Tag Archives: সড়ক দুর্ঘটনা

কোম্পানীগঞ্জে অটোরিকশা-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারী চ্যালিত অটোরিকশা ও বেপরোয়া গতির পিকআপ ভ্যানের মুখোমুখি সংষর্ষে ২ অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশা চালক মামুন (৪৫) গুরুতর আহত হয়েছে।

নিহত জালাল উদ্দিন মিলন (৪৮) কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের হানিফ বিএসসি বাড়ির মন্নান দরবেশের ছেলে ও লিলি বেগম (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলী এলাকার আলী সওদাগরের স্ত্রী।

সোমবার (৪ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বিজয় নগরের বাংলাবাজার টু সোনাপুর সড়কের তের চোরার বেড়ি দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি জানান, দুপুর ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে একটি পিকঅ্যাপ ভ্যান সোনাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এসময় পিকঅ্যাপ ভ্যানটি চরফকিরা ইউনিয়নের তের চোরার বেড়ি দোকান ঘর এলাকায় পৌঁছলে চাপরাশিরহাট সংযোগ সড়ক থেকে একটি অটোরিকশা বাংলাবাজার টু সোনাপুর সড়কে উঠলে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিলন গুরুত্বর আহত হয়ে মারা যায়। অপরদিকে, গুরুতর আহত অবস্থায় অটোরিকশা যাত্রী লিলি বেগম ও অটোরিকশা চালক মামুনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিলি বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শ (তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় লোকজন পিকআপ ভ্যান ও ঘাতক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত ২, আহত ৪

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম বাগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত চালক আবুল মতিন (৬০) ও হেলপার মো. রাফি (২২)। আবদুল মতিন নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালেহ আহাম্মদ বলেন, মহাসড়কের চান্দিনার পশ্চিম বাগুর এলাকায় দাউদকান্দি থেকে ছেড়ে আশা সিডিএম পরিবহনের একটি বাস (বরিশাল-ব-১১-০০২৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার মারা যান। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ যাত্রী। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জনকে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র-জা:নি

দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৩৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান তিতাস উপজেলার গোপালপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, নিহত আব্দুর রহমান একটি ঔষুধ কোম্পানীর রিপ্রেজেন্টিভ পদে চাকুরী করতো। মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাওয়ার পথে শহিদ নগর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

চাঁদপুরের শাহরাস্তিতে বেপরোয়া সিএনজির ধাক্কায় ৭ বছরের শিশু নিহত

 

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বেপরোয়া গতিতে আসা সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় মোঃ ছাদেক হোসেন (৭) নামের এক শিশু ঘটনাস্থেলেই নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিকাল ৫টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের নুরানি মাদ্রাসার পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শোরসাক তপার বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। ছাদেক বাড়ির পাশে নুরানি মাদ্রাসার সামনে গেলে বেপরোয়াভাবে সিএনজি চালিত অটোরিক্সাটি এসে ছাদেককে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এ সময় উত্তেজিত জনতা সিএনজিটি আটক করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁদপুরে কানে এয়ার ফোন লাগিয়ে বেপরোয়া গতিতে অটোচালকের ড্রাইভ, সড়কেই ঝড়ল শিশুর প্রাণ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে অটোচালকের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় মোতালেব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া গ্রামে চান্দ্রা চৌরাস্তায় বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোতালেব স্থানীয় বাসিন্দা কালু বেপারীর ছেলে। জানা গেছে, শিশুটি সংযোগ সড়ক থেকে রাস্তার উপরে আসে। এ সময় কানে এয়ার ফোন লাগিয়ে বেপরোয়া গতিতে আসা অটো গাড়িটির ড্রাইভার তার ওপর উঠিয়ে দেয়।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা অটোর নিচ থেকে তাকে উদ্ধার করে এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও জানা যায়, ঘাতক অটোচালক একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মদনা গ্রামের বারেক মোল্লার ছেলে মো. মাইনুদ্দিন মোল্লা। সে মদিনা মার্কেট থেকে চান্দ্রা চৌরস্তা আসার পথে উদ্দিপন ব্যাংক সংলগ্ন বেপারী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটায়।

শিশু মোতালেবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েন এবং বারবার জ্ঞান হারায়। কান্নাজড়িত কণ্ঠে তার ছেলের হত্যাকারী অটোচালকের বিচার দাবি করেন।

চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জাহান আলী কালু বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হবে না বলে আমি জেনেছি। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য একটি লিখিত সুপারিশ নিয়ে নিহত শিশুর বাবা-মা থানায় গেছেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লা সদরের কালির বাজারে নানার বাড়িতে বেড়াতে এসে ড্রাম ট্রাক চাপায় নিহত শিশু

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লা সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের হাতিঘাড়া গ্রামে তাহমিদুল ইসলাম (৫) নামের এক শিশু ড্রাম ট্রাকের চাপায় নিহত হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় কালির বাজার-কোটবাড়ি সড়কের হাতিগাড়া চৌমুহনী এলাকায় বালুবাহী ড্রামট্রাক চাপায় ঘটনাস্থলেই তাহমিদুল ইসলাম নামের শিশুর মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত তাহমিদুল ইসলাম বরুড়া উপজেলার মির্জানগর গ্রামের এমরান মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশু মায়ের সাথে নানার বাড়ি হাতিগাড়া (সরদার বাড়ি) এলাকায় বেড়াতে আসে। সিএনজি থেকে নেমে সড়ক পারাপারের সময় কোটবাড়িমুখি দ্রুতগতির একটি ড্রামট্রাক চাপা দিলে তাৎক্ষণিক তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক চালক ড্রামট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন বাইক নিয়ে ধাওয়া করে কোটবাড়ি বাজার এলাকা থেকে চালকসহ গাড়িটি আটক করে।

খবর পেয়ে নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের এসআই ফারুক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে গাড়িসহ চালককে আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিবার ময়নাতদন্ত ও মামলা করতে অনিহা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরা বাজার ফাঁড়ির এসআই ফারুক বলেন, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন মামলা বা লিখত অভিযোগ দায়ের করা হয়নি।

চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় ও দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কাঠেরপুল এলাকায় বাস চাপায় মোটরসাইকেল চালক ও দুপুর ১২টায় চান্দিনার লনাই গ্রামের ট্রাক্টর চাপায় নাঈম (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত মোটরসাইকেল চালক কামাল মজুমদার (৩৫) এশিয়া এজেন্ট ব্যাংক কুমিল্লা জেলার ম্যানেজার। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা গ্রামের বাসিন্দা। নিহত শিশু নাঈম চান্দিনা বরকরইট ইউনিয়নের লনাই গ্রামের সফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- মহাসড়কের কাঠেরপুল এলাকার ইউটার্ণে হঠাৎ ঘুরতে গেলে কুমিল্লা থেকে ছেড়ে আসা সততা পরিবহনের সামনে পরে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিসহ খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহাতাবস্থায় কামাল মজুমদারকে চান্দিনার একটি প্রাইভেট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন জানান- মাটিবাহী ট্রাক্টর উঠে চলন্ত ট্রাক্টর থেকে লাফ দিলে মাথায় আঘাত পেয়ে মারা যায় শিশু নাঈম।

লাশবাহী গাড়ির সাথে ঢাকা যাওয়ার পথে চান্দিনায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় শ্বশুরের লাশবাহী গাড়ির সাথে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম সফু (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নাওতলা অংশে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ঢাকার মহাখালী এলাকার মৃত আলী আহাম্মেদের ছেলে।

জানা যায়, চাঁদপুরের রহিমানগর এলাকা থেকে শফিকুল তার শ্বশুরের লাশবাহী গাড়ির সাথে নিজের মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের নাওতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ জানান, কিছুটা জনমানবহীন এলাকায় দুর্ঘটনা ঘটায় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি তথাপি ঘাতক গাড়িটিকেও আটক করা সম্ভব হয়নি।

মোটরসাইকেল নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে চৌদ্দগ্রামে দ্রুতগামী গাড়ীর ধাক্কায় দুই বন্ধু নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে।

দুই বন্ধু শুক্রবার রাতে ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা গ্রামের মৃত আলী আহম্মেদ পাটোয়ারীর ছেলে এয়াছিন আরাফাত পাটোয়ারী (২৮) ও তার বন্ধু পাশ্ববর্তী কিং শ্রীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে ইমরান হোসেন রুবেল (২৮)।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একে এম শরফুদ্দীন।

জানা গেছে, শুক্রবার রাতে দুই বন্ধু এয়াছিন ও রুবেল ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হন। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ব্রীজের নিচ থেকে ২ জনের মরদেহ ও সড়কের পাশ থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

এব্যাপারে মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মো: আহসান হাবিব বলেন, স্থানীয় লোকজনের মারফত খবর পেয়ে শনিবার সকালে এয়াছিন ও রুবেল নামের ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় জাকির হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের কাশিমপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মাধাইয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর-গোবিন্দপুর গ্রামের মৃত মোকশত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি মহিচাইল থেকে মাধাইয়া আসছিল আর কাভার্ডভ্যানটি মহিচাইলের দিকে যাচ্ছিল। কাশিমপুর এলাকায় কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় এক যুবক অটোরিকশা চালকের মরদেহ দেখে পুলিশ খবর দেন। আমরা মহিচাইল বাজার এলাকা থেকে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান ও চালককে আটক করেছি। নিহতের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।