Tag Archives: কুমিল্লা

নগরীর বজ্রপুরের রাজ্জাক টাওয়ারের আন্ডার গ্রাউন্ড থেকে অর্ধগলিত পঁচা মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ ইউসুফ স্কুল রোডে বজ্রপুর এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন রাজ্জাক টাওয়ারের আন্ডার গ্রাউন্ড থেকে অর্ধগলিত পঁচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে রাজ্জাক টাওয়ারের আন্ডার গ্রাউন্ড থেকে পঁচা দূর্গন্ধ ছড়াতে শুরু করে। ভবনের কেয়ার টেকার বিষয়টি ৯৯৯-এ কল দিয়ে পুলিশ প্রশাসনকে জানায়। পরে পুলিশ এসে ভবনের আন্ডার গ্রাউন্ড থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করেন।

প্রথমে মরদেহটি শনাক্ত না হলেও প্রদীপ কুমার নামের এক ব্যক্তি ধারণা করেন এটি তার শ্যালক। পরবর্তীতে শনাক্ত নিশ্চিত করতে রেখা কর্মকারকে আনলে তিনি মরদেহ দেখে শনাক্ত করেন এইটি তার স্বামী অরুপ কর্মকার।

অরুপ কর্মকার (৪২) কুমিল্লা সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের বজ্রপুর এলাকার বাসিন্দা। তিনি এই এলাকার মৃত ধনরঞ্জন কর্মকারের ছেলে। অরুপ কর্মকার পেশায় একজন দিন মজুর। তার দুইটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের বড় ভাই অশোক কর্মকার জানান, অরুপ কর্মকার প্রতিদিন সন্ধ্যায় রাজ্জাক টাওয়ারে এসে আড্ডা দিত। গত ৫ দিন ধরে সে নিখোঁজ ছিল। তাকে কেউ মেরে ফেলেছে কি না জানিনা।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গিয়ে অর্ধগলিত পঁচা মরদেহটি উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে এইটা স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকান্ড।

উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যার পরেই রাজ্জাক টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে ১৫ থেকে ২০ জনের মাদক সেবন ও জোয়ার আসড় বসে।এ বিষয়ে ভবনের কেয়ার টেকার বলেন, তাদেরকে সতর্ক করায় আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, থানার খুব কাছাকাছি অবস্থিত নির্মাণাধীন ভবন রাজ্জাক টাওয়ার। প্রশাসন সতর্ক থাকার পরেও কিভাবে মাদকের আখড়ায় পরিণত হলো রাজ্জাক টাওয়ার। বর্তমানে রাজ্জাক টাওয়ার মানেই মাদকের আখড়া আর মরণফাঁদ।

কুমিল্লায় অজ্ঞাত বাস চাপায় বরুড়ার যুবক নিহত

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার আদর্শ সদরে অজ্ঞাত বাস চাপায় রাশেদ মুন্সি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা জেলার শাসনগাছা-আলেখারচর (বিশ্বরোড) সড়কে উপজেলার নোয়াপাড়া হার্ট ফাউন্ডেশনের সামনে এ ঘটনা ঘটে।

রাশেদ মুন্সি জেলার বরুড়া উপজেলার বেলভুজ গ্রামের আবুল হাসেমের ছেলে।

খবর পেয়ে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শুক্রবার সন্ধ্যায় সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানজির হোসেন বলেন, ওই যুবক ব্যক্তিগত কাজে বাড়ি থেকে কুমিল্লা শহরে যাচ্ছিল। অজ্ঞাতনামা কোন গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। আমরা চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। অনেকে বলছেন তাকে একটি বাস চাপা দিয়েছে। তবে সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। আর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ট্রাকে করে ইয়াবা পরিবহনকালে ২৭ হাজার ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক পাঁচারকারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার সুয়াগঞ্জ বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হোটেল রায়হান স্টোরের সামনে থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বীরবীরি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ মেহেরাজ হোসেন (২৪), কক্সবাজারের টেকনাফ উপজেলার কচুবনিয়া গ্রামের জহির আহম্মেদের ছেলে মোঃ মহিউদ্দিন (১৯) ও চট্টগ্রামের বাশখালী উপজেলার শেখের খিল গ্রামের মৃতঃ লালু মিয়ার ছেলে মোঃ আমির হোসেন (২৬)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল এবারও দেশসেরা কুমিল্লা কাস্টমস

 

স্টাফ রিপোর্টারঃ

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে টানা চর্তুথবার প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলা নিয়ে গঠিত কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে গত আগস্ট থেকে চলতি নভেম্বর মাস পর্যন্ত টানা চারবার প্রথম স্থান অধিকার করেছে। চলতি নভেম্বর মাসে এই কমিশনারেটে অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে ৯৩.৩৩%।

মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সক্রিয়তার মাধ্যমেই এই অর্জন সম্ভব হয়েছে। মুজিববর্ষে দেশকে ডিজিটাল করার প্রত্যয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে; এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল নিঃসন্দেহে ডিজিটাল কর্মকান্ড। আর এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের অর্জন যেখানে ৩৫%, সেখানে কুমিল্লা ভ্যাটের অর্জন প্রায় শতভাগ।

তবে, এবার ভ্যাট দিবস ও সপ্তাহ পালন করতে গিয়ে প্রথম স্থান ধরে রাখাকে নিয়ে কর্মকর্তাদের মধ্যে বেশ সংশয় ছিল। তবে কুমিল্লা টিম এ চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবেলা করতে পেরেছে।

জানা যায়, মাঠ পর্যায়ে নিবন্ধন ও রিটার্ন জমার ক্ষেত্রে কমিশনারেটগুলোতে প্রতিযোগিতা শুরু হয়েছে। অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমার হার বৃদ্ধির মাধ্যমে অটোমেশনের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এগিয়ে যাচ্ছে।

কুমিল্লার নতুন কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী যোগদানের পর এ কমিশনারেটের অনলাইন রিটার্ন দাখিলের চিত্র পাল্টে যায়। কুমিল্লা কাস্টমসের রিটার্ন দাখিলযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা ৯২৩৪টি, ম্যানুয়াল ৪০টি, অনলাইনে ৮৬১৮টি সহ সর্বমোট রিটার্ন দাখিল সংখ্যা ৮৬৫৮, নিবন্ধনের তুলনায় দাখিলপত্র দাখিলের শতকরা হার ৯৩.৭৬% এবং মোট দাখিল পত্র তুলনায় অনলাইনে দাখিলের শতকরা হার ৯৯.৫৪%।

গত জুলাইয়ে নতুন কমিশনার যোগদানের সময় অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে কুমিল্লার অবস্থান ছিল চারে। রিটার্ন দাখিলের হার ছিল ৫১ শতাংশ। তিনি যোগদানের পর ১৫ জুলাই কর্মকর্তাদের সঙ্গে প্রথম জুম সভা করেন। সভার পরপরই কমিশনার তদারকি শুরু করলেন। এ কমিশনারেটের ছয়টি জেলায় করদাতাদের ফোন, প্রতিষ্ঠানের তদারকি বাড়ানো হয়। রিটার্ন ওয়ানস্টপ কাউন্টার’ গঠন করা হয়। কুমিল্লা ভ্যাট টিম নিরন্তর ও ক্লান্তিহীন কাজ শুরু করেন।

এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের সহকারী কমিশনার (সদর) মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বলেন, একটা ভালো ‘টিমওয়ার্ক’ এর মাধ্যমে এ অর্জন। স্বীকৃতি কাজের প্রণোদনা বৃদ্ধি করে। কর্মকর্তারা পরিশ্রম করেছেন। আমরা প্রকৃত কর্মীদের স্বীকৃতি দানের চেষ্টা করছি। গত চার মাসের মতো ভবিষ্যতেও রিটার্ন দাখিলের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যুগ্ম কমিশনার মোঃ মুশফিকুর রহমান বলেন, অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে কুমিল্লা ভ্যাট কমিশনারেট টানা চতুর্থবার ‘প্রথম’। রিটার্ন দাখিলের প্রথম স্থান অর্জনের পথ কুসুমাস্তীর্ণ ছিল না। ছয় জেলায় করদাতাদের সচেতন করার লক্ষ্যে টেলিফোনে যোগাযোগের পাশাপাশি মোবাইলে বাল্ক এসএমএস, পত্রিকায় বিজ্ঞপ্তি এবং স্থানীয় ক্যাবল অপারেটরে বিজ্ঞপ্তি ও বাসায় কর্মকর্তারা সশরীরে গিয়ে সম্মানিত করদাতাগণকে বুঝিয়ে রিটার্ন অনলাইন দাখিলে ব্যাপক ভূমিকা পালন করেন।

এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোঃ আবদুল হাকিম বলেন, ভ্যাট দিবস ও সপ্তাহ পালন করতে গিয়ে কুমিল্লার প্রথম হওয়া নিয়ে কর্মকর্তাদের মধ্যে বেশ সংশয় ছিল। তবে কুমিল্লা টিম এ চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবেলা করতে পেরেছে।

এ বিষয়ে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, অটোমেশন সরকারের অগ্রাধিকার। এনবিআর সে লক্ষ্য বাস্তবায়নে বরাবরই অগ্রণী। কুমিল্লার কর্মপ্রবণ টিম প্রায় অসম্ভবকে সম্ভব করেছে। কুমিল্লার সঙ্গে এনবিআরের সম্মানও উচ্চকিত করেছে। করোনাকালে কুমিল্লা টিম কখনো পশ্চাদমুখী বা কর্মবিচ্যুত থাকেনি। দলবদ্ধ প্রচেষ্টা ও প্রতিযোগিতা এ অভূতপূর্ব সাফল্যের মূল নিয়ামক হিসেবে কাজ করছে।

তিনি আরো বলেন, সক্ষম কর্মকর্তাদের বাছাই করে জটিলতর কাজে নিয়োগ, মনিটরিং উদ্বুদ্ধকরণ এক্ষেত্রে গতি বৃদ্ধিতে সহায়ক হয়েছে। সর্বোপরি কর্মস্থলে দেশাত্মবোধ ও সেবার মনোভাব থাকা জরুরি। সারা বাংলাদেশের কর্মকর্তাদের এরকম কাজের ধারা অব্যাহত থাকা উচিত।দক্ষ, সক্ষম, উপযুক্ত ও রাজস্ব বৃদ্ধিতে সকল কর্মকর্তাদের আমরা পুরস্কৃত করি। ভবিষ্যতেও তাঁদের পুরস্কৃত করা হবে।

চান্দিনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে উপজেলা যুবলীগ।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ আঞ্চলিক কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক মো. বাহাউদ্দিন বাহার, যুগ্ম-আহবায়ক মো. সারোয়ার হোসেন বাবু, চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, যুগ্ম-আহবায়ক মো. গিয়াস উদ্দিন, চান্দিনা পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর মো. আবদুস সালাম, মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু মুসা জনি, যুবলীগ নেতা খোরশেদ আলম জুয়েল মুন্সী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাউছার আলম আপন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চান্দিনা পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের ৩ প্রার্থীর নাম যাচ্ছে কেন্দ্রে

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৩ জন সম্ভাব্য প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। পৌর ও উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে রেজুলেশন সহ তিনজনের প্যানেল প্রস্তাব করে জেলা আওয়ামীলীগের নিকট হস্তান্তর করা হয়।

মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র ও চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. শওকত হোসেন ভূইঁয়া ও চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল জলিল।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়িতে আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের নিকট ওই প্রস্তাবনা হস্তান্তর করেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম। এসময় কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন কমিটির বৈঠকে এদের মধ্যে একজনকে চূড়ান্ত করে দলীয় মনোনয়ন এবং নৌকা প্রতীক বরাদ্দ দিবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে চান্দিনা মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। সভায় উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা ও ইউনিয়ন আওয়অমীলীগ এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২ ডিসেম্বর) বিকেলে চান্দিনা পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে ঘোষিত পৌর নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি চান্দিনা পৌরসভা নির্বাচন। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

বরুড়ায় আলো পাঠাগার ও সংগঠনের উদ্বোধন

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের কেমতলী (পঃপাড়া) গ্রামের আলো পাঠাগার ও সংগঠনের উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম।

শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম কেমতলী আলো পাঠাগার ও সংগঠনের উদ্বোধন করেন।

এ সময় আলো পাঠাগার ও সংগঠনের সৌজন্যে কেমতলী গ্রামের চার মেধাবীকে একেএইচ গ্রুপে চাকুরির নিয়োগ পত্র হাতে দেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অনুষ্ঠানে মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার, ৩নং উঃখোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার, বরুড়া আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ অদুদ, একেএইচ গ্রুপের চেয়ারম্যান ও কেমতলী গ্রামের সন্তান আনিসুল ইসলাম, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ জামিল ছিদ্দিকী ভূইয়া, হাবিবুর রহমান, মহিউদ্দিন, নোমান, সাহাদাৎ হোসেনসহ আরো অনেকে।

কুমিল্লার চান্দিনায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদানকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চান্দিনা থানা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার হারং গ্রামের হাসেম সরকারের ছেলে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন (৪০), যুবলীগ নেতা শাহিন (৩৫), হারং গ্রামের মোসলেম মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা রাসেল (২২) ও মনিরুজ্জামানের ছেলে ৩নং ওয়ার্ড ছাত্রলীগ ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম নাঈম (১৮)। অপর ২ জনের নাম জানা যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার সকালে চান্দিনা মহিলা কলেজ মিলতনায়তনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার আহবান করা হয়। ওই সভায় যোগদিতে পৌর নির্বাচনের মেয়র পদ প্রার্থীর সমর্থিত নেতা-কর্মীরা ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী মিছিল নিয়ে আসেন। সকাল সাড়ে ১১টায় থানায় সংলগ্ন এলাকায় পৌর মেয়র মফিজুল ইসলাম সমর্থিত ও উপজেলা যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি জানান, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা চান্দিনা থানা সংলগ্ন মহিলা কলেজ রোডে প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র পক্ষে মিছিল দিচ্ছিল। এসময় পৌর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. মফিজুল ইসলাম এর সমর্থিত নেতা-কর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে আসার পর আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এতে আমার ৪ নেতা-কর্মী আহত হয়।

চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম জানান, বর্ধিত সভায় যোগ দিতে আমার নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে সভাস্থলে আসছিল। তারা থানা সংলগ্ন এলাকায় পৌঁছলে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা পিছন দিকে থেকে অতর্কিত হামলা চালায়। এতে আমার ২ কর্মী আহত হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, দুই পক্ষের সংঘর্ষ শুরু হওয়ার সাথে সাথেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

খাল ভরাট করে সড়ক চায় না কুসিক, মানছে না সওজ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে লাকসাম রোডের সড়কটি চার লেনে উন্নীত করার জন্য শহরের পানি অপসারণের কান্দিখাল ভরাট করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।কিছু অংশ ভরাটের পর বর্তমানে খালটি সরু একটি ড্রেনে রূপান্তরিত হয়েছে।

কুমিল্লা শহরের মূল অংশ এবং নগরীর দক্ষিণ ও পূর্ব অংশের মানুষের ব্যবহৃত বজ্র ও ময়লা পানি এই খাল দিয়ে অপসারণ করা হয়। সওজ কর্তৃক খাল ভরাটের কারণে পানি অপসারণ প্রক্রিয়া স্বাভাবিক না থাকায় কুমিল্লায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করবে। এদিকে বর্ষার মৌসুমে প্রবল বর্ষণ এবং অতিবৃষ্টির কারণে শহর ডুবে যাওয়ার আশঙ্কাও সৃষ্টি হচ্ছে। তবে সওজ এর প্রকৌশলী কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

শহরের পানি অপসারণের পথ বন্ধ করে সড়ক নির্মাণের ঘটনায় কুমিল্লা নগরজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণের জন্য খাল ভরাট বন্ধ করা হোক। এমনকি যে অংশে মাটি ফেলানো হয়েছে, সেগুলোও অপসারণ করা হোক দ্রুত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর টমছমব্রিজ থেকে কচুয়া চৌমুহনী সড়কের পাশের কান্দিখালটির সড়ক ও জনপথ বিভাগে প্রবেশ পথের কালভার্টের দুপাশে বিশাল অংশ জুড়ে ভরাট করা হয়েছে। মনগড়াভাবে মাটি দিয়ে ভরাটে খালটি সরু হয়ে গেছে। পানি অপসারণের স্রোত বন্ধ হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, খাল ভরাটের কথা শুনে তিনি তার প্রকৌশলীদের পাঠিয়েছে ঘটনাস্থলে্বং তারা গিয়ে কাজ বন্ধ করেছেন।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পর সিদ্ধান্তে আসে যে, বৃহস্পতিবার সিটি করপোরেশন এবং সওজ বিভাগ যৌথভাবে সীমানা নির্ধারণ করে কাজ করবেন।

সিটি মেয়র বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, খাল ভরাট শুরুর আগে সিটি করপোরেশনের সঙ্গে সড়ক ও জনপথ বিভাগ কোনও যোগাযোগ করেনি।’

সিটি করপোরেশনের অভিযোগের বিপরীতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘সড়ক নির্মাণে আমি আমার জায়গায় কাজ করছি। অন্যের জায়গায় আমি এক চুলও যাবো না। আর খাল ভরাট করে আমি সড়ক নির্মাণ করতে যাবো কেন? আমি আমার জায়গায় সঠিক আছি। খাল বাচাঁতে হলে সিটি করপোরেশনের উচিত যারা তাদের খাল ও জমি দখল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

এ বিষয়ে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘যৌথভাবে সীমানা চিহ্নিত না করে খাল ভরাট করলে আমি স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে অভিযোগ করবো। প্রয়োজন হলে সড়কের মন্ত্রণালয়েও অভিযোগ করবো এই বিষয়ে।’

কুমিল্লায় যুবলীগকর্মী জিল্লুর রহমানের হত্যা মামলা এবার পিবিআইতে

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌয়ারায় প্রকাশ্যে সন্ত্রাসীদের হাতে নিহত জিল্লুর রহমান চৌধুরী জিলানী হত্যা মামলার তদন্তকারী সংস্থা পরিবর্তন করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের তদন্তের প্রায় ৩ সপ্তাহ পর মঙ্গলবার (১ ডিসেম্বর) পিবিআই কুমিল্লাকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।

তদন্তভার বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নতুন তদন্ত কর্মকর্তা পিবিআই, কুমিল্লার পরিদর্শক বিপুল চন্দ্র। তিনি বলেন, ‘মঙ্গলবার মাত্র মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছি। আশা করি, ভালোকিছু ফল দিতে পারবো।’

মামলার বাদী জানান, সাংবাদিকদের মাধ্যমে মামলা পিবিআইতে যাওয়ার খবর জেনেছি। পুলিশ তো ২০ দিনেও মামলার মূল আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আশা করি, পিবিআই আসামিদের গ্রেফতারে সফল হবে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিনের বেলায় জিল্লুর রহমান জিলানীকে তার স্ত্রীর সামনে তিনটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা ধারালো চাপাতি, ছোরা, ডেগার, ছেনি দিয়ে কুপিয়ে আহত করে। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু। এরপর নিহত জিল্লুর ভাই ইমরান হোসেন সিটি করপোরেশনের সরকারদলীয় দুই বর্তমান কাউন্সিলর ও স্থানীয় সাবেক কাউন্সিলরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন। জিল্লুর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের প্রয়াত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে।