,

সম্পদের ভুল হিসাব দিলে চলে যাবে সরকারি চাকরি: জনপ্রশাসন মন্ত্রণালয়

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2024
news-image

সম্পদের ভুল হিসাব দিলে চলে যাবে সরকারি চাকরি: জনপ্রশাসন মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট:

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি তাদের সম্পদের হিসাব ভুলভাবে জমা দেন, তাহলে বিধিমালা অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি তাদের চাকরি থেকেও অপসারণ করা হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি ১৯৮৯ অনুযায়ী প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ নিয়মে ৩০ নভেম্বরের মধ্যে এই হিসাব জমা দিতে হবে, সিলগালা করা খামে করে।

সম্পদের তথ্য জমা না দিলে বা ভুল বা মিথ্যা তথ্য জমা দিলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা প্রসঙ্গে সচিব বলেন, লঘুদণ্ডের মধ্যে রয়েছে তিরস্কার, পদোন্নতি স্থগিত করা, এবং আর্থিক ক্ষতি আদায়। গুরুদণ্ডের মধ্যে রয়েছে পদাবনতি, চাকরি থেকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, ও চাকরি থেকে সরানোর মতো কঠোর পদক্ষেপ।

তিনি আরও বলেন, “যারা ফাইনানশিয়াল জায়ান্ট হয়ে উঠেছে, তাদের সতর্ক করা যাবে, এবং দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে।”

এছাড়া, সচিব উল্লেখ করেন যে সম্পদ বিবরণী অত্যন্ত গোপনীয় তথ্য, তাই এ বিষয়ে তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না।

তিনি আরও জানান, আগে প্রতি পাঁচ বছর পর পর সম্পদের হিসাব জমা দেওয়ার নিয়ম ছিল, কিন্তু এখন থেকে প্রতি বছরই এই হিসাব জমা দিতে হবে। প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীকে এই নিয়ম মেনে চলতে হবে।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে সচিব সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।