মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা, পালাতে গিয়ে আটক যুবক

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০১৬

hottaনারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক ও তার কাছ থেকে রক্তমাখা ধারালো একটি বটি উদ্ধার করেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় পুলিশ ঘর হতে ওই দুইজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন রাশিদা বেগম (৪০) ও তার মেয়ে লাভলী আক্তার (২৫)।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, মোহাম্মদ কাউসার (৩০) ও তার স্ত্রী লাভলী আক্তার কাঁচপুরে একটি গার্মেন্ট কারখানার শ্রমিক। তারা কাঁচপুর উত্তরপাড়া এলাকায় খায়রুল বাশারের বাড়িতে ভাড়া থাকতো। গত কয়েকদিন ধরেই তাদের পরিবারে কলহ দেখা দেয়। এর মধ্যে শুক্রবার রাতে তাদের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়। শুক্রবার রাত ৯টার দিকে ঘরে ভেতরেই স্ত্রী লাভলী ও তার মাকে কুপিয়ে হত্যা করে কাউসার। তখন সে পালানোর সময়ে লোকজন কাউসারকে আটক করে। রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার ও কাউসারকে আটক করে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, ঘাতক কাউসারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি খুনের কথা স্বীকার করেছেন।