,

লালমাইয়ে বিক্ষোভ মিছিল থেকে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
October 1, 2026
news-image

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লালমাইয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এ ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাগমারা দক্ষিণ বাজারে পৌঁছালে মিছিল থেকে কয়েকজন যুবদল ও ছাত্রদল নেতাকর্মী উপজেলা বিএনপি কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান। এতে চেয়ার, টেবিল, ব্যানার-পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজে হামলায় যুবদলের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। তিনি জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা দাবি করেন।

তবে অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিএনপি কার্যালয়ের তালা ভেঙে কয়েকজন ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা ভাঙচুরের ঘটনায় কারা জড়িত এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার রাতে লালমাই বাজার এলাকার একটি খাবার হোটেলে মাওলানা জাকির হোসেনের ওপর হামলার অভিযোগ ওঠে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।