Tag Archives: মরদেহ

চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ওসমান (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের পরদিন বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ওই মাদ্রাসা ছাত্রকে হত্যা নাকি পুকুরের পানিতে ডুবে মৃত্যু তার কোনটিই নিশ্চিত করতে পারেনি কেউ।

বুধবার (২০ সেপ্টেম্বর ) সকাল ৭টায় উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের একটি পুকুর থেকে নিহতের মরদেহ পায় স্বজনরা।

নিহত মাদ্রাসা ছাত্র ওসমান শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের গাড়ি চালক সালাউদ্দিন সিকদারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় নূরানী বিভাগের ছাত্র।

নিহতের দাদা মোঃ জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার আছর নামাজের পর থেকে আমার নাতিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাকে কোথাও খুঁজে না পেয়ে আমার ছেলে (নিহতের পিতা) সালাউদ্দিন’কে ফোন করে বিষয়টি জানালে সে ঢাকা থেকে এসেও অনেক খোঁজাখুঁজি করে। পরদিন সকাল ৭টায় মসজিদের ইমাম গোসল করতে গেলে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করি। পরে পারিবারিক কবরস্থানে দাফন করি।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গ্রামের ১১ বছরের একটি ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু ঘটবে বিষয়টি বিশ্বাস যোগ্য নয়। কারণ হিসেবে উল্লেখ করে বলেন, যেহেতু বিকাল থেকে তাকে পাওয়া যায়নি সেহেতু ওই সময়ে গোসল করারও সময় না। তবে কিভাবে তার মৃত্যু ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

শুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি আমি শুনেছি মঙ্গলবার ছেলেটির সন্ধান পাওয়া যায়নি। সকালে পাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে স্বজনরা। তবে প্রকৃত ঘটনা কি তা সঠিক বলতে পারবো না।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন খাঁন জানান, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বিদ্যুতের তারে পেঁচানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

বিদ্যুতের তারে পেঁচানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বিদ্যুতের তারে পেঁচানো এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে সুরমা আক্তার ওরফে বিবি আছিয়াকে (৩৮) থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহত মো.কুদ্দুস (৫১) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রফিকপুর গ্রামের চকোইয়াদের বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে পুলিশ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চকোইয়াদের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কুদ্দুস একজন ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি স্ত্রী সহ ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর রাত সোয়া ২টার দিকে কুদ্দুস তার শয়ন কক্ষে শরীরে বিদ্যুতের তার পেঁচিয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদ্যদের শৌরচিৎকারে একালাবাসী বিষয়টি জানতে পারে। তবে স্থানীয়দের ভাষ্যমতে ভিকটিমের সাথে কিছুদিন ধরে স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিস মাহমুদ বলেন, ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। গৃহবধূকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আটক না তার কাছে আমরা জানতে চাচ্ছি কি হয়েছে। ঘরের ভিতরের ঘটনা এর মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। কথা বলতেছি।

প্রবাসী স্বামী দ্বিতীয় বিয়ের অনুমতি চাওয়ার দুদিন পর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রবাসী স্বামী দ্বিতীয় বিয়ের অনুমতি চাওয়ার দুদিন পর স্ত্রীর মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওমান প্রবাসী স্বামী দ্বিতীয় বিয়ের অনুমতি চাওয়ায় নিখোঁজ হন পারভীন আক্তার (৩৫) না এক গৃহবধূ। দুদিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পারভীন আক্তার ওই গ্রামের মৃত, জয়নাল আবেদীনের মেয়ে এবং একই এলাকার ওমান প্রবাসী আবদুর রহিম সোহাগের স্ত্রী। ময়নাতদন্তের জন্য তার মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারভীন আক্তারের প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হলে মানসিক সমস্যা দেখা দেয়। পরে প্রবাসী সোহাগের সঙ্গে বিয়ে হলেও অসুস্থতার কারণে বাবাবাড়িতে থাকতেন। সম্প্রতি সোহাগ দ্বিতীয় বিয়ের অনুমতি চাওয়ায় তার মানসিক সমস্যা বেড়ে যায়।

পরিবারের দাবি, শুক্রবার থেকে পারভীনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার দুপুরে ভাবী তাহমিনা আক্তার বাড়ির পাশে ডোবায় পারভীন আক্তারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই গৃহবধূর ভাই রফিক উদ্দিন লিটন থানায় অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাজীগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

হাজীগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জের স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল (পূর্ব) ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলো- হরমন বর্মণের ছেলে বৃদ্ধ উত্তম বর্মণ (৬৫) ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫)। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানায়, উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ কালা সিতার বাড়ি দেখাশোনা করতেন। বাড়ির মালিক দুলাল শাহা স্বপরিবারে নারায়নগঞ্জে বসবাস করেন। সেই সুবাদে বৃদ্ধ দম্পতি দুলালের বাসায় থাকতেন। শুক্রবার সকালে ফুল তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ওই ঘরের জানালা ভাঙা দেখতে পান। পরে তিনি ঘরের ভেতর তাদের স্বামী-স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে হত্যা করেছে। তারা মূলত ভাড়া বাড়িতে থাকতেন। তাদের হাত পা-বেঁধে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

নিখোঁজের দুইদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজের দুইদিন পর মাদরাসা ছাত্র ইব্রাহীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের পোমতলা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইব্রাহীম বরুড়া পৌর এলাকার পাঠান পাড়া এলাকার প্রবাসী মাসুদের ছেলে।

ইব্রাহীম গত সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে যায়। নিখোজের দুইদিন পর তার মরদেহ পুলিশ উদ্ধার করে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, শিশুটির চাচাতো ভাই তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছিল। আমরা আজ তার মরদেহ উদ্ধার করেছি। ঘাতককে আমরা সনাক্ত করেছি। গ্রেফতার অভিযান চলছে।

চান্দিনায় দারিদ্রতার কষাঘাতে গৃহবধুর আত্মহ’ত্যা

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় স্বর্ণা আক্তার নিপা (২২) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ৩টায় কুমিল্লার চান্দিনা উপজেলার ২নং বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

নিহত নিপা সব্দলপুর গ্রামের সরকার বাড়ির ট্রাক চালক শাকিলের স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী।

স্থানীয়রা জানান, নিপার স্বামী পেশায় গাড়ি চালক হলেও নিয়মিত কাজে না যাওয়ায় দারিদ্রতা তাদের পিছু ছাড়েনি। দারিদ্রতায় কষাঘাতে পড়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সময় মতো কিস্তি পরিশোধ করতে পারছিল না। বৃহস্পতিবার ব্র্যাক এনজিও থেকে লোকজন বাড়িতে এসে কিস্তি পরিশোধের জন্য চাপ সৃষ্টি করায় বাধ্য হয়ে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে কিস্তি পরিশোধ করে। কিস্তির টাকার জন্য এনজিও’র লোকজন কেন বাড়ি এসে ঝামেলা করায় একই পরিবারের আরিফ নামে এক যুবক ও তার মা মিলে নিপাকে মারধর করে। অপমান সহ্য করতে না পেরে বসত ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্ম’ত্যা করে ওই গৃহবধু।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

কুমিল্লায় স্ত্রীর পরকীয়ার বলি স্বামী মনির, আসামি নুর আলম গ্রেফতার

স্টাফ  রিপোর্টার:
কুমিল্লায় স্ত্রীর পরকীয়ার বলি হয়ে খুন হন স্বামী মনির হোসেন । কুমিল্লা ডিবি পুলিশ রহস্য উদঘাটন করে আসামি নুর আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

নিহত মনির হোসেন (৩৫) দাউদকান্দি উপজেলার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের সিন্দি (ঢালী বাড়ি) এলাকার মৃত. আলাউদ্দিনের ছেলে।

ঘাতক  নুর আলম মিয়া (২৪) দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের  ফজলুর রহমানের ছেলে।

জানা যায়,  চলতি বছরের গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা  সাড়ে ৭ টায় সবজি ব্যবসায়ী  মোঃ মনির হোসেন (৩৫) সবজি  কেনার উদ্দেশ্যে নিমসার বাজারে যান। পরদিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর  জরুরী সেবা ৯৯৯ হতে  সংবাদ পেয়ে বুড়িচং থানা পুলিশ  উপজেলার  মোকাম ইউনিয়নের পরিহল পাড়া চেয়ারম্যান বাড়ির রাস্তার ১০০ গজ পূর্বদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করেন।   প্রাথমিকভাবে মৃতদেহের মাথায়, মুখে ও নাকে অনেকগুলো রক্তাক্ত গভীর কাটা জখম দেখা যায়। পরবর্তীতে পুলিশ স্থানীয় লোকজনের সাহায্যে মৃতদেহটি সনাক্ত করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠান। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর নিহত মনির হোসেনের মা রেহানা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার-১২।

এ হত্যাকান্ডের পর  মামলাটির ছায়া তদন্ত শুরু করেন জেলা গোয়েন্দা কুমিল্লা। তদন্ত কালে দেখা যায়, ভিকটিম মনির হোসেনের স্ত্রী নাজমা’র সাথে ড্রাইভার নুর আলম মিয়ার সাথে গত দেড় বছর ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল।  এটা নিয়ে ভিকটিমের সাথে স্ত্রী নাজমার মনোমালিন্যের সৃষ্টি হলে ভিকটিমের স্ত্রী নাজমা স্বামীর বাসা থেকে দুই ছেলেকে নিয়ে তার বোন বিউটির বাসায় চলে যায়। সেখানে ঘাতক নুর আলম এর সাথে নাজমার সম্পর্ক আরো গভীর হয়। পরবর্তীতে পারিবারিকভাবে কথা বলে নাজমা পুনরায় বাচ্চাদের নিয়ে তার স্বামীর বাসায় ফিরে আসে। তখন ঘাতক নুর আলম ভিকটিমের স্ত্রী নাজমাকে তার কাছে চলে আসতে বলে। নাজমা স্বামীর ঘর ছেড়ে আর কোথাও যাবে না জানালে ঘাতক নুর আলম ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে গত ৪ অক্টোবর  ঘাতক নুর আলমকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে উক্ত রহস্য উদঘাটন হয়।

গ্রেফতার হওয়া আসামি নুর আলমকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।  ৫ অক্টোবর  আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন এবং রিমান্ডের আবেদন করেন।

কুমিল্লার চান্দিনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় শক্তি রাণী দাস (২০) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন দাসপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত শক্তি রাণী দাস পৌরসভার ৫নং ওয়ার্ড চান্দিনা উপজেলা দাসপাড়া এলাকার প্রাণতোষ দাসের মেয়ে। দুই বোনের মধ্যে শক্তি রাণী বড়। সে চান্দিনা মহিলা কলেজের বিবিএস ১ম বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পিতা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে ব্যবসা করেন। ছোট বোনকে সাথে নিয়ে মা আলো রাণী দাস পৌরসভা ভবনে নতুন ভোটারের ছবি তুলতে গেলে খালি ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহ’ত্যা করে শক্তি রাণী। খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন যাবৎ ওই কলেজ ছাত্রী মানসিক সমস্যায় ভূগছেন বলে জানান স্থানীয়রা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম’রদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃ’ত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

চৌদ্দগ্রামে দুই শতক জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা: আহত নারীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বসতবাড়ির দুই শতক জায়গা নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত কুলসুম বেগম (৬৫) মারা গেছেন।

রোববার (৩১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত কুলসুমা বেগম চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর গ্রামের পশ্চিম পাড়া মজুমদার বাড়ির মৃত আবদুল খালেকের স্ত্রী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কুলসুম বেগমের সঙ্গে তার ভাশুর ধন মিয়া ও দেবর আরছ মিয়ার বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শনিবার (৩০ জুলাই) সকাল সাতটার দিকে ধন মিয়া, আরছ মিয়া, ধন মিয়ার ছেলে শাহিন ও সাইফুল পরিকল্পিতভাবে কুলসুমা ও তার মেয়ে নাজমা আক্তারকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এ সময় তাদের আত্ম-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দেন। পরে রোববার সকাল দশটার দিকে গুরুতর আহত কুলসুমা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত কুলসুম বেগমের বড় জামাতা মো. ভুট্টু বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার শাশুড়িকে প্রায়ই তার ভাশুর দেবররা মারধর করতেন। কিছুদিন আগেও আমার শাশুড়িকে উনার ভাশুর ধন মিয়া ও আরছ মিয়া একই বিরোধের জেরে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে আমরা একাধিকবার শালিস ডাকলেও তারা কাউকে পাত্তা না দেওয়ায় বৈঠক হয়নি।’

কুলসুম বেগমের ছেলে মো. সোহেল বলেন, ‘আমার জেঠা ধন মিয়া স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বাড়ির জন্য জায়গা ক্রয় করেন। কিন্তু আরছ মিয়া ও ধন মিয়া আমাদের কাছে জায়গা পাবেন বলে বিরোধ সৃষ্টি করেন। মাত্র দুই শতক জায়গা নিজেদের দাবি করে তারা আমার মাকে বিভিন্ন সময় মারধর করত। তারা প্রভাবশালী হওয়ায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাত্তা না দেওয়ায় কেউ বিচার করতে আসতে চায় না।’

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নেয়ার জন্য তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিলে তারা কল কেটে দেওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুলসুম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে’।

চৌদ্দগ্রামে সন্তানের মরদেহ কোলে নিয়ে থানায় মা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুকুরে পড়ে ১৪ মাস বয়সী খাদিজা আক্তার নামে এক শিশু মারা যায়। এরপর তার মরদেহ কোলে নিয়ে চৌদ্দগ্রাম থানায় হাজির হন মা সুরাইয়া বেগম।

বুধবার সন্ধ্যায় উপজেলার পৌরসভা গোমারবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের তাজুল ইসলামের একমাত্র শিশু কন্যা খাদিজা সন্ধ্যায় ঘরের পাশে কালাম মিয়ার মৎস্য ফিশারিজ পুকুরে পড়ে মারা যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় শিশুটির মা সুরাইয়া বেগম মরদেহ কোলে নিয়ে প্রথমে সহকারী কমিশনার ভূমি তমালিকা পালের কাছে নিয়ে যান। মৎস্য ফিশারিজ মালিক কালামে বিচারের দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন। এরপর সহকারী কমিশনার তাদের থানায় যাওয়ার পরামর্শ দেন। নিহত খাদিজার মা সুরাইয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র সন্তান কালামের মাছের পুকুরে পড়ে মারা যায়। আমি কী নিয়ে বেঁচে থাকব। আজ যদি ওই ফিশারিতে নেট লাগিয়ে নিরাপত্তার ব্যবস্থা করত, তাহলে হয়তো আমার বুকের ধন মারা যেত না। আর যেন কোনো মায়ের বুক এইভাবে খালি না হয়। কালামের বিচারের দাবিতে আমার সন্তানের মরদেহ নিয়ে আমি থানায় হাজির হয়েছি।

এ ব্যাপারে কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, আমি সরকারি কাজে কুমিল্লায় আছি। শুনেছি, এক মহিলা শিশুর মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছে। ডিউটি অফিসারকে বলেছি, বিষয়টি দেখার জন্য। বিস্তারিত বলতে পারছি না।