,

চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
July 27, 2021
news-image

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় তের বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে আবুল বাশার (৫০) নামে এক মসজিদের ইমাম।

এ ঘটনায় সোমবার (২৬ জুলাই) চান্দিনা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন মাদ্রাসা ছাত্রীর পিতা ।

অভিযুক্ত আবুল বাশার উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামের মুন্সিবাড়ির মৃত মোতালেব মুন্সীর ছেলে। তিনি সুহিলপুর ইউনিয়নের তীরচর নয়াবাড়ি মসজিদের ইমাম।

জানা যায়, ওই মাদ্রাসা ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় গত ২২ জুলাই ফুসলিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায় আবুল বাশার। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে তারপর দিন থানায় একটি অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। টানা দুই দিন অজ্ঞাত স্থানে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করে আবুল বাশার।

এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দুই দিন পর গত ২৪ জুলাই আবুল বাশার তার ভাই আবু ইউসুফকে খবর দিয়ে তার হাতে মেয়েটিকে তুলে দিয়ে পালিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ অবস্থায় মেয়েটিকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে কুমিল্লার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর পিতা বাদি হয়ে চান্দিনা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ মামলায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।