Tag Archives: গুলি

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৮ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি মোঃ সোলেমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেফতার সোলেমান ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোলেমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৩০ পিস ইয়াবা, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ফিল্ড ক্যাপ এবং একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেফতার সোলেমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজ রাতে ফানুস-আতশবাজি বা গুলি ছুড়লেই ব্যবস্থা : ডিবি হারুন

ডেস্ক রিপোর্ট:

আজ রাতে ফানুস-আতশবাজি বা গুলি ছুড়লেই ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ডিএমপি কমিশনার থার্টি ফাস্ট নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা স্বত্বেও যদি কেউ ফানুস ওড়ায়, আতশবাজি ফাটায় বা অস্ত্র দিয়ে গুলি ছোড়ে তাহলে নির্দেশনা অনুযায়ী অ্যাকশন নেওয়া ছাড়া উপায় থাকবে না। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতি বছরই থার্টি ফার্স্ট নাইটের আগে বলা হয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রায় প্রতিটি বাসার ছাদে আতশবাজি ফাটানো হয়ই। তাহলে নিরাপত্তার বিষয়টি কেমন থাকছে?

জানতে চাইলে মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ঢাকা শহরে পুলিশের সদস্য সংখ্যা হলো ৩৩ হাজার। আর ঢাকায় বসবাসকারী নাগরিকের সংখ্যা প্রায় আড়াই কোটি। আমরা মনে করি, পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে নগরবাসীকে সতর্ক করা হয়। কিন্তু কিছু মানুষ যদি না মানে, আইন তোয়াক্কা না করে। তাহলে তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় দেখি না।

তিনি জানায়, যদি কাউকে বলা হয়, এটা অন্যায়, এটা করা যাবে না, ইলিগ্যাল কাজ তারপরও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আইনের বাইরে গিয়ে করে থাকে। আইন মানতে চায় না। আমরা তো অপরাধকে অপরাধ বলছি। এরপরও অপরাধ করা হচ্ছে। আমরা যদি তথ্য পাই তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় থানায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

মেসির স্ত্রীর গাড়িতে গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই

ডেস্ক রিপোর্ট:

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির স্ত্রীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গুলি করে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপারমার্কেট থেকে টাকা নিয়ে গাড়িতে করে স্থানীয় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মেসির স্ত্রী রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়া।

এ সময় রোজারিওর রাস্তায় পেলেগ্রিনি অ্যাভিনিউয়ে দুজন বন্দুকধারী গাড়িটি থামিয়ে প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো বা ২২ হাজার ৫০০ ডলার ডাকাতি করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ লাখ ৭৯ হাজার টাকা। খবর আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

মার্কার খবরে বলা হয়েছে, সুপারমার্কেট থেকে ৪৫ ব্লক দূরে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একটি সাদা রঙের গাড়িতে করে এসে গুলি ছুড়ে টাকা নিয়ে পালিয়ে যায়। তবে গুলি গাড়ির কাচভেদ করে গেলেও কেউ হতাহত হয়নি। ডাকাতির সময় মেসির স্ত্রীর সঙ্গে সুপারমার্কেটের দুজন কর্মী ছিলেন।

তাদের একজন বলেন, টাকা রাখতে আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিলাম। এ সময় ডাকাতরা এসে গুলি করে আমাদের টাকা নিয়ে যায়।

এ ঘটনায় এখনো প্রতিক্রিয়া জানাননি আর্জেন্টিনার তারকা মেসি। তবে রোকুজ্জোর কাজিন মরিসিও স্কাগলিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করেছেন। সেখানে সহমর্মিতা জানিয়েছেন রোকুজ্জো।

প্রসঙ্গত, গত মার্চেও একবার রোকুজ্জোদের সুপারমার্কেটে হামলা চালিয়েছিল দুষ্কৃতকারীরা। ২ মার্চ স্থানীয় সময় রাত ৩টায় রোকুজ্জোদের পরিবারের মালিকানাধীন সুপারমার্কেটে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। যদিও ওই সময় মার্কেট বন্ধ ছিল। তবে গুলি করে একটি চিরকুট রেখে যায় বাইক আরোহীরা। ওই চিরকুটে মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়।

পকেটে মিলল গুলি, শয়ন কক্ষে ওয়ান শুটারগান, আটক ৩

পকেটে মিলল গুলি, শয়ন কক্ষে ওয়ান শুটারগান, আটক ৩

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ওয়ান শুটারগান-গুলিসহ তিন অস্ত্রধারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার দুর্গাপুর ও হাজীপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটক শহিদ উল্ল্যাহ ওরফে শহিদ (৩২) বেগমগঞ্জ উপজেলার মৃত. সুরুজ মিয়ার ছেলে, একই উপজেলার মৃত. আব্দুস সাত্তারের ছেলে খোরশেদ আলম ওরফে মোরশেদ (২৫) ও মো. জাফরের ছেলে আশিকুর রহমান (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নরি সিএনজি রশিদ মিয়ার বাড়ির সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে শহিদ নামে এক সন্ত্রাসীকে আটক করে তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেটে গুলি পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায় উদ্ধারকৃত কার্তুজসহ মোট দুই রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটার গান পলাতক আসামি জাবেদ তার কাছে রেখেছে। এক রাউন্ড গুলি তার পরিচিত মোরশেদের কাছে নিরাপদে রাখর জন্য সে হস্তান্তর করেছে। তার দেয়া তথ্যমতে হাজীপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রাম থেকে অপর দুই আসামিকে আটক করা হয়। পরে সন্ত্রাসী আশিকের শয়ন কক্ষ থেকে একটি ওয়ান শুটারগান ও রাউন্ড গুলি জব্দ করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকরা এলাকায় আধিপত্য বিস্তার ছিনতাই, ডাকাতি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অস্ত্র রেখেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সদরের জগন্নাথপুরে রিভলবার, গুলি ও ইয়াবাসহ একজন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরের জগন্নাথপুরে একটি দেশীয় রিভলবার, ২ রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

৪ মে রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া মোঃ সোহাগ (৩৯) সদরের দৌলতপুরের মৃত. মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে।

অভিযানে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ সোহরাব হোসেন ভূইয়া এবং এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই (নিঃ) জনি দেবদাস ও সঙ্গীয় ফোর্সসহ ৬নং জগন্নাথপুর ইউপিস্থ দৌলতপুর সাকিনের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীত পার্শ্বে দৌলতপুর জামে মসজিদের পাশ্চিমে কাঁচা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার হওয়া আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁহ এলাকায় এ গুলির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

নিহত জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানায়, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।

এদিকে ঘটনার পর গৌরীপুর বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে।

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ: অতর্কিত গুলিতে নিরপরাধ যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফয়সাল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে। ফয়সাল কুট্টাপাড়া এলাকার মো. রাকিব মিয়ার ছেলে। পরিবারের দাবি, পুলিশের গুলিতে ফয়সাল নিহত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলের সঙ্গে রিক্সার ধাক্কা লাগা নিয়ে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের ইকবাল চৌকিদারের ছেলে আকাশের সঙ্গে একই ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের সুমনের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আকাশের লোকজন শুক্রবার দুপুরে সুমনের ওপর হামলা করে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় কালিকচ্ছ বাজারে ইকবাল চৌকিদারের গোষ্ঠী ও সূর্যকান্দি গ্রামের দুলালের গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

নিহতের পরিবারের দাবি, ফয়সাল পড়াশোনার ফাঁকে তার মামা ওসমান হারুনীর রড-সিমেন্টের দোকানে কাজ করত। সংঘর্ষের সময় আতংকিত হয়ে দোকান বন্ধ করার সময় পুলিশ অতর্কিতভাবে নিরপরাধ ফয়সালকে গুলি করে। এতে সে নিহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, ধারণা করা হচ্ছে সংঘর্ষের সময় ককটেলের স্প্রিন্টারের আঘাতে ফয়সালের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪-৫ জনকে আটকসহ ১০টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।