All posts by jitu

কুবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের
এক শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় বঙ্গবন্ধুর ভাষ্কর্যের পাদদেশে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা হামলাকারীর জামিন নামঞ্জুর করে আসামিকে বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনের সমন্বয়ক সাকিব হোসেন বলেন, আজকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলার বিচারের দাবিতে উপস্থিত হয়েছি। এর মাধ্যমে আমরা সবার কাছে এই বার্তা দিতে চাই যে, বিশ্ববিদ্যালয় একটি পরিবার যেখানে কেউ হামলার শিকার হলে আমরা চুপ থাকব না। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

সহপাঠী জ্যোতি বলেন,ঘরের মধ্যে থেকে যদি আমরা আহত হই। নিজেদের নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আমরা ঘরে কিভাবে থাকব? আমরা সকলের নিরাপত্তা চাই এবং সেতুর উপর হামলার আমরা সুষ্ঠ বিচার চাই যাতে কোন অপরাধী কারো উপর অত্যাচার করার সাহস না পায়।

মানববন্ধনকারী শিক্ষার্থী রাকিব বলেন, হামলাকারীর জামিনে বের হয়ে রাজনৈতিক ছত্রছায়ায় স্বাধীনভাবে চলাফেরা করছে। এবং তারা পারিবারিকভাবে বিষয়টির বিচার করতে চাচ্ছে। এতে করে সুষ্ঠ বিচার প্রাপ্তির ব্যাপারে সন্দেহ তৈরি হয়েছে। আমরা চাই আদালতের মাধ্যমে সুষ্ঠ বিচার হোক।

উল্লেখ্য, গত শনিবার পারিবারিক কলহের জেরে প্রতিবেশির হামলার শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী।

৩০০ আসনেই ভোট হবে ব্যালটে: ইসি সচিব

 

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনও আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে না। ফলে দেশের ৩০০ আসনেই ব‌্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ এপ্রিল) নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ‌্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব‌্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন‌্য সরকারের কাছে এক হাজার ২৪০ কোটি টাকা ইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ওই টাকা পাওয়ায় অনিশ্চতা সৃষ্টি হওয়ায় ইসি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচন ৩০০ আসনেই স্বচ্ছ ব‌্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

স্মার্ট বাংলাদেশ গড়তে দাউদকান্দির শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর ১৮০ শিক্ষার্থীর হাতে প্রধামন্ত্রীর উপহার ট্যাবগুলো তুলে দেন দেশসেরা উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন।

ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
জানা যায়, ২০২১ সালের জনশুমারী ও গৃহগণনা প্রকল্পে ব্যবহৃত ওই ট্যাবগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে এবং বাংলাদেশে পরিসংখ্যান ব্যুারো এর সহযোগিতায় দাউদকান্দিতে ১৮০টি ট্যাব বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, দাউদকান্দি প্রেস ক্লাব সাংবাদিক হাবিবুর রহমান। এছাড়া মালিগাও ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ ও মারুকা ইউপি চেয়ারম্যান এএসএম শাহজাহান ভূঁইয়াসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক এবার অভিনয়ে

 

বিনোদন ডেস্কঃ

‘কাঁচা বাদাম’ গান গেয়ে সাধারণ সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দেয়া ভুবন বাদ্যকরের অভিনয়ে আত্মপ্রকাশ ঘটেছে। এক সিরিয়ালে নায়িকার বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

‘আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’- গান গেয়ে ভারতে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। তার গানের তালে নেচেছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। তবে বিখ্যাত হয়ে যাওয়ার পর আগের মতো বাদাম বেচতে পারছিলেন না গান গেয়ে। এ দিকে গানটিও কপিরাইট সংক্রান্ত জটিলতায় পড়েছে। অভাব-অনটনে দিন কাটছিল তার। অভিনয় করে এখন আবার কিছুটা অর্থের মুখ দেখছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেখা সাক্ষাৎকারে ভুবন অভিনয় প্রসঙ্গে বলেছেন, ‘দুই-তিন মাস আগে শুটিং করেছি। সিরিয়ালে আমি মেয়ের বাবার চরিত্রে অভিনয় করেছি। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাবা সেখানে বাধা দেবে। আর এ নিয়েই গল্প এগোবে।’

ভুবন আরও জানান, সিরিয়ালে অভিনয় করে পারিশ্রমিক হিসাবে চল্লিশ হাজার টাকা পেয়েছেন। জানিয়েছেন, সামনে সুযোগ পেলে আরও অভিনয় করতে চান তিনি।

সূত্র: আনন্দবাজার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হেঞ্জু মিয়া (৫৯) উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

সোমবার (৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের রেলক্রসিং এলাকার সাহাবুল্যার দোকান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, আসামি হেঞ্জু মিয়া পেনাল কোডের ৩০২ ধারা মতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। সাজা এড়াতে সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এপ্রিলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়-বন্যা

 

ডেস্ক রিপোর্টঃ

চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এপ্রিলে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মাসে দেশে ৩-৫ দিন বজ্র ও শিলাসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া চলতি মাসে ২-৩টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহও বয়ে যেতে পারে। একইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

নদ-নদীর পূর্বাভাসে বলা হয়, এপ্রিলের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের সকল প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ চার যুবক আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ চার যুবককে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও কিছু নগদ টাকা জব্দ করা হয়।

রোববার (২ এপ্রিল) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাহপুর গ্রামের শহিদ উল্যার ছেলে কামরুল ইসলাম সুমিজ (২৪), জিরতলী ইউনিয়নের সিন্ধুরকাঁইত গ্রামের ওমর ফারুকের ছেলে ফয়েজ (২০), চৌমুহনী পৌর এলাকার আলীপুরের নুরুল ইসলামের ছেলে তানভির হোসেন আশিক (২৩) ও একই এলাকার আব্দুল মন্নানের ছেলে আলা উদ্দিন আলো (২৮)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদল অস্ত্রধারী উপজেরার চৌমুহনী পৌর এলাকার আলীপুরে সন্ত্রাসীমূলক কার্যক্রমে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল অভিযান চালায়। পরে সেখান থেকে চার যুবকে গ্রেফতার করা হয়। একপর্যায়ে তাদের দেহ তল্লাশি করে একটি এলজি ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা একটি মামলা দেওয়া হয়েছে।

দেবিদ্বারে ডুসাড এর আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড) এর আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি লেকচার থিয়েটারে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

ডুসাডের সভাপতি মো: আব্দুল কাদের জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান এর সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেলওয়ে পুলিশের ডিআইজি মোঃ শাহ আলম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোস্তফা আজাদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইন্সটিটিউট এর অধ্যাপক ড. মো শফিকুর রহমান, ডুসাডের সাবেক সভাপতি ফাহাদ বিন আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া তুষার সহ ডুসা‌ডের সা‌বেক ও বর্তমান সদস‌্যবৃন্দ। এদিকে ইফতার মাহ‌ফিল শে‌ষে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলা থেকে মুন্নি আক্তার (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি সদর উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আবুয়াডগির এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।

রোববার (২ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,একই দিন ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহ’ত্যা করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আত্মহ’ত্যার কোনো কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর যুবকের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে সোহাগ (৩৫) নামে নোয়াখালীর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো.সোহাগ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের কোব্বাত মিয়ার ছেলে।

শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এ হামলার ঘটনা ঘটে।

জানাযায়,গতকাল শনিবার ইফতার শেষ করে চার সহকর্মীসহ নিজ দোকানে যান সোহাগ। এর কিছুক্ষণ পর ৬-৭ জন সেখানকার স্থানীয় সন্ত্রাসী দোকানে এসে হামলা চালিয়ে লুটপাট শুরু করে। হামলার সময় দোকানে থাকা অপর সবাই নিচে শুয়ে পড়লেও সোহাগ পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন। লুটপাট শেষে সন্ত্রাসীরা সবাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে সোহাগ ও তাদের দোকানের প্রহরী গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সোহাগের মৃত্যু হয়। তার মাথাসহ গলার অংশে একাধিক গুলি লেগেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে গত ২০১৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় যান সোহাগ। গত বছর বাড়িতে এসে বিয়ে করে নয় মাস ছিলেন তিনি। গত বছর পঞ্চম রমজানে বাড়ি থেকে আফ্রিকায় যান সোহাগ। এরই মধ্যে তার একটি ছেলেসন্তান হয়। সন্তানকে দেখার জন্য ইদের পর বাড়িতে আসার কথা ছিল সোহাগের।

নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।