Tag Archives: আজকের কুমিল্লা

বন্যার্তদের সেবায়

চৌদ্দগ্রামে বন্যার্তদের সেবায় দিনরাত একাকার জামায়াত কর্মীদের

চৌদ্দগ্রামে বন্যার্তদের সেবায় দিনরাত একাকার জামায়াত কর্মীদের

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী ঐতিহ্যবাহী একটি উপজেলা ‘চৌদ্দগ্রাম’। শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনে পুরো পৃথিবীজুড়ে এ উপজেলা বেশ পরিস্থিত। গত সপ্তাহে ভারি বৃষ্টি ও ভারতীয় উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

তাৎক্ষণিক সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের পরামর্শক্রমে গ্রামভিত্তিক জামায়াত নেতাকর্মীরা পানিবন্দি মানুষদের উদ্ধার করে সরকারি ও বেসরকারি আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। এরপর পুরো উপজেলাজুড়ে পানিবন্দিদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত কয়েকদিন ধরে নেতাকর্মীরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে।

উপজেলা জামায়াত সূত্রে জানা গেছে, স্বাধীন বাংলাদেশে অতীতে কখনো এরকম বন্যা পরিস্থিতি দেখেনি চৌদ্দগ্রামবাসী। গত ২২ আগস্ট থেকে জামায়াত নেতাকর্মীরা সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ ও বিভিন্ন বিল্ডিং বাড়ির ১০৬ আশ্রয় কেন্দ্রে ২০ হাজার মানুষকে উদ্ধার করে আনা হয়েছে। প্রথম ৪ দিন প্রত্যেক আশ্রয় কেন্দ্রের টিমের মাধ্যমে আশ্রয়কেন্দ্র ও পাশ্ববর্তী গ্রামগুলোর পানিবন্দি মানুষের মাঝে ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

এরপর থেকে প্রতিদিন ২-৩ বেলা রান্না করা খাবার দেয়া হচ্ছে। গত দুইদিন বন্যার পানি কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। এবার দ্বিতীয় ধাপে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবনসহ ১০ হাজার ফুড প্যাক বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তালিকা করা হচ্ছে। সাধ্য অনুযায়ী জামায়াত ক্ষতিগ্রস্তদের পূণর্বাসন করবে। এসব কাজ করতে গিয়ে জামায়াত নেতাকর্মীদের দিনরাত একাকার হয়ে গেছে।

বানভাসিদের সেবায় নির্ঘুম রাত কাটছে গ্রাম থেকে শুরু করে উপজেলার নেতাকর্মীদের। বানভাসিদের সেবা কার্যক্রম তদারকি করছেন উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী কাজী মোঃ ইয়াছিনসহ সংশ্লিষ্ট পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার উপজেলা জামায়াত আমীর মু. মাহফুজুর রহমান ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন বলেন, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। বানভাসিদের কথা বিবেচনা করে ২৪ আগস্ট তিনি গণসংবর্ধনা অনুষ্ঠান বাতিল করে ২৩-২৫ আগস্ট পুরো উপজেলা পরিদর্শন করে বানভাসিদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। উপজেলাজুড়ে তিন ধাপে জামায়াত কাজ করছে।

এরমধ্যে; প্রথমত-বানভাসিদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া ও শুকনো খাবার বিতরণ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে ভারি খাবার বিতরণ চলছে। তৃতীয়ধাপে ক্ষতিগ্রস্ত বানভাসিদের পূণর্বাসনের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি

কুমিল্লায় বন্যার তাণ্ডবে মৎস্যখাতে ৪০৪ কোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। জেলার মৎস্যখাতে ও মারাত্মক ক্ষতির ঘটনা ঘটেছে। মাছ উৎপাদনে অতীতে বেশ কয়েকবার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী এই জেলায়, বর্তমান বন্যার কারণে মৎস্যখাতে মোট ৪০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এটি  অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

বুধবার (২৮ আগস্ট) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলমান বন্যায় জেলার ২৩ হাজার ৪২টি খামার বা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট ৫ হাজার ৮৩৫ দশমিক ৬১ হেক্টর আয়তনের।

ক্ষতিগ্রস্ত খামারগুলো থেকে ২৫ হাজার ৫৩৮ দশমিক ৫০ টন ফিন ফিশ, ১০ দশমিক ২৮ টন চিংড়ি এবং ১০ কোটি ১৭ লাখ সংখ্যক পোনা মাছের ক্ষতি হয়েছে। বাজার মূল্যে, মাছে ৩৫৮ কোটি ১২ লাখ টাকা, চিংড়িতে ৫ কোটি টাকা এবং পোনামাছের ক্ষতি ১৭ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকা হয়েছে।

এছাড়া, ২২ কোটি ৯৫ লাখ টাকার পুকুর, খামার বা স্লুইস গেটের অবকাঠামোর ক্ষতি এবং ৮০ লাখ টাকার জাল বিনষ্ট হয়েছে।

বরুড়া উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এখানে ৩ হাজার ৭৪৯টি মাছের খামার বা পুকুর বিনষ্ট হয়েছে, যা ৯০৩ হেক্টর আয়তনের।

এছাড়া, ব্রাহ্মণপাড়া ১ হাজার ১০টি, বুড়িচং ১ হাজার ৮০০টি, নাঙ্গলকোট ৩ হাজার ১৬২টি, লালমাই ২ হাজার ৭টি, মনোহরগঞ্জ ২ হাজার ৩৫০টি, আদর্শ সদর ২ হাজার ৪৫২টি, মুরাদনগর ৮০০টি, চান্দিনা ২০০টি, লাকসাম ২ হাজার ৫০০টি, তিতাস ২২টি, দেবীদ্বার ৪০০টি, চৌদ্দগ্রাম ১ হাজার ৮৪০টি এবং সদর দক্ষিণে ৬৬০টি মাছের খামার বা পুকুর তলিয়েছে।

এছাড়া, জেলায় ১৫টি মৎস্যবীজ খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আয়তন ২ দশমিক ৬৯ হেক্টর। এসব খামারে ৬২ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন জানিয়েছেন, বন্যায় মৎস্যখাতে ক্ষতির একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বানের পানি নেমে গেলে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।

ওয়ান-ইলেভেনের কথা

ওয়ান-ইলেভেনের কথা তো আমরা ভুলতে পারি না: মির্জা ফখরুল

ওয়ান-ইলেভেনের কথা তো আমরা ভুলতে পারি না: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:

ওয়ান-ইলেভেনের মতো বিএনপিকে লক্ষ্য করে দেশকে বিরাজনৈতিকীকরণের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, তাঁরা এখনো ওয়ান-ইলেভেনের কথা ভুলে যাননি। তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে, তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, প্রশ্ন এসে যায়। একই সঙ্গে নির্বাচন প্রশ্নে অতিদ্রুত সংলাপের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতের সাম্প্রতিক একটি বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ও দখল নিয়ে বিএনপিকে লক্ষ্যবস্তু করে প্রচারণা চালানো হচ্ছে। আবারও এক-এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করে বিরাজনৈতিকীকরণের চেষ্টা থেকে এ কাজগুলো করা হচ্ছে।

২০০৭ সালের সেনা সমর্থিত এক-এগারো সরকারের প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা তো ভুলে যাইনি এক-এগারোর সময় কারা চেষ্টা করেছিল বিরাজনৈতিকীকরণের। এমনকি ওই সময় আমাদের দলকে পর্যন্ত পুরোপুরি বাতিল, নিশ্চিহ্ন করার চেষ্টাও হয়েছিল। এ কথাগুলো তো আমরা ভুলতে পারি না। আমার গণতন্ত্রের জন্য, আমার রাজনীতির জন্য, আমার দেশের কল্যাণের জন্য এ কথাগুলো আমার মনে রাখতে হবে।’

বর্তমান সরকারের মধ্যে বিরাজনৈতিকীকরণের কোনো লক্ষণ দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এমন লক্ষণ দেখছি না। আমি সতর্ক করছি। কিছু চেহারা আছে তো? এ চেহারাগুলো দেখলে আমরা ভয় পাই।’

তিনি বলেন, ‘যাঁদের কোনো দিন দেখা যায়নি, তাঁরা সামনে চলে আসছেন।’ বিএনপি মহাসচিব বলেন, ‘হঠাৎ করে ওই ব্যক্তিগুলো মিডিয়ায় সামনের পেজে চলে আসছেন।

তাঁদের বক্তব্য, থিওরি প্রচার করছেন। আমি কারো নাম বলতে চাই না। আমার মনে হয়, এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভালো বিষয় নয়।’

দুই দিন আগে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলীয় এক কর্মসূচিতে বর্তমান বন্যা পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি এবং দখলদারির বিষয়ে কথা বলেন। ওই বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আগেই বলেছি, এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত। কারণ আমরা তো এক-এগারোর কথা ভুলে যাইনি।

যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে; তারা এ ধরনের বিভিন্ন চিন্তা-ভাবনা করে, আমি কোনো দলের নাম বলছি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমাদের লড়াইটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। সেটার জন্যই তো নির্বাচন। এটা তো আমাদের অধিকার। আমরা তো নির্বাচনের জন্যই এত দিন লড়াই করেছি, সংগ্রাম করেছি।’

জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি হয়, এমন বক্তব্য না দিতে সবার প্রতি অনুরোধ জানান বিএনপির মহাসচিব।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হলো, তার জন্য ওই দলগুলো মিলেই তো আমরা আন্দোলন করেছি। ওই দলগুলোর অনেককে আন্দোলনে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। এমনকি তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ওই আন্দোলনকে, ওই বিষয়কে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করব না।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার এসেছে একটি আন্দোলন-বিপ্লবের মধ্য দিয়ে। অবশ্যই এই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। তার জন্য সব ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি, করব, যত দিন সরকার সঠিক পথে থাকবে।’

কারো নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, ‘আমি যদি মনে করি, একজন ব্যক্তি একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবে; আমার ওই চিন্তা সঠিক হবে না। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। সংস্কারের দাবি তো আমরাই তুলেছি। আমরা ৩১ দফা দিয়েছি। ৩১ দফা থেকে কমিয়ে ১০ দফা হয়েছে, ১০ দফা থেকে এক দফা হয়েছে। এটা নিয়ে আমরা আন্দোলন করেছি, সারা বাংলাদেশ চষে বেড়িয়েছি। আমরা তো সংস্কার চাই। তবে সেই সংস্কারটা অবশ্যই হতে হবে জনগণের সমর্থন নিয়ে।’

অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র মেরামতের জন্য ‘যৌক্তিক’ সময় দেওয়ার কথা বলেছে বিএনপি। সেই যৌক্তিক সময় কতটা, জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এ জন্যই আলোচনা দরকার। যৌক্তিক সময়ের ধারণা নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কী চাই, উনারা কী চান, জনগণ কী চায়, একটা আলাপ-আলোচনা তো হতে হবে। সে জন্য বলেছি, বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অতিদ্রুত আলোচনা হওয়া দরকার। খুব জোর দিয়ে বলেছি, আজকেও বলছি। নইলে ভুল-বোঝাবুঝি তৈরি হয়।’

সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আদেশ প্রত্যাহার করে নিচ্ছে, এ নিয়ে একজন সাংবাদিক প্রতিক্রিয়া জানতে চান। জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, সে যে দলই হোক। আমাদের সংবিধানে যেকোনো ব্যক্তির অধিকার রয়েছে সংগঠন করার। কিন্তু স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। আমার বাংলাদেশের স্বাধীনতাই বিশ্বাস করে না, সে ধরনের দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি, মানুষের অধিকার আছে একটা সংগঠন তৈরি করার, রাজনীতি করার।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব নস্যাৎ করার জন্য এবং বিএনপির অবদান খাটো করতে পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে। এই বিপ্লব ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্র আছে। আপনারা দেখবেন, বিদেশ থেকে, বিশেষ করে ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশে যে বিপ্লব সংঘটিত হয়েছে সেটা তারা নস্যাৎ করতে চায়। কতগুলো রাজনৈতিক ইস্যুকে তারা সাম্প্রদায়িক ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘প্রথম দিকে তারা যে সংখ্যালঘু নির্যাতনে প্রচার চালিয়েছিল, এর বোধ হয় ১-২ পারসেন্টও সঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে, দখলদারি। এগুলো কিন্তু অপপ্রচার। আমি বলতে বাধ্য হচ্ছি, আবার আগের মতো এক-এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করে এই কাজগুলো করা হচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। আমরা ১৫ বছর ধরে সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। মনে রাখতে হবে, গণতন্ত্রে নির্বাচিত সংসদ ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

ওয়ান-ইলেভেনের কথা তো আমরা ভুলতে পারি না: মির্জা ফখরুল

ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে মাছ ধরতে জাল বেচাকেনার ধুম

ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে মাছ ধরার জালের চাহিদা বৃদ্ধি পেয়েছে  হাটবাজারগুলোতে। গত বুধবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর বাজার ও ধান্যদৌল বাজারে ঘুরে দেখা যায়, ভ্রাম্যমাণ জালের দোকানে ভিড় জমিয়েছে স্থানীয় মানুষজন। নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা বিভিন্ন ধরনের জাল কিনছেন।

জানা গেছে, টানা বর্ষণ, উজানের ঢল এবং গোমতী ও সালদা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া। ২০ বছর পর এমন ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে এখানকার মানুষ। চারদিকে পানিতে থইথই, ভেসে গেছে পুকুর, খাল ও নদীর মাছ। এই মাছ ধরতে স্থানীয়রা ঝাঁকি, কনুই, ম্যাজিকসহ বিভিন্ন ধরনের জাল ব্যবহার করছেন। ফলে হাটবাজারগুলোতে মাছ ধরার জালের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

দুলালপুর এলাকার বাসিন্দা বশির আহমেদ জানান, “ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। জাল কেনার জন্য বাজারে এসেছি, দরদাম করে দুটো ম্যাজিক এবং একটি কনুই জাল কিনব।”

অন্যদিকে, নাগালই এলাকার হিরন মিয়া বলেন, “এ বছর বন্যায় পুকুরের সব মাছ বেরিয়ে গেছে। বন্যার পানিতে মাছ ধরতে একটি ভেসাল জাল পাতছি, আরও একটি কিনতে এসেছি।”

জাল বিক্রেতা আলতাফ হোসেন বলেন, “এ বছর জালের চাহিদা খুব বেশি। বিশেষ করে কনুই, ম্যাজিক এবং ভেসাল জাল বেশি বিক্রি হচ্ছে। এমন বন্যার পরিমাণে জালের চাহিদা আমার ব্যবসায়ী জীবনে আগে কখনো দেখিনি।”

মৌসুমি ব্যবসায়ী শাহ আলম জানান, “জালের চাহিদা এত বেশি যে সরবরাহের চেয়ে বেশি বিক্রি করছি। ২৯টি জাল বিক্রি করেছি, এবং সব বাজারেই জালের চাহিদা রয়েছে।”

কুমিল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার ৮৫

আজকের কুমিল্লা, অনলাইনঃ
কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ে বিভিন্ন মাদকদ্রব্য বহন-পাচার ও নিয়মিত মামলাসহ নানা অপরাধে ৮৫ জনকে গ্রেফতার করা হয়।

জেলা বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহবুব মোরশেদ জানান, মাদক আইনে গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। ৬ হাজার ৩৩৭ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা, ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। মাদক প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।