Tag Archives: কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি অপি ও সাধারণ সম্পাদক রুবেলকে শোকজ

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফিকে ফেনী থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

শুক্রবার ( ১ আগস্ট) ভোর রাতে ফেনী জেলা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মিনহাদুল হাসান রাফি গতকাল কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী চারটি মামলা রয়েছে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আব্দুল্লাহ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাফিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃত্বে রাফি ও পিয়াস

 

স্টাফ রিপোর্টার:

মিনহাদুল হাসান রাফিকে সভাপতি ও ইসরাফিল পিয়াসকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (১৮ মার্চ) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে ২৫ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৯ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটিতে  সহ-সভাপতি পদে রয়েছেন শিহাব শুভ,  আবু মুছা খান, মোঃ ইসমাইল হোসেন মোল্লা, এম রুবেল হোসেন , সাইফুল ইসলাম রুবেল, আজিম চৌধুরী, মোঃ ওবায়দুল হক, সাইফুল ইসলাম ফাহিম,  সাদ্দাম হোসেন সালমান, জাহাঙ্গীর আলম হৃদয়,  ফয়সাল আহম্মেদ, মোঃ আব্দুল্লাহ আল ওমর সবুজ, মোঃ সাখাওয়াত হোসাইন, মোঃ জাহিদুল ইসলাম বাবু, তানভীর কবির পাভেল,তাইফুর আলম তুষার ,মেহেদী হাসান, কাজী ইসমাইল হোসেন রাজিব, মোঃ আবু কাউসার দিপু , আমিরুল ইসলাম জীবন,শাওন খান রিয়াদ , আবু ফয়সাল ভূঁইয়া রতন , তাসনিমুল কায়সার ,মোহাম্মদ মাইনুদ্দিন সরকার ,আল আমিন ।

এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহামুদুল হাসান ভুঁইয়া রাহাত, মোঃ মেহেদী হাসান অনি, আব্দুল খালেক , তানভীর মাহবুব অন্তর, ফারহান সিদ্দিক হাসিব, মনির হোসেন রনি, তৌসিফ হোসেন সাকিব,  সোলায়মান হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন  মোঃ মাহামুদুল হাসান ভূঁইয়া, কামরুল হাসান সৈকত, মোঃ টিপু সুলতান, মোঃ শাফায়েত, মোঃ হৃদয় হোসেন,  মোঃ রাফসান জামি রাফি,  নাঈম ভুঁইয়া,  জান্নাতুল রিয়াদ জাফর কাউসার ও মোঃ সোহেল হোসেন।

কুমিল্লার ১০টি উপজেলা নিয়ে গঠিত হয় সাংগঠনিক জেলা। এর মধ্যে রয়েছে  আর্দশ সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, লালমাই, বুড়িচং, ব্রাহ্মণপাড়া।

কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় ২০১৪ সালে। দীর্ঘ আট বছর পর ২০২২ সালের ১২ মে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

ছাত্রদলের ৪২-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় ছাত্র সমাবেশ ও র‌্যালি

সেলিম সজীব:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির কার্যালয়ে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাদিমুর রহমান শিশির।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ূম, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকি রাকিব, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন শিবলু ও কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ। এছাড়া কোতোয়ালি থানা ছাত্রদল, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক জিয়ার সাথে কুমিল্লা ভার্চুয়াল আলোচনা সভা

দেলোয়ার হোসাইন আকাইদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে কুমিল্লা নগরীর ধর্মসাগরপারস্থ বিএনপির কার্যালয়ে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাদিমুর রহমান শিশির, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম মিঠু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ নেতাকর্মীরা।

মেয়র সাক্কুকে ক্ষমা চাইতে হবে নয়তো দল থেকে পদত্যাগ করতে হবে- সংবাদ সম্মেলনে দাবি

স্টাফ রিপোর্টার:
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন উপহাসমূলক বক্তব্য প্রদানের অভিযোগ এনে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লার বর্তমান ও সাবেক ছাত্রদল নেতারা।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বিএনপি নেতা হয়েও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে একটি মিডিয়ায় উপহাসমূলক বক্তব্য প্রদান করেন, যা আমাদের অনুভূতি ও অস্তিত্বে আঘাত এসেছে। অবিলম্বে সিটি মেয়রকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে নয়তো দল থেকে পদত্যাগ করার দাবী জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির, সাবেক ছাত্রদল সভাপতি ও জেলা যুবদল সভাপতি ভিপি আশিকুর রহমান ওয়াসিম, সাবেক ছাত্রদল সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মোঃ উৎবাদুল বারী আবুসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

কুমিল্লার রাজনীতিতে তরুণ নেতৃত্ব: যুবলীগ নেতা গোলাম মোস্তফা শরীফ

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের রাজনীতিতে কুমিল্লা জেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সব সময় পালন করে আসছে। এরই ফলশ্রুতিতে কুমিল্লা থেকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, এলজিআরডি মন্ত্রী, আইনমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ও বন-পরিবেশমন্ত্রীসহ বহু গুণী রাজনীতিবিদ পেয়েছে বাংলাদেশ । কুমিল্লা হলো রাজনীতিবিদ তৈরির অন্যতম কারখানা। সেই ফলশ্রুতিতে আজকের কুমিল্লা শুরু করেছে “কুমিল্লা রাজনীতিতে তরুণ নেতৃত্ব” নামক একটি ধারাবাহিক পর্ব। প্রথম পর্বে থাকছে- যুবলীগ নেতা গোলাম মোস্তফা শরীফকে নিয়ে একটি প্রতিবেদন।

গোলাম মোস্তফা শরীফ কুমিল্লা নগরীর ১৮ নং ওয়ার্ডের নুরপুর এলাকার স্থানীয় কুসিক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ আফসান মিয়ার ছেলে। হাজী মোঃ আফসান মিয়া ১৯৭৩ সাল থেকে অধ্যাবদি ৬ বার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা শহর আওয়ামীলীগের সদস্যও ছিলেন। আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান গোলাম মোস্তফা শরীফ ১৯৮৫ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন।

গোলাম মোস্তফা শরীফ কুমিল্লার ইউসুফ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেতে এইচ.এস.সি, বি.এস.এস (রাষ্ট্রবিজ্ঞান) এবং এম.এস.এস (রাষ্ট্রবিজ্ঞান) পাশ করেন। পরে কুমিল্লার বঙ্গবন্ধু ল কলেজ থেকে এল.এল.বি পাশ করেন।

কলেজ জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন গোলাম মোস্তফা শরীফ। রাজনীতিতে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। পরে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের পাঠাগার উপ বিষয়ক সম্পাদক হন। এরপরে তিনি দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। এছাড়া বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক এবং বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, কুমিল্লা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। বর্তমানে কুমিল্লা মহানগর যুবলীগের কমিটিতে তার কোন পদ না থাকলেও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাংসদ আনজুম সুলতানা সীমার গ্রুপের যুবলীগের অন্যতম নেতা তিনি। কুমিল্লার রাজনীতির মাঠে তরুণ রাজনীতিবিদ হিসেবে তার পদচারণা উল্লেখ করার মত।

গোলাম মোস্তফা শরীফের উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মকান্ড ঃ

খালেদা জিয়া-নিজামী জোট সরকারের বিরুদ্ধে কুমিল্লার রাজপথে সক্রিয়ভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন তরুণ এই রাজনীতিবিদ। ২০০১ সালের ৩০ শে জুন বাংলাদেশ আওয়ামীলীগের ডাকে চার দলীয় জোট সরকারের বিরুদ্ধে প্রথম হরতালে পিকেটিং করার সময় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বর হতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে ওয়ান ইলেভেন এর সময় দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হতে স্বাক্ষর গ্রহণ কর্মসূচী করার সময় কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লা কান্দিরপাড়ে প্রতিবাদি মিছিল করার সময় পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে এবং পুলিশ তাকে লাঠিচার্জ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন সময় মিছিল-মিটিং, মানববন্ধনে অংশগ্রহণ করেন এই তরুণ নেতা। যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে কুমিল্লা মহানগরে বিভিন্ন সময় মিছিল-মিটিং ও মানববন্ধন সহ বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন জাতীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করেছেন তিনি।

গোলাম মোস্তফা শরীফ ‘আজকের কুমিল্লা’কে জানান, আমি কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছি। বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছি। বেশ কয়েকবার গ্রেফতার হয়েছি। কোন পদ-পদবী পাওয়ার আশায় রাজনীতি করিনি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে লালন করে, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে কুমিল্লা রাজপথ ও যেকোনো দায়িত্ব পালনে শত প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে তৈরি রেখেছি।

ব্রাহ্মণপাড়ায় ভোটের লড়াইয়ে মুখোমুখি জাহাঙ্গীর খান ও আবু জাহের

 

নাছরিন আক্তার হীরা:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে লড়াই জমে উঠেছে । এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী । এদিকে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক ভি.পি. সরকার জহিরুল হক মিঠুনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে উপজেলা ছাত্রদলের সহ সাংগাঠনিক সম্পাদক দিদারুল আলম ভূইয়া জানান, প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আপিল করা হয়েছে। বৃহস্পতিবার শুনানী হবে। যদি প্রার্থীতা ফিরে না পাই তাহলে হাইকোর্টে রিট করা হবে। আমরা আশাবাদী প্রার্থীতা ফিরে পাবো এবং নির্বাচনে জয়লাভ করবো।

আ’লীগ দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা জানান, এবার আমাদের জয় নিশ্চিত। তিনি আমাদের দলীয় মনোনীত প্রার্থী। দলের বাইরের কোন বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের কোন নেতাকর্মী ভোট দিবে না। জনগণ নৌকা প্রতিককেই জয়যুক্ত করবে।

কিন্তু গতবার দলীয় মনোনয়ন পেয়েও জাহাঙ্গীর খান চৌধুরী নির্বাচনে হেরে যান আ’লীগের বিদ্রোহী প্রার্থী মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের কাছে। তাই এবারের নির্বাচনেও নৌকা প্রতিকের প্রার্থীকে লড়াই করতে হবে বিদ্রোহী প্রার্থীর সাথে।

স্থানীয় সূত্রমতে, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের পরিবারের একটি ভাল ভোটব্যাংক রয়েছে। এই পরিবারের সদস্য হিসেবে আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের জনগণের সহানুভূতি পাবে। এছাড়া কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপির ছাত্রলীগের অসংখ্য কর্মী রয়েছে। ফলে এ নির্বাচনে তুমুল ভোটের লড়াই হবে এটাই স্বাভাবিক।
কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি জানান, আমার চাচা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। উনার প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আমাদের আশ্বস্থ করেছে আগামী ১০ ডিসেম্বর এ উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে।

আগামী ১০ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

 

স্টাফ রিপোর্টার:
মহামারি করোনা সংকট চলাকালে কুমিল্লা নগরীর চকবাজার,মুরাদপুর, চর্থাসহ বিভিন্ন জায়গায় সাধারণ জনগণ ও পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ।

শনিবার (৯ মে)বিকাল ৫টার সময় কুমিল্লা দঃ জেলা ছাত্রদলের ১নং সহ সভাপতি মোঃ শরীফুল ইসলাম সওদাগর এর উদ্যোগে  ৫৪০ জন পথচারির মাঝে ইফতার বিতরণ করা হয় ।

এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের যুগ্ম  সাধারণ সম্পাদক জনি পাটোয়ারী,  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদউল্লাহ ফয়সাল, হ্রদয়, রনি, পংকজ, রাসেল,  মিঠু,  টিটুসহ আরো অনেকে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শাহ ইমরানঃ

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নগরীর ধর্মসাগর পশ্চিমপাড় বিএনপির অস্থায়ী কার্যালয় মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা  ও সাবেক ডাকসু ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান।

এ সমাবেশ উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি নাদিমুল রহমান শিশির,  মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম মিঠু। এ সময় জেলা ছাত্রদলের সহ সভাপতি শরিফুল ইসলাম সওদাগর এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ আরও অন্যান্য উপস্থিত ছিলেন।

খুড়িয়ে খুড়িয়ে চলছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
নানা বির্তক আর অনিয়মের বেড়াজালে আক্রান্ত হয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের এখন বেহাল দশা। কুমিল্লা জেলা সদর, সদর দক্ষিণ, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা । এ জেলা ছাত্রলীগের একটি ঐতিহ্য থাকলেও তা এখন ম্লান হওয়ার পথে। ছাত্রলীগের এ কমিটির সভাপতিসহ বেশিরভাগ নেতাই বিবাহিত, কেউ প্রকাশ্যে আবার কেউ বা গোপনে সংসার করছে। এছাড়া জাতীয় দিবস ও দলীয় সাংগাঠনিক কর্মসূচি দায়সারাভাবে পালন, অনুষ্ঠানের নামে ফটোসেশন, উপজেলা পর্যায়ে দেয়া কমিটি নিয়ে বির্তকের সৃষ্টি, অছাত্র, মাদক সেবনকারি, মাদক ব্যবসায়ি ও ভিন্ন দলের ছেলেদের ছাত্রলীগে স্থান দেয়া নিয়ে রয়েছে নানা বির্তক।

জানা যায়, ২০১৫ সালের ২০ জুলাই এক বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট জেলা দক্ষিণ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালিন সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। আবু তৈয়ব অপিকে সভাপতি ও লোকমান হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৭ সালের ২৪ জুন এ কমিটি বর্ধিত করা হয়। ঘোষণা করা হয় ২০৯ সদস্য বিশিষ্ট কমিটি। এ কমিটিতেও অপিকে সভাপতি ও রুবেলকে সাধারণ সম্পাদক রাখা হয়। তবে এ কমিটির মেয়াদ উল্লেখ করা হয়নি। এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির তৎকালিন সভাপতি সাইফুর রহমান সোহাগ আর সাধারণ সম্পাদক জাকির হোসাইন। যদিও এ কমিটি নিয়েও নানা বির্তক ছিল। ঘোষিত কমিটিতে ঠিকাদার, অছাত্র, সেলুন ব্যবসায়িদের স্থান দেয়া হয় বলে অভিযোগ ছিল। কমিটি ঘোষণার পর প্রথমদিকে সাংগাঠনিক কার্যক্রম দেখা গেলেও পরবর্তীতে তা দায়সারাভাবে পালন করা হয় বিভিন্ন সূত্র জানায়।

বর্তমানে জেলা ছাত্রলীগের কমিটিতে প্রায় ১৫ জন বিবাহিত, কয়েকজন সন্তানের পিতা, ১৪ জন বয়স উর্ত্তীণ, ২৬ জন চাকুরীজীবি ও ব্যবসায়ি, ঠিকাদার রয়েছে। রয়েছে অস্ত্র, অর্থ কেলেংকারি ও হত্যাসহ একাধিক মামলার আসামি।

উপজেলা কমিটিগুলো নিয়ে নানা বির্তক ঃ
কুমিল্লা দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা কমিটিগুলো গঠন নিয়ে রয়েছে নানা বির্তক। অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে প্রায় অযোগ্য ব্যক্তিদের হাতেই তুলে দেয়া ছাত্রলীগের কমিটিগুলো। কয়েকটি উপজেলায় কমিটিও গঠন হয়নি। জেলার বুড়িচং, সদর দক্ষিণ, সদর, লালমাই উপজেলায় এখনো কমিটি দিতে পারেনি জেলা ছাত্রলীগ। এছাড়া লাকসাম ও মনোহরগঞ্জের কমিটি মেয়াদোর্ত্তীণ।

জানা যায়, ২০১৬ সালের ২৪ জুলাই মোঃ জালাল উদ্দিনকে সভাপতি ও মোঃ বাছির খানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বুড়িচং উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলার সভাপতি অপি ও সম্পাদক রুবেল । কিন্তু একদিন পরেই ২৬ জুলাই কেন্দ্রীয় কমিটি বুড়িচং উপজেলার এ কমিটি বাতিল করে দেন। সূত্র জানায়, সাংসদ আব্দুল মতিন খসরুর অনুমতি ছাড়াই এ কমিটি করা হয়েছিল। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা , বয়স সমস্যাসহ নানা অভিযোগ থাকায় এ কমিটি একদিনের বেশি স্থায়ী হয়নি।

২০১৮ সালের ২৫ জুলাই ও ২৬ জুলাই নাজমুল হোসেন মজুমদারকে আহবায়ক করে ২৭ সদস্যের বরুড়া উপজেলা শাখা ছাত্রলীগ ও গোলাম ফারুক রুবেলকে আহবায়ক করে ২৩ সদস্যের বরুড়া পৌরসভা ছাত্রলীগের কমিটি প্রকাশ করে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। অভিযোগ উঠে, অনৈতিক লেনদেনের মাধ্যমে গঠনতন্ত্র লংঘন করে বরুড়া উপজেলা শাখার নবগঠিত ওই কমিটিতে অছাত্র, বিবাহিত, সরকারি চাকুরি, মাদক ব্যবসায়ী ও বয়স্ক লোকদের স্থান দেয়া হয়। জানা গেছে, গঠনতন্ত্র লংঘন করায় এ কমিটি প্রকাশে বিলম্ব করে তারা। ২৯ জুলাই কমিটি ঘোষণার দুই ঘণ্টার মাথায় কমিটিতে স্থগিতাদেশ দিয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে জেলার দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও ২০১৬ সালের ৫ নভেম্বর নাঙ্গলকোট উপজেলায় মেমোরিয়াল সরকারি কলেজের ছাত্রলীগের কমিটি গঠন নিয়েও বেশ বির্তক হয়। কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওবায়দুল হককে সভাপতি ও শিবির নেতাদেরকে পদায়িত করে ৬১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ। ওই সময় এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করা হয়। যদিও পরে ওই কমিটিতে কোন পরিবর্তন আসেনি।

এদিকে সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহŸায়ক করা হয় মোঃ আয়াত উল্লাহকে। জানা যায়, এটি মৌখিক কমিটি। কাগজে-কলমে নেই। যুগ্ম আহŸায়ক হিসেবে আছেন ইকরাম হোসেন সুজন, কামরুল হাসান ভুট্টো। প্রথমে ২১ সদস্য, পরে আরো ২ জন বাড়ানো হয়েছে। জানা যায়, চলতি মাসের ২২ তারিখ এই উপজেলার ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর এ উপলক্ষে একটি প্রস্তুতি সভাও করা হয়। এতে জেলার সভাপতি-সাধারণ সম্পাদককে অবহিত করা হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এছাড়া বুড়িচং – বি পাড়া ছাত্রলীগের কমিটিতে জেলার সভাপতি ও সেক্রেটারির কোন স্বাক্ষর নেই বলে জানা গেছে। স্থানীয় সাংসদ আব্দুল মতিন খসরু নিজেই এই দুই কমিটি করেছেন বলে জানা গেছে। এখানেও জেলার সভাপতি-সাধারণ সম্পাদককে অবহিত করা হয়নি বলে জানা গেছে।
এছাড়া মনোহরগঞ্জের কমিটি নিয়েও বির্তক রয়েছে। অভিযোগ রয়েছে কমিটিতে বেশ কয়েকজন অছাত্র ও মাদক ব্যবসায়ি রয়েছে। যদিও কমিটি মেয়াদ উর্ত্তীণ।

দায়সারাভাবে চলছে জাতীয় ও দলীয় কর্মসূচীঃ
চলতি বছরের ১৩ জুন বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০১৯-২০ সালের মেগা বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে আনন্দ মিছিল করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু জানা যায়, জেলা দক্ষিণ ছাত্রলীগ সে নির্দেশনা পালন করেনি। কোন স্বাগত মিছিল করা হয়নি। এমনকি চলতি বছরের একুশে আগষ্ট গ্রেনেড হামলার অনুষ্ঠানে জেলা আ’লীগের অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি অপি ছিলেন না।

অভিযোগ রয়েছে, জেলা ছাত্রলীগ প্রায় অনুষ্ঠানই দায়সারাভাবে করছে। নামেমাত্র ফটোসেশন কিংবা দায়সারাভাবে অনুষ্ঠান পালন করছে। এ নিয়ে তৃণমূলে বেশ ক্ষোভ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের এক কর্মী জানান, এদেশের প্রাচীণ সংগঠন হলো ছাত্রলীগ। কুমিল্লায় ছাত্রলীগের একটা ঐতিহ্য আছে। কিন্তু এই ছাত্রলীগই এখন চলছে দায়সারাভাবে।জেলা নেতারা এখন অন্য কাজে ব্যস্ত। অনেকেই বিবাহিত জীবনযাপন করছেন। তাই নতুন কমিটি গঠন এখন সময়ের দাবি।

সাংগাঠনিক কার্যক্রমে নিস্ত্রিয় থাকার অভিযোগে ২০১৭ সালের ১৫ মে জেলা ছাত্রলীগের সভাপতি অপি ও সাধারণ সম্পাদক রুবেলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। চট্টগ্রামে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক অনুপস্থিত থাকায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন রুবেল জানান, বিভিন্ন কারনে কয়েকটি উপজেলায় ছাত্রলীগের কমিটি গঠন করা সম্ভব হয়নি। এছাড়া সাংগাঠনিক কার্যক্রমে আমরা সব সময় সক্রিয় আছি।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ চট্টগ্রাম বিভাগের সবচেয়ে সক্রিয় সংগঠন। আমরা দায়িত্বশীলতার সহিত সকল জাতীয় ও দলীয় সাংগাঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দায়সারাভাবে কার্যক্রম পরিচালনার বিষয়টি ভিত্তিহীন। ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে চাই। এরপরে দল আমার অতীত কর্মকান্ড বিবেচনা করে যেখানে কাজ করার সুযোগ দেয়, দলের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে কাজ করে যাবো।