Tag Archives: আ.লীগ

ট্রাম্পকে সামনে রেখে

ট্রাম্পকে সামনে রেখে আ. লীগ দেশে ফিরতে চায়: আমীর খসরু

ট্রাম্পকে সামনে রেখে আ. লীগ দেশে ফিরতে চায়: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগ নানা রূপে দেশে ফেরার চেষ্টা করছে। রোববার (১০ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, আসলে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তারা এখন নতুন বেশে দেশে ফিরে আসতে চাইছে, যা তাদের রাজনৈতিক দৈন্যতারই প্রমাণ। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, তা এই পরিস্থিতি প্রমাণ করছে।

তিনি আরও বলেন, ‘‘ট্রাম্পের বেশে কেন আসতে হবে? হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে? যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে। যে জিনিসের অস্তিত্ব নেই, তাকে তো নিজের বেশে ফিরে আসতে হবে, কিন্তু তাদের সে সাহস বা সামর্থ্য নেই।’’

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা থেকে দুইদলীয় গণতন্ত্র প্রবর্তনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা ছিল ৭ নভেম্বর। বাকশাল বিতাড়িত করে সিপাহী-জনতা একসঙ্গে নেমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্ন এখনও জাগ্রত।

এছাড়া সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে আমীর খসরু বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। সিঙ্গাপুরে দক্ষ নার্সসহ জনশক্তি পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। তবে সিঙ্গাপুর মনে করে, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়।

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন চিত্রনায়িকা নিপুণ

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন চিত্রনায়িকা নিপুণ।

মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

জানা গেছে, নিপুণ আক্তার চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম ১ ঘণ্টায় ১৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

বেলা সোয়া ১১টার দিকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আর তৃতীয় তলায় রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।

নির্বাচন বিধি অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে। তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র সদস্যরা বিজয়ী হওয়ায় সংরক্ষিত মহিলা আসনগুলো নিয়েও তুমুল আলোচনা চলছে।

আচরণবিধি লঙ্ঘনের কারণে সাকিবসহ আ.লীগের ৩ প্রার্থীকে শোকজ

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কারণে মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানসহ দলটির তিন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত শোকজের চিঠি জারি করা হয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিবকে শোকজ করা চিঠিতে বলা হয়, ‘আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। যা বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। ওই আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা অনুসন্ধান কমিটির দপ্তরে আগামী ১ ডিসেম্বর বিকেল ৩টায় সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’

অন্যদিকে, বিধি ভঙ্গের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. এনামুর রহমানকে এবং নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীরকেও শোকজ করা হয়েছে। সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটি ১ ডিসেম্বর সকাল ১০টায় তাদেরকে জবাব দিতে বলেছে।

এদিকে, মনোনয়ন ফরম জমা দিতে আসায় সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার ও জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজের বিরুদ্ধে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসবেন। এক্ষেত্রে কোনো ধরনের মিছিল কিংবা শোডাউন করা যাবে না।

চার দিনে আ.লীগের ৩৩৬২ মনোনয়ন ফরম বিক্রি, আয় প্রায় ১৭ কোটি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য চার দিনে মোট ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। এতে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া জানান, আগ্রহী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৪১ জন। বাকি ১২১ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম বিক্রির চারদিনে (১৮-২১ নভেম্বর) কার্যালয় থেকে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এদিকে ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

এক ঘণ্টায় আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি করে আয় ৯৫ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন ফরম বিক্রি করে এক ঘণ্টায় আওয়ামী লীগের আয় হয়েছে ৯৫ লাখ টাকা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮ বিভাগের বিভিন্ন আসনের ১৯০টি ফরম বিক্রি হয়। ফরম প্রতি নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা। সে হিসাবে মনোনয়ন ফরম বিক্রি করে প্রথম ঘণ্টায় আওয়ামী লীগের আয় ৯৫ লাখ টাকা।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার পর গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

পরে শেথ হাসিনা চলে যাওয়ার পর বেলা সাড়ে ১১টায় মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফরম কেনেন। একইভাবে বাইরে থেকে হুমড়ি খেয়ে পড়েন সকাল থেকে অপেক্ষমাণ নেতাকর্মীরা।

এই ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেই প্রথম ঘণ্টায় ১৯০টি ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগ ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০, সিলেট বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ১৫, বরিশাল বিভাগে ১১, খুলনা বিভাগে ২২, রংপর বিভাগে ১৭ এবং রাজশাহী বিভাগ ২৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

মনোনয়ন ফরম কেনার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ৫০ হাজার টাকা জমা দিতে হয়। জাতীয় পরিচয়পত্রের ওপর দলীয় পদ ও আসন উল্লেখ করার কথা বলেছে আওয়ামী লীগ।

আজ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।

সূত্র: জাগোনিউজ২৪