Tag Archives: কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ হাসপাতাল সিলগালা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দিতে ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী- বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে শ্রীরায়েরচর বাজারের ইউনিক হাসপাতালকে এক লাখ টাকা, ফ্যামিলি-২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, গোয়ালমারি বাজারের বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও নৈয়াইর বাজারের নোহা ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।

কুমিল্লার চান্দিনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় শক্তি রাণী দাস (২০) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন দাসপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত শক্তি রাণী দাস পৌরসভার ৫নং ওয়ার্ড চান্দিনা উপজেলা দাসপাড়া এলাকার প্রাণতোষ দাসের মেয়ে। দুই বোনের মধ্যে শক্তি রাণী বড়। সে চান্দিনা মহিলা কলেজের বিবিএস ১ম বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পিতা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে ব্যবসা করেন। ছোট বোনকে সাথে নিয়ে মা আলো রাণী দাস পৌরসভা ভবনে নতুন ভোটারের ছবি তুলতে গেলে খালি ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহ’ত্যা করে শক্তি রাণী। খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন যাবৎ ওই কলেজ ছাত্রী মানসিক সমস্যায় ভূগছেন বলে জানান স্থানীয়রা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম’রদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃ’ত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

কুমিল্লায় বিএনপি নেতা বুলুর ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কুমিল্লায় বিএনপি নেতা বরকতউল্লা বুলুর ওপর হামলা হয়েছে। কিভাবে হয়েছে তা তদন্ত করা হবে। তিনি বলেন, ‘কেউ অতি উৎসাহী হয়ে কিছু করছে কি না, তাও দেখা হবে। বনানীর ঘটনার বিষয়ে প্রকৃত কী হয়েছে তা জানি না।

আজ রবিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হঠাৎ করেই মাঠে-ময়দানে বিএনপির উপস্থিতি দেখছেন। বিএনপি একটি রাজনৈতিক দল। পাশাপাশি আমাদের দেশে আরো রাজনৈতিক দল রয়েছে। তাদের রাজনৈতিক স্বাধীনতা রয়েছে। তারা গণতান্ত্রিকভাবে কর্মসূচি করলে সরকারের কিছু বলার নেই। আমাদের সরকার মনে করে সব রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করবে। কিন্তু সবাইকে দেশের আইন মেনে চলতে হবে। যখনই কেউ ভাঙচুর করবে, রাস্তা অবরোধ করবে, জ্বালাও-পোড়াও করবে তখন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় বিএনপির সিনিয়র নেতা আহত হয়েছেন। আমরা তদন্তের ব্যবস্থা করছি। দুইভাবে শুনেছি। তদন্তের আগে বলতে পারব না। কেউ যদি অতি উৎসাহী হয়ে করে থাকেন, কেউ যদি ইচ্ছা করে করে থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বনানীর ঘটনাটি জেনে বলতে হবে। আমাদের সব কিছুই কিভাবে ঘটেছে সেটা না জেনে বলা সম্ভব নয়। ’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের স্বেচ্চাসেবক দলের এক নেতাকেও তো কুপিয়ে হত্যা করা হয়েছে। কোনো কোনো জায়গায় মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক দল যার যার কর্মসূচি নিয়ে কাজ করবে। তবে তা বিধিসম্মত হতে হবে। ’

শনিবার কুমিল্লার বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লা বুলু এবং তার স্ত্রীর ওপর হামলা করা হয়। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বরকতউল্লা বুলু ও তার স্ত্রীর ওপর হামলা করেছে।

অপর ঘটনায় শনিবার রাতে রাজধানীর বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ করে ফেরার সঙ্গে সঙ্গে একদল তরুণের আক্রমণের শিকার হয়েছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি গাঁজাসহ মোঃ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ঢুলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত যুবক সদর দক্ষিণের রামধলপুর গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

বরুড়ায় পরীক্ষার কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করায় ৪ শিক্ষককে প্রত্যাহার

 

ডেস্ক রিপোর্টঃ

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে শনিবার (১৭ সেপ্টেম্বর) পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করার অভিযোগে ৪ শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। এদিন বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৪ জন শিক্ষক পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। এ অভিযোগে ৪ শিক্ষককে কক্ষ প্রত্যাবেক্ষকের দায়িত্ব থেকে প্রত্যাহার করেন কেন্দ্র সচিব মোহাম্মদউল্লাহ।

প্রত্যাহার হওয়া শিক্ষকরা হলেন, ওই উপজেলার মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়াল, মো. হাসান সাইদ ও শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় চন্দ্র দে। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে একই কেন্দ্রের পরীক্ষার্থী মো. আরমান হোসাইন উজ্জ্বল নামে একজনকে বহিষ্কার করা হয়।

মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী বলেন, ‘তাড়াহুড়া করে পরীক্ষার হলে যেতে গিয়ে ভুলবশত মোবাইল ফোন নিয়ে প্রবেশ করি। মোবাইল ফোনের নিষেধাজ্ঞার বিষয়টি খেয়াল ছিল না।

বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদউল্লাহ বলেন, ‘পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ আছে। তারা ৪ জনই মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। নিষেধ অমান্য করা ও দায়িত্বে অবহেলার কারণে তাদের এবারের এসএসসির সব পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।’

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে আমরা কেন্দ্র পরিদর্শনে যাই। পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় ওই ৪ শিক্ষককে প্রত্যাহারের জন্য কেন্দ্র সচিবকে বলা হয়েছে।’

চান্দিনায় পরীক্ষা চলাকালে দাখিল পরীক্ষার্থীদের পেটালেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় পরীক্ষা চলাকালে হলের ভিতরেই দাখিল পরীক্ষার্থীদের পিটিয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এঘটনায় পরীক্ষার্থীদের পিটিয়ে ৩টি স্কেল ভাঙার অভিযোগ উঠেছে।

পরীক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১৭ সেপ্টেম্বর) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীনকে পরিবর্তন করে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিষয়টি ষড়যন্ত্র বলে দাবী করেন ওই কর্মকর্তা।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা’র অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রথম দিনে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ০৯ ও ১০ নাম্বার কক্ষে ওই ঘটনা ঘটে। কোরআন মাজীদ বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দীন ওই অপ্রীতিকর ওই ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেন পরীক্ষার্থীরা।

সরেজমিনে, শনিবার গণিত পরীক্ষার পর চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীদের সাথে কথা বলে ১১ জন দাখিল পরীক্ষার্থীকে প্রহারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা হলো- চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ৮জন, উপজেলার আবেদা নূর ফাযিল মাদ্রাসার ৩ জন বিজ্ঞান ও সাধারণ বিভাগের ছাত্র। তারা জানিয়েছেন এ বিষয়ে তারা কেন্দ্র সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, ‘কোরআন মাজীদ বিষয়ে এমসিকিউ অংশের পরীক্ষা চলাকালে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) এ সেট কোড এর বৃত্ত ভরাট না করায় ক্ষিপ্ত হয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীন আমাদের স্কেল দিয়ে পিটিয়েছেন।’

পরীক্ষার্থীদের অভিভাবকগণ অভিযোগ করেন- ‘ওই ঘটনার পর তাদের সন্তানরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অনেকেই ঠিকমত পরীক্ষা দিতে পারেনি।’

এ ব্যাপারে ওই কেন্দ্রের ৯ নাম্বার কক্ষের প্রত্যবেক্ষক শিক্ষিকা মোসা. রুজিনা আক্তার জানান, ‘এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট। ১৫ মিনিট অতিবাহিত হলেও কোন পরীক্ষার্থী সেট কোড ভরাট করেনি। শিক্ষার্থীরা আমাদের কথাও শুনছিল না। এ বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার্থীদের নির্দেশ দিলেও তারা হট্টগোল করে। এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে এক জনকে স্কেল দিয়ে হাতে প্রহার করেন।’

এ ব্যাপারে অভিযুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দীন বিষয়টি অস্বীকার করে বলেন, কোন পরীক্ষার্থীকে পিটানোর ঘটনা ঘটেনি। সেট কোড ভরাট না করায় আমি শুধুমাত্র ধমক দিয়েছি। প্রত্যাহারের বিষয় সম্পর্কে তিনি বলেন- সেটিও আমার জানা নেই, ইউএনও মহোদয় আমাকে তাঁর সাথে থাকার জন্য বলেছেন। আমি শনিবার ইউএনও’র স্যারে সাথে ছিলাম। এছাড়া বৃহস্পতিবার আমি স্বচ্ছতার সাথেই দায়িত্ব পালন করছিলাম। সে কারণে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিযোগ দিচ্ছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাকির হোসেইন বলেন- ‘আমি লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করি। আজকে (শনিবার) তিনি ওই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পরিবর্তে অন্য অফিসারকে দায়িত্ব দিয়েছেন।

এ ঘটনায় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল জানান, ‘অফিসার সালাউদ্দীন পরীক্ষার ভিজিলেন্স টিমের সদস্য। তাকে প্রত্যাহার করা হয়নি, পরীক্ষার কাজে শনিবার তাকে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা সর্বদা সচেষ্ট। শিক্ষার্থীদের লিখিত অভিযোগটি তদন্ত করে দেখবো’।

 

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ৪৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণের নোয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোশারফ হোসেন (২৪) এক যুবককে আটক করা হয়। সে নোয়াগ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

পৃথক আরেকটি অভিযানে শুক্রবার দুপুরে চৌদ্দগ্রামের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ মোঃ সুমন মিয়া (৩০) এক যুবককে আটক করা হয়। সে চৌদ্দগ্রামের কৃষ্ণনগর (পূর্ব পাড়া) গ্রামের লাখী মিয়ার ছেলে ।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

ধর্মপুর এলাকা থেকে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদরের ধর্মপুর এলাকা থেকে বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলিসহ চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মাসুদুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৫ সেপ্টেম্বর বিকালে ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া সন্ত্রাসী কুমিল্লা সদরের ধর্মপুর গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে মোঃ মাসুদুর রহমান (৪০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার বুড়িচংয়ে ৭ রাইস মিলকে ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে পরিবেশ দূষণের অভিযোগে ৭ রাইস মিলকে ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পারুয়ারা এলাকায় বেশ কয়েকটি রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়।

এতে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশের ছাড়পত্রবিহীন কার্যক্রম পরিচালনা করা, খোলা স্থানে ছাইসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা, ৭০ ফুটের কম উচ্চতার চিমনি দ্বারা ধোঁয়া অপসারণ করা, অপরিচ্ছন্ন পরিবেশ, বর্জ্য দ্বারা খাল দূষণসহ ইত্যাদি অপরাধে ইয়াসিন এগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে ১ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।

গ্রাম বাংলা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে ৫০ হাজার টাকা, আল মদিনা অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। মক্কা অটো রাইস মিলকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা, হাশিয়া অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা এবং হাজী আবদুল বারেক অটো রাইস মিলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি।

দাউদকান্দিতে সাউন্ড বক্সের ভিতর থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে সাউন্ড বক্সের ভিতর থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ। এ ঘটনায় পিকআপ চালক মোঃ আজাদ হোসেনরক (২৩) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর পেন্নাই বাসস্ট্যান্ড এলাকা থেকে কুমিল্লাগামী একটি পিকআপ তল্লাশী চালিয়ে সাউন্ড বক্সের ভিতর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ আজাদ হোসেন ফেনী সদর থানার দুলা মিয়া (পদুয়া দীঘির পাড়) গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে। বর্তমানে সে চৌদ্দগ্রামের ফাল্গুনকরা গ্রামের পারুল ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পিকআপ তল্লাশী চালিয়ে দুটি সাউন্ড বক্সের ভিতরে ১ কেজি করে থাকা ২২ টি পলিথিনের প্যাকেট থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।