রোরেল সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এই অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ নভেম্বর থেকে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করা ট্রেনগুলো উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ট্রেনগুলো শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। এসময় মতিঝিল পর্যন্ত কোনো ট্রেন আর চলাচল করবে না।

ডিপো থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ২১.২৬ কিলোমিটার রেলপথে মোট স্টেশন থাকছে ১৭টি। স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ পিছিয়ে আগামী ৯ নভেম্বর

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সাক্ষাৎ পিছিয়েছে। আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) সাক্ষাতের নতুন দিন নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (রোববার) সাক্ষাতের জন্য দিন নির্ধারিত ছিল।

প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পুরো কমিশন সেদিন সাক্ষাৎ করবেন।

চলতি মাসের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল দিতে চায় ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে ভোটগ্রহণ।

এরই মধ্যে তফসিল ঘোষণার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে।

মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনজন নিহতের বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ রানা বলেন, আমি মাত্র ঘটনাস্থলে এসেছি। তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারিনি। পরিচয়ও এখনো জানা যায়নি।

শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩ জন গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট:

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শনিবার (৪ নভেম্বর) সপ্তম দিনের মতো সড়কে নেমে অবরোধের চেষ্টা করছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এক ভ্যানচালকসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয় তলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ভ্যানচালক আমিরুল (৪৫), শামীম (২৪) ও তার খালাতো ভাই তাইজুল ইসলাম (২৫)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ছয় তলা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হতে থাকে। পরে শ্রমিকরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা গলির ভেতরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ গুলি ছোড়ে। এ সময় এক ভ্যানচালক গুলিবিদ্ধ হন। এছাড়া আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ তিনজনকেই স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ভ্যানচালক আমিরুল ইসলাম বলেন, আমি বাইপাইল থেকে ১২০ টাকা ভাড়ায় একজনকে নিয়ে ছয়তলায় যাই। সেখানে গিয়ে শ্রমিক আন্দোলনের মুখে পড়ি। এসময় পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুড়লে আমি গুলিবিদ্ধ হই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।

আমিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় রড মিস্ত্রি সোহেল বলেন, আমি দেখলাম ভ্যানচালক গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। পরে আমিসহ কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসি।

গুলিবিদ্ধ তাইজুল ইসলাম বলেন, আমার মা নিউ এইজ কারখানায় চাকরি করেন। তিনি সকালে কারখানায় চলে যান। পরে আমি আমার মায়ের খোঁজে সড়কে বের হই। সড়কে মায়ের জন্য অপেক্ষা করছিলাম আর মোবাইলে কথা বলছিলাম। এসময় আমি ও আমার খালাতো ভাই গুলিবিদ্ধ হই। পরে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. জয় ভট্টাচার্য বলেন, সকালে তিনজন আমাদের হাসপাতালে আসেন। তারা স্প্লিন্টারের ইনজুরি নিয়ে এসেছেন। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সকালে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করা হলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা রাবার বুলেট ছুড়েছি। কিন্তু কাউকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি।

সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে যুক্তরাষ্ট্রের, হামাসের হুশিয়ারি

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র একসময় অতীতের বিষয় হয়ে যাবে এবং এটিরও সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে বলে হুশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা।

শুক্রবার লেবাননভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। খবর মিডল ইস্টের।

ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারটি গত ২ নভেম্বর সম্প্রচারিত হয়। পরে এটি ইসরাইলি গবেষণা সংস্থা মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে অনুবাদ করা হয়।

সাক্ষাৎকারে আলী বারাকা বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত শত্রুরা পরামর্শ করছে এবং ঘনিষ্ঠ হচ্ছে। এমন দিন আসতে পারে যখন তারা একসঙ্গে যুদ্ধে যোগ দেবে এবং আমেরিকাকে অতীতের বিষয়ে পরিণত করবে। সোভিয়েত ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্রের পতন হবে।

হামাসের এ জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, শুধু উত্তর কোরিয়ারই সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর।

এ বিষয়ে আলী বারাকা বলেন, উত্তর কোরিয়ার নেতাই (কিম জং উন) সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম। তিনিই একমাত্র। এমন দিন আসতে পারে, যখন উত্তর কোরিয়া হয়তো যুক্তরাষ্ট্রে হামলা করবে, কারণ এটি আমাদের জোটের অংশ।

হামাস জানিয়েছে, তাদের প্রতিনিধিদল সম্প্রতি মস্কো সফর করেছে। আরেকটি দলের বেইজিংয়ে যাওয়ার কথাও রয়েছে।

এ নিয়ে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বারাকা বলেন, রাশিয়া আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দোহায় চীন ও রাশিয়ার প্রতিনিধিদল হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছে।

হামাসের এ কর্মকর্তার মতে, ইরানের যুক্তরাষ্ট্রে হামলা করার সামর্থ্য নেই। কারণ তাদের কাছে এমন অস্ত্র নেই। তবে গাজা যুদ্ধে হস্তক্ষেপ বাড়ালে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালায়। এর পর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে তারা। চলমান সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ২২ হাজারের বেশি। গাজায় এখনো অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

সেমির আগে ভারতের ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

ডেস্ক রিপোর্ট:

যে ভয়টা ছিল, ঠিক সেটাই হলো। চোটের জন্য পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া, যা বিশ্বকাপের সেমিফাইনালের আগে ভারতের চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিল। হার্দিককে ছাড়া গ্রুপ পর্যায়ের চারটি ম্যাচে ভারত জিতলেও দলের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল। আর সেভাবেই ভারতকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে হবে।

কারণ হার্দিকের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাবেক প্রসিধ কৃষ্ণকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হলেও তিনি পুরোপুরি পেসার। তার ব্যাট একেবারেই ভালো নয়। ফলে অভাবনীয় কিছু না ঘটলে তাকে খেলানোর কোনো সম্ভাবনা নেই। খাতা-কলমে ছিটকে যাওয়া খেলোয়াড়ের পরিবর্তন ঘোষণা করতে হয় বলে স্রেফ তাকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে অনেকের ধারণা।

শনিবার সকালে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে যে চোট পেয়েছিলেন হার্দিক, তা এখনো সেরে ওঠেনি। তার ফলে হার্দিকের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। তিনি আর এবারের বিশ্বকাপ খেলতে পারবেন না। তার পরিবর্তে প্রসিধের নাম পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। যে প্রসিধ মাত্র ১৯টি একদিনের ম্যাচ খেলেছেন।

অথচ প্রাথমিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে যখন চোট পান হার্দিক, তখন মনে হয়েছিল যে মেরেকেটে একটি বা দুটি ম্যাচে (নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে) খেলতে পারবেন না ভারতের সহ-অধিনায়ক। সেই ম্যাচে নিজের প্রথম ওভারে বোলিং করার সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ গোড়ালিতে চোট লেগে যায় হার্দিকের। তার পর আর বল করতে পারেননি। ব্যাটিংয়েও নামেননি। মাঠ থেকে নিয়ে গিয়ে স্ক্যান করা হয়েছিল। স্ক্যানের রিপোর্টে তেমন উদ্বেগের কিছু মেলেনি।

সেই পরিস্থিতিতে প্রাথমিকভাবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, নিউজিল্যান্ড ম্যাচে (২২ অক্টোবর) খেলতে পারবেন না হার্দিক। পরে ইংল্যান্ড ম্যাচের (২৯ অক্টোবর) জন্য দলের সঙ্গে সরাসরি লখনৌতে যোগ দেবেন। তবে সেটা হয়নি। বরং গত বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে যখন ভারত ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামে, তখনো দলে যোগ দেননি হার্দিক।

আগামীকাল রোববার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার ম্যাচের জন্যও শুক্রবার ভারতীয় দলের সঙ্গে কলকাতায় আসেননি হার্দিক। ফলে একটা উদ্বেগ তৈরি হচ্ছিল। আর শনিবার সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল।

ইসির প্রথম ধাপের সংলাপে অংশ নেয়নি ৯ দল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইসির মতবিনিময় সভা। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে প্রথম ধাপের মতবিনিময়। এতে অংশ নিয়েছে ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দল। অংশ নেয়নি ৯টি দল। এরমধ্যে ৩টি দল সংলাপে অংশ নেবে না বলে চিঠি দিয়ে জানিয়েছে আগেই। বাকিরা অনুপস্থিত রয়েছে।

যে ৯টি দল আসেনি সেগুলো হলো এলডিপি, বিজেপি, কমিউনিস্ট পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণতন্ত্রী পার্টি, মুসলিম লীগ, বাংলাদেশ মুসলিম লীগ, কল্যাণ পার্টি ও খেলাফত মজলিস।

অংশ নিয়েছে আলোচিত তৃণমূল বিএনপি, এনডিএম ও গণফোরামের একাংশ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। আরও যেসব দল এসেছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশ, জমিয়তে ওলামায়ে ইসলাম।

এর আগে এলডিপি, বিজেপি এবং কল্যাণ পার্টি সংলাপে অংশ নেবে না বলে চিঠি দিয়ে জানিয়েছে।

নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোকে জানানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি।

শনিবার (৪ নভেম্বর) সকালে সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করছেন। নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন সভায়।

বিএনপিসহ আরও ২২টি দলকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।

এদিকে ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

রোববার চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো ট্রেন যাবে কক্সবাজার

ডেস্ক রিপোর্ট:

নির্মাণ কাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কি না যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে একটি ট্রেন। রোববার (৫ নভেম্বর) সকাল ৮টায় আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। এতে থাকবেন রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা।

রেলওয়ে সূত্র জানায়, রোববার ট্রেনটি সকাল ৯টায় দোহাজারী স্টেশনে পৌঁছবে। এরপর সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবে। ট্রেনটি ওইদিন বিকেল ৫টায় কক্সবাজার পৌঁছার কথা রয়েছে। রেলের পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা কক্সবাজারে অবস্থান করবেন। ৬ নভেম্বর ওই টিম কক্সবাজার রেলস্টেশন ইয়ার্ড পরিদর্শন করবে। ৭ নভেম্বর সকাল ৭টায় ওই টিম চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে।

সরকারি রেল পরিদর্শক রুহুল কাদের আজাদ বলেন, রোববার ট্রেনযোগে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে রেলের পরিদর্শন দপ্তরের টিম। এসময় নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন ও বিভিন্ন স্টেশন পরিদর্শন করা হবে। এতে কোনো ত্রুটি আছে কি না যাচাই করা হবে।

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক সুবক্তগীন বলেন, ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন করবেন। ৭ নভেম্বর এ রুটে পরীক্ষামূলক ট্রেন চলবে।

এর আগে গত ১৬ অক্টোবর দোহাজারী-কক্সবাজার রেললাইন পরিদর্শন করেছিলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। মন্ত্রী ওইদিন একটি ট্রলি দিয়ে দোহাজারী থেকে কক্সবাজার গিয়েছিলেন। তখন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রেললাইনের উদ্বোধন করবেন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উদ্বোধন অনুষ্ঠান একদিন এগিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প ২০১০ সালের ৬ জুলাই একনেকে অনুমোদন পায়। ২০১৮ সালে এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। পরে এক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ করা হয় ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। এতে ব্যয় ধরা হয় ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। প্রকল্পে ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যয় বাড়েনি। এ প্রকল্পের কাজ পুরোদমে চলায় নির্ধারিত সময়ের আগেই তা সমাপ্ত হতে যাচ্ছে।

২০১৬ সালের ২৭ এপ্রিল প্রকল্পটি ‘ফাস্ট ট্র্যাক প্রকল্প’ হিসেবে অন্তর্ভুক্ত হয়। রেলপথটি নির্মিত হলে মিয়ানমার, চীনসহ ট্রান্স এশিয়ান রেলওয়ের করিডোরে যুক্ত হবে বাংলাদেশ।