Tag Archives: ছিনতাই

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে চালকদের মহাসড়কে মানববন্ধন

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে চালকদের মহাসড়কে মানববন্ধন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন হালকা যান চালক মালিক সমিতির সদস্যরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঘণ্টাখানেকের মতো সময় সড়ক অবরোধ করে রাখায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে বেলা ১১ টায় সড়ক অবরোধ করলে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনায় বসেন। অভিযোগগুলো প্রতিকারে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

মানববন্ধন এবং অবরোধে ঢাকা এবং কুমিল্লার বিভিন্ন উপজেলার ব্যানারে অংশ নেয় বেশ কিছু সংগঠন। লাকসাম রেন্ট এ কার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেন , আমরা সড়ক মহাসড়কে গাড়ি চালাই, মহাসড়কে অনেক ডাকাতি হচ্ছে, আমাদের চালকদেরও ডাকাতরা ছাড়ছে না। আমাদের কোন নিরাপত্তা নেই। গত ৪/৫মাস যাবৎ খুব বেশি হচ্ছে বলেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

ঢাকার রেন্ট এ কারের চালক কুমিল্লার বরুড়া উপজেলার নেয়ামত উল্লাহ বলেন, ঢাকা থেকে অনেক চালক আজ মানববন্ধন করতে ইলিয়টগঞ্জ আসছি।
মহাসড়কে দীর্ঘদিন যাবত দূরপাল্লার ছোট গাড়িগুলোকে টার্গেট করে ডাকাতি ও ছিনতাই হচ্ছে। বিশেষ করে যানজটের সময় মহাসড়কে পরিকল্পিতভাবে ডাকাতিতে অংশ নেয় দুর্বৃত্তরা। বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরেই গাড়ি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। আমার বাড়ী কুমিল্লায় হলেও ডাকাত ছিনতাইকারীর ভয়ে ভাড়া নিয়ে আসতে পারি না।

সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান, ঘটনাস্থলে গিয়ে চালকদের সাথে কথা বলেছি। ডাকাতি ছিনতাইয়ের পয়েন্ট চিহ্নিত করে এবং জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে টহল জোরদারে আমরা তৎপর রয়েছি। মহাসড়কে বিচ্ছিন্ন কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটার তথ্য আমাদের কাছে আছে।

র‍্যাব পরিচয়ে চৌদ্দগ্রাম থেকে

র‍্যাব পরিচয়ে চৌদ্দগ্রাম থেকে ২৭ লাখ টাকা ছিনতাই

র‍্যাব পরিচয়ে চৌদ্দগ্রাম থেকে ২৭ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্ট:

র‍্যাব পরিচয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজে কর্মরত দুই প্রতিনিধিকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ সময় তাদের সাথে থাকা ২৭ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় রবিবার ২৭ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে।

রবিবার রাত ১০টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রাম উপজেলার বিকাশ এর পরিবেশক কুতুব উদ্দিন শাওন জানান, আমাদের চৌদ্দগ্রাম পয়েন্টের দুইজন প্রতিনিধি নবুু মিয়া ও মহাসিন ২৭ লক্ষ টাকা নিয়ে মাইক্রোবাসযোগে কুমিল্লা আসছিলেন। পথে মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর মিরশ্বানী এলাকায় র‍্যাব এর স্টিকার সম্বলিত একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে, মাইক্রোবাস থেকে নেমে আসা ৫-৬ জন লোক তাদের র‍্যাব পরিচয় দেয় এবং নবু মিয়া ও মহসিনকে ২৭ লাখ টাকা সহ তাদের সাথে গাড়িতে উঠিয়ে নেয় এবং চান্দিনার একটি নির্জন এলাকায় নবু মিয়া ও মহসিনকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান জানান বিকাশের দুইজন প্রতিনিধি ছিনতাই এর বিষয়ে থানায় এসেছেন। আমরা এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ভাইসহ ছিনতাইকারী চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার তাদেরকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের শেখ অবুজ (২৫) ও শেখ সবুজ (২৮), শহরের কান্দিপাড়ার পিয়াস (৩০), শিপন মিয়া (২৮), সুলতানপুরের হৃদয় (২৩) ও আওয়াল মিয়া (৪০)।

র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিশ মাহমুদ খান জানান, ৩০ ডিসেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর থেকে বেকারীর মালামাল তৈরি করার জন্য পিকআপ ভ্যানে ২০ বস্তা চিনিসহ ভাদুঘর ভিআইপি বেকারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ৬ জন ব্যক্তি ৩টি মোটরসাইকেল যোগে এসে পিকআপটি গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কৌশলে পিকআপসহ অপহরণ করে নিয়ে যায়।

পিকআপে থাকা চালককে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং বিকাশের মাধ্যমে আরো প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় মামলা দায়েরের পর র‌্যাব তদন্ত শুরু করে। পরে অভিযানে এই ঘটনায় জড়িত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

মেসির স্ত্রীর গাড়িতে গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই

ডেস্ক রিপোর্ট:

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির স্ত্রীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গুলি করে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপারমার্কেট থেকে টাকা নিয়ে গাড়িতে করে স্থানীয় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মেসির স্ত্রী রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়া।

এ সময় রোজারিওর রাস্তায় পেলেগ্রিনি অ্যাভিনিউয়ে দুজন বন্দুকধারী গাড়িটি থামিয়ে প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো বা ২২ হাজার ৫০০ ডলার ডাকাতি করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ লাখ ৭৯ হাজার টাকা। খবর আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

মার্কার খবরে বলা হয়েছে, সুপারমার্কেট থেকে ৪৫ ব্লক দূরে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একটি সাদা রঙের গাড়িতে করে এসে গুলি ছুড়ে টাকা নিয়ে পালিয়ে যায়। তবে গুলি গাড়ির কাচভেদ করে গেলেও কেউ হতাহত হয়নি। ডাকাতির সময় মেসির স্ত্রীর সঙ্গে সুপারমার্কেটের দুজন কর্মী ছিলেন।

তাদের একজন বলেন, টাকা রাখতে আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিলাম। এ সময় ডাকাতরা এসে গুলি করে আমাদের টাকা নিয়ে যায়।

এ ঘটনায় এখনো প্রতিক্রিয়া জানাননি আর্জেন্টিনার তারকা মেসি। তবে রোকুজ্জোর কাজিন মরিসিও স্কাগলিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করেছেন। সেখানে সহমর্মিতা জানিয়েছেন রোকুজ্জো।

প্রসঙ্গত, গত মার্চেও একবার রোকুজ্জোদের সুপারমার্কেটে হামলা চালিয়েছিল দুষ্কৃতকারীরা। ২ মার্চ স্থানীয় সময় রাত ৩টায় রোকুজ্জোদের পরিবারের মালিকানাধীন সুপারমার্কেটে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। যদিও ওই সময় মার্কেট বন্ধ ছিল। তবে গুলি করে একটি চিরকুট রেখে যায় বাইক আরোহীরা। ওই চিরকুটে মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়।

কুমিল্লায় আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে সিএনজি ছিনতাই, গ্রেফতার ৩

কুমিল্লায় আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে সিএনজি ছিনতাই, গ্রেফতার ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালী থানার অশোকতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে আমির হোসেন প্রকাশ ইমন, নোয়াপাড়া গ্রামের রিয়াজ মিয়ার ছেলে রাব্বি ও আড়াইওড়া উত্তর পাড়ার হাবিব মিয়ার ছেলে ফারুক।

থানা সূত্রে আরও জানা যায়, গত ৫ সেপ্টেম্বর কুমিল্লা শহরে যাওয়ার কথা বলে ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের দুলাল মিয়ার সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নেয় পৌর এলাকার কমলপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে মোঃ কাউছার ও সদর দক্ষিণের পিপুলিয়ার সেলিম মিয়ার ছেলে আশিকসহ সংঘবদ্ধ চক্র। তাদেরকে নিয়ে অটোরিকশাটি কুমিল্লা শহরে পৌঁছলে আইসক্রিমের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সংঘবদ্ধ চক্র অটোরিকশাটি ছিনতাই করে। এ ঘটনায় দুলাল মিয়ার লিখিত অভিযোগটি থানায় গত ১৩ সেপ্টেম্বর মামলায় রজু হয়। পুলিশ মামলার তদন্ত করে কমলপুর গ্রামের কাউছার ও পিপুলিয়ার আশিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

তাদের দেয়া তথ্যমতে রোববার রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকা থেকে চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশাটি বিক্রি করার সময় আমির হোসেন প্রকাশ ইমন, রাব্বি ও ফারুককে আটক করা হয়। এসময় চোরাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আলী আশরাফ জুয়েল বলেন, সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরচক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

কুমিল্লায় ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় মাইক্রোবাসযোগে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

২৯ এপ্রিল ঝালকাঠিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ছিনতাইকারী ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকার মাদারখোলা (হাওলাদার বাড়ি) গ্রামের মৃত. সইজুদ্দিন হালদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (২৬)।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল বিকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনে ১০০ টাকা করে ভাড়া বলে অজ্ঞাতনামা ৪ জন অস্ত্রধারী দস্যু মাইক্রোবাসযোগে মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী ও তার সঙ্গী ড. মোঃ আমানুল ইসলামকে মাইক্রোবাসে তুলে অস্ত্রের ভয় দেখায়। এসময় শাহাদাৎ হোসেনের পকেটে থাকা ডেভিড কার্ড নিয়ে নিমসার বাজারস্থ ডাচ বাংলা এটিএম বুথ থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে। এছাড়াও তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামস্থ সাহেব আলী চেয়ারম্যান বাড়ির রাস্তায় তাদের ফেলে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

এস আই রুহুল আমিন মামলার তদন্তভার গ্রহণ করে কুমিল্লা সদর সার্কেলের নেতৃত্বে, সঙ্গীয় অফিসার ইনচার্জ, দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, এসআই মোঃ রুহুল আমিন, এএসআই অসীম কুমারসহ বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসসহ আসামীর নিজ বাড়ি ঝালকাঠি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

যাত্রী বেশে ছিনতাই: পাইপগানসহ ২ ছিনতাইকারী আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতায়ের কাজে ব্যবহৃত ১টি পাইপগান, ছিনতাইকৃত অটোরিকশা ও একটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

শনিবার (২৫ মার্চ) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শুক্রবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাইমুড়ীর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের আমজাদ হাজী বাড়ির ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ৯নং দেউটি ইউনিয়নের পালপাড়া গ্রামের হোসেন মাসুদ (২২) ও মামুনুর রশিদ (২৬) ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত সোমবার রাত সাড়ে ১১ দিকে ছিনতাইকারী মামুন সোনাইমুড়ী বাইপাস মোড় থেকে যাত্রীবেশে কামাল হোসেনের ব্যাটারী চালিত অটোরিকশায় ১৫০ টাকা ভাড়ায় উপজেলার বারুলের উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে তার অপর ২ জন সঙ্গী ধৃত মাসুদ ও পলাতক আরিফ মাস্ক পরিহিত অবস্থায় সেই রিকশায় যাত্রীবেশে উঠে। পরবর্তীতে বারুলের নির্জন স্থানে গিয়ে তারা চালকের গলায় ধারালো চাকু ধরে তার পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়। আসামিরা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কে বাড়ছে ডাকাতি

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে যাত্রীবাহী অটোরিকশায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সড়কের বড্ডাপাড়া (হেলিপ্যাড) এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।

দুলাল মিয়া (৩২) নামের এক যাত্রীকে মারধর করে নগদ টাকা মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ সড়কে চলাচলকারী যাত্রীরা জানায়, গত কয়েকদিন ধরে এ সড়কের বড্ডা পাড়া ব্রীজ থেকে শুরু হয়ে সরাইল কলেজের মোড় পর্যন্ত সম্প্রতি রাতের বেলায় ডাকাতি বেড়ে গেছে।

ডাকাতের কবলে পড়া দুলাল মিয়া জানান, গভীর রাতে চিকিৎসা শেষে স্ত্রী পারভিনকে (২৭) নিয়ে জেলা সদর হাসপাতাল থেকে নিজ বাড়ি কালিকচ্ছ মনিরবাগের উদ্যেশ্যে রওনা দেন। বিশ্বরোড মোড় থেকে ব্যটারি চালিত অটোরিকশা নিয়ে কালিকচ্ছ যাচ্ছিলেন। রাত ১২টার দিকে বড্ডাপাড়া হেলিপ্যাড বরাবর স্থানে গামছা দিয়ে মুখ বাঁধা ৪ জন লোক তাদের অটোরিকশাটি গতিরোধ করে। তাদেরকে মারধর করে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে। তাদের কাছে থাকা নগদ ২৯ হাজার ৭৩০ টাকা ও তিনটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয় ডাকাতদল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি। খুঁজ খবর নিয়ে দেখছি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নোয়াগাঁও পূর্বপাড়ার মো. মুর্তুজ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০) রাত সাড়ে ১০টার দিকে বাড়ির উদ্যেশ্যে বিশ্বরোড থেকে সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। রাত আনুমানিক ১১টার দিকে তাকে বহনকারী অটোরিকশাটি খাদ্য গুদামের বরাবর আসামাত্র ৮-১০ জনের মুখোশধারী এক দল ডাকাত গাছ ফেলে আটকে দেয়। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোহাম্মদ আলীর মুঠোফোন নিয়ে নেয়। সাথে থাকা ৩ হাজার টাকাও ছিনিয়ে নেয়। এর আগে গত ২৮ নভেম্বর একই জায়গায় রাত সাড়ে ১১টার দিকে শাহআলম মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে বহনকারী সিএনজিকে আটক করে সংঘবদ্ধ এক দল ডাকাত।