Tag Archives: শিক্ষক

শিক্ষকরা রাজনীতিতে

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে: ডা. বিধান রঞ্জন রায়

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে: ডা. বিধান রঞ্জন রায়

ডেস্ক রিপোর্টঃ

শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না। তারা যদি রাজনীতিতে জড়ান, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শিশুদের পড়াশোনার মান উন্নত করার পাশাপাশি অভিভাবকদের আর্থিক চাপ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। শিক্ষার গুণগত মান বাড়াতে সরকার কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছে।

তিনি আরও বলেন, শিশুদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে শুধু বইয়ের ওপর নির্ভরশীল হলে ফলাফল ভালো হয় না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে নেপের পরিচালক ফরিদ আহমেদ, উপ-পরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ডা. বিধান রঞ্জন রায় দশম গ্রেডের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

"প্রাক্তন ৩ ছাত্রকে সংবর্ধণা দিলেন শিক্ষক"

“প্রাক্তন ৩ ছাত্রকে সংবর্ধণা দিলেন শিক্ষক”

“প্রাক্তন ৩ ছাত্রকে সংবর্ধণা দিলেন শিক্ষক”

স্টাফ রিপোর্টার:

নি:সন্দেহে একজন ছাত্রের যে কোন সফলতা বা ভালো কাজ শিক্ষকের মাথা উঁচু করে তোলে। সফল ছাত্রদের গল্প বলে শিক্ষকরা আনন্দিত হয়। নিজ কর্মস্থলে তারুণ্যদীপ্ত সফলতার জন্য প্রাক্তন তিন ছাত্রকে সংবর্ধণা ও শুভেচ্ছা স্মারক দিলেন শিক্ষক নূরুল আমিন। জানা যায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর ইসলামিয়া ডিগ্রী মাদরাসার ছাত্র ছিলেন মো. শরীফুল ইসলাম, মো. নুরুননবী ও রাসেল আহাম্মেদ। সে সময়ে আরবী ও ফিকাহ বিভাগের প্রভাষক ছিলেন মাওলানা মো. নূরুল আমিন।

দেশের বহুল প্রচারিত সংবাদপত্র “দৈনিক ইত্তেফাক ” পত্রিকার দাউদকান্দি সংবাদদাতা হিসেবে কাজ করছেন মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান), মো. নুরুন নবী ও মো. রাসেল আহাম্মেদ রাফি কুমিল্লা দায়রা ও জজ আদালতে আইনজীবী হিসেবে সুনামের সহিত কাজ করছেন। প্রাক্তন ছাত্রদের এমন তারুণ্যদীপ্ত সৃজনশীল পেশা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবধান রাখায় খুশি হয়ে এই তিন প্রাক্তন ছাত্রকে সংবর্ধণা ও শুভেচ্ছা স্মারক দিলেন ঐ শিক্ষক। রোববার রাতে উপজেলার গৌরীপুর বাজার ঈদগা মাঠে অনুষ্ঠিত তাহফিজুল উম্মাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই শুভেচ্ছা স্মারক তাদের হাতে তুলে দেন। হাফেজ ছাত্রদের পাগড়ী পড়ান হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যন হুফফাজ শায়খ আব্দুল হক।

অনুষ্ঠানে রোটারিয়ান মো. কামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আবুল হাসেম। বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল, তিতাস উপজেলা জামায়াতের আমীর মো. শামীম সরকার বিজ্ঞ। উপস্থিত ছিলেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি মো. আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে কেরাত তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারি আহমদ বিন ইউসুফ আল-আজহারী, বিশ্বজয়ী হাফেজ মাও: নাজমুস সাকিব, বিশ্বজয়ী ক্বারী শেখ শহিদুল ইসলাম, বিশ্বজয়ী ক্বারী আবুজার গিফারী। সঙ্গীত পরিবেশন করেন, ইসলামী সংগীত সংগঠন কলরবের শিল্পী- মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, এ ইমরানুল ফারহান, আবির হাসান, ইলিয়াস আমিন, হাসিনুল ইসলাম, ইকবাল মাহমুদ, শাফিন আহমাদ, ইয়াসিন হায়দার, হাফেজ ইসমাইল, তাওহিদ জামিল, ফজলে এলাহি সাকিব ও, সালমান সাদী, নাসরুল্লাহ ইরফান, হুসাইন আদনান, এ আহনাফ খালিদ ।

ফেনীর বন্যার্তদের পাশে

ফেনীর বন্যার্তদের পাশে কেরানীগঞ্জের স্কুল ছাত্রীরা

ফেনীর বন্যার্তদের পাশে কেরানীগঞ্জের স্কুল ছাত্রীরা

স্টাফ রিপোর্টার:

ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়ালেন কেরানীগঞ্জ উপজেলার নতুন বাক্তার চর স্কুল এন্ড কলেজের ছাত্রীদের একটি টিম। নিজ উদ্যোগে নিজ এলাকার মানুষ ও প্রবাসীদের কাছ থেকে সহায়তা নিয়ে ফেনীর বন্যার্তদের কাছে ছুটে যান তারা।

সারাদেশের মতো স্কুল কলেজে অধ্যায়নরত ছাত্রীরা নিজ এলাকায় নয়, সুদূর ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ভাঙ্গা রাস্তা, বন্যার পানি পেরিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ত্রান সহায়তা নিয়ে। এ সহায়তার অর্থ যোগান ও ত্রান কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকী করেন এলাকার ছাত্রী ও নারীদের নিয়ে গঠিত আলোকিত নারী সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি শামীমা নাছরিন ইভা।

সংশ্লিষ্ট বন্যার্ত এলাকায় মেয়েদের ত্রান কাজে সার্বিক সহায়তা করেন স্থানীয় স্কুল শিক্ষক, নারী ও তরুণ উদ্যোক্তাগণ। এতদূর থেকে বন্যার্তদের টানে ছুটে যাওয়া এ অল্প বয়সী ছাত্রছাত্রীদের মানবিক কাজে খুশী হন বানবাসী মানুষ। এ উদ্যোগের প্রশংসা করেন কেরানীগঞ্জের সংশ্লিষ্ট এলাকার অধিবাসীগণ।

বন্যার্তদের সহায়তার উদ্যোগে বিনা অর্থে ত্রান বহনকারী ট্রাক ও ছাত্রীদের জন্য মাইক্রো বাস বিনামুল্যে প্রদানে এগিয়ে আসেন স্থানীয় মানবহিতৈষী দুই ব্যক্তি।

রাত অবধি বহু মানুষকে ত্রান সহায়তা প্রদান করে পূনরায় কেরানীগঞ্জ নিজ এলাকায় ফেরত আসে এ দলটি। তরুণ প্রজন্ম ও এলাকাবাসীর মধ্যে এ প্রচেষ্টা নি:সন্দেহে কল্যানকর কাজের প্রেরনা জোগাবে।

কুমিল্লায় কোচিং সেন্টারে ঢুকে শিক্ষককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে গোলাম রসুল (৪৬) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের নলকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

নিহত গোলাম রসুল ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।

স্থানীয়রা জানায়, নিহত গোলাম রসুল কিন্ডারগার্টেনে শিক্ষকতার পাশাপাশি বাড়ির পাশে কোচিং সেন্টার খুলে সেখানে শিক্ষার্থীদের পড়াতেন। একই গ্রামের শাহ আলমের ছেলে মো. শাফায়াত (৩৫) একজন মাদকাসক্ত। বুধবার সন্ধ্যায় কোনো কারণ ছাড়াই গোলাম রসুলের কোচিং সেন্টারে ঢুকে পড়েন শাফায়াত। এ সময় তাকে বের হয়ে যেতে বললে কোমরে থাকা ছুরি বের করে শিক্ষার্থীদের সামনেই গোলাম রসুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন শাফায়াত। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই গোলাম রসুলের মৃত্যু হয়।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় রাতেই ঘাতক শাফায়াতকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষ হলে ঘাতক শাফায়াতকে আদালতে তোলা হবে।

৭ মাসে হাফেজ হলেন ১১ বছর বয়সী আল মাহির

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জামিয়া ইয়াকুবিয়া বসুরহাট মাদরাসার ১১ বছর বয়সী ছাত্র আল মাহির শাহরিয়ার মাত্র ৭ মাসে কোরআনে হাফেজ হয়েছেন। অপরদিকে, একই প্রতিষ্ঠান থেকে ১১ মাসে কোরআনে হাফেজ হয়েছেন ১৩ বছর বয়সী তারই বড় ভাই আল ফাহিম শাহরিয়ার। দুই ভাই অল্প সময়ে কোরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে। ছেলেদের জন্য দোয়া চেয়েছেন মা সালমা সুলতানা লিলি।

সমাজের বিশিষ্টজনরা মনে করে মানুষ এ থেকে আরো বেশি দ্বীনি শিক্ষায় অনুপ্রাণিত হবে।

জানা যায়, বাবা ও নানার ইচ্ছায় প্রথমে বড় ছেলে আল ফাহিম শাহরিয়ারকে বাড়ির পাশে জামিয়া ইয়াকুবিয়া বসুরহাট মাদরাসার হিফজ বিভাগে ভর্তি করা হয়। বড় ছেলে ১১ মাসে পবিত্র কোরআন মুখস্ত করে কোরআনে হাফেজ হন। এতে পরিবারে দেখা দেয় পরিবর্তন। এরপর ছোট ছেলে আল মাহির শাহরিয়ারকেও ভর্তি করা হয় একই মাদরাসার হিফজ বিভাগে। সে ওই মাদরাসা থেকে মাত্র সাত মাস একদিনে কোরআন মুখস্ত করে ফেলেন।

ছেলেদের এমন সাফল্যে খুশি মা-বাবা সহ এলাকাবাসী। মায়ের আশা ছোট ছেলে আল ফারিক শাহরিয়ার আরও কম সময়ে কোরআনে হাফেজ হবেন। তারা দুই ভাই বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বটতলী এলাকার হাজী তাজুল ইসলামের বাড়ির প্রবাসী মাইন উদ্দিনের ছেলে।

হাফেজ আল ফাহিম শাহরিয়ার ও তার ছোট ভাই আল মাহির শাহরিয়ার বলেন, মা-বাবা ও নানার আন্তরিক উৎসাহে আমরা কোরআনে হাফেজ হয়েছি। আমরা আমাদের শিক্ষক এলাকাবাসীসহ সবার কাছে কৃতজ্ঞ।

শিক্ষার্থীদের মা সালমা সুলতানা লিলি বলেন, আমার বাবা তার নাতিদেরকে হাফেজ বানানোর জন্য আমাকে উৎসাহ দেয়। আমার তিন ছেলে যেন হাফেজ হয়। নাতিরা যেন তার নানা মারা গেলে নানার জানাজা পড়াতে পারে। প্রথমে কিন্ত আমি ছেলেদের মাদরাসায় দিতে চাইনি। ওদের বাবা আমার সাথে অনেক জোরাজুরি করে বলে একটা ছেলেকে হাফেজ বানিয়ে দেখ। যখন আমার বড় ছেলে হাফেজ হয়। তখন আমার মধ্যে কথাবর্তা,আদব কায়দা, নামাজ কালামে পরিবর্তন চলে আসে। তখন আমার দ্বিতীয় ছেলেকে হিফজ বিভাগে ভর্তি করিয়েছি।

জামিয়া ইয়াকুবিয়া বসুরহাট মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুল মান্নান বলেন, দুই ভাই অনেক মেহনত করে কোরআন মুখস্ত করে। মাঝখানে ছোট ভাইয়ের একটু সমস্যা করেছিল। পরে তা আবার ঠিক হয়ে যায়। ১৯৯৪ সালে মাদরাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই মাদরাসা থেকে এখন পর্যন্ত ৫০জন কোরআনে হাফেজ হয়। আমার হাতে এ মাদরাসা থেকে ২৫জন ছাত্র হাফেজ হয়।

মুহতামিম জামিয়া ইয়াকুবিয়া বসুরহাট মাদরাসার মুফতি মুহাম্মদ ইদ্রিস বলেন, এ মাদরাসা প্রতিষ্ঠা পর থেকে ৫০জন ছাত্র হাফেজ হয়। দুই ভাই অনেক মেহনত করে কোরআনে হাফেজ হয়েছে। আমি তাদের ওস্তাদকেও ধন্যবাদ জানাই তারা ছাত্রদের পিছনে খুব মেহনত করেছে। শুধু মাদরাসার শিক্ষকরাই নয় এলাকাবাসীও শুভ কামনা জানিয়েছেন হাফেজ দুই ভাইয়ের জন্য। তাদের প্রত্যাশা ইসলাম প্রসারে ভূমিকা রাখবে এ হাফেজরা।

কুবি শিক্ষক সমিতির সভাপতি তাহের, সম্পাদক মেহেদি

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের প্যানেল নীল দল। শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির ১৫টি পদেই জয় পেয়েছে দলটির সদস্যরা।

এতে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদি হাসান। তিনি অপর প্রতিদ্বন্দ্বী লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জিয়া উদ্দিনকে ৮৯ ভোটে পরাজিত করেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলে দুপুর দেড়টা পর্যন্ত। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রেজাউল করিম। এতে শিক্ষকদের ২৬৬ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোট দিয়েছেন। এরমধ্যে তিনটি ভোট বাতিল করা হয়েছে।

শিক্ষক সমিতি-২০২৪ এর অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন (সহ সভাপতি) ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার (সহ সভাপতি), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান (কোষাধ্যক্ষ), লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস (সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক) এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান ( প্রচার ও প্রকাশনা সম্পাদক)।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অর্থনীতি বিভাগ অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।

শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস: তিন পুলিশ সদস্যসহ রিমান্ডে ৪

ডেস্ক রিপোর্ট:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টার মামলায় রাজশাহীতে তিন পুলিশ সদস্যসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ফয়সাল তারিক আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, আসামিদের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে শুনানি শেষে আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য সবার একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার চার আসামি হলেন- দিনাজপুরের পার্বতীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী (৩৩), আরএমপি সদর দপ্তরের পুলিশ কনস্টেবল আবদুর রহমান (৩২), কনস্টেবল শাহরিয়ার পারভেজ শিমুল (৩১) এবং দিনাজপুরের পার্বতীপুর থানার পূর্ব দুর্গাপুর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান (৩৭)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) জামিরুল ইসলাম জানান, গত শনিবার এই চারজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। পরে সেদিনই সন্ধ্যায় তিন পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর মেহেদীকে গ্রেপ্তারের পর গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়। আদালতে সবার রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। মঙ্গলবারই আসামিদের কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হতে পারে।

এর আগে গত শুক্রবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রতারক চক্রটি চাকরির পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার চুক্তি করেছিলেন পরীক্ষার্থীদের সঙ্গে।

গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার প্রথমেই আরএমপির দুই পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা শাখা (ডিবি)। পরে গত শনিবার তাদের বিরুদ্ধে মামলা করেন কারিমা খাতুন নামের এক ভুক্তভোগী পরীক্ষার্থী। মকলেসুর রহমান নামে এই মামলার আরেক আসামি এখনও পলাতক আছেন।

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা পুলিশের সদস্যরা অভিযানের সময় কনস্টেবল শাহরিয়ার পারভেজের বাড়ি থেকে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত ১৬টি গেঞ্জি, ১৩টি চুম্বক দণ্ড, ক্ষুদ্র গোলাকৃতির চুম্বকযুক্ত ২৬টি ইলেকট্রনিকস ডিভাইস ও ১৫টি সাদা রঙের মোবাইল ফোনের চার্জার জব্দ করেছিল।

অত্যাধুনিক এসব ডিভাইস ব্যবহার করেই চুক্তিবদ্ধ পরীক্ষার্থীকে বাইরে থেকে সব প্রশ্নের উত্তর বলে দেওয়ার কথা ছিল।

কুমিল্লার ১১ শিক্ষকের শুনানি ১৫ জানুয়ারি

কুমিল্লার ১১ শিক্ষকের শুনানি ১৫ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট:

অন্য এলাকা থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বদলি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষকের যোগদানে পাঁচ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আদেশের বিরুদ্ধে আবেদন শুনানির জন্য ১৫ জানুয়ারি দিন ঠিক করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহারের করা লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। ১১ শিক্ষকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

পরে আইনজীবী খুরশীদ আলম খান জানান, হাইকোর্ট ১১ শিক্ষকের যোগদানপত্র গ্রহণে ব্যবস্থা নিতে বলেছেন। সেই আদেশের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য আবেদন করেছিলেন। ওই আবেদনের ওপর স্থগিতাদেশ না দিয়ে শুনানির জন্য ১৫ জানুয়ারি দিন রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

ওই ১১ শিক্ষকের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৩ সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ ১১ শিক্ষকের যোগদানে পাঁচ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

রুলে বদলি ১১ শিক্ষকের যোগদানপত্র গ্রহণ না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বদলি করা ওই শিক্ষকদের যোগদানপত্র গ্রহণ করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চান হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়।

হাইকোর্টে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। তিনি জানিয়েছিলেন, আবেদনকারীরা দেশের বিভিন্ন বিভাগ, সিটি করপোরেশন, জেলা এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এই ১১ জন ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২’ অনুযায়ী বদলির জন্য আবেদন করেন।

তিনি জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আবেদন অনুযায়ী গত মার্চে তাদের কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করে অফিস আদেশ জারি করেন এবং বদলি আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বদলিকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার জন্য ছাড়পত্র দেন।

পরে তাদের বদলি করা প্রতিষ্ঠানে যোগদানের জন্য কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর যোগদানপত্র দাখিল করতে গেলে, তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। অনেক চেষ্টা করেও তারা যোগদান করতে পারেননি। ফলে কোনো বিদ্যালয়ে কর্মরত না থাকায় রিটকারী শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। এরপর এই ১১ শিক্ষক হাইকোর্টের দ্বারস্থ হন।

গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলা: ৪ শিক্ষককে অব্যাহতি

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, উপজেলার পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুয়েল চন্দ্র দেবনাথ, মল্লিকা দিঘির পাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাবেয়া বেগম, মমিনপুর দাখিল মাদরাসার শিক্ষক প্রহলাদ চন্দ্র পাল ও রামনারায়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চন্দ্র দেবনাথ ।

মঙ্গলবার (৯ মে) দুপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

জানা যায়, দুপুরের দিকে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া সাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন যান। ওই সময় গণিত পরীক্ষা চলাকালে চার শিক্ষককে দায়িত্বে অবহেলার করতে দেখতে পান তিনি। পরে দায়িত্বে অবহেলার দায়ে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অভিযুক্ত চার শিক্ষককে অব্যাহতি দেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।