,

ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
August 26, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৌশলে নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২২ ক্যারেটের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই সময় মোসা. সেলিনা বেগম (৫০) নামের এক নারীর গলায় থাকা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন কৌশলে খুলে নিয়ে যায় শামসুন্নাহার (৪০)। পরে এ ঘটনায় সেলিনা বেগমের পক্ষ থেকে মো. তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণপাড়া থানার মামলা নম্বর-২২(০৮)২০২৬, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাঁচ নারীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত হাছান আলী প্রকাশ হাছন আলীর মেয়ে ও মারুফের স্ত্রী শামসুন্নাহার (৪০), মো. মোশাররফ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (৩০), মোবারক মিয়ার স্ত্রী ফুল চাঁন বিবি (৩৩), মো. মানিক মিয়ার স্ত্রী সাজারা বেগম (২২) এবং মো. শরিফের স্ত্রী অজুফা বেগম (২৫)।

পুলিশ আরও জানায়, নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি চালানোর সময় শামসুন্নাহারের পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পাঁচ নারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে শামসুন্নাহারের বিরুদ্ধে সাভার থানায় একটি, মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া, বাসন ও কসবা থানায় তিনটি, ফুল চাঁন বিবির বিরুদ্ধে সিলেটের গোপালগঞ্জ থানায় একটি, সাজারা বেগমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি এবং অজুফা বেগমের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় একটি মামলা রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বুধবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।