All posts by jitu

নোবিপ্রবিতে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ, প্রক্টরসহ ৯জনের পদত্যাগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটামের নির্ধারিত ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপকক্ষ এমন সিন্ধান্ত গ্রহণ করে।

পদত্যাগ করা কর্মকর্তারা হলেন প্রক্টর অধ্যাপক আনিসুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক বিপ্লব মল্লিক, ভাষাশহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট কাউসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট রুহুল আমিন, হজরত বিবি খাদিজা হলের প্রভোস্ট মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অবন্তী বড়ুয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মুহাম্মদ মহিনুজ্জামান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ফিরোজ আহমেদ ও অতিরিক্ত পরিচালক মোহাইমেনুল ইসলাম।

গতকাল শুক্রবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পাঁচটি আবাসিক হলের প্রভোস্টসহ নয়জন। গতকাল তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর তাদের পদত্যাগপত্র জমা দেন। আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া, সোমবার থেকে অনলাইনে ক্লাস শুরু এবং ২৫ আগস্ট থেকে সশরীর ক্লাস শুরু হবে।

রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, পদত্যাগপত্র গ্রহণ করে বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার উপাচার্য, সহ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তা এবং প্রভোস্টদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করে বিবৃতি দেন। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোয়াখালীতে ৩ ডাকাতকে ধরে সেনবাহিনীর হাতে সোপর্দ করল এলাকাবাসী

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে আটক ডাকাতদের ভ্রাম্যমাণ আদালতে ২মাসের কারাদন্ড দেওয়া হয়। একই দিন দুপুরের দিকে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী।

সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ১৫-২০ জন ডাকাতদল দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। বিষয়টি আঁচ করতে পেরে গ্রামবাসী তাদের ধাওয়া করে ৩ ডাকাতকে আটকে মারধর করে। পরে সুধারাম থানা ক্যাম্প কমানডার ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে ২টি টহল দল ঘটনাস্হলে পৌছায়।

এরপর সেখান থেকে রাসেল, নুরুদ্দিন ও তারেক নামের ৩ ডাকাতকে আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখাল হাসপাতালে ভর্তি করে। ওই সময় তাদের কাছে থেকে ২ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক ডাকাতদের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ফেরত দিয়ে গেল তিতাস থানায় লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি

তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট করে নিয়ে যাওয়া মালামাল, অস্ত্র ও গুলি ফেতর দিয়ে গেলেন লুন্ঠনকারীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে তিতাস উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া মালামাল ও অস্ত্র-গুলি উপজেলা আনসার ও ভিডিপির হেফাজতে রয়েছে।

ফিরিয়ে দেওয়া অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে- ১টি এলএমজি, ১টি রাইফেল ও ৫ রাউন্ড গুলি, ২টি শটগান ও ১০ রাউন্ড রাবার কার্তুজ ও ১০ রাউন্ড শীশার কার্তুজ, ১টি টিয়ার শেল গান, ১ রাউন্ড টিয়ারশেল, ১ টি পিস্তল ও ২০ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগজিন, ২ টি ছুড়ি, ১টি হ্যান্ডকাপ, পুলিশের সেফটি গার্ড, ৫টি অকেজো মোটর সাইকেল, ১টি পিক আপ, ২ টি পাম্প, ২টি ল্যাপটপ, ১টি টিভি, ১টি ফটোকপিয়ার, ১টি প্রিন্টার, ১টি ফ্যাক্স মেশিন ও ১টি স্ক্যানারসহ নানা ধরনের আসবাবপত্র ও অন্যান্য মালামাল।

জানাযায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা তিতাস থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এবং দুইজন পুলিশকে পিটিয়ে নিহত করে।

পরে সেনাবাহিনীর সহযোগিতা থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ। এ সময় থানায় থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, অস্ত্র ও গোলাবারুদ লুটে নেয় লুন্ঠনকারীরা৷ এরপর পুলিশ কর্মস্থলে না থাকায় গত ৭ আগষ্ট জেলা কমান্ড্যান্ট এর নির্দেশে থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হন ১০জন আনসার সদস্য। বর্তমানে মোতায়েন রয়েছে সেনাবাহিনী।

এবিষয়ে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বলেন, লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিতে স্থানীয় জনসাধারণ এবং ছাত্রদের সহযোগিতায় উপজেলাব্যাপী আমরা প্রচারণা চালিয়েছি। তারপর থেকে অনেকে নিজ দায়িত্বে মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে গেছেন। বাকিগুলো সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। তবে থানায় কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘থানায় এখনো আমাদের কেউ যায়নি। কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে তা এখন বলা যাচ্ছে না। কয়টি অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে আপাতত তাও বলতে পারছি না।’

কুমিল্লা মহাসড়কে ধাওয়া করে ফেনসিডিলসহ দুই কারবারিকে ধরলো ছাত্ররা

ডেস্ক রিপোর্ট:

সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীরা ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা টিপরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার টিপরা বাজার এলাকার সমন্বয়ক শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার ধনপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এনায়েত হোসেন (২৫) এবং একই এলাকার বাহার মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৩)।

সমন্বয়ক শরিফুল ইসলাম বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। বিনা পারিশ্রমিকে ছাত্র-সমাজ এ দায়িত্ব হাতে তুলে নেয়। প্রতিদিনের মতো শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার টিপরা বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছিলাম। এক পর্যায়ে সন্দেহ হলে ঢাকামুখী সিএনজিচালিত একটি অটোরিকশাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে চালক বেপরোয়া গতিতে ছুটতে থাকেন।

এক পর্যায়ে ধাওয়া করে অটোরিকশাটির গতিরোধ করা হয়। পরে ভেতরে তল্লাশি চালিয়ে ৮ কার্টন ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলসহ দুজনকে সেনাবাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

কোতয়ালি থানা পরিদর্শন করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কোতয়ালি থানা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল  মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

শনিবার (১০ আগষ্ট) বিকেল ৪ টায়  কুমিল্লা  সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি থানা পরিদর্শন করেন।

এ সময় কুমিল্লা  সেনানিবাসের  সিনিয়র কর্মকর্তারা  ছাড়াও  জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার  মো: সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

কুমিল্লা  সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি  মোহাম্মদ জাহাঙ্গীর আলম  থানা পরিদর্শকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার  ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনের সাথে কথা বলেন।

উল্লেখ্য যে, সরকার পতনের পর  সারাদেশে হামলা-সহিংসতায় থানাগুলোতে লুটপাট-ভাংচুর হয়। এর ফলে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। সম্প্রতি সেনাবাহিনীর পাহারায় ও সহযোগিতায় থানায় আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।

ক্ষতিগ্রস্ত কুমিল্লার কাগজ অফিস পরিস্কার-পরিচ্ছন্ন করলেন শিক্ষার্থীরা

 

স্টাফ রিপোর্টার:
দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত দৈনিক কুমিল্লার কাগজ অফিস পরিস্কার-পরিচ্ছন্ন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগষ্ট) নগরীর কান্দিরপাড়ে অবস্থিত এ মিডিয়া কার্যালয়টি পরিস্কার-পরিচ্ছন্ন করে দেন শিক্ষার্থীরা।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম।

এর আগে সরকার পতনের দিন বিকেলে জেলাজুড়ে ভাংচুর-সহিংসতা চলাকালে কুমিল্লা কাগজ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

অবশেষে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট:

অবশেষে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার বেলা আড়াইটার পর এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। নিজের ভেরিফায়েড ফেসবুক আকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের হাতে এসেছে। আমরা সেটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। তবে অন্যান্য বিচারপতির পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলতে পারেননি।

এর আগে অপর এক ভিডিও বার্তায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শান্ত হোন। আদালতে অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। এগুলোর ক্ষতি হলে জাতির অনেক ক্ষতি হয়ে যাবে।

এর আগে আজ শনিবার সকালে খবর ছড়িয়ে পড়ে যে, প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়ে বৈঠক ডাকেন। এতে ক্ষিপ্ত হয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। তাছাড়া হাইকোর্টের অন্যান্য আইনজীবীরা এমন সিদ্ধান্তের প্রতিবাদ করে বিক্ষোভ শুরু করেন।

এমন প্রেক্ষাপটে ওবায়দুল হাসান বিচারপতিদের বৈঠক বাতিল করেন। কিন্তু তারপরও হাইকোর্ট ঘেরাও করেন শিক্ষার্থী ও আইনজীবীরা। সেই সঙ্গে প্রধান বিচারপতিকে দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন তারা।

আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই : ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট:

আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নয়। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। তাই যে যেখানে আছেন আবু সাঈদের মা-বাবা, ভাই-বোনদের বা যারা যেখানে আছেন তাদের রক্ষা করুন। কোনো গোলোযোগ করতে দেবেন না।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আবু সাঈদ এখন ঘরে ঘরে। প্রত্যেক ঘরে আবু সাঈদ। জাতি-ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, খ্রিষ্টান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন, কোথাও যেন কোনো গোলোযোগ যেন না হয়। কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে। কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ।

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে এই মাটির সন্তানদের রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি। আবু সাঈদ যেমন দাঁড়িয়েছে, আমাদেরকেও সেভাবে দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে, এ রকম সন্তান ওরকম সন্তান, এ রকম না। আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা এবং সবার মা আবু সাঈদের মা। কাজেই তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ভাইদের রক্ষা করতে হবে। সবাই মিলে এটা করতে হবে।

এর আগে সকাল ১০টা ৪২ মিনিটে সেনাবাহিনীর হেলিকপ্টারে ড. মুহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জের মেরিন একাডেমিতে পৌঁছান। এরপর তিনি শহীদ আবু সাঈদের বাড়ি উপজেলার জাফরপাড়া গ্রামে অভিমুখে সড়কপথে রওয়ানা হন। সেখানে পৌঁছে ১১টা ৫ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে স্বজনদের সঙ্গে মিলিত হন।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া সঙ্গে ছিলেন। এছাড়াও রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন, জেলা প্রশাসক মোবাশ্বের হাসানসহ জেলা ও উপজেলার প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল কানাডা

ডেস্ক রিপোর্ট:

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে কানাডা।

শুক্রবার (৯ আগস্ট) এক বিবৃ‌তিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানা‌ন।

শ‌নিবার (১০ আগস্ট) এ তথ্য জানায় ঢাকার কানা‌ডিয়ান হাইক‌মিশন।

বিবৃ‌তিতে বলা হয়, বাংলাদেশে চলমান সঙ্কটের সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যেতে কানাডা সমর্থন করে। আমরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকারের স্বাগত জানাই। এ‌টি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার পাশাপা‌শি শান্তি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ।

মেলানি জোলি বলেন, এই পরিবর্তনের সময়ে এমন একটি প্রক্রিয়ায় কানাডা যুক্ত হতে চায়, যা হবে সবার অংশগ্রহণমূলক। ব্যাপক অর্থে সমাজের সব খাতের রাজনৈতিক অংশগ্রহণ। তাতে থাকবে ধর্মীয় সংখ্যালঘু, যুব সমাজ, নারী ও অন্য সংখ্যালঘুরা। মানবাধিকারের প্রতি সম্মান, আইনের শাসন মেনে গণতান্ত্রিক রীতি ও অংশগ্রহণমূলক সরকার গঠনের নীতিতে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায় কানাডা।

কানাডা সবাইকে শান্ত থাকারও আহ্বান জানায়। মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুযোগ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় কানাডা।

প্রধান বিচারপতির পদত্যাগের দাবীতে কুমিল্লায় আদালতের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের কুমিল্লার শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকাল ১২টার দিকে আদালতে মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, হাইকোট ঘেরাও কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ফেইসবুক পেইজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ কুমিল্লার সকল শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের উদ্দেশ্য এক বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, সবাই দ্রুত ১১ টার মধ্যে নগরীর টাউনহল মাঠে চলে আসুন। টাউনহল মাঠ থেকে জেলা ও দায়রা জজ আদালতে অবস্থান করা হবে।

এ বার্তাকে কেন্দ্র করে কুমিল্লার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টাউনহল মাঠে জড়ো হতে থাকেন। বেলা ১১ টা ৩০ দিকে এর সকল শিক্ষার্থীদের নিয়ে টাউন মাঠ থেকে মিছিল নিয়ে আদালত মুখী রওনা হয়ে আদালতের মূল ফটকে অবস্থান নয় শত শত শিক্ষার্থীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা সমন